রানা প্লাজার জায়গাটায় শূন্য গহ্বর আমাদের পরিহাস করছে। জায়গাটা এখন ডোবায় পরিণত হয়েছে। সেই নারকীয় বিপর্যয়ের চিহ্ন আর নেই। তারপরও সরকারিভাবে ঘোষিত ১১৩৬ জন এবং নিখোঁজ প্রায় ৫০ জন শ্রমিকের পরিবার কি বেরোতে পেরেছে সহ্যাতীত শোকের যন্ত্রণা থেকে? যে দুই হাজারেরও বেশি শ্রমিক আহত ও পঙ্গু হয়েছেন, তাঁদের জীবনের পতন কি থেমেছে? এদের সবার জীবনের ওপর রানা প্লাজা এখনো ধসে চলেছে। সেই অন্ধকার গহ্বর থেকে সেদিনই তাঁরা মুক্তি পাবেন, যেদিন এই রাষ্ট্র ও সমাজ তাঁদের যন্ত্রণার অংশীদার হতে পারবে।
এই তিন বছরে কী করা হয়েছে রানা প্লাজার ধসের প্রতিক্রিয়ায়? দৃশ্যত এত শ্রমিকের মৃত্যুতে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর টনক নড়ে। অনেক বৈশ্বিক ব্র্যান্ড তাদের বাংলাদেশি সরবরাহকারীদের ওপর কারখানার নিরাপত্তা ও পরিবেশ উন্নত করার চাপ সৃষ্টি করে। বেসরকারিভাবে গঠিত হয় দুটি আন্তর্জাতিক জোট। এদের সংক্ষিপ্ত নাম অ্যালায়েন্স ও অ্যাকর্ড। অ্যালায়েন্স মূলত ইউরোপীয় ব্র্যান্ডগুলোর জোট আর অ্যাকর্ড প্রতিনিধিত্ব করছে উত্তর আমেরিকার ব্র্যান্ড ও বিক্রেতাদের। তিন বছরে এদের চাপাচাপির ফল বিস্ময়কর—মাত্র ৩১টি কারখানা পূর্ণ সংস্কার করা হয়েছে, বন্ধ করা হয়েছে মাত্র ৪২টি। মোট পরিদর্শন করা হয়েছে ৩,৭৬৮টি কারখানা। এর মধ্যে অ্যাকর্ড পরিদর্শন করেছে ১,৫৫২টি, অ্যালায়েন্স করেছে ৬৭৭টি এবং সরকারিভাবে সরেজমিন পরিদর্শন করা হয়েছে ১,৫৪৯টি কারখানা। এর বাইরেও আরও বহু কারখানা রয়ে গেছে। এবং এটাও বিশ্বাস্য নয় যে, ৩৭৬৮টি কারখানার মধ্যে মাত্র ৪২টি ছাড়া বাকিগুলোর অবস্থা ভালো। তারপরও, ৩১টির বেশি কারখানার পূর্ণ সংস্কার করা সম্ভব হয়নি (ঢাকা ট্রিবিউন, ২৪ এপ্রিল, ২০১৬)।
বিচারের খতিয়ান নিতে গেলেও দেখা যাচ্ছে কঠিন এক বাস্তবতা। এত মানুষের মৃত্যু, অঙ্গহানি এবং অর্থনৈতিক জীবন ধ্বংস বিরাট রকমের অপরাধ। তারপরও এখন পর্যন্ত কারোরই শাস্তি হয়নি। মোট ১১টি মামলার মধ্যে চার্জশিট হয়েছে মাত্র তিনটির। এই তিনটির বিচার শুরু হওয়ার মুখে। মোট আসামিদের মধ্যে সোহেল রানাসহ মাত্র ছয়জন আছেন জেলে। জামিনে আছেন ২৩ জন, পলাতক ১৩ জন। ছয়জন সরকারি কর্মকর্তাকে আসামি করার অনুমতি মেলেনি (নিউ এজ, ২৪ এপ্রিল, ২০১৬)। কারণ, ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুসারে, সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। এই হলো মামলার অবস্থা।
