হায় নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নির্বাচন এখন কীভাবে হয় বা হচ্ছে? রাজনীতিতে যাঁদের নানা পক্ষ-বিপক্ষ আছে, তাঁদের কাছ থেকে ভিন্ন ভিন্ন কথাই শুনতে হবে। আপাতত সেই বিতর্কের দরকার নেই। আমরা সরকারি দলের একজন সাংসদের মুখেই শুনতে পারি একটি উপজেলা পষিদের নির্বাচনের গল্প। সভা করেই তিনি নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের কাহিনি শুনিয়েছেন। তিনি সংসদে বসে আইন তৈরি করেন, সেই আইনে আমাদের দেশ চলে। এমন একজন লোকের বলা কাহিনিকে তো আমাদের বিশ্বাস করতেই হয়!

নাটোর-২ আসনের সরকারি দল আওয়ামী লীগের সাংসদ শফিকুল ইসলাম শিমুল উপজেলা পরিষদ নির্বাচনের যে গল্প বলেছেন, তা প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ২০১৪ সালে অনুষ্ঠিত নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাঁর বলা কাহিনিটি এ রকম: সেই নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম রমজান আসলে হেরে গিয়েছিলেন। কিন্তু সাংসদ হিসেবে তিনি নিজে প্রশাসনকে প্রভাবিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রমজানকে জিতিয়ে দেন।

কোনো রাখঢাক না রেখেই সাংসদ শিমুল বলেছেন, ‘নাটের সদর উপজেলা নির্বাচনে আমি শফিকুল ইসলাম রমজানকে ১৩৭ ভোটে জিতিয়ে দিয়েছি। রমজান নির্বাচনে হেরেছিল, কিন্তু আমি তাকে জিতিয়েছি।’ নিজের নির্বাচনী এলাকার (নাটের সদর ও নলডাঙ্গা) বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি তাঁর এই ‘কৃতিত্বের’ কাহিনি বলেছেন। নাটোর জেলার শংকর গোবিন্দ স্টেডিয়ামে গত শনিবার এই সভা অনুষ্ঠিত হয়। সাংসদ শিমুলের নিজের মুখে বলা উপজেলা পরিষদ নির্বাচনের এই কাহিনির অডিও টেপটি ডেইলি স্টারের কাছে আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনে রমজান বিএনপির প্রার্থীকে হারিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং এখনো সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নির্বাচনের রমজান হেরেছেন, কিন্তু তাঁকে জিতিয়ে দিয়েছেন সাংসদ শিমুল—এই যখন অভিযোগ, তখন সাংবাদিকতার নিয়ম মেনে ডেইলি স্টার রমজানের মন্তব্য জানতে চেয়েছে। তাঁর মন্তব্য কী হতে পারে, তা নিশ্চয়ই পাঠক অনুমান করতে পারছেন! ‘এমপি শিমুল আমার বিরুদ্ধে অসত্য মন্তব্য করেছেন। রাজনৈতিকভাবে আমার ক্ষতি করতে এবং আমার পরিষ্কার ভাবমূর্তি নষ্ট করতে তিনি এ কাজ করেছেন।’ প্রিয় পাঠক, আপনারা কি এর বাইরে ভিন্ন কিছু ভেবেছিলেন?

প্রশাসনকে প্রভাবিত করে স্থানীয় সাংসদ নিজ দলের পরাজিত প্রার্থীকে জিতিয়ে দিলেন অথচ তাঁর কোনো কৃতজ্ঞতা নেই! সাংসদ শিমুলের তাই আক্ষেপ, ‘আমি যাকেই নির্বাচনে জিতিয়ে দিই, সে-ই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য অনেকে চেষ্টা করে যাচ্ছেন এবং ষড়যন্ত্র হচ্ছে।’ রাজনীতিতে এখন বিরোধী দল বলে কিছু নেই। নির্বাচন বলতে যা বোঝায়, তা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা নিজ দলের প্রার্থীদের মধ্যে লড়াই। সাংসদ শফিকুল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জিতিয়ে দিয়েছেন তাঁর দলের প্রার্থী রমজানকে। এভাবে চললে তো সমস্যা হওয়ার কথা নয়! কিন্তু একই এলাকায় রাজনীতি করেন দুই শফিকুল ইসলাম। ক্ষমতা আর ভাগ-বাঁটোয়ারার কতই-না হিসাব-নিকাশ! দুই শফিকুল ইসলাম, অর্থাৎ শিমুল আর রমজান তাই মিলেমিশে থাকতে পারেন না। ‘ষড়যন্ত্র’ বা ‘ভাবমূর্তি’ নষ্টের চেষ্টা তো এখন নিজেদের দলের মধ্যেই হবে!

এই যে একজন সাংসদ বললেন, তিনি তাঁর দলের পরাজিত প্রার্থীকে উপজেলা পরিষদ নির্বাচনে জিতিয়ে দিয়েছেন, এ নিয়ে কি আমাদের সমাজে বা রাজনীতিতে কোনো প্রতিক্রিয়া আছে? আমরা কি তবে ধরেই নিয়েছি যে নির্বাচন তো এখন এভাবেই হয়! অথবা আমদের একজন আইনপ্রণেতা কী বললেন না-বললেন, তাতে আমাদের কিছু আসে-যায় না! সাংসদ যা বলার বলেছেন আর উপজেলা পরি​ষদের চেয়ারম্যান তা অস্বীকার করেছেন—এর মধ্যেই বিষয়টি মিটে গেল? দলের মধ্যেও এ নিয়ে কোনো নড়াচড়া হবে না? শৃঙ্খলাভঙ্গ বলে কিছু নেই? এঁদের নিয়েই দলকে চলতে হবে? চলতে হবে আমাদের এবং দেশকে?

আর নির্বাচনকেই-বা আমরা কোথায় নিয়ে গেছি বা যাচ্ছি!