ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিচিত ছিলেন দয়ার সাগর বলে। তিনি অকাতরে দান-খয়রাত করতেন। তাঁর কাছে সাহায্য চেয়ে পায়নি, এমন খুব কমই হয়েছিল। একবার একজন এসে তাঁর সামনে হাত পাতল—
কী চাও?
ভিক্ষা।
ভিক্ষা দেব কেন?
‘অনেক দিন মদ খাই না। পয়সার অভাবে মদ খেতে পারছি না, অবস্থা কী রকম শোচনীয় ভাবুন। পয়সা দিন। মদ কিনে খাব।’
‘না। মদ কিনে খাবে, এ জন্য আমি ভিক্ষা দিই না।’
‘না। তুমি কথা সত্য বলছ না। মাইকেল মধুসূদন দত্তকে মদ খেতে টাকা দিয়েছিলে তুমিই। সে তো তোমার পয়সায় মদ গিলেছে।’
‘তুই একটা মেঘনাদবধ কাব্য লেখ। তোকেও টাকা দেব।’
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর। তিনি আমাকেও টাকা দেন। আমি একটা বই লিখেছিলাম, আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের নির্দেশে। ছোটদের বিদ্যাসাগর। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বইটি বেরিয়েছে। এই বই প্রতিবছর আমাকে টাকা দেয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার উপকার করছেন। এখন আমি তাঁর কি নিন্দা-মন্দ করতে পারি?
একবার এক লোক এসে বলল, বিদ্যাসাগর মশাই, অমুকে তো দেখি খুব আপনার নিন্দা করছে।
বিদ্যাসাগর বিস্মিত। ‘অমুকে নিন্দা করছে আমার! না, করার তো কথা নয়। আমি তো তার কোনো উপকার করিনি।’
আমি এটা অনেক ভেবেছি। যার উপকার আপনি করেছেন, কদিন পরে প্রথম সুযোগে সে ছুরি হাতে পেয়ে এবং সামনে অনেক পিঠ পেয়ে ছুরিটা মারার জন্য আপনার পিঠটাকেই কেন বেছে নেয়।
আমার নিজের বানানো উত্তরটা হলো, আপনি আমার উপকার করেছেন। অকারণে একটা কৃতজ্ঞতার চাদর আমাকে সারাক্ষণ ঘিরে রাখছে। তাতে আমার চলতে-ফিরতে অসুবিধা হচ্ছে। আপনার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে আমি সেই চাদর খুলে ছুড়ে ফেলি। তাতে আমার একধরনের স্বাধীনতা আসে। চিত্তের স্বাধীনতা। আরে বেটা, আমার কিছু উপকার করেছিলি বলে কি তুই আমার মাথা কিনে নিয়েছিস। আমি স্বাধীন। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির...
উপকারীর পিঠে ছুরি মারাই উপকৃতের কর্তব্য—এটা আমি আজ ৩০ বছর ধরে দেখে আসছি। ৩০ বছর আগে আমি একটা সাপ্তাহিক সংবাদপত্রে যোগ দিই। এরপর আরও কিছু সাপ্তাহিক, দৈনিক ঘুরে এখন একটা দৈনিক কাগজে কাজ করছি। যে তারকা আমাদের পত্রিকায় বেশি প্রচার পান, প্রথম সুযোগেই তিনি বলেন, ওই কাগজ তো আমার প্রচারই দিল না। যে রাজনীতিকনানাভাবে আমাদের পত্রিকার সমর্থন পান, শুধু ছবি কিংবা খবর ছাপা নয়, পারলে তাঁর বাগানের ফুলগাছে পানি দিয়ে ফুল ফুটিয়ে তার ছবিও ছেপে দেওয়া হয়, প্রথম সুযোগেই তিনি আমাদের বিরুদ্ধে কঠোর ও কঠিন অবস্থান গ্রহণ করেন। বলেন, ওই কাগজ আমার কোনো প্রচার তো দেয়নি, ওই কাগজ...থাক, সেসব দুঃখের কথা।
সম্প্রতি একটা খবর দেখলাম। একটা হেলিকপ্টার যাচ্ছিল ঢাকা থেকে সিলেটের দিকে। সিলেটে বেঙ্গল আয়োজিত সংস্কৃতি উৎসবে যোগ দিতে ওই হেলিকপ্টারে যাত্রী হয়েছিলেন কয়েকজন দেশি-বিদেশি। পথে একটা পাখি এসে হেলিকপ্টারের সামনের কাচ ভেঙে ঢুকে পড়ে। এরপর পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। মোটামুটি একটা চষা খেতে হেলিকপ্টারটি জরুরিভাবে নেমে পড়ে। এরপর ঢাকা থেকে আরও দুটো হেলিকপ্টার আসে। যাত্রীদের ঢাকা নিয়ে যায়। তারপর পাখির আঘাতে আহত হেলিকপ্টারটিও ঢাকায় ফিরে যায়।
