হাসুন প্লিজ, ঝাড়ুদারির ছবি উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদের দেশে, মানে ইন্ডিয়ায়, লেটেস্ট ট্রেন্ড কি জানেন? ধোপদুরস্ত জামাকাপড় পরে হাতে ইয়া লম্বা ঝাড়ু নিয়ে বড় বড় শহরের চওড়া চওড়া রাস্তায় মিনিট কয়েক ঝাঁট দেওয়া। সেটা আবার সবার অলক্ষ্যে নয়। আগাম নোটিশ জারি করে, রীতিমতো ঢাকঢোল পিটিয়ে, সঙ্গীসাথি জুটিয়ে, মিডিয়াকে ডেকে এনে সে এক দারুণ দেখনাই। স্বচ্ছ ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়া দেওয়ার ধুম পড়ে গেছে দেশজুড়ে।
আমাদের দেশ অবশ্য একটা নয়। সংবিধানেই তো লেখা আছে, ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত...।’ তো কেতাদুরস্ত ইন্ডিয়ার ট্রেন্ড যদি হয় ঝাড়ুহাতে রাস্তা সাফাই, হেঁটো-মেঠো আম আদমির ভারতের নিঃশব্দ বিপ্লব, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অধিকার দান। এটাও প্রধানমন্ত্রীর অবদান। কংগ্রেসের চালু করা প্রকল্পকে একটু পাল্টে তিনি শহর-গ্রামের গরিব মানুষদের ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলে দিয়েছেন। মোদি এই বিপ্লবের নাম দিয়েছেন ‘জন ধন প্রকল্প’। তিন মাসও পেরোয়নি, এরই মধ্যে ছয় কোটি অতি সাধারণ দিন আনি দিন খাই মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তাদের দেওয়া হয়েছে এটিএম কার্ড। সেই কার্ড মারফত যে কেউ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। ঋণ শোধ করলে আবার ঋণ। সরকার গরিব মানুষের জন্য যে ভর্তুকি দেয়, ক্রমে ক্রমে সেই ভর্তুকি এই মানুষজনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। আইডিয়াটা হলো, হুট বলতে যাদের মহাজনের কাছে হাত পাততে হয় এবং ধীরে ধীরে মহাজনের কাছে বিকিয়ে যেতে হয়, তারা এবার থেকে ব্যাংকের ঋণে কাজকারবার করতে পারবে। আবার এর ফলে, রাম-রহিমদের ভর্তুকি শ্যাম-মহিমরা মেরে দিতে পারবে না।
এ দেশে ধুম বলতে তাই এখন এই দুটি। ইন্ডিয়ানদের মধ্যে প্রতিযোগিতা, কে কবে কোথায় কাদের সঙ্গী করে রাস্তায় ঝাড়ু চালাবে, আর ভারতীয়রা হিসাব কষছে কত ব্যাংকে কত অ্যাকাউন্ট খোলা হলো। দুটোই উৎসব হয়ে গেছে যেন। বাড়ির ঠিকে কাজের বউ অবলীলায় ছুটি চাইছে অ্যাকাউন্ট খুলতে যাবে বলে। পরের দিন কাজে এসে গর্ব করে বলছে, জানো বউদি, কত দিন গেছি এই ব্যাংকে, দূর দূর করে খেদিয়ে দিয়েছে। এটা আনো, সেটা আনো বলে ঘুরিয়েছে। সব আনলেও বলে বাড়িভাড়ার রসিদ চাই, ভোটার কার্ড চাই, এমএলএর চিঠি চাই। তার পরও বলেছে হবে না। এখন কেমন সুড়সুড় করে খাতা খুলে যাচ্ছে! বউটা এক দিন ফস করে এটিএম কার্ড দেখিয়ে গৃহিণীকে বলল, ব্যাংক বলেছে, মাসে দশ-পনেরো হাজার টাকার বেশি জমা দেওয়া যাবে না, পাঁচ হাজারের বেশি ধার নেওয়া যাবে না। তা ছাড়া, সরকার এই কার্ডে এক লাখ টাকা জীবনবিমা করিয়ে দিয়েছে, আর অসুখ হলে চিকিৎসার খরচ দেবে ৩০ হাজার পর্যন্ত। চিবুকটা একটু ঠেসে ঠোঁটে গর্বিত হাসি ফুটিয়ে বউটা এমনভাবে এটিএম কার্ডটা নাড়াল, যেন ওটাই তার জিয়নকাঠি।
এটা কিন্তু মোদির ‘আউট অব দ্য বক্স আইডিয়া’ নয়। এই ধারণা প্রথম খেলেছিল মনমোহন সিংয়ের মগজে। কিন্তু দ্বিতীয় ইউপিএর আদ্দেকের বেশিটাই তো ‘পলিসি প্যারালিসিস’-এ কেটে গেল। সেখান থেকেই শুরু মোদির স্প্রিং বোর্ড ডাইভিং। তাঁর সরকারের এই যে ছয়টা মাস কাটতে চলেছে, একবারের জন্যও তিনি কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েননি। বরং বলা ভালো, মোদির কপাল যথেষ্ট প্রশস্ত। নইলে সরকার গড়ার সময় আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১১২ ডলার, সেই তেল এখন ৮২ ডলারে নেমে আসে? ব্যারেলে এক ডলার দাম বাড়লে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর বোঝা বাড়ে চার হাজার কোটি টাকা। ৩০ ডলার দাম কমায় কত হাজার কোটি টাকা মোদি সরকারের সাশ্রয় হচ্ছে, হিসাব করুন। মনমোহন সিং পাঁচ বছর ধরে যা পারেননি, মোদি পাঁচ মাসেই সেই ডিজেল বিনিয়ন্ত্রণ করে ফেললেন এই দাম কমার জন্যই তো! শুধু কি তাই? এক ধাক্কায় লিটারে পাঁচ টাকা দামও কমে গেল ডিজেলের। কপাল আর কাকে বলে!
