সব সম্ভবের দেশ বাংলাদেশ। পরিবহন খাতের যে শ্রমিকদের মৃত্যুর আগে অবসরে যাওয়ার সুযোগ নেই, মন্ত্রী মহোদয় তাঁদের অবসরে পাঠালেন এবং যথারীতি ফিরিয়েও আনলেন। কিন্তু মাঝখানে দেশের মানুষ যে ৩৯ ঘণ্টা ধরে চরম দুর্ভোগ পোহাল, উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাল, সেসব হয়তো তাঁদের কাছে কিছুই না। কিন্তু যার যায় সে-ই বোঝে। ‘যেজন দিবসে মনের হরষে জ্বালায় বাতি’, সে বোঝে না।
এই যে সড়কপথে প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন (প্রথম আলোর খবর অনুযায়ী ২২ দিনে ২১৫ জন) তাঁদের জীবনের কি কোনো মূল্যই নেই? যাদের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে, কিংবা যারা পরিকল্পিতভাবে ট্রাকের চাপায় একজন নারীকে পিষে মারছে, কেবল তাদের জীবনই মূল্যবান?
আমরা মনে করি প্রত্যেক মানুষের জীবনই মূল্যবান। এই মূল্যবান জীবনকে যারা হরণ করে, যারা চিরতরে পঙ্গু করে দেয়, তাদের বিরুদ্ধে আইন-আদালত চলবে না, অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না, এটাই যদি সরকারের নীতি হয়, তাহলে সড়ক দুর্ঘটনার কারণে শাস্তির বিধানটিও সরকারকে তুলে দিতে হবে।
প্রথম আলোর খবরে জানা গেল, সারা দেশে হঠাৎ আহূত ধর্মঘট ওরফে কর্মবিরতি ওরফে অবসরে যাওয়া উপলক্ষে গাবতলী বাস টার্মিনালে যে তাণ্ডব হয়েছে, সরকারি সম্পদ ধ্বংস করা হয়েছে, সেই মামলায় আসামি হয়েছেন কয়েকজন ট্রাকশ্রমিক। কিন্তু মালিক ও শ্রমিক সংগঠনের যে নেতারা এই ধর্মঘট ডেকে নৈরাজ্য সৃষ্টি করলেন, তাঁদের কেউই আসামি হলেন না। এর আগে যেকোনো ধর্মঘটে, অঘটনে শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের নামেই মামলা হতো। ধরপাকড় চলত।
কিন্তু এবার না হওয়ার কারণ কী?
ধর্মঘট আহ্বান করা হয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে। মিশুক মুনীর ও তারেক মাসুদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু সাভারে যে নারী হত্যার দায়ে অপর এক আসামির মৃত্যুদণ্ড হয়েছে, সেটিকে দুর্ঘটনা বলার সুযোগ নেই। মামলার নথিপত্রে দেখা যায়, আসামি পরিকল্পিতভাবে তাঁর ওপর ট্রাক উঠিয়ে দিয়ে হত্যা করেছেন। তাঁর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। দুই ক্ষেত্রেই আসামিপক্ষ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করলে তারা উচ্চতর আদালতে যেতে পারত। কিন্তু তারা আইনের পথে না গিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে এবং তা ঘটেছে সংবিধান রক্ষার শপথ গ্রহণকারী একাধিক ক্ষমতাধর ব্যক্তির মদদে।
পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে গত কয়েক দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যা বলেছেন, তাতে এ কথা বলা ভুল হবে না যে তাঁরা নিজেরাই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সরকারের মন্ত্রীদের কাজ রাগ বা বিরাগের ঊর্ধ্বে উঠে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা। প্রধানমন্ত্রী তাঁদের দপ্তর বণ্টন করে দিয়েছেন। কিন্তু আমরা দেখছি, যিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নন, তিনি সেই মন্ত্রণালয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দায়িত্ব