২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। প্রতিবছর সারা বিশ্বে এ দিবসটি পালিত হয় হৃদ্রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করে তোলার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন শুরু থেকেই প্রতিবছর এই দিনটি পালন করে আসছে।
হৃদ্রোগ সারা বিশ্বে ১ নম্বর ঘাতক রোগ হিসেবে পরিচিত। প্রতিবছর প্রায় ১ কোটি ৭৩ লাখ মানুষ মারা যাচ্ছে এই রোগে। এর অধিকাংশই অকালমৃত্যু। ২০৩০ সালে এই মৃত্যুর সংখ্যা বেড়ে ২ কোটি ৩০ লাখে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। একমাত্র করোনারি হৃদ্রোগেই বর্তমানে মারা যাচ্ছে প্রায় এক কোটি মানুষ। বাংলাদেশেও হৃদ্রোগ ক্রমেই বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে এই রোগে মৃত্যুর হার শতকরা ১৭ ভাগ।
করোনারি হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগ, জন্মগত হৃদ্রোগ, রিউমেটিক হৃদ্রোগ, হৃৎস্পন্দনের ছন্দহীনতা, হার্ট ফেইলিওর, কার্ডিওমায়োপ্যাথিসহ সব ধরনের হৃদ্রোগই পরিলক্ষিত হয় আমাদের দেশে। তবে করোনারি হৃদ্রোগ নিয়ে আমরা বেশি চিন্তিত ও আশঙ্কাগ্রস্ত। মানুষের জীবনের মধ্য বয়সে সবচেয়ে কর্মক্ষম, উদ্যম ও উদ্যোগী সময়ে এই ঘাতক রোগ আবির্ভূত হয় প্রাণসংহারী রূপে। প্রাণ না গেলেও শারীরিক সীমাবদ্ধতা, অক্ষমতা ও ভীতি দেখা দেয় অনেকের মধ্যে। ব্যক্তি ও পরিবারের আশা-আকাঙ্ক্ষা থমকে দাঁড়ায়।
একটা প্রচলিত ধারণা আছে যে হৃদ্রোগ সমাজের উচ্চবিত্তের রোগ, বয়স্ক জনগোষ্ঠীর রোগ ও পুরুষেরা এ রোগে আক্রান্ত হন। ধারণাটা মোটেই ঠিক নয়। ধনী-গরিব, পুরুষ, মহিলা-নির্বিশেষে সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন। এমনকি কম বয়স্কদের মধ্যেও এ রোগের হার একবারে কম নয়। লবণ ও চর্বিসমৃদ্ধ ফাস্টফুড গ্রহণ, সারা দিন ক্লাস ও কম্পিউটারে বসে থাকা, খেলাধুলা, হাঁটা বা ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম না করার প্রবণতা—আমাদের শিশুরাও ভবিষ্যতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে।
ধূমপান, দৈহিক স্থূলতা, তেল, চর্বিজাতীয় খাদ্য, প্রয়োজনের অতিরিক্ত লবণ, কায়িক পরিশ্রমবিমুখতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হৃদ্রোগের ঝুঁকির মধ্যে অন্যতম। দক্ষিণ এশীয় জনগোষ্ঠীতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার হার একটু বেশি। এ জন্য দায়ী আমাদের খাদ্যাভ্যাস ও খাদ্য উপকরণ। আমরা ভাত ও শর্করাজাতীয় খাবার এবং তেলযুক্ত খাবার বেশি খাই, তাই এ রোগের প্রবণতাও আমাদের মধ্যে বেশি। তবে আশার কথা হলো অধিকাংশ হৃদ্রোগই প্রতিরোধ করা সম্ভব এর ঝুঁকিগুলো প্রতিকার এবং প্রতিরোধের মাধ্যমে। অনেক দেশে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে নানা প্রতিরোধব্যবস্থা অবলম্বন করায় দিন দিন কমে আসছে এ রোগ। আমরাও পারি এসব রোগ থেকে আমাদের স্বজনদের রক্ষা করতে।
