
দেশের ভেতরে আমাদের নিজেদেরই এত সমস্যা, লেখার মতো বিষয় দেশেই এত বেশি যে, বাইরের জগতের সাংঘাতিক সব বিষয় নিয়েও লেখার প্রয়োজন বোধ করি না। কবির ভাষায়—হিংসায় উন্মত্ত পৃথ্বী। কোথায় নেই হানাহানি, যুদ্ধবিগ্রহ, সন্ত্রাস, জাতিগত ও সম্প্রদায়গত সংঘাত, আন্দোলন-সংগ্রাম প্রভৃতি? প্রায় সবই মানুষের তৈরি দুর্ঘটনা, কিছু দৈব দুর্ঘটনা।
মালয়েশিয়ার একটি বিমান ভারত মহাসাগরের আকাশ থেকে উধাও হয়ে গেল। বিমান একটি বিরাট বস্তু। তার পেটের মধ্যে ছিল বহু মানুষ এবং বিপুল মালামাল। বিজ্ঞানের এই অগ্রগতির যুগেও, যখন মানুষ চাঁদ ও মঙ্গলের খোঁজখবর রাখছে, তখন বিমানটি কোথায় গেল, তা কেউ জানে না। টিভির পর্দায় হতভাগ্য বিমানটির যাত্রীদের প্রিয়জনদের শোকার্ত ও উৎকণ্ঠিত মুখ দেখেছি। তাদের চোখ থেকে গাল বেয়ে গড়ানো পানি শুকানোর আগেই মালয়েশিয়ান এয়ারলাইনসেরই আরেকটি বিমান সংঘাতপূর্ণ ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিবদমান পক্ষগুলো পরস্পরকে দোষারোপ করেছে। দায়ী ব্যক্তিদের বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানোর মতো কোনো আদালত পৃথিবীতে নেই।
ইবোলা ভাইরাস পৃথিবীতে নতুনতম বিপদ। এই সেদিন সিয়েরা লিওন, লাইবেরিয়ায় হাজার হাজার মানুষ আক্রান্ত হলো এবং সাত হাজার মারা গেল। এ যেন এক আসমানি বালা! আশা করি, প্লেগ, গুটি বসন্ত, কলেরা যেমন বিজ্ঞানীরা দূর করতে পেরেছেন, ইবোলার হাত থেকেও মানবসমাজকে একদিন রেহাই দিতে পারবেন।
বিশ্ববিবেককে বুড়ো আঙুল দেখিয়ে উপপরাশক্তি ইসরায়েল ৫১ দিন একতরফা যুদ্ধ করে দুর্বল, দরিদ্র ও প্রায়-অবরুদ্ধ গাজাকে গুঁড়িয়ে দিল গত গ্রীষ্মে। ২ হাজার ২০০-এর মতো ফিলিস্তিনি মারা গেছে, তাদের মধ্যে ৮০০ শিশু-কিশোর, ৮০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাসহ নারী কয়েক শ। মারাত্মক আহত ১০ হাজার। গাজায় যখন গণহত্যা হয়, তখন ওবামা-ওঁলাদ-ক্যামেরন-ম্যার্কেল এমন ভাষায় প্রতিদিন মিডিয়ার সামনে কথা বলেছেন যে, ওই ৮০০ শিশু ও কিশোর-কিশোরী যন্ত্রণায় ছটফট করে মরছে তো কী হয়েছে! বয়স ১৮-২০ হলে ওরাই হতো ইহুদিবিরোধী সন্ত্রাসী। বাংলাদেশ সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজার গণহত্যার নিন্দা করে সৎ সাহসের পরিচয় দিয়েছেন।
ইসলামি উগ্রপন্থীদের উপদ্রব সীমা অতিক্রম করেছে পৃথিবীর বেশ কিছু অঞ্চলে। নাইজেরিয়ায় বোকো হারাম যা করছে, তা স্রেফ বর্বরতা, তার সঙ্গে দেড় হাজার বছরের ইসলামের কী সম্পর্ক, তা আমাদের মতো মানুষের বোধগম্য নয়। স্কুলছাত্রীদের জিম্মি করে বোকো হারামের সর্দারেরা যে বীভৎস নাটকের সৃষ্টি করেছেন, তার নিন্দা করার ভাষা নেই। এসব কোনো ধর্মীয় ব্যাপার নয়, ধর্মান্ধদের উন্মত্ততা।
পাকিস্তানের শাসকশ্রেণির পরোক্ষ পৃষ্ঠপোষকতায় অথবা প্রশ্রয়ে সে দেশে তালেবানি ও অন্যান্য ইসলামি জঙ্গির উত্থান ঘটেছে। তারপর আমেরিকার চাপে তাদের দমনে তৎপর হয় পাকিস্তানি সামরিক বাহিনী। স্কুলবাসে যাওয়ার সময় যেদিন মালালা ইউসুফজাই নামের এক অজ্ঞাত কিশোরীকে তালেবান জঙ্গিরা আধুনিক অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে, সেদিন সংবাদটি শুনে তার আততায়ীদের ধিক্কার দিয়েছিলাম। সুচিকিৎসার জন্য দ্রুত তাকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। সেটি ছিল প্রশংসনীয় কাজ। কিন্তু সেদিন থেকেই শুরু হয় নাটক। যেমন-তেমন নাটক নয়, মানবজাতির ইতিহাসে এক অভূতপূর্ব প্রহসন। সে আর একজন ১৬ বছর বয়সী গ্রাম্য কিশোরী রইল না, হয়ে গেল একটি প্রতিমা বা পুতুল।
মালালা নামের পুতুলটিকে আমেরিকার নেতৃত্বে অতি অল্প সময়ে ইংরেজি ভাষা শেখানো হলো। কীভাবে মিডিয়ার সামনে প্রগতিশীল বক্তব্য দিতে হয়, সে কায়দাকানুন রপ্ত করানো হলো। ইউরোপ-আমেরিকায় যত বড় বড় পদক-পুরস্কার আছে, তার সবগুলোতেই তাকে ভূষিত করা হয়। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে, এত অল্প বয়সী এবং এত বেশি পুরস্কার কোনো দিন কেউ পাননি।
পৃথিবীর তালেবর দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের দরজা মালালার জন্য অবারিত করা হলো। যুক্তরাষ্ট্র তাকে সেই সম্মান দেয় যেমনটি সে দেশে পেয়েছেন বা পান ইরানের রেজা শাহ পাহলবি কিংবা জাপানের সম্রাট হিরোহিতো বা আকিহিতো। আমাকে একজন বলেছেন, বান কি মুনের মেয়াদ শেষ হলে মালালাকে জাতিসংঘের মহাসচিব করা হতে পারে। আমি বলেছি, জাতিসংঘের মহাসচিব তার জন্য বড় পদ নয়। আমেরিকার নাগরিকত্ব দিয়ে তাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করলেও বিস্ময়ের কিছু নেই।
তবে বিস্মিত হলাম সেদিন, যেদিন তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাকে নমিনেশন দেওয়ার তোড়জোড়ে তাজ্জব হইনি। অনেকের কথাই প্রতিবার শোনা যায়। বিশ্বমিডিয়ায় মালালা যে প্রচার পেয়েছে, তার ৫০০ ভাগের ১ ভাগ উপমহাদেশের অন্যান্য নোবেল বিজয়ী দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে, মাদার তেরেসা, আবদুস সালাম বা অমর্ত্য সেন পেলে বর্তে যেতেন। তার আত্মজীবনী লিখে দিলেন হার্ভার্ড-কেমব্রিজের লেখকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
নোবেল পুরস্কারের চেক পেয়ে মালালা ঘোষণা দেয়, ২০১৫-র জুনে সে পাকিস্তানে ফিরবে। পশ্চিমা মিডিয়া লিখল: ‘ইশকুল বানাইবে রে মালালা ইশকুল বানাইবে’। তা বানালে ভালো। কিন্তু এত ছোটখাটো ব্যাপারে তার মতো যোগ্য ব্যক্তির মন ভরে না। তার মুখ থেকে ঘোষিত হলো: ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব।’ তালেবানদের নির্মূল করতে তাকে দিয়ে এনজিও-ড্রাইভেন সরকার যদি আমেরিকা ইসলামাবাদে প্রতিষ্ঠিত করতে চায়, কার বাবার সাধ্য তা ঠেকায়! তালেবানরাও চাট্টিখানি মানুষ নয়। তারা ঘোষণা দিল: মালালার নোবেল পুরস্কার তারা উদ্যাপন করবে।
উদ্যাপিত হলো ১৬ ডিসেম্বর পেশোয়ারে। অমন ঠান্ডা মাথার নিষ্ঠুরতা পৃথিবীর ইতিহাসে খুব কমই ঘটেছে। চরম শত্রুকে হত্যা করার পেছনে যৌক্তিকতা দেখানো সম্ভব, কিন্তু শত্রুর ফুটফুটে বাচ্চাকে কোনো মানুষ হত্যা করতে পারে না, ঘাতকেরা ঘোষণা করেছে, ‘স্বজন হারানোর বেদনা’ বোঝাতেই ওই হত্যাকাণ্ড। ১৩২ শিশুসহ ১৪১ জনের রক্তে প্লাবিত হয়েছে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি ইশকুলের প্রাঙ্গণ। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘পাকিস্তানের পাশে আছে যুক্তরাষ্ট্র।’ মালালা বলেছে, ‘আমার হৃদয় ভেঙে গেছে। তবে আমরা কখনোই হারব না।’
মালালা যে হারবে না, তাতে কোনোই সন্দেহ নেই। কারণ, সর্বোচ্চ নিরাপত্তায় সে সারা জীবন থাকবে। হারবে তার দেশের মানুষ।
টিক্কা-ফরমানের উত্তরসূরিরাই যে এখনো পাকিস্তানের ভাগ্যবিধাতা, তা বুঝতে পারলাম হত্যাকাণ্ডের পর সেনাপ্রধানের হুংকারে। তিন হাজার তালেবানকে তিনি ফাঁসিতে ঝোলাতে চান। তিন হাজারকে ফাঁসি দিলে যে লাখ লাখ মরবে, সে আক্কেল নেই। প্রতিহিংসায় জঙ্গিবাদ বাড়ে।
পাকিস্তান ও আমেরিকার শাসকশ্রেণি যদি বাংলা পড়তে পারতেন, তাহলে রবীন্দ্রনাথের কিছু লেখা তাঁদের পাঠাতাম। ১৩৪২ বঙ্গাব্দের বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রবীন্দ্রনাথ এক অভিভাষণে বলেন:
‘...বুদ্ধ বলেছেন, অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে। কিছুদিন পূর্বেই পৃথিবীতে এক মহাযুদ্ধ হয়ে গেল। এক পক্ষের জয় হল, সে জয় বাহুবলের। কিন্তু যেহেতু বাহুবল মানুষের চরম বল নয়, এইজন্যে মানুষের ইতিহাসে সে জয় নিষ্ফল হল, সে জয় নতুন যুদ্ধের বীজ বপন করে চলেছে। মানুষের শক্তি অক্রোধে, ক্ষমাতে, এই কথা বুঝতে দেয় না সেই পশু যে আজও মানুষের মধ্যে মরেনি। তাই মানবের সত্যের প্রতি শ্রদ্ধা করে মানবের গুরু বলেছেন ক্রোধকে জয় করবে অক্রোধের দ্বারা, নিজের ক্রোধকে এবং অন্যের ক্রোধকে। এ না হলে মানুষ ব্যর্থ হবে, যেহেতু সে মানুষ। বাহুবলের সাহায্যে ক্রোধকে, প্রতিহিংসাকে জয়ী করার দ্বারা শান্তি মেলে না, ক্ষমাই আনে শান্তি, এ কথা মানুষ আপন রাষ্ট্রনীতিতে সমাজনীতিতে যতদিন স্বীকার করতে না পারবে ততদিন অপরাধীর অপরাধ বেড়ে চলবে; রাষ্ট্রগত বিরোধের আগুন কিছুতে নিভবে না; জেলখানার দানবিক নিষ্ঠুরতায় এবং সৈন্যনিবাসের সশস্ত্র ভ্রূকুটি বিক্ষেপে পৃথিবীর মর্মান্তিক পীড়া উত্তরোত্তর দুঃসহ হতে থাকবে—কোথাও এর শেষ পাওয়া যাবে না।’ (‘বুদ্ধদেব’)
অবিচারই ক্রোধ ও হিংসার জন্ম দেয়। হিংসা থেকেই উগ্রবাদ। উগ্রবাদ জন্ম দেয় জঙ্গিবাদের। উদার গণতন্ত্র ও মধ্যপন্থাই শ্রেষ্ঠ পথ। প্রধান সব ধর্মই মধ্যপন্থার কথা বলেছে।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