অথচ এখনো আলুর কেজি ৩০-৩৫ টাকা, পেঁয়াজও ৩০। চাল-ডাল-তেল-নুন-মাছ-মাংস-ডিমের দাম যেখানে ছিল, এখনো সেখানেই। সামান্য বাড়লেও বাড়তে পারে। তবে এক পয়সাও কমেনি। কিন্তু ডিজেলের দাম তো এত কমে গেল? তাহলে জিনিসপত্রের দাম কেন কমছে না? ডিজেলের দাম বাড়ার অজুহাতে তো দিব্যি বেড়ে যেত? এই প্রশ্নগুলো উঠছে যে না, তা নয়। কিন্তু প্রশ্নগুলো পাক খেতে খেতে বড় হয়ে সরকারের দিকে তীব্রগতিতে ধাবিত হয়ে আঘাত হানছে না। কারণ, মোদি আমূল পাল্টে দেবেন সবকিছু, তাঁকে আরও সময় দেওয়া দরকার, এই ধারণাটা এখনো অধিকাংশের মনে গেঁথে রয়েছে। এমনকি মোদির মধ্যেও।
এই যে হরিয়ানা ও মহারাষ্ট্রে জোটসঙ্গীদের ব্ল্যাকমেলকে আমল না দিয়ে একার ক্ষমতায় ভোটে লড়ে বিজেপি সরকার গড়ল, সেই শক্তিও এসেছে ওই বিশ্বাস থেকেই। শিবসেনার হুমকিকে তোয়াক্কা না করে এই যে মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল ঘটালেন, নিজের ওপর অগাধ বিশ্বাস না থাকলে কি তা সম্ভব হতো? কিছুতেই হতো না। ঝাড়খন্ড ও জম্মু-কাশ্মীরে ভোট এসে গেল। মোদির স্বপ্ন, জম্মু-কাশ্মীরে প্রথম বিজেপির সরকার গড়া। হবে কি হবে না সেই জ্যোতিষগিরি না করেও বলা যায়, মোদি যাতে হাত ছোঁয়াচ্ছেন, সেটাই সোনা হয়ে যাচ্ছে। না হলে কাশ্মীরের পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোন দিল্লি এসে মোদির সঙ্গে দেখা করে মুগ্ধতায় ভেসে যাবেন কেন? উপত্যকায় অন্তত পাঁচটি আসনে সাজ্জাদ লোনের দলের প্রভাব রয়েছে। জম্মু-কাশ্মীর জয়ে মোদির ‘মিশন-৪৪’ (রাজ্য বিধানসভার মোট আসন ৮৭) সার্থক করতে হলে উপত্যকায় সাজ্জাদ লোনদের মতো বন্ধু তাঁর প্রয়োজন।
শিবসেনা ফোঁস করেছিল। তার বিষদাঁত মোদি কেমনভাবে ভাঙলেন, মহারাষ্ট্র দেখে তা বোঝা যাচ্ছে। ঝাড়খন্ড জয়ে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরসূচি ঠিক হয়েছে। দিল্লি দখলের জন্যও তাঁর মাথাব্যথা কম। কেননা, যে কটা জরিপ দিল্লি নিয়ে হয়েছে, তাতে বিজেপির ধরাছোঁয়ার মধ্যে কেউ নেই। ৭০ আসনের মধ্যে বিজেপিকে কেউ ৪০-এর কম দিচ্ছে না। আম আদমি পার্টি ২০-এর ওপরে উঠছে না। আর কংগ্রেসকে আগের বারের আট আসনের চেয়েও সবাই কম দিচ্ছে। একের পর এক রাজ্য দখলের স্বপ্নে টিম মোদি এখন মোহগ্রস্ত। এটা তাঁর সুসময়।
ঝাড়ুদারির কথায় ফিরে আসি। চিত্র সাংবাদিকেরা সেদিন ফাটাফাটি খবর করলেন। সত্যি বলতে কী, ইদানীংকালে ইন্ডিয়ায় এমন বিস্ময়কর খবর হয়েছে কি না সন্দেহ। মোদি স্বচ্ছ ভারত গড়ার হাঁক পেড়েছেন। ঠিকই করেছেন। যেখানে–সেখানে ময়লা ফেলা, নোংরা করা আমাদের যেন জাতীয় চরিত্র হয়ে গেছে। এই চরিত্র বদলাতে মোদি ঝাড়ু হাতে রাস্তা সাফাইয়ে নামলেন। তিনি নয়জনকে বেছে নিলেন। বললেন, এই নয়জন প্রত্যেকে আরও নয়জন করে বাছবেন। এভাবে শামিল হয়ে যাবে গোটা দেশের মানুষ। তাঁরা সবাই দীক্ষিত হবেন স্বচ্ছতা আন্দোলনে। একটা গণ-আন্দোলন গড়ে উঠবে দেশজুড়ে। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্পণের এটাই হবে শ্রেষ্ঠ উপায়। এ জন্য জাতীয় স্তরে একটা সুন্দর প্রচারাভিযান শুরু হয়েছে। রাস্তাঘাট যে নোংরা করছে, পাশের মানুষ হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। সেই লোকটি লজ্জা পাচ্ছে। মনে মনে হয়তো বলছে, এই বিড়ম্বনা আর যেন সইতে না হয়। মোদি এই সেদিন বারানসি গেলেন। সেখানে গঙ্গার ঘাটে কোদাল হাতে নেমে গেলেন। স্বচ্ছতা অভিযান তাঁর হৃদয়ের বড় কাছের বিষয়।
সাধু উদ্যোগ সন্দেহ নেই। তবে যেখানে–সেখানে নোংরা ফেলা বন্ধ করা এক জিনিস আর নোংরা বা বর্জ্যের ব্যবস্থাপনা অন্য জিনিস। রাজীব গান্ধী ৩০ বছর আগে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি করেছিলেন। হায়, গঙ্গা এখনো মলিনই রয়ে গেছে। মোদির স্বচ্ছতা অভিযানে গঙ্গা সাফাইও একটা অঙ্গ। সে জন্য আলাদা একটা মন্ত্রকও খোলা হয়েছে। কিন্তু সারা দেশের কঠিন ও তরল বর্জ্যের বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার বিকাশের প্রয়োজনীয়তা সেভাবে অনুভূত হচ্ছে কি? চিপস খেয়ে ঠোঙাটা রাস্তায় ফেলা হয়তো বন্ধ হলো, কিংবা পানের পিক, অথবা ঘরের এঁটোকঁাটাবোঝাই পলিথিনের ব্যাগ তিনতলা থেকে উড়ে রাস্তায় পড়ল না, কিন্তু দেশের বিপুল বর্জ্য কোথায় যাবে, কীভাবে তার ট্রিটমেন্ট হবে, সেদিকে কিন্তু এখনো সেভাবে নজর দেওয়া হচ্ছে না। এটা না করা গেলে স্বচ্ছতার আন্দোলনও সার্থক হতে পারে না।
যাকগে, ঝাড়ুদারির যে ঘটনাটার কথা বলছিলাম। মোদি হাঁক পেড়েছেন, তাই ‘আগে কেবা প্রাণ করিবেক দান’ সেই হুটোপাটি শুরু হয়েছে ইন্ডিয়ায়। পেজ থ্রি চরিত্ররা ঝাঁপিয়ে পড়েছেন। ফি দিন কাগজে কাগজে ছবি বেরোচ্ছে। কাগজের টুকরো, গাছের ঝরাপাতা ও ধুলোবালি ঝাড়ুর টানে উড়ছে ও সরে সরে যাচ্ছে। পাঁচ কি দশ মিনিট মাত্র। টিভির ক্যামেরায় ছবি উঠে গেলেই ঝাড়ুদারিও শেষ। এই তো সেদিন ঠিক হলো, শাসক দলের দিল্লির নেতা-নেত্রীরা রাজধানীর এক জায়গায় ঝাড়ু লাগাতে যাবেন। চিত্র সাংবাদিকদের ঘটা করে ডাকা হয়েছে। টিভির ক্যামেরাও গন্ডায় গন্ডায় হাজির। হঠাৎই দেখা গেল, পুরসভার কর্মীরা দলে দলে ঠেলা করে ঝরে পড়া গাছের পাতা এনে পরিষ্কার ফুটপাতে ঢেলে দিচ্ছেন। সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে চারধারে, যাতে নেতাদের ঝাঁট দেওয়ার মতো কিছু থাকে। নেতারা এলেন এবং সেই নতুন করে নোংরা করা ফুটপাতে ঝাড়ু চালাতে লাগলেন...! মিডিয়ার দৌলতে ইন্ডিয়া ও ভারতের লোকজন বেশ উপভোগ করল সেই দৃশ্য।
এ যেন সেই সাহেব বিবি গোলাম-এর যুগের জমিদারবাড়ির গিন্নিদের কাহিনি। কাজ বলতে গয়না ভেঙে গয়না গড়ানো! আশঙ্কা হয়, নরেন্দ্র মোদির স্বচ্ছতার অভিযান শেষ পর্যন্ত ছবি তোলার প্রতিযোগিতা না হয়ে দাঁড়ায়।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।