হুইলচেয়ারে আটকে যাওয়া জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজন মাথা নুয়ে বই পড়ছে; যেমন করে ফলভারে নুয়ে পড়ে ফলদ গাছ। সামনে পরীক্ষা। এবার নবম থেকে দশম শ্রেণীতে উঠবে। এই অসহায় শরীর নুয়ে পড়া, কিন্তু মনটা নয়। শুধু কি সে একা? তার পরিবারের আটজন সদস্যের মধ্যে পাঁচজনই শরীরের দিক থেকে প্রতিবন্ধিতার শিকার। শুধু পরিবারের দুজন মানুষ পুরোপুরি সুস্থ; সুজনের মা ফুলবানু আর ছোট বোন সাফিয়া। বাকি থাকে তিন বছরের পান্না বেগম। ওকে এখনো প্রতিবন্ধী বলা যায় না, মায়ের কোলে ওঠার জন্য পিছু পিছু ঘুরছে আর কান্না করছে। জিজ্ঞেস করলাম, ‘ওকে কোলে নিচ্ছেন না কেন?’‘পাঁচ-পাঁচটা মানুষ এক ঘরে হাত-পা লুলা হইয়া আছে, চিকিৎসা না পাইলে কোলেরটাও লুলা হইব। একটাও নিজের কাম নিজে করতে পারে না। সহালবেলা মুক ধোয়ানো থেইক্কা শুরু কইরা রাইত পর্যন্ত হেরার সব কাম আমার করতে হয়। নিজের জামা-কাপড়ডাও নিজে পিনতারে না। এমনও দেহা যায়, ওরার পায়হানা-গোসলও আমার কোলে লইয়া করাইতে হয়। বাবা, আপনেই কইন, এল্লা জান আর কয়ডারে কোলে লইয়াম?’—জীর্ণ শরীরে উঠোনে ঝাড়ুরত ফুলবানুর এই অসহায় প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু জানি, এই হলো কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের মরম আলী আর ফুলবানুর দুঃখগাথা। ৩৫ বছরের সাংসারিক জীবনের প্রাত্যহিক চিত্র।মরম আলী জন্মের পর থেকেই প্রতিবন্ধী। তাঁর কোমর থেকে নিচের অংশ পুরোপুরি অবশ এবং একই অবস্থা ডুয়াইগাঁও হাইস্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত তাঁর বড় ছেলে সুজন ও একই ক্লাসে অধ্যয়নরত বড় মেয়ে মর্জিনার। তাদের ছোট বোন জোহরা আর মুক্তারও একই দশা। তারা দুজন বিলপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ও প্রথম শ্রেণীতে পড়ে। তাদের সবারই কোমর থেকে দুটি পা অবশ। সুজন ও মর্জিনার দুই হাতও অনেকটা অবশ ও চিকন। ইদানীং কলম ধরতেও অসুবিধা হচ্ছে তাদের। সত্যিই হুইলচেয়ারে আটকে গেছে তাদের মানবজীবনের সব কটি দিন-মাস-কাল-বছর!গতকাল ছিল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিবছরই এই দিনে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ আর দিবসের শোভাযাত্রায় শামিল হন মরম আলীরা। ভাগ্য ফেরানোর আশায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর দেয়ালে-বুকে পোস্টার ছাপিয়ে চিৎকার করে বলেন, ‘আমাদের বেঁচে থাকার সুস্থ পরিবেশ দাও, দাও কর্মময় জীবন। সঙ্গে দাও আত্মবিশ্বাসের হাতিয়ার—শিক্ষা।’ স্লোগানের নেপথ্যে থাকা কারও কারও ভাগ্য ফিরলেও এই মরম আলীদের ফেরে না।‘পোলাপানডি হাত-পা বালা লইয়া জন্ম লয়। চার থেকে পাঁচ বছর বালাও তাহে। এর পর তেইক্কাই হাত-পা চিকন আর বেঁইক্কা যায়। নিজের জীবনডা তো সারা জন্মের লাইগ্গা লুলা হইয়া গেছে। ভাবলাম, পোলাপানডিনি একটু চিকিৎসা করাইলে বালা হয়। কতজনরে যে হাতে ধরলাম এদের চিকিৎসা করার জন্য, কোনো কাজ হইল না। খালি আপনারা পেপারে কিছু লিকলে একটা কার্ড আর দরহার পড়লে হুইলচেয়ার দেয়। আর আমরারে লইয়া পেপারে কিছু লিক্কুইন্নাযে।’—প্রতিবাদে ডুকরে কেঁদে ওঠেন তিনি। উঠোনে হুইলচেয়ারে বসে চোখের জল মুছে ফেলার চেষ্টা করেন মরম আলী। কিন্তু সেই সাধ্যই বা কোথায়? তাঁর হাত দুটোও যে অচল! সারা দুনিয়ার বৈষম্যপীড়িত প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ে ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ অনুমোদিত হয়, সঙ্গে ৫০টি আবশ্যিক ধারা ও ১৮টি ঐচ্ছিক প্রতিপালনীয় বিধিবিধানসংবলিত এটি একটি পূর্ণ মানবাধিকার আইন। বাংলাদেশ ২০০৮ সালের ১২ মে এই ঐচ্ছিক প্রতিপালনীয় বিধিবিধানেও অনুস্বাক্ষর করেছে। তাই এখন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার লঙ্ঘনের ঘটনায় স্থানীয় পর্যায়ে কোনো প্রতিকার না মিললে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই সনদের কমিটি বরাবর অভিযোগ দায়ের করতে পারে এবং এর পরিপ্রেক্ষিতে কমিটি ঐচ্ছিক বিধিবিধানের শরিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে তদন্ত পরিচালনা করতে পারবে। তার পরও দেশে দেশে মরম আলীর মতো প্রতিবন্ধী পরিবারের মানুষগুলোর জীবনের মৌলিক অধিকার কেবলই ‘দান-খয়রাত’ আর করুণার চক্রে বন্দী হয়ে আছে।ওয়ার্ল্ড রিপোর্ট ২০১১ অনুযায়ী, বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ মোট জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, দেড় কোটি প্রতিবন্ধী মানুষ বসবাস করছে এই দেশে। এদের বেশির ভাগই দরিদ্র ও অধিকার সম্পর্কে অসচেতন এবং বসবাস করছে বৈষম্যের বাধাযুক্ত সমাজে। এ বছরের প্রতিপাদ্যেও সেই বাধা দূরীভূত করার কথা বলা হয়েছে। প্রতিপাদ্য হলো ‘রিমুভ ব্যারিয়ারস টু ক্রিয়েট অ্যান ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেসেবল সোসাইটি ফর অল’। এই বাধামুক্ত সমাজের জন্য প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের স্বাধীনতা, দারিদ্র্য দূরীকরণে ক্ষমতায়ন, যোগাযোগের ক্ষেত্রে প্রবেশগম্যতা বাড়ানো এবং পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত-প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।মরম আলীর কথায় আমার ফিরে আসি। এখনো সঠিক চিকিৎসা পেলে ছোট দুটি অবুঝ শিশু মুক্তা ও পান্না হতে পারে পুরোপুরি সু্স্থ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। মরম আলীর বাড়ি থেকে বিদায় নেওয়ার পথে ফুলবানু জিজ্ঞেস করেছিলেন, ‘বাবা, তুমি যদি পেপারে লেক, তাহলে কি চিকিৎসার একটা বিহিত হইব?’এই প্রশ্নের উত্তর আমার জানা নেই।মাহবুবুর রহমান ভূইয়া