
১৮ আগস্ট বিবিসি বাংলাদেশি শিক্ষার্থীরা কেন জঙ্গিবাদে দীক্ষা নিচ্ছেন—শিরোনামে সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদন প্রচার করেছে।ইথিরাজন আনবারাসনেরনেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরমপন্থা গ্রহণের যেসব কারণ চিহ্নিত করেছেন সেগুলো হলো: ১. সামাজিক মাধ্যম ও ইন্টারনেটের প্রতি তরুণেরা ঝুঁকে পড়ায় পারিবারিক বন্ধন শিথিল হয়ে গেছে। তরুণেরা বেশির ভাগ সময় কম্পিউটার ও স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকায় পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকেন। জঙ্গিরা এ সুযোগটাই কাজে লাগায়। ২. জঙ্গিরা নিঃসঙ্গ ও হতাশ তরুণদেরই খুঁজে বের করে, যাঁদের সহজে প্রভাবিত করা যায়। ৩. ইসলামপন্থী সংগঠনগুলো ধর্মচর্চার সাধারণ বিষয়াদি নিয়ে প্রথমে তরুণদের আকৃষ্ট এবং পরে মগজধোলাই করে। ৪. শিক্ষার্থীদের সামনে কোনো আদর্শ ব্যক্তিত্ব নেই, যাঁদের তরুণেরা অনুসরণ করতে পারেন। ফলে তাঁদের মধ্যে একধরনের হতাশাবোধ কাজ করে।
ওই শিক্ষার্থীরা জঙ্গিবাদে দীক্ষা নেওয়ার কারণ চিহ্নিত করার পাশাপাশি প্রতিকারের কিছু উপায়ও বাতলেছেন। তাঁরা বলেছেন, শিথিল হয়ে যাওয়া আমাদের পারিবারিক বন্ধনটি সুদৃঢ় করা প্রয়োজন। জঙ্গিবাদের মতো ধ্বংসাত্মক পথে যাতে তরুণেরা না যান, সে জন্য পড়াশোনার পাশাপাশি তাঁদের গঠনমূলক ও সৃজনশীল কাজে লাগাতে হবে। তাঁরা এও বলেছেন, গুলশান ট্র্যাজেডি তরুণদের জন্য ‘ওয়েক আপ কল’ হতে পারে। এখন থেকে তরুণেরা পরস্পরকে জানতে আরও বেশি মনোযোগী হবেন। বন্ধুদের কেউ যাতে বিপথগামী না হন, সে ব্যাপারে সজাগ থাকবেন। তাঁরা উপলব্ধি করতে পেরেছেন যে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বদনাম হয়েছে এবং সেই বদনাম ঘোচাতে তাঁদের আরও সক্রিয় হতে হবে।
বিবিসিতে সাক্ষাৎকার প্রদানকারী কয়েকজন তরুণ আসলে বাংলাদেশের সব তরুণের মনের কথাই বলেছেন। এর আগে প্রথম আলোয়প্রকাশিত প্রতিবেদনেও তরুণদের একই মনোভাব প্রকাশিত হয়েছে। কয়েক দিন আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিপদ সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল, যার প্রতিপাদ্য ছিল—যুবশক্তির গঠনমূলক ব্যবহার ও জঙ্গিবাদ মোকাবিলা। সেখানেও তরুণেরা বলেন যে গুটি কয়েক বিপথগামী তরুণের কারণে গোটা তরুণসমাজ কলুষিত হতে পারে না। তরুণদের স্বার্থেই এই হারিয়ে যাওয়া তরুণদের খুঁজে বের করতে হবে। যারা অপরাধ করেছেন, তাঁদের বিচার হতে হবে। কিন্তু গয়রহ তরুণদের দোষারোপ করা যাবে না।
জঙ্গিবাদ মোকাবিলা করতে হলে কেন এই তরুণেরা হারিয়ে গেলেন, তার কারণ অনুসন্ধান জরুরি। কী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট তাঁদের এই পথে ঠেলে দেয়, তার সুলুকসন্ধান প্রয়োজন। বৈশ্বিক কারণগুলো নিয়ে আমাদের বেশি কিছু করণীয় না থাকলেও দেশীয় কারণগুলো দূর করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করি।
