
হিরোশিমা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি মাসের ২৭ তারিখ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে সঙ্গে নিয়ে হিরোশিমা সফর করবেন তিনি। এর আগে জাপানের মিয়ে জেলার ইসে-শিমা অবকাশকেন্দ্রে জি-৭-এর শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন।
জাপানে অনেকেই মার্কিন প্রেসিডেন্টের এই হিরোশিমা সফরের ঘোষণাকে এ কারণে স্বাগত জানাচ্ছেন যে এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সাত দশকের বেশি সময় ধরে হিরোশিমাকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের ভেতরমহলে বিরাজমান অস্বস্তি দূর হয়ে যাওয়ার ইঙ্গিত তাঁরা পাচ্ছেন। তবে বাস্তবে ঘটনা ঠিক সে রকম কি না, তা নিয়ে প্রশ্নও অবশ্য ইতিমধ্যে দেখা দিতে শুরু করেছে।
মে মাসের শেষ দিকে জাপান সফর করার সময় হিরোশিমায় বারাক ওবামা যাবেন কি না, তা নিয়ে বলা যায় কয়েক মাস ধরে টালবাহানা চলে আসছে। এর আগে গত মাসে জি–৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হিরোশিমায় অনুষ্ঠিত হওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
জন কেরিকে সেখানে যেতেই হয়েছে। বৈঠক শেষ করে জোটের অন্য সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলে তিনিও গিয়েছিলেন শান্তি স্মৃতি উদ্যানে আণবিক বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর সেই সফরের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন দায়িত্ব পালনরত অবস্থায় হিরোশিমা সফর করা প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জন কেরির সেই হিরোশিমা সফরের পর থেকেই বারাক ওবামার সফরের সম্ভাব্যতা নিয়ে জোর আলোচনা আর জল্পনাকল্পনা জাপানে চলতে থাকে।
বারাক ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করার পর থেকে জাপানের আণবিক বোমা হামলার শিকার দুই শহর হিরোশিমা আর নাগাসাকি কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্টের কাছে শহর দুটি সফরের অনুরোধ বারবার জানিয়ে এসেছে। তবে গত সাড়ে ছয় বছরে এর ইতিবাচক কোনো রকম সাড়া দুই শহর পায়নি এবং হিরোশিমা ও নাগাসাকি সফরের প্রসঙ্গটি ওবামা সযত্নে এড়িয়ে গেছেন। তবে এবার হয়তো ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর মাত্র কয়েক মাস আগে হিরোশিমায় যাওয়া সম্ভবত এ কারণে তিনি নিরাপদ মনে করে নিয়েছেন যে প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলে বিষয়টির দিকে খুব বেশি আলোকপাত করার সময় সংবাদমাধ্যম কিংবা মার্কিন ভোটদাতাদের হবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাকে আমলে না নিয়েই হিরোশিমায় যাওয়ার সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এর আগে এক নির্বাচনী প্রচার ভাষণে বলেছিলেন যে বারাক ওবামার হিরোশিমা সফরকে তিনি এবং তাঁর অনুসারীরা জাপানের কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ হিসেবে দেখবেন। ফলে ঘোষণা প্রচারিত হওয়ার পরও যে নিজের দেশে ওবামা সমালোচনামুক্ত থাকবেন, তা কোনো অবস্থাতেই বলা যায় না। তবে সেই সমালোচনাকে তিনি খুব বেশি বিড়ম্বনা হিসেবে দেখছেন না।
ওবামার হিরোশিমা সফরের ঘোষণা প্রচারিত হওয়ায় জাপানে অবশ্য অনেকেই স্বস্তি বোধ করছেন এবং সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেই দলে হিরোশিমা ও নাগাসাকির আণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত আছেন। তবে এঁদের অনেকেই একই সঙ্গে মনে করছেন যে ওবামার সফর কেবল হিরোশিমা ঘুরে দেখার মধ্যে সীমিত থাকলে তা হবে অনেকটাই আন্তরিকতা-বহির্ভূত লোক দেখানো আচরণ। তাঁরা যা চাইছেন তা হলো, হিরোশিমা সফরের সুযোগ কাজে লাগিয়ে ওবামা যেন ২০০৯ সালে চেক প্রজাতন্ত্রের প্রাগে দেওয়া ভাষণের পুনরাবৃত্তি করেন। উল্লেখ্য, সেই ভাষণে পরমাণু অস্ত্র বিলুপ্ত করায় নিজের অঙ্গীকারের ঘোষণা তিনি দিয়েছিলেন, যে সূত্র ধরে একই বছর নোবেল শান্তি পুরস্কার কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে তড়িঘড়ি তাঁকে বেছে নিয়েছিল। নোবেল কমিটির সেই সিদ্ধান্ত আসলেই যে ছিল তড়িঘড়ি সিদ্ধান্ত, বারাক ওবামার দায়িত্ব পালনের পরবর্তী পুরো সময় ধরে বিশ্ববাসী তা হাড়ে হাড়ে টের পেয়েছে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার তিনি করলেও বিশ্বের নানা প্রান্তে অশান্তির ঝড় তুলে যেতে তাঁর পূর্বসূরিদের চেয়ে কোনো অবস্থাতেই তিনি পিছিয়ে ছিলেন না।
