চলে যাওয়ার পর হুমায়ূন আহমেদের এই প্রথম জন্মদিন। দিনটি উদ্যাপিত হচ্ছে দেশজুড়ে—নানা আয়োজনে, বিচিত্র সব অনুষ্ঠানের মাধ্যমে। প্রচারমাধ্যমও এই উদ্দীপনা থেকে পিছিয়ে নেই। পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে প্রবন্ধ-নিবন্ধ। ওকে হারানোর তাজা স্মৃতি বহন করেও এই আবেগের প্রকাশ দেখে বেশ উৎসাহ বোধ করছি। স্বীকার করতে বাধা নেই, মনের গভীরে একটা আনন্দসুরের অনুরণনও অনুভব করছি। প্রিয় মানুষকে সব মানুষের প্রিয় হয়ে উঠতে দেখলে কার না মন আনন্দে নেচে ওঠে। এ মুহূর্তে বেশ কয়েক বছর আগের একটা স্মৃতি বড় হয়ে উঠছে। হুমায়ূন তার লেখার মান আর ভবিষ্যৎ নিয়ে কথা উঠলে যে কথাটি বলত, তা নজরুলও বলে গেছেন—‘যুগের হুজুগ কেটে যাওয়ার পর থাকা না থাকা নিয়ে পরোয়া করি না।’ হুমায়ূন বলত, ‘মরে যাওয়ার পর কেউ মনে রাখল কি রাখল না, এ নিয়ে আমার মাথাব্যথা নেই। এ মুহূর্তে আমি আমার পাঠকদের তৃপ্তি দিতে পারছি, এটাই আমার তৃপ্তি।’সেদিনও কথাচ্ছলে এ বক্তব্যের পুনরাবৃত্তি করলে বলেছিলাম, হুমায়ূন, তুমি তোমার পরমায়ু মৃত্যুর পরও অন্তত ১০০ বছরের জন্য নিশ্চিত করে নিয়েছ। হুমায়ূন তার স্বভাবসুলভ বিনয়ী হাসিতে আপত্তি জানিয়েছিল—‘আপনি কি যে বলেন!’ আজ মনে হচ্ছে, সেদিন হুমায়ূন আর আমি—আমরা দুজনই ভুল করেছিলাম। হুমায়ূন বলেছিল, পাঠকদের তৃপ্তি দিয়েই সে তৃপ্ত। এখন মনে হচ্ছে, তৃপ্তির চেয়ে অতৃপ্তিই তো জাগাত বেশি। যেমন তার অনুরাগী কবি আবু হেনা মোস্তফা কামাল ওকে একটা বই উৎসর্গ করতে গিয়ে যা লিখেছিলেন, তা ছিল অনেকটা এ রকম—হুমায়ূনের প্রতিটি বই তিনি পড়েন। আর অধীর প্রতীক্ষায় থাকেন, কখন আরেকটা নতুন বই হাতে পাবেন! এ তো পাঠকের অতৃপ্তিই। অবশ্য বলার অপেক্ষা রাখে না, এই অতৃপ্তি আনন্দদায়ক! ভিন্ন স্বাদের। আর সেই যে আমি বলেছিলাম, বাড়তি ১০০ বছরের পরমায়ু—এ হিসাবটাও ঠিক নয়; হুমায়ূন এখন চিরঞ্জীব।আমার এই উক্তিতে কারও কারও মনে সংশয় দেখা দিতে পারে। বলা হতে পারে, হুমায়ূন একটা বিশেষ সময়ের বিশেষ কিছু মানুষের আনন্দ-বেদনা আর পাওয়া না-পাওয়ার ছবি হূদয়গ্রাহী দরদ দিয়ে এঁকে গেলেও তার স্থায়িত্ব কত হতে পারে? সময়ের সঙ্গে সঙ্গে এই মানুষগুলো আর তাদের আবেগ সবই বদলে যাবে।এ প্রশ্নের জবাবে শেক্সপিয়ারকে সামনে আনা যায়। প্রায় ৫০০ বছর অতিক্রম করে ইউরোপীয় সমাজ আমূল পাল্টে গেছে। শেক্সপিয়ারের পাত্র-পাত্রী, রাজা-রানিরা এখন বলতে গেলে বিলুপ্ত প্রাণী। তাঁর রচনার আবেদন কিন্তু বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে, শেক্সপিয়ার জীবনের যে সত্য আর সৌন্দর্য উদ্ঘাটন করে গেছেন, পরিবর্তিত পরিবেশেও তা নতুন ব্যঞ্জনায় দ্যুতিময় হয়ে ওঠে। তাবৎ সার্থক শিল্পকর্মের নিয়তি তা-ই। এর আবেদন কখনো ফুরিয়ে যাওয়ার নয়। হুমায়ূনের জোছনার ফুল ধরার আকুতি একই তাৎপর্য বহন