রানা প্লাজার মালিক সোহেল রানা জেলেও আরামেই আছেন। এ এক আজব ব্যাপার, বড় অপরাধীরা জেলে গেলেই মেরুদণ্ডের ব্যথার অজুহাতে হয় বাইরের বিলাসী হাসপাতালে, নয়তো জেলখানার হাসপাতালে শয্যা নিয়ে নেন। এই রোববারের নিউ এজ পত্রিকা জানাচ্ছে, সোহেল রানা জেল হাসপাতালে ইচ্ছামতো ঘুরতে পারেন। খেতে পারেন পছন্দমতো খাবার আর ঘুষের বিনিময়ে বাইরে ফোন দিতে তাঁর সমস্যা হয় না। আরামদায়ক বিছানাসহ দরকারি অনেক কিছুই তিনি সেখানে পাচ্ছেন। এতই আরাম পাচ্ছেন যে, তাঁর আইনজীবী জানিয়েছেন, বাইরের থেকে জেলে থাকাই তিনি তাঁর জন্য ভালো বলে মনে করেন।
এবার আসা যাক ক্ষতিপূরণের প্রশ্নে। তিন বছরেও কর্মস্থলে দুর্ঘটনা কিংবা মালিকের গাফিলতির জন্য ক্ষতিগ্রস্ত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের আইন প্রণয়নে কিছুই করেনি সরকার। এক শ্রমিকনেতার অভিযোগ, সরকার ও মালিকপক্ষ বিষয়টি নিয়ে এগোতে অনিচ্ছুক। অথচ ২৪ এপ্রিল ২০১৩ তারিখে রানা প্লাজা দুর্ঘটনা ঘটার পরপরই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যেই সরকার-মালিক-শ্রমিক এই তিন পক্ষ মিলে ক্ষতিপূরণের বিধিমালা চূড়ান্ত করা হবে এবং সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
>পোশাকশিল্পের ব্যবসা দ্বিগুণ করার গল্প আমরা শুনছি। কিন্তু এ রকম গণমৃত্যুর ঝুঁকিপূর্ণ অবকাঠামো, শ্রমিকবিরোধী আইনি কাঠামো এবং সর্বোপরি অমানবিক শ্রম-সংস্কৃতি ও মুনাফা-কাঠামো নিয়ে সেটা কী করে সম্ভব?
কার্যত, তিন বছর গত হলেও মালিক বা সরকারের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাঁরা পেয়েছেন অনুদান বা সাহায্য। নিহত ও আহত লোকজনকে ক্ষতিপূরণ বাবদ যে তিন কোটি ডলারের তহবিল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে গঠিত হয়, তাতে টাকা এসেছে তিনটি উৎস থেকে: ১. রানা প্লাজা ডোনার ফান্ড ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ডলার, ২. প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫ লাখ ডলার এবং ৩. প্রাইমার্ক থেকে ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ডলার।
সংবিধান অনুসারে রাষ্ট্রই নাগরিকদের জীবন-মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বা ব্যবস্থাপক। রাষ্ট্র চাইলে আইনত জীবন নিতে পারে, কিন্তু নাগরিকদের জীবন রক্ষার দায়িত্বে অবহেলার কোনো সুযোগ তার নেই। নাগরিকেরা যাতে তাদের সাংবিধানিক অধিকার পায় এবং সেই অধিকার পেতে যাতে কোনো বাধা না থাকে, বা কেউ বাধা দিলে তাকে ঠেকানোর ব্যবস্থাপকও রাষ্ট্র। রাষ্ট্রের ম্যানেজারির কাজ করে সরকার ও প্রশাসন। রানা প্লাজার ঘটনার আগেও বড় বড় ভবন ধসে এবং আগুনে পুড়ে শত শত শ্রমিক নিহত হয়েছেন। রাষ্ট্র তো শ্রমেরও শীর্ষ ম্যানেজার, অর্থাৎ শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছেন কি না, কারখানা তার জীবনের জন্য হুমকি কি না—এসব দেখার দায়িত্বও রাষ্ট্রের। এ জন্য মন্ত্রণালয় ও তার মন্ত্রী ছিলেন, ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তাঁদের কার্যকর আইন প্রণয়ন করার কথা ছিল, তদারকি ও নজরদারি করার দরকার ছিল। অথচ বছরের পর বছর তাঁরা উদাসীনতার চর্চা করে এ রকম ভয়াবহ বিপর্যয়ের ক্ষেত্র তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছেন। রানা প্লাজা ঘটনার পরও তাঁদের অনেকেই গণমৃত্যুর দায়মুক্তি উপভোগ করে আসছেন। বিচারহীনতার দেশে শ্রমিক হত্যার বিচার হওয়া অনেক ভাগ্যের ব্যাপার।
পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডগুলোর প্রধানতম। একে নিয়ে আমরা গর্ব করতে চাই, এর উদ্যোক্তাদের জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। নিজের দেশের উদ্যোক্তাদের এ রকম দায়সারা মুনাফাভোগী হিসেবে দেখতে কারোরই ভালো লাগার কথা নয়। আজ পোশাকশিল্পের ব্যবসা দ্বিগুণ করার গল্প আমরা শুনছি। কিন্তু এ রকম গণমৃত্যুর ঝুঁকিপূর্ণ অবকাঠামো, শ্রমিকবিরোধী আইনি কাঠামো এবং সর্বোপরি অমানবিক শ্রম-সংস্কৃতি ও মুনাফা-কাঠামো নিয়ে সেটা কী করে সম্ভব?
প্রতিটি কারখানার শ্রমিকদের মুক্তভাবে ট্রেড ইউনিয়ন করার সুযোগ থাকলে রানা প্লাজার ঘটনা ঘটত না। শ্রমিকদের স্বাধীন সংগঠন থাকলে তার নেতৃত্বেই এ রকম বিপজ্জনক দশা দেখে শ্রমিকেরা কারখানায় ঢোকা থেকে বিরত থাকার সাহস করতেন। ট্রেড ইউনিয়নের নেতারা তখনই সেটা করার সাহস করতেন, যখন বিপজ্জনক পরিবেশে বলপ্রয়োগ অথবা মজুরি কাটার হুমকি দিয়ে কাজ করানোর বিরুদ্ধে আইন থাকত।
রানা প্লাজার নারকীয় বিপর্যয়ে বাংলাদেশের সামগ্রিক দুর্দশার জন্য দায়ী তিন অভিশাপের মিলন ঘটেছে—যুবলীগের নেতা সোহেল রানার মাধ্যমে এতে জড়িত ছিল দুর্বৃত্ত রাজনীতির দাপট। রানা প্লাজা নির্মাণের ত্রুটিকে বৈধতা দানকারী প্রশাসনের মধ্যে আমরা দেখেছি জীবন বৈরী দুর্নীতিবাজ প্রশাসনের লোকদের। ঘটনার তিন বছর পরও বিচার শুরু না হওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিচারহীনতার সংস্কৃতির। আর ক্ষতিপূরণ না দিয়ে, কারখানাগুলোকে নিরাপদ ও মানবিক করার দাবিকে সহস্র মানুষের জীবনের বিনিময়ে উপেক্ষা করে এই শিল্পের মালিকেরা দেখাচ্ছেন পুঁজির কাছে মুনাফাই সত্য, মানুষের জীবন নয়।
এ রকম অবস্থায় জীবন জিইয়ে না, বিচার চলে না। রানা প্লাজার আয়নায় আসুন আমরা সবাই যার যার মুখ দেখি।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।