হিটলারের সঙ্গে ট্রাম্পের মিল আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে ব্যাপারটা এ রকমই, লোকটা ফেটেই যাচ্ছে, তাঁকে যেন থামানোর উপায় নেই। মনে হচ্ছে, ঘটনাপ্রবাহের ওপর স্টিভ ব্যাননের হাত আছে। ওদিকে ট্রাম্পের জামাতা বেচারা জেরার্ড কুশনার সম্পর্কে ঢোল বাজানো হতো যে তাঁর নাকি প্রেসিডেন্টকে বশ করার ক্ষমতা আছে। কিন্তু ইহুদি নিধনযজ্ঞ নিয়ে হোয়াইট হাউস থেকে যে অসম্মানজনক বিবৃতি দেওয়া হলো, তিনি তা থামাতে পারেননি। হয়েছে কী, এই বিবৃতি থেকে কোনোভাবে ইউরোপের ইহুদিদের প্রসঙ্গটি বাদ পড়ে গেছে। দয়া করে আমাকে কেউ বলবেন না যে মার্কিনদের শান্ত করার জন্য এটা করা হয়েছে। কারণ, ১৯১৫ সালে মার্কিন সরকার নিজেই যে গণহত্যা চালিয়েছিল, ভীরু মার্কিন প্রেসিডেন্টরা সব সময়ই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন, যাতে তুর্কিরা বিপর্যস্ত না হয়।

>হিটলার নামক সেই কুখ্যাত অস্ট্রীয় করপোরা​লের সঙ্গে তাঁর এক জায়গায় মিল আছে। তিনি যা করার কথা বলেন, তিনি ঠিক তা-ই করেন

কিন্তু হোয়াইট হাউস এখন কিছু ইসরায়েলি নাগরিকের মনে গভীর উদ্বেগ সঞ্চার করছে। ইসরায়েলের বাম ঘরানার পত্রিকা হারেজ-এর ব্র্যাডলি বোর্স্টন হোয়াইট হাউসকে লক্ষ্য করে গোলা ছুড়েছেন। তিনি বলেছেন, ‘এটা অবোধগম্যভাবে আমাদের জন্য ভীতিকর চিন্তা। ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের ডানা ছেঁটে দিচ্ছে, তুমুল গতিতে তারা সবকিছু ব্যাহত করছে, যুক্তরাষ্ট্রকে ভেঙে ফেলছে, সেখানে বিস্ফোরণ ঘটাচ্ছে। আর সবকিছুই তিনি পরিকল্পনা ছাড়াই করছেন। তবে সবচেয়ে ভীতপ্রদ সম্ভাবনা হচ্ছে, এসব কিছুর পেছনে তাঁর পরিকল্পনা আছে।’
বোর্স্টনের ভাষ্যমতে, পরিকল্পনাটি হচ্ছে এক পবিত্র যুদ্ধের। ‘ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ দরকার কিন্তু তা যেনতেন প্রকারের যুদ্ধ নয়। তাঁর শত্রু লাগবে—অ-খ্রিষ্টান, সর্বশক্তিমান, ভীতিকর ও আলোচনা-অযোগ্য শত্রু....আর তাঁর শেষ বিচারের অস্ত্র লাগবে, যার ওপর তিনি নির্ভর করতে পারেন। ব্যাপারটা হচ্ছে কী, তাঁর হাতে ইতিমধ্যে সে রকম একটি অস্ত্র আছে, যাঁর নাম হচ্ছে স্টিভ ব্যানন।’ ২০১৪ সালের ভ্যাটিকান কনফারেন্সে তিনি যা বলেছিলেন, বোর্স্টন তা সতর্কতার সঙ্গে অনুসন্ধান করছেন।
ট্রাম্পের নতুন পয়েন্ট ম্যান (মুখপাত্র গোছের ব্যক্তি) তখন কী বলেছিলেন, এবার তার একটা নমুনা দেওয়া যাক: ‘...আমরা এক রক্তাক্ত ও নির্মম যুদ্ধের প্রাথমিক অবস্থায় রয়েছি....যে নতুন বর্বরতা শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমাদের বিশ্বাসের জন্য লড়াই করতে হবে। গত দুই থেকে আড়াই হাজার বছরে আমরা যা পেয়েছি, এই বর্বরতার কবলে পড়ে তা সমূলে উৎপাটিত হবে।’ এ কথা বলার মানে হয় না যে ব্যাপারটা উদ্ভট। ব্যানন বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমরা এখন ইসলামি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক বৈশ্বিক যুদ্ধের প্রাথমিক অবস্থায় রয়েছি।’
বোর্স্টন এই অপ্রিয় ভাষণ ব্যবচ্ছেদ করে যে মর্ম উদ্ধার করেছেন তা ঠিকই আছে, তাই আমি বোর্স্টনকে উদ্ধৃত করছি, ‘এটা শুধু খ্রিষ্টধর্মের সঙ্গে ইসলামের এক আসন্ন ও অনিবার্য যুদ্ধের সম্ভাবনা জানান দিচ্ছে না, এটা পরোক্ষভাবে এ-ও ইঙ্গিত দিচ্ছে যে, এই যুদ্ধের একপর্যায়ে ইহুদিরাও মার্কিন খ্রিষ্টানদের ক্রোধের লক্ষ্যবস্তু হতে পারে।’
