হুমায়ূনের যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিনের সেই রাতের ঢাকার কথা আজও মনে পড়ে। সে রাতের ঢাকার রাস্তা হয়ে পড়েছিল প্রায় জনশূন্য। শহরের ব্যস্ত মানুষেরা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকের শেষ পর্ব দেখতে তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছিলেন। দর্শক-শ্রোতা উন্মুখ ছিল নাটকের শেষে বাকের ভাইয়ের চূড়ান্ত পরিণতি দেখার জন্য। আমাদের মনে আছে, কোথাও কেউ নেই-এর শেষ পর্বের সংবাদ আর ছবির জন্য আমরা ভোরের কাগজ থেকে রিপোর্টার ও ফটোগ্রাফার পাঠিয়েছিলাম আসাদুজ্জামান নূরের বাসভবনে। নূর সপরিবারে বাসায় নাটকটির শেষ পর্ব দেখছিলেন। পরদিন আমরা সেই ছবিসহ খবরটা প্রথম পৃষ্ঠায় বড় করে ছেপেছিলাম।শুধু ঢাকা শহর নয়, সারা দেশের মানুষ চমৎকৃত হয়েছিল নাটকটি দেখে। এ রকম আকর্ষণ, অভাবনীয় টান আমাদের দেশে এখন পর্যন্ত কোনো নাটক বা সিনেমা নিয়ে ঘটেছে বলে মনে পড়ে না। আমাদের জন্য সে ছিল এক অদ্ভুত বিস্ময়কর অভিজ্ঞতা। সে নাটকটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ। পরিচালনায় ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। নাটকের প্রধান চরিত্র বাকের ভাইকে নিয়ে যে অদ্ভুত এক আবেগ তৈরি হয়েছিল, তা হুমায়ূন আহমেদের মতো লেখকের পক্ষেই কেবল সম্ভব। হুমায়ূন আহমেদ এমন এক লেখক, যাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। এর আগের তিন দশক ধরে তাঁর গল্প, উপন্যাস, রহস্যঘেরা লেখালেখি ও কিছু স্মৃতিকথা সবার কাছে প্রশংসিত হয়েছে। তাঁর প্রধান গুণ ও কৃতিত্ব হলো, তিনি সহজ করে লেখেন। সব ধরনের পাঠক, বিশেষ করে তরুণ সম্প্রদায়কে আকৃষ্ট করার জাদুকরি ক্ষমতা তাঁর আছে।এখনো মনে পড়ে, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদ পরিচালিত আগুনের পরশমণি চলচ্চিত্রের কথা। এফডিসিতে তার একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। ছবির কলাকুশলীসহ অনেক বিশিষ্টজন সেদিন উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির পরিচালনা, অভিনয় ও দৃশ্যায়ন দেখে আমি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। সেই রাতেই তাঁকে ফোন করে আমার ভালোলাগার অনেক কথা বলি।আমার স্পষ্ট মনে আছে, তাঁর সঙ্গে কথা বলে, দেখা করে দ্রুতই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা ঘটেছিল। পরবর্তী সময়ে তা ক্রমান্বয়ে বেড়েছে। সে সময় আমরা ভোরের কাগজ-এ তাঁর কাছ থেকে নানা রকমের সাহায্য-সহযোগিতা পেয়েছি। ওই সময় শুধু উপন্যাস নয়, গল্প ও আত্মস্মৃতিসহ সমসাময়িক বিষয়নির্ভর বিভিন্ন লেখা দিয়েও তিনি আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। একসময় আমরা ভোরের কাগজ-এ ধারাবাহিকভাবে তাঁর উপন্যাস ছাপতে শুরু করি। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর এ কাজটি ছিল অনেক বড় মাপের, জোছনা ও জননীর গল্প। এ সময়ে আমাদের ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ প্রায় নিয়মিত হয়ে উঠেছিল।২০০১ সালের ২৩ মার্চ মুক্তি পায় হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র দুই দুয়ারী। এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ২১ মার্চ এফডিসির ভিআইপি প্রজেকশন হলে। মনে পড়ে, দুই দুয়ারীর প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। আমি সংগীতা থেকে প্রকাশিত এ ছবির গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করি। সেদিন বলেছিলাম, একটি পরিচ্ছন্ন ছবি দুই দুয়ারী। এ ছবিতে কিছু মানবিক ও হূদয়স্পর্শী আবেদন রয়েছে। বাংলা চলচ্চিত্রে যে পরিবর্তনটা দরকার, তা সূচনা করেছেন হুমায়ূন আহমেদ।তার আগে ২০০০ সালে জনপ্রিয় উপন্যাস আমিই মিসির আলির একটি কপি তিনি আমার বাসায় পাঠিয়ে দেন। খুলে দেখি, উপন্যাসটা তিনি আমাকে উৎসর্গ করেছেন। লিখেছেন: ‘প্রথম আলোর মতি ভাই/ জনাব মতিউর রহমান/ এই মানুষটাকে আমার মাঝে মাঝে মিসির আলি বলে মনে হয়।’ এর পুরো কারণ বা ব্যাখ্যা আমার জানা নেই। জানতে চেষ্টাও করিনি কোনো দিন। আমরা জানি, মিসির আলি তাঁর প্রিয় একটি চরিত্র। হিমুর মতোই যা জনপ্রিয় ও পাঠকনন্দিত। মিসির আলি অসম্ভবকে সম্ভব করতে পারেন। অতিপ্রাকৃত রহস্য উদ্ঘাটনে পারদর্শী। মিসির আলি যা কিছু করেন, যুক্তি দিয়ে এবং ভীষণ রকম বুদ্ধিমত্তার সঙ্গে। আমি তো সে রকম কেউ নই। হতে পারে তা ছিল আমার প্রতি এক ধরনের ভালোবাসার প্রকাশ।হুমায়ূন আহমেদ কখনো রাজনীতির কিংবা রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত হননি; যদিও আমরা জানি, তাঁর চিন্তা ও মত গণতন্ত্রের পক্ষে। দেশের মানুষের মঙ্গলচিন্তায় তিনি ছিলেন নিবেদিত। তাঁর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ়ভাবে কাজ করে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন এবং উপন্যাস নাটক আর সিনেমায় তা যথাযথভাবে তুলে ধরেন। আমরা জানি, তাঁর বাবা ফয়জুর রহমান, যিনি চাকরিজীবনে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। মুুক্তিযুদ্ধকে ঘিরে হুমায়ূন আহমেদের কষ্ট, পারিবারিক দুঃখ-বেদনা, অভিজ্ঞতা তাঁর মুক্তিযুদ্ধবিষয়ক লেখালেখিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে।প্রথমার বই আমাদের কালের নায়কেরা বইতে জাহানারা ইমামকে নিয়ে ‘তিনি’ শিরোনামে অসম্ভব আবেদনময় ও মর্মস্পর্শী একটা লেখা আছে। এই লেখাটি প্রথম আলোর জন্য লিখেছিলেন। দারুণ একটি লেখা। ২০০০ সালের শুরুতে সিলেটে মুহম্মদ জাফর ইকবাল জঙ্গিদের আক্রমণের শিকার হন। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন হুমায়ূন আহমেদ। ওই বছর ২৬ মার্চ তিনি ঢাকা থেকে ট্রেনে করে অনেক সুহূদকে সঙ্গে নিয়ে সিলেট গিয়ে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও অনশন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে তাঁর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামানসহ বিশিষ্টজনদের অনেকেই ছিলেন। এ প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি লেখা আমাদের প্রথম আলোতে লেখেন। লেখাগুলো সে সময়ে অনেককেই ভীষণভাবে আলোড়িত করে। অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচির এই উদ্যোগ, সাহস ও প্রগতিপন্থা আমাদের ভীষণভাবে উৎসাহিত করেছিল। ট্রেন-যাত্রার আগে আমরা অনেকেই হুমায়ূনকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।