হিলারি বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ নারী, তিনি মার্কিন রাজনীতির শীর্ষ আসনগুলোর বেশ কটিতেই বসেছেন, সম্ভবত যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টও হতে যাচ্ছেন তিনি, কিন্তু তাঁর অন্তর্বেদনা এতগুলো পদের ওজনের চেয়েও বেশি। এই এক বছর আগে লোকে মনে করত, ডেমোক্রেটিক পার্টি থেকে তিনিই প্রেসিডেন্ট নির্বাচন করার টিকিট পাবেন। কিন্তু তিনি যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, সেটা আমাদের সবারই ধারণার অতীত, এমনকি তিনি নিজেও তা ভাবেননি।
হিলারি এখন যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সম্পর্কে আগেই ধারণা করা হয়েছিল, ২০০৮ সালেই তার আভাস পাওয়া গিয়েছিল, যখন তিনি বারাক ওবামার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। অন্য সমস্যাগুলো তিনি নিজেই সৃষ্টি করেছেন। একটা ব্যাপার হচ্ছে, তিনি আসলে রাজনীতিবিদ হিসেবে অতটা ভালো নন। তিনি একজন বুদ্ধিমতী ও চিত্তাকর্ষক নারী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাঁর আসলে রাজনীতির ধাঁচটা নেই, সর্বোচ্চ পর্যায়ে রাজনীতি করার জন্য যেটা প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তীক্ষ্ণ অন্তর্জ্ঞানের প্রয়োজন হয়, প্রার্থীকে দৌড়ের ওপর থাকতে হয়, সর্বোপরি তিনি কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে সম্পর্কে শক্ত যুক্তি থাকতে হয়। এটা ঠিক যে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাঁর অনেক কর্মসূচি আছে, কিন্তু উইনস্টন চার্চিলের কথা ধার করে বলতে হয়, তাঁর এই কর্মসূচির সারবস্তু নেই। তাঁর কর্মসূচি থেকে যে বার্তা পাওয়া যায়, সেটি ঠিক আকাশে ওড়ার মতো নয়: ‘আমি একজন প্রগতিশীল, যে কাজ করতে পারে।’
এর বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স প্রচারণায় লোককে প্ররোচিত করার মতো বার্তা দিয়েছেন, ফলে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। তাঁর বার্তা হচ্ছে, পুরো ব্যবস্থা পচে গেছে, আর এক দুর্নীতিবাজ ও প্রচারণায় টাকা ব্যয় করা সরকার সেটা ধরে রেখেছে। স্যান্ডার্স একদম মৌলিক কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, একজন ব্যক্তির প্রদেয় প্রিমিয়ামে স্বাস্থ্যবিমা ব্যবস্থা প্রণয়ন করবেন, আবার সরকারি কলেজে বিনা মূল্যে পড়ার সুযোগ দেবেন। এসব কথা অবাস্তব হলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন। ক্লিনটনের চেয়ে তিনিই এখন বেশি জনপ্রিয়। হিলারি ধীরে ধীরে কাজ করার কথা বলছেন, বলছেন বেশি বড় স্বপ্ন দেখার সাহস কোরো না। অন্যদিকে স্যান্ডার্স তো রাজনৈতিক বিপ্লবের কথা বলে বেড়াচ্ছেন।
স্যান্ডার্সের কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, আর ক্লিনটনের কথা কর্মসূচিভিত্তিক। কখনো কখনো তাঁকে বধিরও মনে হয়, বিশেষ করে অর্থের প্রশ্নে মনে হয়, তিনি ঠিক মানুষের মনমর্জি বুঝতে পারছেন না। অতি ধনীদের সঙ্গে অন্যদের পার্থক্য ক্রমেই বাড়তে থাকায় কয়েক বছর ধরে জনরোষ দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরু করার দিন কয়েক আগে তিনি বলেছিলেন, বিলের হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁরা প্রায় ‘কপর্দকহীন’ ছিলেন। ব্যাপারটা যদি তা-ই হয়, তাহলে তাঁরা বেশ দ্রুতই সেই দুরবস্থা কাটিয়ে উঠেছেন। এখন তাঁদের সম্মিলিত অর্থের পরিমাণ ১০০ মিলিয়ন ডলারেরও বেশি, আর এর সবই তাঁরা কামিয়েছেন হোয়াইট হাউস ছাড়ার পর, যার সিংহভাগ এসেছে বক্তৃতার ফি বাবদ।