শুনতে পেলাম পাখিসমাজে বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। তারা বলছে, প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার শরীফ খান লিখেছেন, পাখির নাম চা। দুটো উড়ন্ত চা পাখির ছবিও ছাপা হয়েছে। এটা করা হয়েছে পাখিসমাজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। প্রথম আলো পাখিদের বিরুদ্ধে যে অন্যায় করেছে, এই সব চা পাখির খবর দিয়ে তা ঢেকে রাখা যাবে না। কারণ, প্রথম আলো খবর করেছে, ‘হেলিকপ্টারে ঢুকল পাখি, জরুরি অবতরণ।’ এই খবরে যাত্রী সাতজন ঢাকায় ফিরে গেছেন, তা বলা আছে। হেলিকপ্টারটিও ঢাকায় ফিরে গেছে তা বলা আছে। কিন্তু পাখিটার কী হলো, তা বলা নাই। পাখিসমাজ ওই পাখির কুশল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আর এই খবরের শিরোনাম হওয়া উচিত ছিল: হেলিকপ্টারের ধাক্কায় পাখি আহত। পাখিসমাজে শোকের ছায়া।
এরই মধ্যে বিক্ষুব্ধ পাখিসমাজ দাবি তুলেছে, আকাশ চিরকালই ছিল পাখিদের রাজত্ব। সেই আকাশে ঘন ঘন হেলিকপ্টার ইত্যাদি চলাচল করায় পাখিদের নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। অবিলম্বে বাংলার আকাশে সব ধরনের বিমান ও হেলিকপ্টারের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হোক।
আর এই দাবি আদায়ের প্রথম কর্মসূচি হবে, প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে ‘নিপাত যাক নিপাত যাক’ আওয়াজ তোলা।
খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। প্রথম আলো বহুদিন থেকে তার শেষ পৃষ্ঠায় পাখিদের নিয়ে সচিত্র খবর পরিবেশন করে আসছে। তাই তার শোধ পাখিরা এভাবেই নিতে পারে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনাভিজ্ঞতা তা-ই বলে। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্স থেকে চিঠি লিখেছিলেন বিদ্যাসাগরকে,
প্রিয় বন্ধু,
গত মাসের ২৮ তারিখ রোববার আমি বসে আছি আমার ছোট্ট পড়ার ঘরটিতে, এই সময় আমার স্ত্রী কাঁদতে কাঁদতে এল আমার কাছে। বলল, ছেলেমেয়েরা মেলায় যেতে চাইছে, কিন্তু আমার হাতে আছে মাত্র তিন ফ্রাঁ। আচ্ছা ভারতের লোকেরা আমাদের সঙ্গে এমন করছে কেন? আমি বললাম, আজকে ডাক আসবে, আজকে অবশ্যই খবর পাব, কারণ আমি যাকে লিখেছি, তার জ্ঞান আর প্রতিভা প্রাচীন ঋষির মতো, উদ্যম একজন ইংরেজের মতো আর হৃদয়টা একজন বাঙালি মায়ের। আমি ঠিকই বলেছিলাম। কারণ, ঘণ্টাখানেক পরেই তোমার চিঠি আর দেড় হাজার টাকা এসে পৌঁছাল।...
মাতাল ভিক্ষুকটি তো ভুল বলেনি। ঈশ্বরচন্দ্র মাইকেল মধুসূদন দত্তকে মদ খাওয়ার জন্য টাকা দিয়েছিলেন, কারণ তিনি মেঘনাদবধ কাব্য লিখেছিলেন।
ইশপের গল্প থেকে ‘বাঘ ও বক’ কিন্তু ঈশ্বরচন্দ্রই বাংলায় লিখে প্রকাশ করেছিলেন।
‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল।’ পুরস্কার পাবে, এই আশ্বাস পেয়ে এক বক তা বের করে দিল লম্বা ঠোঁট দিয়ে। কিন্তু পুরস্কার? বাঘ বলল, আমার হাঁ-য়ের মধ্যে মাথা ঢুকিয়ে তুই বের করে নিতে পারলি, এটিই তো বড় পুরস্কার। ভাগ, না হলে চিবিয়ে খাব।
বক তাড়াতাড়ি ভাগল।
এই গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম। এটা আমাদের মনে রাখা উচিত। যাঁরা আমাদের উপকার করেন, তাঁদের মাথা চিবিয়ে খাওয়াই আমাদের কর্তব্য। ইশপের গল্প আমাদের সেই শিক্ষাই দেয়।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।