ব্যানন যখন ওই বক্তৃতা দিয়েছিলেন, তখন তিনি গোল্ডম্যান স্যাকসের কর্মকর্তা ছিলেন। তিনি তখন ভ্যাটিকানের শ্রোতাদের বলেছিলেন, তিনি দেখেছেন, ‘নিউইয়র্কের অনেক মানুষ লন্ডন ও বার্লিনের মানুষের প্রতি যতটা নৈকট্য বোধ করেন, ততটা তাঁরা ক্যানসাস ও কলোরাডোর মানুষের প্রতি করেন না। আর তাঁদের মধ্যে এই প্রকৃতির অভিজাত মানসিকতা শক্তিশালী যে তাঁরা সবাইকে হুকুম দেবেন, পৃথিবীটা কীভাবে চলবে।’
আর আমি এ-ও জানি, বরিস চান না, আমি ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করি, ট্রাম্প একরকম নাটকীয় ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করেন। কিন্তু উল্লিখিত উদ্ধৃতিটি খুবই সমালোচনামুখর। এ ধরনের বিবৃতি ১৯৩০-এর দশকে জার্মানিতে করা যেত। ব্যাপারটা ভয়ংকর, কারণ এই ব্যানন এখন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা কাউন্সিলেও তাঁর স্থান রয়েছে। আর ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ইসরায়েল উষ্ণ আচরণ পেলেও আমি সন্দেহ করি, ওবামা জামানার তুলনায় ট্রাম্প জামানায় ইসরায়েল কঠিন সময়ের মুখোমুখি হবে। তারা হয়তো মার্কিন দূতাবাসকে জেরুজালেমে সরিয়ে নেবে। কিন্তু তাদের এ ব্যাপারেও উদ্বিগ্ন হওয়া দরকার, কারণ ব্যাননের মতো মানুষ ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দিতে পারেন।
সমস্যা হচ্ছে, ব্যাননের মতো মানুষ যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে ক্ষমতাধর হয়ে ওঠেন, তখন তাঁরা সত্যিই যুদ্ধ লাগিয়ে দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, মার্কিন সরকার কী মনে করেছিল, যখন তারা বলেছিল, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানকে ‘সতর্ক করা হয়েছিল’, তখন প্রকৃত অর্থে তারা কী বোঝাতে চেয়েছিল। ওটা কি অপছন্দের সতর্কবার্তা ছিল, নাকি যুদ্ধের?
আপনার প্রেসিডেন্ট যখন কল্পনার জগতে থাকেন, তখন সাংবাদিকদের কাছ থেকেও আপনি একই জিনিস প্রত্যাশা করতে পারেন। আমার দীর্ঘদিনের বন্ধু টমাস ফ্রিডম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের গণতন্ত্র বাঁচানোর জন্য আহ্বান জানিয়েছেন। ব্যাপারটা যেন এমন, পুঁজিপতিদের শিরোমণিরা প্রেসিডেন্টের বিরোধিতা করতে যাচ্ছেন, যখন তাঁরা এটা দেখার অপেক্ষা করছেন যে ট্রাম্প নাফটা ও ন্যাটো থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ফ্রিডম্যান বলেন, এটা বিশ্ব অর্থনীতির বড় চালিকাশক্তি।
আমার এ-ও সন্দেহ হয়, পূর্ব উপকূলের ভালো ও মহান সাংবাদিকেরা যুক্তরাষ্ট্রকে এই নির্বাচিত প্রেসিডেন্টের হাত থেকে রক্ষা করতে পারবেন কি না। তাঁরা যদি এতকাল ধরে ইসরায়েলকে আহত করতে ভয় পেয়ে থাকেন, তাহলে তাঁরা নিশ্চিতভাবে ট্রাম্পকেও আহত করবেন না। কিন্তু এটাই এই সময়ের সমস্যা। একজন অলীক কল্পনাকারী বা যাঁরা অসত্য ভাষণ করেন, তাঁদের ব্যাপারে আপনি ন্যায়সংগত থাকেন কী করে। আমার সন্দেহ হয়, এই পথে আমরা আগেও ছিলাম। স্মরণ করতে পারি, অধিকাংশ মার্কিন নাগরিকই মনে করতেন, সাদ্দাম হোসেন ৯/১১-এর হামলা সমন্বয় করেছিলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যদি ট্রাম্প সম্পর্কে তাঁর জনগণের মতামত প্রতিফলিত করতে চান, তাহলে তাঁকে আরও কিছুটা সাহসী হতে হবে। আমি এটাও মনে করি, হিটলারের সম্পর্কে বরিস যা বলেন, সে সম্পর্কেও তাঁকে সতর্ক থাকতে হবে। না, ট্রাম্প হিটলার নন। কিন্তু হিটলার নামক সেই কুখ্যাত অস্ট্রীয় করপোরালের সঙ্গে তাঁর এক জায়গায় মিল আছে। তিনি যা করার কথা বলেন, তিনি ঠিক তা-ই করেন। তাঁর পাশে ব্যাননের মতো মানুষও আছেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি