হিলারি-ট্রাম্প বিতর্ক ফলাফলে প্রভাব ফেলবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সময় সোমবার রাতে পরস্পরের মুখোমুখি হবেন, বাংলাদেশ সময় তখন মঙ্গলবার সকাল। এ দুই প্রার্থীর মধ্যে যে তিনটি বিতর্ক হওয়ার কথা রয়েছে, এটি তার প্রথম। গত কয়েক সপ্তাহে জনমত জরিপে ওঠানামার কারণে দেশের ও দেশের বাইরের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, এই বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কোনো বিশ্লেষক একে দুই প্রার্থীর জন্যই কার্যত ‘বাঁচা-মরার লড়াই’ বলে অভিহিত করছেন। কিন্তু তাঁদের এই বক্তব্য ও প্রচারের আদৌ কি বাস্তব ভিত্তি রয়েছে? নির্বাচনের ফলাফল কিংবা জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে এসব টেলিভিশন বিতর্কের ভূমিকা কতটুকু?
যাঁরা আশা করেছিলেন, হিলারি ক্লিনটনের জন্য এই নির্বাচনে বিজয় লাভ হবে অত্যন্ত সহজ কাজ এবং যাঁরা ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের পর হিলারির প্রতি জনমতের জোয়ার দেখে অতিমাত্রায় আশান্বিত হয়েছিলেন, তাঁরা গত কয়েক সপ্তাহ খানিকটা উদ্বেগে কাটিয়েছেন। তাঁদের উদ্বেগের কারণ, সাম্প্রতিক কিছু জনমত জরিপে দেখা যাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন বাড়ছে। তবে সাম্প্রতিক জাতীয় জনমত জরিপগুলো হিলারি ক্লিনটনের এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে। এগিয়ে থাকা প্রার্থী হিসেবেই হিলারি প্রথম বিতর্কে অংশ নিতে যাচ্ছেন। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়ার সময়ে তাঁর সমর্থকেরা আশাবাদী হয়ে ওঠেন, বিজয়ের সম্ভাবনা একেবারে তিরোহিত হয়ে যায়নি; বরং বিজয়ের জন্য অবশ্য-প্রয়োজনীয় কোনো কোনো অঙ্গরাজ্যে ট্রাম্পের ইতিবাচক অবস্থান তাঁদের মনে করিয়ে দিয়েছে যে হিলারি ‘ইনভিন্সিবল’ বা অপরাজেয় নন। তাঁরা বলছেন যে তাঁরা স্রোতের ধারা বদলে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক বা মাস দেড়েক আগে চালানো জনমত জরিপগুলো সাধারণত ফলাফলের একধরনের ইঙ্গিত দেয়; কিন্তু মনে রাখা দরকার যে সেগুলো শেষ কথা নয়। এই সময়ের জরিপের ফলাফল আর নভেম্বরের নির্বাচনের ফলাফল সব সময়েই মিলেছে এমন কথা বলার সুযোগ নেই। এর কারণ হচ্ছে, ব্যাপক প্রচার সত্ত্বেও দীর্ঘ দৌড়ের ‘শেষ ল্যাপ’-এর মতো তখনো পথ বাকি থাকে। তা ছাড়া আছে অক্টোবর মাস; এ দেশের রাজনীতিতে ‘অক্টোবর সারপ্রাইজ’ বলে একটা কথা চালু আছে। অপ্রত্যাশিত ঘটনা ঘটার ব্যাপারে নির্বাচনী বছরে অক্টোবরের বদনাম সবার জানা। গত কয়েক সপ্তাহে ট্রাম্পের পক্ষে জনমত দেখে ট্রাম্প সমর্থকদের কেউ কেউ সেপ্টেম্বরেই ‘অক্টোবর সারপ্রাইজ’ আশা করছিলেন।

এ ধরনের পটভূমিকায়ই প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে টেলিভিশন বিতর্কগুলো অনুষ্ঠিত হয়; এ বিষয়ে আলাপ-আলোচনা হয়। টেলিভিশনে প্রার্থীদের মধ্যে বিতর্কের সূত্রপাত হয় ১৯৬০ সালে; ডেমোক্রেটিক প্রার্থী জন এফ কেনেডি ও রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সনের মধ্যে একটি বিতর্কের মধ্য দিয়ে এর শুরু; তাঁরা চারটি বিতর্কে অংশ নেন। তবে প্রার্থীদের মধ্যে বিতর্কের ঐতিহ্য বিবেচনা করলে আরও পেছনে ফিরতে হবে। ১৮৫৮ সালে ইলিনয় অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের দুই প্রধান প্রার্থী আব্রাহাম লিঙ্কন ও স্টিভেন ডগলাস সাতটি প্রকাশ্য বিতর্কে অংশ নিয়েছিলেন। এসব বিতর্কে কোনো মধ্যস্থতাকারী ছিলেন না। এসব বিতর্কে লিঙ্কন ভালো করেছিলেন বলা হলেও নির্বাচনে তিনি বিজয়ী হননি। তবে দুই বছর পর এ দুই রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরের মোকাবিলা করেছিলেন এবং লিঙ্কন বিজয়ী হন।

প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে বিতর্কের ধারণা রাজনীতিবিদদের মধ্যে থেকে আসেনি, ১৯৫৬ সালে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রেড এ কান এই প্রস্তাব দেন। তিনি প্রস্তাব করেছিলেন, দুই প্রার্থীই ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিক। এ নিয়ে তখন সারা দেশেই আলোচনা হয়। চার বছর পর অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিতর্ক। তবে এরপর ১৯৭৬ সালের নির্বাচন পর্যন্ত আর বিতর্ক হয়নি। ১৯৭৬ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সঙ্গে যুক্ত হয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিতর্ক। ১৯৮৭ সালে ‘কমিশন অন প্রেসিডেনশিয়াল ডিবেট’ প্রতিষ্ঠা করা হয় এ বিতর্কগুলো আয়োজনের দায়িত্ব পালনের জন্য। গত দশকে এর সঙ্গে যুক্ত হয়েছে দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিতর্ক, যেগুলো আয়োজন করে টেলিভিশন চ্যানেলগুলো।

বিতর্কের তারিখ ঘোষণার আগে থেকেই এ নিয়ে আলোচনা হয় এবং যতই দিন ঘনিয়ে আসে গণমাধ্যমগুলো এমন ধারণা দেওয়ার চেষ্টা করে, যেন এসব বিতর্ক নির্বাচনের ফলাফল নির্ধারকের ভূমিকা পালন করে। কিন্তু এসব কথাবার্তা আসলে কতটা সঠিক? প্রেসিডেন্ট নির্বাচনে এসব বিতর্কের প্রভাব কতটুকু?

রাষ্ট্রবিজ্ঞান ও গণমাধ্যম বিষয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। জেমস স্টিমসন ১৯৬৬ থেকে ২০০০ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিতর্কের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে যদি নির্বাচন খুব প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়, তবে ভোটারদের ওপর বিতর্কের প্রভাব খুব সামান্যই; প্রায় নেই বললেই চলে (টাইডস অব কনসেন্ট, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ২০০৪)। তিনি দেখান যে কেবল ১৯৬০, ১৯৮০ ও ২০০০ সালের বিতর্ক জনমতে সামান্য পরিবর্তন ঘটিয়েছিল। কিন্তু তা ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেননি। এ বিষয়ে ব্যাপক গবেষণা করেছেন রবার্ট এরিকসন ও ক্রিস্টোফার ওয়েইজেন। তাঁরা ১৯৫২ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিতর্কের আগের ও পরের জনমত জরিপের মধ্যে তুলনা করে দেখিয়েছেন, ১৯৭৬ সালের নির্বাচন ছাড়া বিতর্কের পরে জনমতে কোনো প্রার্থীর সমর্থনে বড় ধরনের কোনো ধস নামেনি, কারও প্রতি সমর্থন খুব একটা বাড়েনি; যেসব পরিবর্তন ঘটেছে তার প্রভাব স্থায়ী হয়নি।

কিন্তু আমরা জানি যে ১৯৭৬ সালকে ব্যতিক্রম হিসেবেই নিতে হবে। কেননা, সেখানে দেশের অর্থনীতি, তেলসংকট, ইরানে জিম্মিসংকট ইত্যাদি বিষয় প্রেসিডেন্ট জিমি কার্টারের বিরুদ্ধে কাজ করেছে। অবশ্য যেসব ক্ষেত্রে সামান্য পরিবর্তন ঘটেছে তা বিতর্কের পরপরই ঘটেছে এবং এরিকসন ও ওয়েইজেন সেই পরিবর্তনকে বলেছেন ‘ভঙ্গুর’ (দ্য টাইমলাইন অব প্রেসিডেনশিয়াল ইলেকশন, শিকাগো ইউনিভার্সিটি প্রেস, ২০১২)। টমাস হলব্রুকের লেখা বইয়ে দেখা যায়, ১৯৯২ সালের দ্বিতীয় বিতর্কে আপাতদৃষ্টিতে জর্জ বুশ ভালো না করলেও তাঁর জনমতে মাত্র দুই পয়েন্ট ক্ষতি হয়েছিল (ডু ক্যাম্পেইনস ম্যাটার, সেইজ পাবলিকেশনস, ১৯৯৬)। অন্যদিকে ২০১২ সালে প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী মিট রমনি প্রেসিডেন্ট ওবামার চেয়ে ভালো করেছিলেন এবং রমনির সমর্থনও বেড়েছিল; কিন্তু সেই নির্বাচনের ফলাফল আমাদের জানা আছে।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার সেন্টার ফর পলিটিকসের গবেষক ল্যারি সাবাতো, কাইল কন্ডিক ও জেফরি স্কেলি তাঁদের গবেষণায় দেখান, বিতর্কের আগে ও পরে জনমতের পার্থক্য আসলে সামান্যই এবং তার প্রভাব খুব বেশি নয়। এরিকসন ও ওয়েইজেনের গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ল্যারি সাবাতো ও তাঁর সহকর্মীরা দেখান, জনমতে যে সামান্য বদল ঘটে তা সাধারণত প্রথম বিতর্কের পরে ঘটে। যেমন ১৯৯৬ সালে ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সমর্থন কমেছিল ৩ দশমিক ৩ পয়েন্ট। ২০০৪ সালে রিপাবলিকান প্রার্থীর বিপরীতে ৬ দশমিক ২ পয়েন্ট এগিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। কিন্তু নির্বাচনে বিজয়ী হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশ। এই পরিবর্তনের প্রধান কারণ এই যে যদি কোনো প্রার্থী বিতর্কে ভালো না করেন, তবে তাঁর সমর্থকদের মধ্যে আগ্রহের ও উদ্দীপনার অভাব ঘটে এবং তাঁরা সোৎসাহে জনমত জরিপে অংশ নেন না। কিন্তু এর ফলে ওই প্রার্থীর সমর্থকেরা তাঁকে ছেড়ে চলে যান না।

গবেষকেরা বলছেন, দুই প্রার্থীর বিতর্ক করা হয় নির্বাচনের ফলাফল নির্ধারণের চেয়ে প্রধানত সমর্থকদের মধ্যে উদ্দীপনা তৈরি করতে। বিতর্ক ভোটারদের মন বদলে দিতে সক্ষম হয় বলে প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তাই বলে এর গুরুত্ব একেবারে নেই, তা বলা যাবে না। এর প্রধান মূল্য হচ্ছে ভোটারদের নির্বাচনের ব্যাপারে উৎসাহিত করে রাখায়। কিন্তু এটাও লক্ষণীয়, এসব বিতর্কে দর্শকের পরিমাণ সংখ্যার দিক থেকে বাড়লেই মোট ভোটার হওয়ার বয়সীদের মধ্যে তার ভাগ আসলে খুব বেশি নয়। ২০০৮ সালের উত্তেজনাকর নির্বাচনের সময়ও মোট ভোটার হওয়ার বয়সীদের মধ্যে মাত্র ২৩ শতাংশ প্রথম বিতর্ক দেখেছিলেন। সেই তুলনায় ২০১২ সালে বেশি লোক এ বিতর্ক দেখেছিল, ২৮ দশমিক ৬ শতাংশ। ১৯৮০ সালের নির্বাচনের সময় এই হার ছিল ৫১ শতাংশ।

>বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একটি অবিভাজ্য অংশে পরিণত হয়েছে। ফলে তা নিয়ে গণমাধ্যমের উৎসাহ রয়েছে এবং তা ফলাফলকে প্রভাবিত না করলেও ভোটারদের অন্তত ভোটদানে উৎসাহী করে বলে ধারণা করা হয়

এসব বিতর্কের দর্শকদের বিষয়ে অন্য আরেকটি তথ্যও গুরুত্বপূর্ণ। তা হলো, এসব বিতর্ক তরুণদের খুব বেশি আকর্ষণ করতে পারে না। যুক্তরাষ্ট্রে একটি শীর্ষস্থানীয় পাবলিক পলিসি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অ্যানেনবার্গ পাবলিক পলিসি সেন্টার। তারা ২০১৫ সালে প্রেসিডেনশিয়াল বিতর্কের সংস্কারবিষয়ক একটি রিপোর্ট তৈরি করেছিল (ডেমোক্রেটাইজিং দ্য ডিবেইটস, ২০১৫)। তাতে দেখা যায়, বিতর্কে দর্শকের যে সংখ্যা বেড়েছে তাঁদের বয়স ৫০ থেকে ৬৫ বছরের মধ্যে। ২০১২ সালে ১৮ বছর বা তার কাছাকাছি বয়সীদের মধ্যে মাত্র ২০ শতাংশ একটা বিতর্কের সামান্য অংশ দেখেছেন। যদিও বিতর্কগুলো হয় ৯০ মিনিট। কিন্তু এই বয়সের দর্শকেরা দেখেছেন মাত্র গড়ে ৪০ মিনিট। ফলে তরুণ ভোটারদের কাছে এসব বিতর্ক পৌঁছাতে পারে কি না, সেটা প্রশ্নসাপেক্ষ।

তা সত্ত্বেও এসব বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একটি অবিভাজ্য অংশে পরিণত হয়েছে। ফলে তা নিয়ে গণমাধ্যমের উৎসাহ রয়েছে এবং তা ফলাফলকে প্রভাবিত না করলেও ভোটারদের অন্তত ভোটদানে উৎসাহী করে বলে ধারণা করা হয়। সোমবারের এ বিতর্ককেও সেভাবেই বিবেচনা করা দরকার। এবারের এ বিতর্কের যে অন্যতম বৈশিষ্ট্য,   সেটি হলো এ দুই প্রার্থীর মধ্যে অভিজ্ঞতার পার্থক্য।

হিলারি ক্লিনটন ২০০৮ সালে ওবামার বিরুদ্ধে চারটি এবং ২০১৬ সালে তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে পাঁচটি—মোট নয়টি বিতর্কে অংশ নিয়েছেন, যেখানে তিনি সরাসরি তাঁর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের আগস্ট থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত রিপাবলিকান মনোনয়নের জন্য ১২টি বিতর্কে অংশ নিয়েছেন। কিন্তু সবচেয়ে কম অংশগ্রহণকারী ছিল যে বিতর্কে, সেখানেও ছিলেন চারজন। অর্থাৎ ট্রাম্প কখনোই সরাসরি তাঁর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হননি। তবে টেলিভিশনের রিয়েলিটি শোর তারকা ট্রাম্পের জন্য বিতর্ক আরেকটা অনুষ্ঠানমাত্র বলেই মনে হতে পারে। দুইয়ের পার্থক্য কার জন্য সুবিধাজনক হবে সেটা দেখা যাবে সোমবার রাতে।

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।