হেফাজতের অবরোধ ও রেশমি চিঠি ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওলানা মো. জোনায়েদ হেফাজতে ইসলামের মহাসচিব। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হেফাজতের সাংগঠনিক সম্পাদক। ৪ মে তাঁদের সঙ্গে টেলিফোনে কথা হয়। তাঁদের জিজ্ঞেস করি, মতিঝিলের মহাসমাবেশে আপনারা বলেছেন, ‘আমাদের ধমনিতে মাদানির রক্ত বইছে।’ আল্লামা শাহ আহমদ শফীর ছেলের নামের শেষেও মাদানি আছে। উল্লিখিত মাদানি ও তাঁর সঙ্গে বিংশ শতাব্দীর একটি রেশমি রুমাল ষড়যন্ত্রের গল্প বলব। কারণ, এই গল্প ও তার বিবর্তনের মধ্যে আমরা হেফাজতের ভারতীয় ভ্রাতাদের অনুসৃত ধর্মনিরপেক্ষতা এবং অহিংস নীতির সঙ্গে হেফাজতের ধর্মনিরপেক্ষতাবিরুদ্ধ অবস্থান ও দৃশ্যত সহিংস নীতির মধ্যে মিল-অমিল খুঁজব।আজ যাঁরা অবরোধ ডেকেছেন তাঁরা দেওবন্দি অনুসারী। দেওবন্দ ভারতের উত্তর প্রদেশের একটি শহর। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রেক্ষাপটে ১৮৬৬ সালে গড়ে ওঠে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় দেওবন্দিদের সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ। বিপুলসংখ্যক বাংলাদেশি ছাত্র দেওবন্দে গিয়ে শিক্ষা নেন।আজিজুল হক মাওলানা মাদানির সঙ্গে আল্লামা শফীর সম্পর্ক কতটা গভীর, তার বিবরণ দেন। বললেন, হুজুর শৈশবে দেওবন্দের ছাত্র ছিলেন। সেখানেই তিনি তাঁর উস্তাদ শাইখুল ইসলাম হজরত মাওলানা সৈয়দ হুসেইন আহমেদ মাদানির সান্নিধ্যে আসেন। ১৯৫৭ সালে তিনি তাঁর মৃত্যুর আগে আল্লামা শফীকে খিলাফত দিয়ে যান। একই আদলে আল্লামা শফী হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসা চালান। উপরন্তু আল্লামা শফী কিন্তু দেওবন্দ তথা তাঁর উস্তাদের বংশধরদের বিস্মৃত হননি। এটা বোঝা দরকার, হেফাজতের ১৩ দফার যে অন্তর্নিহিত দর্শন, তার শিকড় কোথায়। কারণ, এর সঙ্গে তো দেওবন্দের প্রাণপুরুষদের মতাদর্শগত বিরাট দ্বন্দ্ব দেখি। তাই প্রশ্ন করি, ধর্মনিরপেক্ষ ভারতে বেড়ে ওঠা দেওবন্দিদের সঙ্গে আপনাদের কি কোনোই আদর্শগত অমিল নেই? মাওলানা ইসলামাবাদীর দ্ব্যর্থহীন উত্তর: না। আল্লামা শফীর শিক্ষাগুরু হুসেইন আহমদ মাদানির জ্যেষ্ঠপুত্র মাওলানা সৈয়দ আসাদ মাদানি হাটহাজারীতে নিয়মিত এসেছেন। ওয়াজ নসিহত করেছেন। তিনি স্বনামধন্য ইসলামি পণ্ডিত। রাজ্যসভায় সদস্য ছিলেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যুর পরে রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী প্রমুখ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২০০৬ সাল থেকে তাঁরই ছোট ভাই মাওলানা আরশাদ মাদানি জমিয়তের সভাপতি হন। আরশাদ মাদানি গত ডিসেম্বরে হাটহাজারীতে আল্লামা শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন বলে জানান ইসলামাবাদী। গত ১১ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটি জাতীয় স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। যাঁদের ঘিরে এই স্মারক ডাকটিকিট, আল্লামা শফীর আধ্যাত্মিক নেতা মাওলানা মাদানি তাঁদের অন্যতম। মাওলানা