তবে এখন অবশ্য ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে অনেকটাই তিনি মুক্তকচ্ছ। ফলে হিরোশিমা ও নাগাসাকিবাসীর অনেকেই, বিশেষ করে এঁদের মধ্যে আণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত যেসব মানুষ এখনো বেঁচে আছেন, তাঁরা চাইছেন প্রতীকী অর্থে হলেও পরমাণু অস্ত্র বিলুপ্তির অঙ্গীকার তিনি যেন হিরোশিমার মাটিতে দাঁড়িয়ে করেন, তেজস্ক্রিয়তার দহনে পুড়ে যাওয়া যে মাটি সেই ঘোষণাকে করে তুলবে অনেক বেশি অর্থবহ।
দ্বিতীয় যে আকাঙ্ক্ষার কথা বিশেষ করে আণবিক বোমা হামলায় প্রাণে বেঁচে যাওয়াদের মধ্যে এখনো যাঁরা জীবিত, তাঁদের অনেকেই যা বলছেন তা হলো, তাঁরা চাইছেন অতীতের সেই কলঙ্কের জন্য অন্তত একবার হলেও বারাক ওবামা যেন হিরোশিমায় থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নেন। আণবিক বোমা হামলার পর প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষের অধিকাংশই ছিলেন বেসামরিক জনগণ, যুদ্ধের সঙ্গে সরাসরি কোনো রকম সম্পর্ক যাঁদের একেবারেই ছিল না। এ ছাড়া পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তাজনিত অসুখে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যেও অধিকাংশই হচ্ছেন সাধারণ মানুষ। ফলে অকারণ সেই প্রাণহানির জন্য মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে উচ্চারিত অনুতাপের বাণী এঁদের উত্তরসূরিদের মনে কিছুটা হলেও শান্তি এনে দিতে পারে এবং সে রকম আশা নিয়েই প্রত্যাশায় তাঁরা বুক বেঁধে আছেন।
তবে হিরোশিমাবাসীর দ্বিতীয় এই আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষাই থেকে যাবে, তার পরিষ্কার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এ রকম আভাস দেওয়া হয়েছে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি সেখানে আসছে না। জাতীয় নিরাপত্তার প্রশ্নে মার্কিন সরকারের উপপরামর্শক বেন রোডস ইন্টারনেট অনলাইনে সংযোজিত মন্তব্যে উল্লেখ করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমা আর নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনা করে দেখার কোনো রকম ইচ্ছা মার্কিন প্রেসিডেন্টের নেই। বরং হিরোশিমা সফরের মধ্য দিয়ে মানবজাতির অভিন্ন ভবিষ্যতের দিকে আলোকপাত করার ভবিষ্যৎমুখী চিন্তাভাবনার প্রকাশকেই তিনি তুলে ধরবেন। সেই একই ধারণার প্রতিফলন এর আগে দেখা গেছে ওবামার হিরোশিমা সফরের ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রচারিত হওয়ার সময় হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্টের বক্তব্যের মধ্যেও, যেখানে তিনি উল্লেখ করেন যে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্য অর্জনে নিজের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব আরোপ করতেই ওবামা হিরোশিমা সফর করবেন।
অন্যদিকে জাপানের নেতৃত্বও ক্ষমা চাওয়ার বদলে বরং ওবামাকে হিরোশিমায় নিয়ে যেতে পারার মধ্যেই সাফল্য খুঁজে নিতে আগ্রহী। ওবামার সিদ্ধান্ত ঘোষণা করা উপলক্ষে টোকিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি জানতে চাওয়া হলে প্রশ্নটি তিনি এড়িয়ে যান এবং বলেন যে আণবিক বোমা হামলার শিকার হওয়া দেশের নেতার সঙ্গে মিলে বোমা হামলা চালানো দেশের নেতার হিরোশিমা সফর করার মধ্য দিয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। জাপানি নেতার হিসাব অবশ্য ভিন্ন। জুলাই মাসে নির্ধারিত সংসদের উচ্চকক্ষ নির্বাচনে এই ‘সাফল্য’কে পুঁজি করে বিরোধীদের ঘায়েল করতে ভোটারদের শরণাপন্ন তিনি হতে চাইছেন। ফলে ক্ষমা চাওয়া না-চাওয়া এখানে কোনো ব্যাপার নয়।
সাড়ে ছয় বছর ধরে নীরব থাকার পর এখন অনেকটা যেন নিরাপদ এক সময়ে বারাক ওবামার হিরোশিমায় যাওয়া এবং সেখানে গিয়ে অস্পষ্ট কিছু কথাবার্তা বলার মধ্য দিয়ে যে সত্যিকার অর্থে তাঁর আন্তরিকতার প্রতিফলন ঘটবে, তা প্রত্যাশা করা যায় না। তবে বারাক ওবামাকে দোষ দিয়েও লাভ নেই। কেননা, আমরা জানি জার্মানির প্রয়াত চ্যান্সেলর ভিলি ব্রান্টের মতো মনেপ্রাণে যুদ্ধকে ঘৃণা করা নেতা তিনি নন যে পোল্যান্ড সফরে গিয়ে যুদ্ধের ধ্বংসের স্মৃতির সামনে নতজানু হয়ে ব্রান্ট যেভাবে অশ্রুভেজা চোখে ক্ষমা চেয়েছিলেন, সে রকম উদারতার দৃষ্টান্ত দেখাতে তিনিও সক্ষম হবেন।
রাজনীতিবিদদের সংখ্যাগরিষ্ঠের কাছে হিরোশিমা তাই যেন হচ্ছে দাবার ঘুঁটি, কখন কোথায় কোন চাল দিয়ে কিস্তিমাত করে নেওয়া যাবে, সেই চিন্তায় যাঁরা সর্বদা মগ্ন।
টোকিও, ১১ মে ২০১৬
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।