সব সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিজেদের খ্যাতি ব্যবহার করে টাকা বানিয়েছেন, ক্লিনটন দম্পতিও তার ব্যতিক্রম নয়, তবে এ ক্ষেত্রে জিমি কার্টারের কথা উল্লেখ করা যায়, কারণ তিনি কখনো এ কাজ করেননি। তাঁরা কত টাকা কামিয়েছেন ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো তাঁরা কার কাছ থেকে এ টাকা পেয়েছেন। বিল বেশ কিছু সন্দেহজনক আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে ব্যবসা করেছেন, ওদিকে হিলারিও ওয়াল স্ট্রিটের অনেক ফার্মে বক্তৃতা দিয়ে প্রচুর কামিয়েছেন। কথা হচ্ছে, ২০০৮ সালের মহামন্দার জন্য মানুষ এই ফার্মগুলোকেই দায়ী করে।
>আর শেষ কথা হলো, যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পারেন—এই ধুয়া তুলে তেমন একটা কাজ হচ্ছে না, যদিও তাঁর প্রচারকেরা আশা করেছিলেন, এতে কাজ হবে
স্যান্ডার্সও এই সুযোগে হিলারির দিকে তির ছুড়েছেন। তিনি বলেছেন, হিলারি গোল্ডম্যান স্যাকসে তিনটি বক্তৃতা দিয়ে ৬ লাখ ৭৫ হাজার ডলার কামিয়েছেন। এতে হিলারি কিছুটা ব্যাকফুটে চলে গেছেন। সিএনএন টাউন হলের উপস্থাপক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, গোল্ডম্যানের কাছ থেকে তিনি এত টাকা নিয়েছেন কেন। প্রশ্ন শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি জবাব দেন, ‘এটা তো তারাই আমাকে দিয়েছে।’
একই সঙ্গে ওবামার প্রথম জামানায় তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন নিজ বাড়িতে নিরাপত্তাহীন সার্ভার বসিয়ে ব্যক্তিগত ও দাপ্তরিক মেইল চালাচালি করার ব্যাপারটি জানাজানি হলেও তিনি সমালোচনার মুখে পড়েন। ২০১৫ সালের মার্চ মাসে এ বিষয়টি জনসমক্ষে আসে, এতে তাঁর প্রচারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় বোঝা যায়, তিনি কতটা বেখেয়ালি, তাঁর বিচার-বিবেচনা কতটা দুর্বল। এটা কীভাবে সম্ভব যে তিনি জানতেন না, একজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে শ্রেণিকৃত মেইল গ্রহণ ও তার উত্তর দিতে হবে।
এ ব্যাপারটা জানাজানি হলে হিলারি স্বামীর মতো আইনি ব্যাখ্যা দেন: ওই সার্ভার থেকে তখন ‘শ্রেণিকৃত লেখা’ কোনো তথ্য তিনি গ্রহণও করেননি, কাউকে সে রকম কিছু পাঠানওনি। জানা গেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলের দুটি ব্যবস্থা আছে: একটি শ্রেণিকৃত, আরেকটি অশ্রেণিকৃত। এক শ্রেণিতে আরেক শ্রেণির মেইল পাঠানো সম্ভব নয়। ব্যক্তিগত সার্ভারে যাতে শ্রেণিকৃত মেইল পাঠাতে না হয়, সে জন্য তাঁর সহকারীরা অন্যভাবে তা পাঠাতেন, মৌখিকভাবে বা সংক্ষিপ্তসার লিখে। সে কারণে তখন ‘ওগুলোতে শ্রেণিকৃত লেখা’ হতো না। তা সত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে, হিলারি ক্লিনটনকে এমন অনেক মেইল পাঠানো হয়েছিল, যেগুলো আসলে শ্রেণিকৃত হওয়া উচিত ছিল। এ ব্যাপারে এফবিআইয়ের তদন্ত চলছে।
আর শেষ কথা হলো, যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পারেন—এই ধুয়া তুলে তেমন একটা কাজ হচ্ছে না, যদিও তাঁর প্রচারকেরা আশা করেছিলেন, এতে কাজ হবে। তাঁর প্রচারণায় এটি ছিল তুরুপের তাস। এবারের পরিস্থিতি ২০০৮ সালের মতো নয়। তখনকার মতো এখনকার নারীরা এটা শুনতে চান না, যেহেতু হিলারি একজন নারী, সেহেতু তাঁকেই ভোটটা দিন। এই আহ্বানকে তাঁরা নিজেদের বুদ্ধিমত্তার জন্য অপমানজনক মনে করেন। তরুণীরা স্যান্ডার্সকে পছন্দ করেন। আর হিলারির সততা নিয়ে প্রশ্ন ওঠায় তাঁরা কিছুটা বিরক্ত। নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্স হিলারিকে ২২ পয়েন্টে পরাজিত করেছেন, সেখানে হিলারির সঙ্গে নারীদের যে দলটা উপস্থিত ছিল, তাঁদের বয়স ছিল ৬৫ বছরের ওপরে।
তবে নেভাডার শেষ ককাসে হিলারি জিতে গেছেন। সেখানকার পরিস্থিতি আইওয়া বা নিউ হ্যাম্পশায়ারের মতো নয়, ওখানে প্রচুর আফ্রিকান-মার্কিন থাকে, যারা তাঁকে সমর্থন দিয়েছে। ভবিষ্যতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এটা শুভ লক্ষণ, কিন্তু সাধারণ নির্বাচন ঠিক এ রকম না-ও হতে পারে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: প্রতীক বর্ধন
এলিজাবেথ ড্রিউ: মার্কিন সাংবাদিক ও লেখক।