মাদানি অন্যান্য দেওবন্দির মতোই ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজির অহিংস আন্দোলনের সমর্থক ছিলেন। দেওবন্দিরা রেশমি চিঠি আন্দোলন গড়েন। এটা ছিল স্বাধীনতার পক্ষে দেওবন্দিদের ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’। ওসমানীয় সাম্রাজ্যের সঙ্গে মিত্রতা করে ভারত স্বাধীন করার ষড়যন্ত্র ছিল সেটা। কিন্তু সেই পরিকল্পনা পাঞ্জাবের সিআইডি ধরে ফেলে। রেশমি কাপড়ে লেখা ওই চিঠিটি দেওবন্দি নেতা উবায়দুল্লাহ সিন্ধি লিখেছিলেন পারস্যে অবস্থিত মেহমুদ হাসানের কাছে। মেহমুদ হাসান ছিলেন দেওবন্দের অধ্যক্ষ। সেই থেকে মাদানি পরিবারের সদস্যরা স্বাধীন ভারতে ধর্মনিরপেক্ষতা ও ইসলামের মধ্যে সংঘাত দেখেননি।১৯১৬ সালের ওই ঘটনায় মেহমুদ হাসান ও তাঁর শিষ্য হুসেইন আহমেদ মাদানি গ্রেপ্তার হয়েছিলেন। মেহমুদ হাসান মালটায় নির্বাসিত হন। উস্তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাওলানা মাদানি তাঁর সঙ্গে স্বেচ্ছা কারাবরণ করেন এবং সেখানে কোরআন হেফজ করেন।আদর্শ ও দর্শনগত চিন্তা-চেতনায় জ্যেষ্ঠ দেওবন্দিদের আদর্শ ও তরিকা অনুসরণ করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরম্পরা লক্ষ করা যায়। দেওবন্দিরা রক্ষণশীল বটে। কিন্তু অহিংস পন্থা অব্যাহতভাবে তাদের মূলমন্ত্র। তাহলে হঠাৎ বাংলাদেশি দেওবন্দিদের কী হলো? গতকাল তাই প্রশ্ন করি, আল্লামা শফীর দেওবন্দি গুরুরা ধর্মনিরপেক্ষতার সঙ্গে ইসলামের বিরোধ দেখেননি, বরং মাওলানা মাদানি গান্ধীজির অহিংস নীতি অনুসরণে ফতোয়া দিয়েছিলেন। সেই অবস্থানের সঙ্গে আপনাদের আজকের অবস্থান অসামঞ্জস্যপূর্ণ নয় কি? উত্তরে মাওলানা জোনায়েদ বলেন, ‘ধর্মনিরপেক্ষতাকে যাঁরা ইসলামের অঙ্গ মনে করেন, তাঁরা প্রকৃত দেওবন্দি নন। আর ব্রিটিশ ভারতে অহিংস নীতির প্রতি দেওবন্দিদের সমর্থন ছিল কৌশলগত।’ তাঁর এই পর্যবেক্ষণ দেওবন্দিদের প্রকাশ্য ঐতিহাসিক দাবি নাকচ করার শামিল।শীর্ষ দেওবন্দি সংগঠন জমিয়ত বলছে, ‘ভারতের স্বাধীনতা লাভের পরে ভারতীয় রাষ্ট্রের চরিত্র যাতে ধর্মনিরপেক্ষ হয় এবং একটি ধর্মনিরপেক্ষ সংবিধান তৈরি করা হয়, সে জন্য দেওবন্দিরা উল্লেখযোগ্য অবদান রাখেন।’ ভারতের গণপরিষদে এ বিষয়ে ভূমিকা রেখেছিলেন প্রখ্যাত দেওবন্দি নেতা জমিয়ত মহাসচিব মাওলানা হিফজুর রহমান। এমনকি দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রস্তাবিত পাকিস্তানের বিরোধিতা করেছিলেন আল্লামা শফীর উস্তাদ মাওলানা মাদানি। মাওলানা মাদানির আরেকটি বড় অবদান, তিনি কোরআন ও হাদিসের ভিত্তিতে ‘সম্মিলিত জাতীয়তাবাদ’ এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সব ধর্মীয় সম্প্রদায়ের যৌথ সংগ্রাম ও আন্তসম্প্রদায় ঐক্যের ধারণা দিয়েছিলেন।দেওবন্দিদের নারীনীতিসহ কিছু ফতোয়া নিয়ে ভারতেও বিতর্ক আছে। তবে ধর্মনিরপেক্ষতার প্রতি তাদের অঙ্গীকারে বিচ্যুতি দেখা যায় না। গত ২৮ মার্চ মাদানিপুত্র আরশাদ মাদানি কেরালায় বলেন, ‘একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেউ আশা করে না যে নিরীহরা পদ্ধতিগতভাবে নির্যাতনের শিকার হবেন।’ গতকাল ইসলামাবাদী বলছিলেন, আল্লামা শফীর পাশে বসে চট্টগ্রামে গত ডিসেম্বরে মাওলানা আরশাদ সোয়া ঘণ্টা বক্তৃতা করেন। ১৪ কোটি মুসলিম বাংলাদেশে। ভারতে প্রায় ২৩ কোটি। দ্য হিন্দুকে (৪ ফেব্রুয়ারি, ২০১৩) দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আরশাদ বাংলাদেশ বা পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেন, ‘ভারতের প্রতিবেশীদের মধ্যে ভারতের মতো ধর্মনিরপেক্ষ আর কোনো দেশ নেই। ভারতীয় মুসলমানরা মর্যাদার সঙ্গে অগ্রগতি সাধন করছেন এবং সসম্মানে জীবন যাপন করছেন।’ আমরা চাই ধর্মনিরপেক্ষতা নিয়ে এই গর্ব করুক আজকের অবরোধে অংশগ্রহণকারী দেওবন্দিরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ববিরোধী অবস্থান দেখে তাদের বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ইসলাম সংবিধানে আছে। এটা আরেকটি ভাঁওতা। হেফাজতের অধিকাংশ দফার মতো ধর্ম প্রশ্নে আওয়ামী লীগের সংবিধানগত অবস্থানও মধ্যযুগীয়। ভারতীয় দেওবন্দিরা সে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে ইসলামের সংঘাত দেখতে পান না। তাহলে আপনারা কেন বাংলাদেশে ধর্মসংক্রান্ত দাবিদাওয়া সংবিধানে প্রতিস্থাপনের জন্য জবরদস্তি করছেন। এর উত্তরে মাওলানা জোনায়েদ বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ। কারণ, তার সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু। আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এটাই তফাত।’ সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠিতে ধর্মরাষ্ট্র গঠন কিংবা সংবিধানের ধর্মীয় চরিত্রদানের কথা ইসলামের কোথায় আছে?প্রশ্ন জাগে, আল্লামা শফী কি সেই মাওলানা মাদানির বায়েতপ্রাপ্ত, যিনি ‘ভূখণ্ডগত জাতীয়তাবোধের তত্ত্ব’ দিয়েছিলেন? বলেছিলেন, ‘একটি জাতির জাতি হয়ে ওঠার ক্ষেত্রে একই ধর্ম ও সংস্কৃতির অনুসারী হওয়া প্রয়োজনীয় নয়।’ আল্লামা আহমদ শফীর লিখিত হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব বইয়ে লিখেছেন, ‘বর্তমানে কাদিয়ানি, রেজাখানি, মওদুদি, এনজিও ও শিয়া সম্প্রদায়সহ বিভিন্ন বাতিল ও গোমড়া মতবাদ ইসলাম বিরোধিতায় সক্রিয় রয়েছে।’ তাহলে ১৩ দফায় জামায়াতকে বাদ দিয়ে কাদিয়ানিদের বিরুদ্ধে শর্ত কেন? মাওলানা জোনায়েদের দুর্বল যুক্তি: জামায়াতের প্রসঙ্গ ওঠেনি!রেশমি চিঠি আন্দোলনের (প্রণব মুখার্জির মতে, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়) ধারায় প্রতিষ্ঠিত দেওবন্দি সংগঠন জমিয়ত অহিংস নীতি কখনোই ছাড়েনি। ২০০৮ সালের ৫ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে জমিয়তের দেওয়া একটি ফতোয়া স্মরণযোগ্য: ‘ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। এই দুনিয়ার যেকোনো প্রান্তে দাঙ্গা,শান্তিভঙ্গ, রক্তক্ষয় ও নিরীহ ব্যক্তিদের হত্যা ইসলামের চোখে সবচেয়ে অমানবিক অপরাধ হিসেবে চিহ্নিত।’ মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]