করে। হুমায়ূন আহমেদ আমাদের স্বাধীনতার সন্তান। এ দাবির সাক্ষ্য বহন করছে এবং অনন্তকাল ধরেই করবে মুক্তিযুদ্ধ আর তার চেতনাকে অবলম্বন করে রচিত তার গ্রন্থাবলি। সৌরভ থেকে জোছনা ও জননীর গল্প হয়ে দেয়াল (বইটি আদৌ যদি প্রকাশিত হয়। আমার বিশ্বাস, অসম্পূর্ণ রচনা হলেও প্রকাশ পাবেই।) পর্যন্ত যার বিস্তার। মুক্তিযুদ্ধের এই বিশ্বস্ত অনুসারীর কাছে বাংলাদেশের তথা বাংলা সাহিত্যের পাঠকের বারবারই ফিরে যেতে হবে। হুমায়ূনের আয়ু তাই অনন্ত। বছরের হিসাবে তার পরিমাপ সম্ভব হওয়ার নয়।হুমায়ূন আহমেদের চলে যাওয়া এবং সম্প্রতি তার জন্মদিন এই জনপদে যে আলোড়ন তুলেছে, তার দ্বিতীয় নজির আমার অন্তত জানা নেই। পত্রপত্রিকায় লেখা স্মৃতিচারণা আর মূল্যায়নমূলক রচনা প্রকাশিত হচ্ছে। ব্যক্তি এবং লেখক হুমায়ূনের অনুরাগী হিসেবে আমি তাতে খুবই আনন্দিত। কেননা, এর থেকেই তার পরিচয় স্পষ্টতর হবে। হুমায়ূন আহমেদের কাছে যাওয়ার সুযোগ যাঁদের হয়নি, তাঁরা তো আর সে সুযোগ পাবেন না। তবে অন্যভাবে কাছে পৌঁছানোর সুযোগ দিতে পারে এসব স্মৃতিচারণা আর মূল্যায়ন। সংগতভাবেই এ-জাতীয় রচনায় যাঁরা ব্রতী হবেন, তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। অনেক লেখাতেই এ সচেতনতার অভাব দেখছি বলেই এ কথাগুলো বলতে বাধ্য হচ্ছি।অনেককে দেখছি, হুমায়ূন প্রশস্তির তুবড়ি ছোটানোর ফাঁকফোকরে এমন কথা ঢুকিয়ে দিচ্ছেন যে হুমায়ূন গল্প বলার অসাধারণ ক্ষমতা বলে পাঠকদের মন ভোলালেও আদতে কোনো উপন্যাস লেখেননি। একজনকে দেখছি, ঐতিহাসিক উপন্যাস বাদশানামদার নিয়ে আলোচনায় বসে নিজের ইতিহাস পাঠের ফিরিস্তি টেনে এ উপসংহারে পৌঁছেছেন, ‘হুমায়ূন আহমেদের বই ধরে ধরে সাহিত্যিক মূল্য বিচারে বিশেষ ফায়দা নেই। তাঁর শ্রেষ্ঠত্ব অন্যত্র।’ সেই অন্যত্রটাও তিনি নির্দেশ করেছেন, যা হচ্ছে পাঠকপ্রিয়তা বা জনপ্রিয়তা।এমনসব ভিত্তিহীন মন্তব্য দেখে সন্দেহ হয়, এটা কোনো অপপ্রচারের কৌশল কি না। অন্যথায় গুরুত্বপূর্ণ মাধ্যমে যাদের লেখা ঠাঁই পায়, তাদের পক্ষে হুমায়ূন সাহিত্যের মান উপলব্ধি করা কঠিন হওয়ার কথা নয়।উপসংহারে বলার কথা একটাই, অপপ্রচার আগেও হয়েছে। তার জীবনকালেই তাকে এমন কথা শুনতে হয়েছে যে হাতে অতি দামি একটি ক্যামেরা নিয়ে হুমায়ূন কেবল জন্মদিনের ছবিই তুলে গেলেন। মিসির আলি যমনিবাস নামের বই ছেপে কুৎসা করার চেষ্টাও হয়েছে। ‘অপন্যাস’ বলে অপশব্দ উদ্ভাবন করে হুমায়ূন রচিত উপন্যাসকে হেয় করার চেষ্টা করা হয়েছে। অপন্যাস অপবাদ ঘাড়ে চেপেছে তার উদ্গাতার। ‘যমনিবাস’ কোন যমের ঘরে ঠাঁই নিয়েছে, তার হদিস পাওয়া ভার। হুমায়ূন সাহিত্য কিন্তু উজ্জ্বলতর মহিমা নিয়ে বর্তমান। আর তাই থাকবে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত। বুঝে কিংবা না বুঝে যাঁরা কটুকাটব্য করেন, তাঁদেরই সংযত হওয়া আবশ্যিক।সালেহ চৌধুরী