হায় সুন্দরতম মহৎ সিরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মানবিক বিপর্যয়: মধ্যপ্রাচ্য থেকে এ বছর ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দিয়েছে তিন লাখেরও বেশি এবং ভূমধ্যসাগরে মারা গেছে আড়াই হাজারেরও বেশি শরণার্থী। এই সময়ে শরণার্থী হওয়ার অর্থ কী? দেশহীন মানুষের অধিকারই বা কী? এই প্রশ্ন নিয়ে ভেবেছেন তিন লেখক। অনুবাদ করেছেন ফারুক ওয়াসিফ
.
.

সিরিয়া ছিল আমার আপন দেশ।
শৈশবে নির্বাসিত হয়ে আমি সেখানে ছিলাম। আমার মা-বাবা একে ‘নির্বাসন’ বলেছিলেন। কারণ, আমরা আমাদের নিজ দেশ, পাকিস্তানে থাকতে পারছিলাম না। কারণ, পাকিস্তান ছিল খুবই বিপৎসংকুল, ভয়ানক সহিংস, কারণ সেখানে কোনো ন্যায়বিচার ছিল না।
সেদিন সিরিয়া আমাদের আশ্রয় দিয়েছিল। আমার বাবা (মর্তুজা ভুট্টো, বেনজির ভুট্টোর ভাই, জুলফিকার আলী ভুট্টোর পুত্র, ১৯৯৬ সালে বেনজিরের প্রধানমন্ত্রী থাকার সময় করাচিতে পুলিশের গুলিতে নিহত হন) আমাকে নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে। আমার মা (সৎমা, যাঁকে ফাতিমা ভুট্টো আপন মায়ের চেয়ে আপন ও বন্ধু ভাবতেন) এসেছিলেন লেবানন থেকে। আর আমি, এসেছিলাম মাঝখানের কোনো এক জায়গা থেকে।
সিরিয়া আমাদের স্বাগত জানিয়েছিল এবং তাদের দেশে আমাদের রক্ষা করে গিয়েছিল। ভাবতে অবাক লাগে, কেন আমার বাবা-মা আমাদের রিফিউজি বলত না? ভাবতেও দিতেন না?
দামেস্কে যখন বড় হচ্ছি, কখনোই আমার মনে হয়নি যে আমি সেখানে বহিরাগত। অথচ আমি সিরীয় ছিলাম না, আরবি আমার মাতৃভাষা ছিল না। তারপরও আমার মনে হয়েছিল এটাই আমার স্বদেশ। পৃথিবীর প্রাচীনতম এক শহরে আমি বসবাস করে গেছি। নিরাপত্তার আশ্বাস আমার ভেতরে বাজত। রাতে, বাতাসে ছিল জুঁই ফুলের সুবাস।
স্কুলে পড়ার সময় আমরা প্রায়ই কাসিউন পাহাড়ে চলে যেতাম, ওপর থেকে দামেস্ক শহরটা দেখার জন্য। রাতে শহরের বাতিগুলো অন্ধকারে ঝিকমিক করত। তখনো কেউ আমাদের রিফিউজি বলত না। কেউ আমাদের মধ্যে এমন ভাবনা জাগায়নি যে, নিচের ওই শহরটা—সবচেয়ে প্রাচীন, সবচেয়ে সুন্দর এক নগর, যার দূরতম বাতিগুলো ছিল সাদা, সোনালি ও সবুজ—আমাদেরও নয়।

এমনকি আজও, সিরিয়ার জাতীয় সংগীত শুনলে আমার বুকটা চিনচিন করে ওঠে। একদিন আমরাও দেশে ফিরলাম। কিন্তু সিরিয়া কখনোই আমাদের জন্য তার দরজা বন্ধ করে রাখেনি।
পাকিস্তান (এ রকম অবিচারে ভরা ও সহিংস হওয়া সত্ত্বেও) এবং এশিয়ার আরও অনেক দেশ দীর্ঘদিন তাদের সীমান্ত খুলে রেখেছিল। কয়েক দশক ধরে বিশ্বের মধ্যে পাকিস্তানই ছিল আফগান শরণার্থী মানুষের সবচেয়ে বড় গন্তব্য। সিরিয়াও সর্বদাই শরণার্থীদের আশ্রয় দিয়ে এসেছে।
লেবানীয়, আর্মেনীয়, ফিলিস্তিনি শরণার্থীরা সেখানে এসেছে। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসন হলে আমার মা ও তাঁর পরিবার দামেস্কে চলে গিয়েছিলেন। ইরাক যুদ্ধের চরম ক্ষণে, ২০০৭ সালের দিকে, সিরিয়া প্রতিদিন ২ হাজার পর্যন্ত ইরাকি শরণার্থীদের আশ্রয় দিয়ে যাচ্ছিল।
প্রত্যেকেই আশ্রয় পেয়েছে সিরিয়ায়। শিয়া, সুন্নি, খ্রিষ্টান, নাস্তিক। পুরুষ, নারী, বিতাড়িত ও পরাস্ত মানুষ। সিরিয়া একসময় বিশ্বের নিপীড়িতদের ঘর হয়ে উঠেছিল।
এশিয়ার এ ধরনের দেশের মানুষ হওয়া সব সময় কী সুন্দর ব্যাপার, যাদের ভূমি সর্বদাই রাষ্ট্রহীন ও উদ্বাস্তুদের স্বাগতম জানিয়ে এসেছে।
এর জন্য তারা আত্মগরিমায় ভোগেনি, বিকারে ভোগেনি, মানুষের জীবন নিয়ে রাজনৈতিক কূটকচালি করেনি। মানুষের অশেষ দুর্ভোগ নিয়ে ইউরোপীয়দের নেতাদের আমলাতান্ত্রিক উদাসীনতা দেখে, আমি মনে না করে পারি না সিরিয়ার কথা এবং শরণার্থীদের জন্য তারা যা করেছে, সেই নীরব সদয়তার কথা।
গ্রান্টা ম্যাগাজিন থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
ফাতিমা ভুট্টো: কবি ও লেখক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি।