
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, আগের দিন সকালে হৃদয় নামের এক স্কুলছাত্রকে খুন করার অভিযোগে তাঁরা যে ছয় কিশোরকে গ্রেপ্তার করেছেন, তারা অপরাধ স্বীকার করেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ওই হত্যাকাণ্ডের দুটো কারণ জেনেছে।
এক. হৃদয়ের এক কিশোরী সহপাঠীকে প্রেম নিবেদন করে এক কিশোর। কিন্তু ওই কিশোরীকে পছন্দ করে হৃদয়ের এক বন্ধু। তাই প্রেম নিবেদনকারী অন্য কিশোরটিকে হৃদয় বাধা দেয়। ফলে হৃদয়ের সঙ্গে ওই কিশোরের ‘বিরোধ’ সৃষ্টি হয়।
দুই. একদিন হৃদয় ও তার বন্ধুরা দেখতে পেল, একটা স্কুলের তৃতীয় শ্রেণির এক কর্মচারী উল্টো করে ট্রাউজার পরে রাস্তায় বেরিয়েছেন। সেটা দেখে তাঁকে টিটকারি করছে পাশের অন্য একটা স্কুলের কয়েকজন ছাত্র; তাদের মধ্যে হৃদয়ের সহপাঠীকে প্রেম নিবেদনকারী সেই কিশোরও আছে। হৃদয় ও তার বন্ধুদের কাছে ওই ছেলেগুলোর এ আচরণকে ‘আপত্তিকর’ মনে হলো, তারা তাদের ভর্ৎসনা করতে গেল। ফল, দুই পক্ষের মধ্যে হাতাহাতি।
হৃদয় দশম শ্রেণিতে পড়ত, ওর বয়স হয়েছিল মাত্র ১৫ বছর। সারাটা জীবনই ওর সামনে পড়ে ছিল। আর যে ছেলেটার সঙ্গে ওর ‘বিরোধ’ বেধেছিল, সে-ও একটা কিশোরই। ১৭ বছরের। একটা টেকনিক্যাল স্কুল থেকে ওর এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। হৃদয়কে খুন করার অভিযোগে পুলিশ ওকে গ্রেপ্তার করেছে, আরও পাঁচ কিশোরের সঙ্গে। প্রথম আলো এই হত্যাকাণ্ডের যে খবর ছেপেছে, সেখানে ওর নাম নেই। পত্রিকাটির কর্তৃপক্ষ ইচ্ছে করেই ওর নাম ছাপেনি। কারণ, ও প্রাপ্তবয়স্ক মানুষ নয়, নিতান্তই কিশোর। ওর মানসিক বিকাশের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
পূর্ণবয়স্ক একজন মানুষ গুরুতর কোনো অপরাধ করলে যেভাবে তার বিচার করা হয়, শিশু-কিশোরদের বিচার সেভাবে করা হয় না। জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আমাদের দেশের ২০১৩ সালের শিশু আইন বলে, ৯ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা যদি কোনো অপরাধ করে, তাহলে তাদের সাধারণ কারাগারে পাঠানো যাবে না। বড়দের মতো তাদের বিচার করে শাস্তি দেওয়া যাবে না। তাদের ‘উন্নয়ন কেন্দ্র’ নামের একধরনের প্রতিষ্ঠানে আটকে রাখতে হবে, সেখানে তাদের মানসিকভাবে ‘শোধন’ করার ব্যবস্থা থাকবে। অর্থাৎ, তারা যে গুরুতর অপরাধ করেছে, তা করা উচিত হয়নি এমন অনুশোচনা তাদের মধ্যে জাগবে এবং ভবিষ্যতে তারা আর কখনো ওই ধরনের কিছু করবে না এমন শুভবোধ সৃষ্টি হবে।
কিশোর বয়সীদের অপরাধের বিচার করার ব্যবস্থা (জুভেনাইল জাস্টিস) সারা পৃথিবীতেই কমবেশি এ রকম। গত শতকের সত্তর-আশির দশক থেকে দেখা যাচ্ছে, এই বিচারব্যবস্থা তেমন ফলপ্রসূ হচ্ছে না। কারণ, কিশোর বয়সীদের অপরাধপ্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। শুধু তা-ই নয়, তাদের অপরাধগুলো ক্রমেই হিংস্র, নৃশংস, বিভীষিকাপূর্ণ হয়ে উঠছে। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স—এসব দেশে কিশোর বয়সীদের মধ্যে গুরুতর অপরাধ করার প্রবণতা বেশি। আবার সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান—এসব দেশে খুব কম। সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে কিশোর অপরাধের প্রবণতা খুব কম ছিল। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ার পর ওই দেশগুলোতে তা ভীষণভাবে বেড়ে যায়। বিশেষভাবে বেড়ে যায় রাশিয়ায়। ২০১০ সাল নাগাদ কিশোর অপরাধের ক্ষেত্রে রাশিয়া পৃথিবীর সব দেশকে ছাড়িয়ে যায়। তারপর অবশ্য পুতিনের কঠোর ব্যবস্থায় কিছুটা কমে আসে। তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কম্বোডিয়া—সব দেশে কিশোর অপরাধের হার বেশি।
পৃথিবীর কোনো অঞ্চলেই নমনীয় জুভেনাইল জাস্টিস কিশোরদের অপরাধপ্রবণতা কমানোর ক্ষেত্রে ফলপ্রসূ হচ্ছে না; বরং উল্টো প্রবণতা লক্ষ করা যাচ্ছে। তারা আরও নৃশংস ধরনের অপরাধ করছে—এই বাস্তবতায় অনেক দেশে কথা উঠেছে, বিদ্যমান জুভেনাইল জাস্টিস সংস্কার করা উচিত কি না। যেমন ব্রাজিলে হিংস্র ধরনের কিশোর অপরাধ অতিমাত্রায় বেড়ে যাওয়ার ফলে দাবি উঠেছে, কিশোর অপরাধের ক্ষেত্রে বিচারযোগ্য সর্বোচ্চ বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা হোক। এই দাবি দেশটির পার্লামেন্টে তোলা হয়েছে এবং পার্লামেন্ট তা বিবেচনা করছে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার ও শিশু অধিকার সংগঠন এর বিরোধিতা করছে। তাদের যুক্তি হলো, এটা করা হলে শিশুদের অধিকার খর্ব হবে। কারণ, জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছর বয়স পর্যন্ত সবাইকে শিশু হিসেবে গণ্য করতে হবে।
আমাদের দেশের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, কিশোর বয়সীদের মধ্যে সাধারণ অপরাধ যেমন চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধের প্রবণতা কিছুটা কমেছে। কিন্তু খুন, ধর্ষণ এবং ধর্ষণ করার পর হত্যা করার মতো হিংস্র ধরনের অপরাধ করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে এবং বেড়ে চলেছে। বিশেষভাবে উদ্বেগজনক হলো, খুনের পন্থাগুলো খুব নৃশংস। খুন করা হচ্ছে প্রকাশ্য দিনের আলোয়, প্রায়ই সংঘবদ্ধভাবে। এ মাসের গোড়ার দিকে ঢাকার উত্তরায় আদনান কবীর নামের এক কিশোরকে অন্য কজন কিশোর খুন করার সময় ড্রিল মেশিন ব্যবহার করেছে—এমন কথাও শোনা গেছে।
কেন আমাদের কিশোরদের মধ্যে খুন-ধর্ষণের মতো হিংস্র ও বিকৃত অপরাধপ্রবণতা বেড়ে যাচ্ছে, তা জানার জন্য অনেক বড় পরিসরে ব্যাপকভিত্তিক গবেষণা হওয়া দরকার। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই ক্ষেত্রে ইন্টারনেট প্রযুক্তির প্রসারের কিছু প্রভাব আছে। অনেকে বলছেন, পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে, মা-বাবার সঙ্গে কিশোর সন্তানদের দূরত্ব তৈরি হচ্ছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি কমে যাওয়ার ফলেও কিশোরদের এক অংশের মধ্যে নেতিবাচক প্রবণতা বাড়ছে বলেও অনেকে মনে করেন। এই সব দিকেরই কিছু কিছু ভূমিকা আছে। কিন্তু এগুলো আমাদের এমন সামাজিক বাস্তবতা, যার পরিবর্তন ঘটানো সহজ নয়। কিন্তু খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধপ্রবণতা কিশোরদের মধ্যে আর বাড়তে দেওয়া চলে না। এর রাশ টানতেই হবে।
কিশোর অপরাধ বিচারের বিদ্যমান ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনার প্রয়োজন দেখা দিতে পারে। বড়দের মতো শাস্তি হয় না বলে অপরাধপ্রবণ কিশোরদের মনে ‘সেন্স অব ইমপিউনিটি’ বা শাস্তি হবে না এমন বোধ কাজ করে থাকতে পারে। তাদের দিনে-দুপুরে খুন করার ঘটনাগুলোর বিবরণ থেকে তো মনে হয়, খুন করার সময় তাদের মনে কোনো ভয়ডর কাজ করে না। এ দেশে খুন-ধর্ষণের ঘটনা যত বেশি ঘটছে, ততটা শাস্তি হচ্ছে না—এই বাস্তবতা থেকে অপরাধপ্রবণ কিশোরদের মনে ‘সেন্স অব ইমপিউনিটি’ তৈরি হয়ে থাকতে পারে।
কিন্তু শুধু তো কিশোরদের বেলায় নয়, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ করা যাচ্ছে। যারা খুন-ধর্ষণ করছে, তারা ধরে নিচ্ছে যে এই অপরাধের জন্য তাকে কোনো শাস্তি ভোগ করতে হবে না। তাই বিচারহীনতার সামগ্রিক পরিবেশটার অবসান ঘটানো দরকার। এমন পরিবেশ সৃষ্টি করা দরকার, যেন মানুষের মনে এমন বিশ্বাস জন্মে যে খুন-ধর্ষণ ও অন্যান্য অপরাধ করে পার পাওয়া যাবে না, শাস্তি পেতেই হবে।
অবশ্য অপরাধপ্রবণ কিশোর জানে, সে কাউকে খুন করলেও তার বিচার বড়দের বিচারের মতো হবে না, তাকে ফাঁসিতে ঝুলে মরতে হবে না। কিন্তু সে এটা উপলব্ধি করে না যে তার কৈশোর ধ্বংস হবে, ভবিষ্যৎ জীবনও হয়তো তেমন উজ্জ্বল হবে না, যেমনটা হতে পারত। তার মা-বাবার সব স্বপ্ন ভেঙেচুরে খান খান হয়ে যাবে। এই শাস্তি চূড়ান্ত বিচারে মৃত্যুদণ্ডের চেয়ে কম নয়।
কিন্তু শুধু শাস্তির ভয়েই আমাদের কিশোর সন্তানেরা অপরাধ করা থেকে বিরত থাকুক—এটাও যথাযথ ভাবনা নয়। আমরা তাদের মানুষ হিসেবে বেড়ে ওঠা দেখতে চাই, যে মানুষ নিজের মানবিক নৈতিকতার বোধ থেকেই অপরাধ থেকে দূরে থাকবে। এ জন্য অনেক কিছু করতে হবে। শিক্ষাব্যবস্থা নিয়ে গভীরভাবে ভাবতে হবে, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশের অনুকূল পরিবেশ ও ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবতে হবে। পরীক্ষার পর পরীক্ষায় ভালো ফল করে ভালো চাকরি পাওয়ার প্রতিযোগিতাকে জীবনের প্রধান পথ বলে গণ্য করার দৃষ্টিভঙ্গি সঠিক কি না তা-ও ভেবে দেখার চেষ্টা করা দরকার।
সবকিছুর পরও হয়তো কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা থাকবে, সম্পূর্ণভাবে তা দূর করা যাবে না। কিন্তু এখন যে উদ্বেগজনক হারে খুনখারাবি বেড়ে চলেছে, তা নিশ্চয়ই কমিয়ে আনা সম্ভব। কিশোর-তরুণেরাও ভেবে দেখতে পারে, তাদের ভাবা উচিত, তাদের মধ্যে
যারা এ রকম নিষ্ঠুর-নৃশংস অমানবিক হয়ে যাচ্ছে, কী করে তাদের ওই প্রবণতা থেকে সরিয়ে আনা যায়।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।