আমাদের সবাইকে শারীরিক পরিশ্রম না করার প্রবণতা ত্যাগ করে নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস করতে হবে। অতিরিক্ত লবণ বা চিনি এবং সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। শাকসবজি, ফলমূল বেশি খেতে হবে। ধূমপান-জর্দা-তামাক-গুল-বিড়ি-সাদাপাতা সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। পরোক্ষ ধূমপানের হাত থেকে সমাজকে মুক্ত রাখতে হবে। শারীরিক স্থূলতা কমাতে হবে। চিন্তামুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ হতে হবে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বোপরি আমাদের খাদ্যাভ্যাসে, জীবনযাত্রায়, চিন্তাচেতনায় পরিমিতিবোধ আনতে হবে। তবেই আমরা পারব হৃদ্রোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে।
অন্যদিকে যাঁরা হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের পর্যাপ্ত চিকিৎসা করাতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই নিয়মিত ওষুধ খেতে হবে সারা জীবন ধরে শরীরের মধ্যে রোগের ক্রমবিকাশমান প্রক্রিয়া দমনে রাখার জন্য। সমন্বিতভাবে চেষ্টা করলে আমরা ২০২৫ সালের মধ্যে হৃদ্রোগে মৃত্যুর হার কমপক্ষে ২৫ ভাগ কমিয়ে আনতে পারব। এ জন্য হৃদ্রোগ প্রতিরোধ প্রক্রিয়া শুরু করতে হবে এখনই, আমাদের ঘর থেকে। ছড়িয়ে দিতে হবে সমাজে-রাষ্ট্রে।
বাসগৃহে সব ধরনের ধূমপান ও তামাকজাতীয় দ্রব্য বন্ধ করুন। ঘরে নিজের কাজ নিজে করতে সবাইকে উদ্বুদ্ধ করুন। পরিবারের সবার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। ঘরে স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করুন। তেল-চর্বিজাতীয় খাদ্য সীমিত রাখুন। ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন। অফিস বা স্কুলের জন্য বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত খাবার দিন। কর্মক্ষেত্র, স্কুল-কলেজ-মাদ্রাসা ও খেলার মাঠগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করুন। ধূমপান ত্যাগে সবাইকে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে হেঁটে অথবা সাইকেলে স্কুল-কলেজ বা কর্মস্থলে যাওয়া-আসা করুন। কর্মক্ষেত্রে ওঠা–নামায় সিঁড়ি ব্যবহার করুন। নিজ নিজ এলাকায় হাঁটার ব্যবস্থা গড়ে তুলুন। শারীরিক পরিশ্রমের জন্য স্কুল-কলেজ-মাদ্রাসায় মাঠ বা ব্যায়ামাগার স্থাপন করুন।
রেডিও, টেলিভিশনসহ সব প্রচারমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক প্রচার-প্রচারণা বৃদ্ধি করুন। পাঠ্যপুস্তকে স্বাস্থ্যবিষয়ক সূচি অন্তর্ভুক্ত করুন। ধূমপান, ফাস্টফুড, কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাদ্যের বিজ্ঞাপন সীমিত করুন এবং এর বিরূপ ক্রিয়া সম্পর্কে সবাইকে সচেতন করুন। স্বাস্থ্যকর-হৃদ্বান্ধব পরিবেশ গড়ে তুলুন। হৃদ্রোগ চিকিৎসা সহজলভ্য করার জন্য রাষ্ট্রকে বলুন।
প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা এ রোগের প্রবণতা অনেক কমিয়ে আনতে পারি—এ বার্তাটি পৌঁছে দিতে হবে সবার মধ্যে। আমরা চাই হৃদ্রোগ থেকে বঁাচতে, আমাদের স্বজন-প্রিয়জনকে বঁাচাতে। তাই এই মুহূর্তে প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে হৃদ্রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করা, সম্পৃক্ত করা।
আসুন, গড়ে তুলি হৃদ্বান্ধব পরিবার, সমাজ ও দেশ। চাই সুস্থ হার্ট-প্রাণবন্ত জীবন, সবার জন্য সবখানে।
অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ: বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।