
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক মাস পূর্ণ হলো আজ। নির্বাচনী প্রচারণার সময় তাঁর নিজ দলেরই কিছু নেতা বলেছিলেন, বাগাড়ম্বরসর্বস্ব এই লোকটি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না। গত এক মাসের প্রতিটি দিন তিনি এ মন্তব্যের যথার্থতা প্রমাণ করেছেন। ইতিমধ্যেই অযোগ্যতা, বিশৃঙ্খলা ও স্ববিরোধিতার জালে আটকে পড়েছে তাঁর হোয়াইট হাউস। এক টিভি ভাষ্যকার কপট উদ্বেগের সঙ্গে মন্তব্য করেছেন, মাত্র চার সপ্তাহ, অথচ মনে হয় না-জানি কতকাল তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার চেয়েও ভয়ের কথা, এই প্রশাসনের হাতে আরও তিন বছর এগারো মাস কাটাতে হবে!
যুক্তরাষ্ট্রের মানুষ যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে আশাহত ও উদ্বিগ্ন, সে কথার প্রমাণ মিলেছে সর্বশেষ জাতীয় জনমত জরিপে। গ্যালাপের সর্বশেষ জনমত জরিপ অনুসারে, মাত্র ৩৮ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কাজ সমর্থন করে। তাঁকে সমর্থন করে না, এমন মানুষের সংখ্যা ৫৬ শতাংশ। ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় এত কম জনসমর্থন আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্টের বেলায় ঘটেনি। তবে নিজ দলের সমর্থকদের ট্রাম্পের প্রতি সমর্থন বিন্দুমাত্র কমেনি। গ্যালাপ ও পিউ রিসার্চের জনমত জরিপ অনুসারে, রিপাবলিকান দলের সমর্থক ৯০ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কাজে সন্তুষ্ট। নির্বাচনের সময়ই স্পষ্ট হয়েছিল ট্রাম্পের ব্যাপারে আমেরিকা দ্বিধাবিভক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সে বিভক্তি কমানোর বদলে বাড়িয়েই চলেছেন।
ট্রাম্প নিজে অবশ্য মনে করেন, তিনি চমৎকার কাজ করে চলেছেন। বুধবার হোয়াইট হাউসের আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেই দাবি করেন, ইতিমধ্যে তিনি যে ‘অবিশ্বাস্য অগ্রগতি’ অর্জন করেছেন, অন্য কারও পক্ষেই তা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, অসৎ গণমাধ্যমের কারণে তাঁর সাফল্যের খবর সবার কাছে পৌঁছাচ্ছে না। তাঁর প্রশাসন, ট্রাম্পের কথায়, ‘শাণ দেওয়া এক চমৎকার মেশিনের মতো,’ অথচ ‘মিথ্যাবাদী মিডিয়ার’ চোখে সবকিছুই ‘চূড়ান্ত বিশৃঙ্খল’।
নিরপেক্ষ পর্যবেক্ষকেরা অবশ্য ট্রাম্পের এই মূল্যায়নের সঙ্গে একমত নন। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় খ্যাতনামা ভাষ্যকার ফরিদ জাকারিয়া প্রশ্ন তুলেছেন, এই এক মাসে ঠিক কী সাফল্য তিনি অর্জন করেছেন? তিনি বিস্তর শোরগোল তুলেছেন বটে, কিন্তু কোনো ক্ষেত্রেই কার্যত কোনো কাজ সম্পন্ন করতে পারেননি। এই মুহূর্তে কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে, অথচ ট্রাম্প স্বাক্ষর করেছেন এমন আইনের সংখ্যা মাত্র তিনটি। এর মধ্যে একটি আবার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ম্যাটিসের জন্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিশেষ ছাড়পত্র। জাকারিয়া মনে করিয়ে দেন, ক্ষমতা গ্রহণের প্রথম এক মাসে বারাক ওবামা যে কাজগুলো শেষ করেন, তার মধ্যে ছিল অর্থনৈতিক মন্দা কাটাতে এক ট্রিলিয়ন ডলারের ‘স্টিমুলাস’ বাজেট, ৪০ লাখ শিশুর জন্য স্বাস্থ্যবিমা এবং কর্মক্ষেত্রে বৈষম্য কমানোর সুনির্দিষ্ট আইন।
ট্রাম্প এখন পর্যন্ত তাঁর মন্ত্রিসভা গঠন করে উঠতে পারেননি। তিনি এ জন্য বিরোধী ডেমোক্র্যাটদের দোষারোপ করেছেন, যদিও
সে ব্যাপারে সংখ্যালঘু ডেমোক্র্যাটদের হাতে খুব সামান্য ক্ষমতাই রয়েছে। তাঁর মন্ত্রিসভার অনেক সদস্য এখনো সিনেটের অনুমোদন পাননি, তার মূল কারণ যেসব ব্যক্তিকে তিনি মন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব করেছেন, তাঁদের অনেকের প্রয়োজনীয় ‘ব্যাকগ্রাউন্ড চেক’ শেষ হয়নি। তাঁদের অধিকাংশই হয় সাবেক জেনারেল অথবা বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার ব্যবসায়ী, যাঁদের অনেকের ব্যাপারে তাঁর