২০০২ সালের ৩০ সেপ্টেম্বর আমরা এক ঝটিকা সফরে নুহাশপল্লীতে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন সাজ্জাদ শরিফ। সেদিন নুহাশপল্লীতে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। মনে পড়ে, ভীষণ সুন্দর পরিবেশে আনন্দ-উল্লাসে দিনটি কেটেছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ একটা সময় আমরা মহানন্দে হইচই করে কাটিয়ে দিই। একপর্যায়ে সবাই মিলে আমরা সুইমিং পুলেও নেমে পড়ি। হই-হুল্লোড়, হুটোপুটি আর নানা স্বাদের পানীয় আর খাবার খেয়ে কেটে যায় সকাল, দুপুর আর বিকেল। সেদিন কত না আনন্দ হয়েছিল! কলকাতায় ফিরে গিয়ে সুনীল দা দেশ পত্রিকায় বড় লেখা লিখেছিলেন ছবিসহ। যখন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তখন প্রায় সন্ধ্যা, নুহাশপল্লী থেকে কিছুটা নৌকায়, তারপর গাড়ি করে ঢাকায় ফিরি। দীর্ঘপথ, অথচ কোন আনন্দে কীভাবে পৌঁছে গিয়েছিলাম অফিসে বুঝতেই পারিনি। হুমায়ূন আহমেদ কিছুটা বিচ্ছিন্ন থাকার মানুষ হলেও মজলিশি আর রসিকতা তাঁর প্রিয়। তিনি ভণিতাবিহীন ছিলেন। ধানমন্ডির বাসায় বিভিন্ন সময় অনুষ্ঠিত আড্ডায় তাঁর রসবোধ দেখে মুগ্ধ হয়েছি বার বার। সেসব আড্ডা থেকে গভীর রাতেও উঠে আসা বেশ কঠিন হতো। মাঝে কিছুদিন দেখা-সাক্ষাৎ হয়নি। আমাদের এক বন্ধুর সঙ্গে তাঁর আচরণে দুঃখ পেয়েছিলাম। কিছুদিন পর তাঁর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ফারুককে (ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা) আমার কাছে পাঠান। সেসব দুঃখ-কষ্ট নিয়ে কথা হয়। আমি আবার তাঁর বাসায় যাই। অনেক গল্প, অনেক ভালোবাসা নিয়ে ফিরে আসি।হুমায়ূনকে দেখেছি লেখালেখি আর নাটক-সিনেমায় বেশ হিসেবি। কিন্তু জীবনযাপনের দিক থেকে বেহিসেবি। সে জন্য বন্ধুদের মধ্যে, আমাদের মধ্যে এক ভয় কাজ করত। সে ভয়ই এখন বাস্তব হলো। তাঁর রসবোধ, কৌতুকপ্রিয়তা, যে কাউকে মুগ্ধ করেছে। অদ্ভুত এক সম্মোহনী শক্তি কাজ করত তাঁর ভেতর। তবে সবকিছুর পর তাঁর লেখা আমাদের উৎসাহিত করে, আনন্দিত করে, শুভকর্মে আগ্রহ সৃষ্টি করে। হুমায়ূন আহমেদ স্বাধীন বাংলাদেশের একজন নায়ক, যাঁর পাঠক, দর্শক, শ্রোতা, ভক্ত আর শুভানুধ্যায়ীর সংখ্যা লাখ লাখ।এ কথা তো সত্যি, মানুষের জীবন তো সব সময় সহজ আর সরল পথে চলে না। অভ্যুদয় বন্ধুর পথের মধ্য দিয়ে অগ্রসর হয়ে যায় মানুষের জীবন। কখনো কখনো তাতে বাঁক এসে পড়ে, সাময়িক ভ্রান্তিও আসে, আবার ঘুরে দাঁড়াতে হয়। হুমায়ূন আহমেদের ক্ষেত্রেও এ কথা সত্য।হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন। অগণিত মানুষের ভালোবাসা এই সময় তাঁকে শক্তি জুগিয়েছে। তাঁর প্রতি মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ ও বিস্মিত না হয়ে পারা যায় না। সে সময়ও তিনি লিখেছেন। চিকিৎসা নিয়ে, তাঁর নানা দুঃখ-কষ্ট-বেদনা নিয়ে তাঁর লেখালেখি আমাদের সাহসী করেছে। এসবের মধ্যে তাঁর বেদনার দিকটিও আমরা লক্ষ করি।গত কয়েক মাসে প্রথম আলোতেও তাঁর বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। বিগত এক বছরে প্রথম আলোতে তিনি সবচেয়ে বেশি লিখেছেন। আমাদের প্রতি তাঁর এই ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। আমরাও তাঁর সঙ্গে থাকার চেষ্টা করেছি। তাঁর ভক্ত-শ্রোতা-দর্শকের মতো আমরাও তাঁর রোগমুক্তি কামনা করেছি। তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ছিলাম। নিউইয়র্কে যাওয়ার আগে তাঁর ধানমন্ডির বাসায় দেখা করতে গিয়েছিলাম। তখন নানা কথার মধ্যে ছোটবেলায় স্কুলে পড়া একটা বাক্য তাঁকে বলি, ‘ফাইট লাইক এ হিরো’ অর্থাৎ ‘বীরের মতো যুদ্ধ করো’। বেরিয়ে আসার সময় আবারও এই কথারই পুনরাবৃত্তি করি। তিনি আমার কথা শুনে শুধু হেসেছেন। আর ক্লান্ত কণ্ঠে ক্ষমা চেয়ে একটু ঘুমোতে বাসার ভেতরে চলে যান। হুমায়ূন আহমেদ বীরের মতোই যুদ্ধ করেছেন।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।