হৃদয় ঢেকে যাচ্ছে রক্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুব্ধ, বিপর্যস্ত, বিপন্ন মন নিয়ে সবাই অপেক্ষায় ছিল, এবার সরকারের তরফ থেকে কী বলা হয়, তা শুনতে। অবশ্য ফেসবুক, টুইটার, আলাপ-আলোচনায় মানুষ নিজেরাই জানিয়ে যাচ্ছিলেন, সরকার কী বলতে পারে...। তাঁদের ভাবনার ছক ভাঙতে পারেনি সরকার। তাঁদের দেওয়া সরকারের কাল্পনিক আগাম বাণীর রেশ ধরেই যেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সব দেশেই এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে।’ পরে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এ-ও বলেছেন, তিনি এটা বলতে চাননি। তিনি বলতে চেয়েছিলেন...তবে ততক্ষণে মানুষ যা শোনার শুনে ফেলেছে। বর্তমান জমানায় ইন্টারনেট আর ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে প্রতিটি মানুষই তথ্যসমৃদ্ধ। তাদের আজ এ কথা, কাল ও কথা বলে বিভ্রান্তির ঠুলি পরানো কঠিন। 

এ বছর আমরা বেশ কয়েকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঠাঁই পেয়েছি। সাগরপথে মানব পাচার, রাজন খুন, অভিজিতের হত্যাকাণ্ড, ইতালীয় নাগরিক খুন, জাপানি নাগরিক হত্যা, শিয়াদের ওপর হামলা, তারপর তরুণ প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের দিনেই ঘটেছে আরেক প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল ও লেখক-ব্লগার-কবি তারেক রহিম, রণদীপম বসুর ওপর হামলা। তিনজনই মৃত্তুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুরোনো প্রেম ভুলতে মোক্ষম একটি দাওয়াই আওড়ানো হয় হরহামেশা—‘নতুন প্রেমে মজো’! ব্যাখ্যা: একটা তীব্র ঢেউ তীরে যে ক্ষত তৈরি করে, তার চিহ্ন কেবল প্রচণ্ড আরেকটি ঢেউই পারে মুছে দিতে। আমরা এ দেশের মানুষ। প্রেম, ভালোবাসার মধুর ক্ষত আমাদের হৃদয়ে জমার সুযোগ বড় কম। তবে একটি দুঃস্বপ্নের মতো গা শিউরে ওঠা আতঙ্ক ভোলাতেই হয়তো একের পর এক হাজির হচ্ছে হরর ছবির মতো ঘটনা।
শনিবারের হত্যা-হামলার আগে গত ৭ আগস্ট বাসায় ঢুকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলকে। একইভাবে প্রাণ হারিয়েছেন আরও চার ব্লগার। আছেন এক মাওলানা সাহেবও। হুমকি দেওয়া হয়েছে দেশের ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে। তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। অভিজিৎ হত্যাকাণ্ডের পর হুমকি ছিল অভিজিতের বই প্রকাশ করা প্রকাশক আহমেদুর রশীদের ওপর। তিনিও পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন।
প্রতিদিন আমাদের সংবাদপত্রের পাতা, ইলেকট্রনিক মিডিয়া, হালের বিকল্প সংবাদমাধ্যম হয়ে ওঠা ফেসবুক বা ব্লগগুলো ছেয়ে থাকে খুন হওয়া শিশুদের নির্বাক চাহনি, মায়েদের হাহাকারে। থাকে ধর্ষণ, যৌতুকের জন্য স্ক্রু-ড্রাইভার দিয়ে স্ত্রীকে প্রকৌশলীর নির্যাতন, অথই সমুদ্রে দেশ-কালহীন অনাহারী মানুষের চিৎকার। শুনতে শুনতে, দেখতে দেখতে শরীর অসাড় হয়ে আসে। মাথায় জমে হিম শীতলতা।
মানুষ একপর্যায়ে গিয়ে আর সব প্রাণীর মতোই পশু। বরং অন্য প্রাণীদের তুলনায় মানুষই সবচেয়ে বেশি নিজের ও স্বজাতির সঙ্গে ধ্বংসাত্মক আচরণ করে। সে প্রতারণা করে, চুরি করে, খুন করে, নিজেকে আড়াল করতে দেহকে সাজিয়ে তোলে নিত্যনতুন অলংকারে।
নৃশংসতা আদিমতা আমাদের জিনগত। ২০০৮ সালে সাইকোফারমাকোলজি নামের লাইফ সায়েন্স জার্নালে মানুষের নৃশংস প্রবৃত্তি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে দেখানো হয় যৌনতা, খাদ্যাভ্যাস বা ওষুধের মতো মানুষের পশুবৃত্তিও বিবর্তিত হয়েছে কালে কালে। জলবায়ু, পরিবেশ, জীবনযাপনের ধরন মানুষের জিনকে প্রভাবিত করে। এ দেশের মানুষ তো বহু আগেই নিজেকে উঁচু স্তরের মানুষের আসনে প্রতিষ্ঠিত করেছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, মানবিকতা বারবার সে প্রমাণ রেখেছে। তাহলে আজ কেন বারবার আমাদের দাঁড়াতে হচ্ছে কিছু প্রশ্নের সামনে: ‘আমরা কি সভ্য জাতি?’ ‘আমরা কোথায় যাচ্ছি?’ ‘কী হচ্ছে?’ ‘কীভাবে সইছি এত খুন, বর্বরতা, হাহাকার?’ প্রকাশিত সংবাদগুলোর পাঠক প্রতিক্রিয়া দেখলে এসব প্রশ্নই তো চোখে পড়ে।
চারদিকে এত রক্ত দেখতে দেখতে খেই হারায় জীবন। মনের গভীরে ভেসে ওঠে দুটি কালো চোখ। এ চোখ নারায়ণগঞ্জের রফিউর রাব্বির ছেলে ত্বকীর। কত ছিল ছেলেটির বয়স? ১৪ থেকে ১৫। তখন ওর লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকদের বোর্ড-প্রধান জানিয়েছিলেন, ‘ত্বকীকে মাথার তিনদিক থেকে আঘাত করে হত্যা করা হয়েছে। এ আঘাতই ত্বকীর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। কিন্তু হত্যাকারীরা মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য তার গলা চেপে শ্বাসরোধে হত্যা করেছে। একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। অণ্ডকোষ থেঁতলে দেওয়া হয়েছে’ (দৈনিক প্রথম আলো: ১৬ নভেম্বর, ২০১৩)। মানুষ হত্যার বর্বরতাকে যেন দিন দিন আরও বীভৎস করে তুলতে চারদিকে চলছে উৎসব।
সরকার জনগণের রক্ষক। এ বীভৎসতা বন্ধে তাকেই সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে। দায়িত্বহীন মন্তব্য না করে সরকারের মন্ত্রীদের বুঝতে হবে, কোন বেদনা আর আস্থাহীনতা থেকে এক বাবা তাঁর যুবক ছেলে হত্যার বিচার আজ আর চান না।