দলের সদস্যরাই অসন্তুষ্ট। রিপাবলিকান সিনেটরদের আপত্তির কারণেই শ্রমমন্ত্রী হিসেবে তাঁর মনোনীত প্রার্থী নিজেই কেটে পড়েছেন। একাধিক ব্যক্তি তাঁর চাকরি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁর নিরাপত্তা উপদেষ্টা মিথ্যাচারের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন।
সিনেটের অনুমোদন লাগে এমন শীর্ষ কর্মকর্তার সংখ্যা ৬৯৯। এর মধ্যে ১০০ জনের কম ব্যক্তিকে ট্রাম্প মনোনয়ন দিতে সক্ষম হয়েছেন। এ ছাড়া ক্ষমতা হাতবদলের ফলে ফেডারেল পর্যায়ে যে চার হাজার শূন্যপদ সৃষ্টি হয়েছে, তার খুব সামান্যই তিনি পূরণে সক্ষম হয়েছেন।
এর আসল কারণ, নির্বাচনী ক্যাম্পেইন শেষে রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা ও প্রস্তুতির দরকার, ট্রাম্প ও তাঁর উপদেষ্টাদের অধিকাংশের তা নেই।
প্রথম এক মাসে ট্রাম্পের সবচেয়ে উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্যের তালিকায় রয়েছে এক ডজন নির্বাহী আদেশ। এর অধিকাংশই তিনি কী করতে যাচ্ছেন, সে ব্যাপারে আগাম ঘোষণা। যেমন তিনি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় একটি দেয়াল নির্মাণ করবেন, সে কথা জানিয়েছেন। কিন্তু এর জন্য কোনো বাজেট বরাদ্দ নেই, ঠিক কেমন হবে এই দেয়াল, তারও সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। ওবামার আমলে গৃহীত স্বাস্থ্যবিমা বাতিলের কথা তিনি জানিয়েছেন, অথচ তার জায়গায় কী ব্যবস্থা কার্যকর হবে, তার
কোনো নির্দেশনা নেই। অন্য আরেক নির্বাহী আদেশে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তিন সেনাবাহিনীর
যৌথ প্রধানকে সরিয়ে তাঁর অন্যতম উপদেষ্টা স্টিভ ব্যাননকে আসন দিয়েছেন। তাঁর নিজ দলের ভেতরেই এই সিদ্ধান্তের সমালোচনা হয়েছে।
ট্রাম্প বিপুল ঢাকঢোল পিটিয়ে সাতটি মুসলিম দেশ থেকে পর্যটকদের আগমন নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ দিয়েছিলেন। বিচার বিভাগের হস্তক্ষেপের কারণে সে আদেশের বাস্তবায়ন স্থগিত রয়েছে। এই আদেশ প্রস্তুতের আগে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আদৌ কোনো সলা-পরামর্শ হয়নি। এমনকি হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের প্রধান পত্রিকা পড়ে জানতে পারেন এমন একটি আদেশ জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস এই আদেশ অসাংবিধানিক বিধায় আদালতে আইনি লড়াইয়ে অস্বীকার করলে তাঁকে বরখাস্ত করেন ট্রাম্প।
এই এক মাসে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে রাশিয়ার সঙ্গে তাঁর ও তাঁর একাধিক সহকর্মীর গোপন যোগাযোগ। এ কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এফবিআই ট্রাম্প ও তাঁর একাধিক সহকর্মীর নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে যে যোগাযোগ রক্ষা করে চলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে। কংগ্রেসের ভেতরেও রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের দাবির ভিত্তিতে ভিন্ন একটি তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প নিজে এই তদন্তের লক্ষ্য নন, কিন্তু কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে পড়তে পারে, সে কথা অনেকেই বলছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যান কনওয়েও অনৈতিক কার্যকলাপের জন্য সরকারি এথিক্স কমিটির সমালোচনার শিকার হয়েছেন। তিনি এক টেলিভিশন অনুষ্ঠানে ট্রাম্পের কন্যা ইভানকার কোম্পানির প্রস্তুত বিভিন্ন পণ্য কেনার জন্য আবেদন করেন। বিক্রি পড়ে গেছে, এই কারণে একটি ডিপার্টমেন্ট স্টোর ইভানকার তৈরি পোশাক বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিল। ইভানকার পণ্য ক্রয়ের পক্ষে ‘বিজ্ঞাপন’ দিয়ে কনওয়ে সরকারি নীতিমালার লঙ্ঘন করেছেন—এই যুক্তিতে কংগ্রেসে উভয় দলের সদস্যরা দাবি তুলেছেন কনওয়ের কাজের তদন্ত হোক।