যে তরুণেরা মানুষ হত্যার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছেন, তাঁরা হয়তো নিজেদের বুদ্ধিতে সেটি করেননি, কেউ তাঁদের চালিত করেছে। ভুল রাজনীতি ও ভুল ধর্মীয় দর্শন তাঁদের আত্মঘাতী পথে নিয়ে এসেছে। ধর্মের ভুল ব্যাখ্যাদাতারা জেনে-বুঝে এই কাজটি করেছেন, করছেন। জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জারির পাশাপাশি ওই ব্যাখ্যাদাতাদেরও খুঁজে বের করতে হবে। সামরিক অভিযান কিংবা বিচারের মাধ্যমে আমরা হয়তো বিপথে যাওয়া তরুণদের শাস্তি দিতে পারব। কিন্তু যে ভুল রাজনীতি বা ভুল ধর্মীয় দর্শন তাঁদের এই পথে ধাবিত করেছে, সেটি মোকাবিলা আরও কঠিন কাজ। সে জন্য চাই সঠিক কৌশল, সহিষ্ণু ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ। যে শিক্ষা মানুষে মানুষে ঘৃণা ও বিদ্বেষ ছড়ায়, সেই শিক্ষা পরিহার করতে হবে। যে শিক্ষা উচ্চতর মানবিক বোধ তৈরি করে, যে শিক্ষা পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে—সেই শিক্ষার ক্ষেত্র প্রসারিত করতে হবে। নেতা-নেত্রীদের বক্তৃতা-বিবৃতি থেকেও মানুষ ঘৃণা আর বিদ্বেষের কথা শুনতে চায় না, ভালোবাসার কথাই শুনতে চায়। যে জঙ্গিবাদ মানুষকে অমানুষে পরিণত করে, ধর্মের নামে মানুষ হত্যায় প্ররোচিত করে, সেই জঙ্গিবাদকে পরাস্ত করতেই রাজনীতিকদের সহিষ্ণু হওয়া প্রয়োজন।
সরকারের নীতিনির্ধারক মহল থেকে প্রায়ই জঙ্গিবাদ নির্মূল হয়েছে, দমন হয়েছে বলে আত্মপ্রসাদ লাভের কথা শুনি। কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী বা সন্দেহভাজন ব্যক্তিকে ধরেই বলা হয়, জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার বিপদে পড়লে তাঁরাই বলেন, দেশে নাকি এখন নানা কিসিমের জঙ্গি তৈরি হচ্ছে। জঙ্গিবিরোধী অভিযানের নামে চিহ্নিত বা সন্দেহভাজন দু-চারজন জঙ্গিকে ধরলেও জঙ্গিবাদী দর্শন বা আদর্শ নির্মূল করার কোনো উদ্যোগ সরকারের আছে বলে মনে হয় না।
জঙ্গিবাদের দীক্ষা নেওয়া, বিপথে চালিত হওয়া গুটি কয়েক তরুণ হারিয়ে গেলে ওই সব পরিবার ক্ষতিগ্রস্ত হবে, মা-বাবা ও স্বজনেরা কষ্ট পাবেন। তারপর সময়ের ব্যবধানে একসময় ভুলেও যাবেন। সমাজে সেসব খুব বেশি দাগ ফেলবে না। কিন্তু যে ঘটনা আমাদের নিরন্তর বিচলিত করে সেটি হলো—যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল, গণতন্ত্র, সমতা ও সমাজিক ন্যায়—সেসব আমরা হারাতে বসেছি। যাঁরা জঙ্গিবাদের বিরুদ্ধে সদা জাগ্রত বলে দাবি করছেন, যাঁরা জঙ্গিবাদ নির্মূলের রণধ্বনি তুলছেন, তাঁরা কি হারিয়ে যাওয়া বাংলাদেশটির খোঁজ দিতে পারছেন?
