হাসি-কান্নায় মেলানো জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মূসা কাকা, দেখেন তো চিনতে পারেন কি না?’প্রবীণ সাংবাদিক এবিএম মূসার দিকে প্রশ্নটা ছুড়ে দিয়ে যে দুজন বসে আছেন ঘরটায়, তাঁদের দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করি।প্রশ্নটির উত্তর যে তিনি জানবেন না, সেটা ছিল অবধারিত। কারণ, এই দুজন মানুষকে তিনি কবে শেষ দেখেছেন, তা তিনি মনেও করতে পারবেন না। তাই গম্ভীর হয়ে তিনি বললেন, ‘তুই কী চাস, ক।’বললাম, ‘ইনি সিলভিয়া। আর পাশের জনের নাম শাফকাত নিজাম ওরফে বাপ্পী। এটা আপনার জন্য ক্লু।’ভেঙে বলতে হলো, ‘এঁরা দুজন একাত্তরে শহীদ সাংবাদিক নিজামুদ্দীন আহমদের ছেলে-মেয়ে।’এবিএম মূসা বসলেন। প্রবীণ সাংবাদিকের মুখ এখনো গম্ভীর। বললেন, ‘আমি আমার বন্ধুদের নিয়ে কিছু কথা বলতে পারি।’ তিনি বললেন একাত্তরে শহীদ সাংবাদিকদের কথা। শহীদদের কারও কারও সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক, বন্ধুত্বের চেয়েও বেশি ছিল তার পরিধি। কথা প্রসঙ্গে তিনি শহীদুল্লা কায়সার, সিরাজুদ্দীন হোসেন, নিজামুদ্দীন আহমদ, নাজমুল হক, লাডু ভাই (শেখ আবদুল মান্নান), আ ন ম গোলাম মোস্তফার কথা বললেন। এবিএম মূসা আমাদের নিয়ে যান সেই শৈশবে, যেখানে অসহায়ত্ব আর তীব্র যন্ত্রণা আমাদের নিত্যসঙ্গী।তাঁকে বলা হয়, দীর্ঘ ১৮ বছর পর সামানা নিজাম (সিলভিয়া নামেই তাঁকে ডাকা হয়) দেশে এসেছেন। কেমন লাগছে দেশে এসে, সে কথা জানার ফাঁকে ফাঁকে পিতৃহারা জীবনে তাঁর সংগ্রামের কথাও জানতে চাই। এবিএম মূসা সবাইকে আশীর্বাদ করে উঠে পড়লেন।‘সিলভিয়া আপা, আপনাকে দেখেছি সেই কবে! সত্তরের শুরুর দিকে!’‘এ জন্যই তো এলাম। তোমাকে কত ছোট দেখেছি!’ বলেন তিনি। সিলভিয়া আপা মনে করতে পারেন, মুক্তিযুদ্ধের পর ছোট মামা বিদেশ থেকে এসেছিলেন দুই স্যুটকেস ভর্তি কাপড় নিয়ে। তাদের দুই বোনের জন্য। সেই কাপড়ই কাপড়ের চাহিদা মিটিয়েছিল অনেক দিন। এ কথা মনে করেই একটি সুখস্মৃতির কথা বলেন তিনি। স্বাধীনতাযুদ্ধের আগে বাবার সঙ্গে মাওয়ায় গ্রামের বাড়ি যেতেন সবাই মিলে। নিজামুদ্দীন আহমদ বিস্কুট, চা, চানাচুর কিনে নিতেন বেশি করে, যেন গ্রামে বিকেলের নাশতাটা জম্পেশ হয়। সিলভিয়া, রিমা আর বাপ্পীও গ্রামে গেলে আর ফিরতে চাইতেন না। সে এক অন্য রকম সময়। বাবা মারা যাওয়ার পর বহুদিন আর মাওয়ায় যাওয়া হয়নি। একটি মানুষ হারিয়ে গেলে একটি পরিবারের পুরো মানচিত্রই যে পাল্টে যায়, সেটা না বোঝার কোনো কারণ নেই। বহুবার পড়া, বহুবার শোনা ঘটনাটাই আরেকবার শুনতে চাই সিলভিয়া আপার মুখে। ১৯৭১ সালের ১২ ডিসেম্বরের কথাটি। ‘আমার বয়স তখন ১০। দুপুরের রান্না শেষ হলো, খেতে বসলাম। এমন সময় দরজায় নক করল কেউ। আমরা তখন লক্ষ্মীবাজারের কাছে রোকনপুরে থাকি। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মুখে রুমাল বাঁধা লোক ঘরে ঢুকে গেল। আব্বার নাম ধরে ডাকল। আব্বাই বললেন, আমিই নিজামুদ্দীন আহমদ। ওরা আব্বার আইডি কার্ডটা দেখতে চাইল। আব্বা তখন বিবিসির সাংবাদিক। বাপ্পী আব্বার কাগজপত্র নিয়ে খেলত। ও জানত কোনটা আইডি কার্ড। ও দৌড় দিয়ে নিয়ে এল। ওরা আব্বাকে হ্যান্ডস আপ করতে বলল। তারপর নিয়ে গেল। আমরা তারপর তাঁর আর খবরই পেলাম না।‘মা কোহিনূর বেগম এরপর গৃহিণী থেকেই হয়ে গেলেন কর্মজীবী। নারী পুনর্বাসন কেন্দ্রে চাকরি পেলেন। জানলেন, তিনি যা হারিয়েছেন, সেই তালিকায় আরও অনেকের নাম আছে।’ সিলভিয়া লক্ষ করলেন, রাতে যখন কেউ মায়ের পাশে নেই, তখন মা কাঁদেন। প্রতিরাতেই কাঁদেন। এই কষ্ট সহ্য করা কঠিন।তবে নানা-নানির পরিবার এ সময় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ঈদের সময় তাঁরা তিনজন যেন নতুন জামা পান, সেদিকে লক্ষ ছিল সবার। তবে বেশির ভাগ ঈদই ঘরে বসেই কাটাতেন তাঁরা।‘আব্বার মৃত্যু আমাদের সেই বয়সেই অনেক ম্যাচিউর করে তুলল। আমরা বয়সের তুলনায় বড় হয়ে গেলাম।’পাঠক, আপনারা বুঝবেন এই বয়সের তুলনায় বড় হয়ে যাওয়ার ব্যাপারটা। এ সময় শিশুরা যে কাজগুলো করে আনন্দ পায়, সেই কাজগুলোর চেয়েও বড় হয়ে ওঠে নিজের অস্তিত্বের প্রশ্নটা। ছোট্ট মাথায় কত হিসাব-নিকাশ করতে হয়! পিতৃহীন জীবনে হীনম্মন্যতা ঢুকতে চাইলেই দাপটের সঙ্গে তাকে পরাজিত করার যুদ্ধটাও চালিয়ে যেতে হয়।আমাদের মধ্যে অনেক কথা হয়। তার বেশির ভাগজুড়েই থাকে অতীত। তবে ভবিষ্যতের দিকেও তাকাই আমরা। সিলভিয়া আপার ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়ায় থাকে। কিন্তু তারা বাংলাদেশ ভালোবাসে। বাংলা গান শোনে। বাংলায়ই কথা বলে।আজ শহীদ নিজামুদ্দীন আহমদের ৪১তম মৃত্যুবার্ষিকী। ডিসেম্বর মাসের বিজয়ের আনন্দ কি তাঁর পরিবার কিংবা একাত্তরের শহীদ পরিবারগুলোর মনকে রঙিন করতে পারে?পারে হয়তো, আবার পারেও না। এই তো সিলভিয়া আপাকে আমি হাসতে দেখছি, আবার কাঁদতেও দেখছি।জীবন বোধ হয় এ রকমই!জাহীদ রেজা নূর