বন্দর ও নৌপরিবহন ঠিক রাখা, কিন্তু তাঁকে তাঁর মন্ত্রণালয় নিয়ে বেশি কথা বলতে দেখা যায় না। তিনি ব্যস্ত থাকেন সড়ক মন্ত্রণালয় ও পরিবহনশ্রমিকদের নিয়ে। এর আগে তিনি যাঁরা গরু ছাগল চেনেন তাঁদেরই ড্রাইভিং লাইসেন্স দিতে বলেছিলেন। আর সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদেরকে এ ব্যাপারে অসহায়ই মনে হলো। সড়কমন্ত্রী একই সঙ্গে ক্ষমতাসীন দলেরও সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবে তাঁকে প্রধানমন্ত্রীর পর মন্ত্রিসভার অন্য যেকোনো সদস্যের চেয়ে ক্ষমতাধর ভাবা হয়। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল। সড়কমন্ত্রী পরিবহন ধর্মঘট আহ্বান অযৌক্তিক বললেও নিজে সেই ধর্মঘট ভাঙার কোনো উদ্যোগ নেননি। এমনকি আইনমন্ত্রী আনিসুল হকও ধর্মঘটিদের আইনের পথে আনার চেষ্টা না করে তাঁদের আইনি সহায়তা দেওয়ার কথা বললেন। কারণ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যিনি কার্যকরী সভাপতি, তিনি আবার সরকারের একজন মন্ত্রী এবং সড়ক পরিবহন মালিক সমিতির যিনি সভাপতি, সেই মসিউর রহমানও একজন প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা।
এখানে একটি মৌলিক প্রশ্ন আসে। সরকারের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী কি কোনো পেশাজীবী সংগঠনের নেতৃত্বে থাকতে পারেন, যেখানে স্বার্থের দ্বন্দ্ব আছে। আইনত পারেন না। এমনকি সাংসদ এমন কোনো সংসদীয় কমিটিতে থাকতে পারেন না, যার সঙ্গে তাঁর পেশাগত স্বার্থের দ্বন্দ্ব হতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক, সরকার সড়ক দুর্ঘটনার শাস্তির মেয়াদ বাড়ানোর জন্য একটি আইন করল। কিন্তু সড়ক পরিবহন শ্রমিক সংগঠন ফেডারেশন তার বিরুদ্ধে অবস্থান নিল। সে ক্ষেত্রে শাজাহান খানের ভূমিকা কী হবে? তিনি নৌপরিবহনমন্ত্রী হিসেবে সরকারের সিদ্ধান্ত কার্যকর করবেন, না সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে তার বিরোধিতা করবেন? আবার সরকার পরিবহনের ওপর কোনো কর ধার্য করল, যা পরিবহন মালিক সমিতির পছন্দ নয়। তখন প্রতিমন্ত্রী মসিউর রহমানই বা কোন পক্ষ নেবেন?
সাম্প্রতিক পরিবহন ধর্মঘটে তাঁরা দুজনই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিরোধী দলবিহীন সংসদে সরকারের দুই শরিক দুই পক্ষে ‘খেলছেন’। তা নিয়ে দেশের মানুষ অতটা বিচলিত নয়। কিন্তু দেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করার ঘটনায় কেউ নিশ্চুপ থাকতে পারে না।
আর নেতারা যেই শ্রমিকদের উসকে দিয়ে মাঠে নামিয়েছেন, তাঁদেরও কোনো লাভ হয়নি বরং হঠাৎ ধর্মঘটকে ঘিরে যে একজন গরিব বাসচালকের প্রাণহানি ঘটল, জনগণের ভোগান্তি হলো, তার দায় নেতারা এড়াতে পারেন না।
বিগত সরকারবিরোধী আন্দোলনে বাসে-ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিরোধী দলের জড়িত বা সন্দেহভাজন কর্মীদের পাশাপাশি নেতাদেরও হুকুমের আসামি করেছে সরকার। সেই মামলায় এখনো তাঁরা দৌড়ের ওপর আছেন। কেউ জামিনে, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন।
কিন্তু ৩৯ ঘণ্টা ধরে সারা দেশে যে মহা দুর্যোগ ঘটানো হলো, তার হুকুমের আসামি কে বা কারা ছিলেন, দয়া করে বলবেন কি?