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি দলের নেতা-মন্ত্রীরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার কথা বলেছেন; বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করছেন। কিন্তু কোথায় মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হলো, কোথায় সোনার বাংলার নীতি ও আদর্শ পরিত্যাজ্য হলো, তা স্পষ্ট করেন না। তাঁরা বিএনপির ‘অপরাজনীতি’ সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে বলেন। কিন্তু সেই অপরাজনীতি যখন নিজেরা চর্চা করেন, তখন আর মানুষ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফারাক খুঁজে পাবে কী করে? বিএনপি ক্ষমতায় থেকে কারচুপির নির্বাচন করেছে, আওয়ামী লীগও করেছে। বিএনপি নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে রেখেছিল; আওয়ামী লীগও করেছে। বিএনপি বিরোধী দলের সঙ্গে অমানবিক ও অন্যায় আচরণ করেছে। আওয়ামী লীগও তা-ই করছে। আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছে। কিন্তু তাঁরা ভুলে যান যে দলটি প্রায় ১০ বছর ক্ষমতার বাইরে। বিএনপি সরকারে নেই, সংসদে নেই। সত্যি কথা বলতে মাঠেও নেই। পত্রিকার পাতা ও টিভি চ্যানেলে বক্তৃতা-বিবৃতির মধ্যেই তাদের কার্যক্রম সীমিত। এত কিছুর পরও যদি দলটি দেশ ধ্বংস করার ক্ষমতা রাখে, তাহলে তো সরকারের শক্তি সম্পর্কে সন্দেহ করতে হয়। দেশের সব অঘটনের দায় নিষ্ক্রিয় ও আদালতে দৌড়ানো বিএনপির ওপর চাপিয়ে পার পাওয়া যাবে না।
আওয়ামী লীগের এক নেতা বলেন, বিএনপি-জামায়াতকে নির্মূল না করা পর্যন্ত জঙ্গিবাদ নির্মূল হবে না। তাঁর কথায় মনে হচ্ছে, জঙ্গিবাদ নির্মূলের চেয়েও জরুরি হলো বিএনপি-জামায়াতকে নির্মূল করা। বিএনপি ক্ষমতায় থাকতেও আওয়ামী লীগকে নির্মূল করতে নানা কায়দা-কৌশল নিয়েছিল। শেষ পর্যন্ত কোনোটাই কাজে লাগেনি। কোনো রাজনৈতিক দলকে নির্মূল করার কথা বলাও একধরনের ‘জঙ্গিবাদ’। সম্প্রতি পোপ ফ্রান্সিস এক বক্তৃতায় বলেন, দুভাবে মানুষকে হত্যা করা যায়। একটি হলো ছুরি দিয়ে, আরেকটি জিহ্বা দিয়ে। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে জঙ্গিদের ব্যবহার করতে গিয়ে আম-ছালা দুটোই খুইয়েছিল। ছয় জঙ্গিকে ফাঁসি দিয়েও আত্মরক্ষা করতে পারেনি। এখন আওয়ামী লীগ যদি জঙ্গি নির্মূলের আগে বিএনপিকে (জামায়াতের কথা এখানে আনলাম না এ কারণে যে বিষয়টি আদালতের বিবেচনাধীন) নির্মূল করতে যায়, তারও তাহলে একই পরিণতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় কি? আসলে এসব কথার মধ্য দিয়ে সরকারি দলের নেতারা বিরোধীদের অভিযোগই সত্য প্রমাণ করতে চাইছেন যে আওয়ামী লীগ জঙ্গি দমন না করে সেটিকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে সচেষ্ট রয়েছে। জঙ্গি দমন হলে সেই সুযোগটি থাকবে না।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কথা বলেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা তো বিরোধী কণ্ঠকে নিস্তেজ করে দেওয়া নয়। মুক্তিযুদ্ধের চেতনা তো নিয়ত গণমাধ্যমকে শাসানো নয়। বিএনপির বিরোধিতা সত্ত্বেও সরকার যুদ্ধাপরাধের বিচার করছে। মানুষও তাকে সমর্থন করেছে। বিএনপির বিরোধিতা সত্ত্বেও ২০১৪ সালে নির্বাচন করে জাতীয় পার্টিকে ‘অনুগত’ বিরোধী দল বানিয়েছে। এখন হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করতে বাধা কোথায়? সামরিক শাসকদ্বয় সংবিধানে যেসব ক্ষত সৃষ্টি করেছিলেন, তারা তা মুছে ফেলছে না কেন? আদালত তো অনেক আগেই পঞ্চম ও সপ্তম সংশোধনী খারিজ করেই দিয়েছেন।
শিক্ষাঙ্গন থেকে বিরোধী ছাত্রসংগঠন নির্বাসিত। পুলিশ ও জনপ্রশাসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। ব্যবসা-বাণিজ্য ব্যাংক-বিমা সবকিছু চলছে সরকারি দলের অঙ্গুলি হেলনে। তারপরও শিক্ষাঙ্গনে খুন-জখমের ঘটনা ঘটছে। তারপরও ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে। সরকার কি এসব অপকর্মের দায়ও বিএনপি–জামায়াতের ওপর চাপাবে? মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটপাট বন্ধ করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে দলমত-নির্বিশেষে সব মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করা। সেই কাজটি ‘মুক্তিযুদ্ধের পক্ষের সরকার’ গত সাড়ে সাত বছরে কতটা করতে পেরেছে, কতটা পারেনি, একবার নিজেকেই প্রশ্ন করুক।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।