বিভিন্ন বৈদেশিক নীতির প্রশ্নেও ট্রাম্প একাধিক জট পাকিয়ে তুলেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে আলাপ-আলোচনার সময় ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে সমালোচনা করেছেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনুসৃত দুই-রাষ্ট্র নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এসব নীতি প্রস্তাবের আগে তিনি নিজ সরকারের ভেতরে যেমন, তেমনি আমেরিকার নিকট মিত্রদের সঙ্গে কোনো আগাম আলাপ-আলোচনার প্রয়োজন দেখেননি।
বিদেশি অতিথিদের সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপচারিতাও প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্টকে তিনি হুমকি দিয়েছেন, অবৈধ বহিরাগত ঠেকাতে তিনি সীমান্ত এলাকায় সৈন্য পাঠাবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের মাঝপথে তিনি ক্রুদ্ধ হয়ে টেলিফোন নামিয়ে রাখেন। হোয়াইট হাউস সূত্র থেকেই তাঁর এসব কথাবার্তার বিবরণ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এসব ছাপিয়ে ট্রাম্পের গত এক মাসে যে জিনিসটি সবচেয়ে প্রবল হয়ে প্রকাশিত হয়েছে তা হলো, মিডিয়ার সঙ্গে তাঁর বিরোধ। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে নানা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন ট্রাম্প। যেমন তিনি দাবি করেন, তাঁর অভিষেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দর্শকের সমাগম হয়েছিল, যদিও কথাটা সম্পূর্ণ মিথ্যা। তিনি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, এমন মিথ্যা দাবিও তিনি করেছেন। তাঁর আরেক দাবি ৩০ লাখ অবৈধ ভোটের কারণে হিলারি ক্লিনটন মোট ভোটের হিসাবে তাঁর চেয়ে এগিয়ে ছিলেন, অথচ তাঁর এই দাবির কোনো প্রমাণ নেই। দেশের প্রধান পত্রপত্রিকা ও টিভি নেটওয়ার্কগুলো এই সব দাবির প্রশ্নে ট্রাম্পের মিথ্যাচারকে প্রমাণপত্রসহ ধরিয়ে দেওয়ার ফলে তিনি সিএনএন, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট-এর মতো মিডিয়ার ওপর দারুণ চটেছেন। বুধবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প মিডিয়াকে তাঁর প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন। শুক্রবার এক টুইটার বার্তায় তিনি সে আক্রমণ এক মাত্রা ওপরে তুলে ঘোষণা করেন, শুধু তাঁর নয়, আমেরিকার মানুষের শত্রু হলো মিডিয়া।
শুধু মিডিয়া নয়, ট্রাম্পের জন্য এক বড় সমস্যা দেশের ভেতরে সাধারণ নাগরিকদের ক্রমবর্ধমান বিক্ষোভ। ২১ জানুয়ারি, তাঁর অভিষেকের পরের দিন, আমেরিকার প্রায় ৬০০ শহরে নারী-পুরুষ এক অভূতপূর্ব বিক্ষোভ পদযাত্রায় অংশ নেন। শুধু ওয়াশিংটন ডিসিতেই প্রায় পাঁচ লাখ নারী-পুরুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন, যা ট্রাম্পের অভিষেকে উপস্থিত দর্শকের প্রায় তিন গুণ। আগামী দিনগুলোতে এই বিক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে পরবর্তী বিক্ষোভের তারিখ ঘোষিত হয়েছে, ৮ মার্চ, বিশ্ব নারী দিবস।
ট্রাম্পের মালিকানাধীন ফ্লোরিডার প্রাইভেট ক্লাব মার-আ-লাগোতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে নৈশভোজ করার সময় সবার সামনে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার অত্যন্ত গোপনীয় বিষয় নিয়ে আলোচনা করেন ট্রাম্প। সে কারণেও তোপের মুখে পড়েছেন এই নবিশ প্রেসিডেন্ট। সেলফোনের আলোয় তাঁরা অতি গোপনীয় নথিপত্র পড়ে দেখছেন, এই দৃশ্য ক্লাবের অনেক অতিথি তাঁদের সেলফোনে তুলে রাখেন।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।