হয়তো মানুষ নয়, রোবটের বেশে!
দুই দশক আগে বাংলাদেশ টেলিভিশনে ‘হারকিউলিস’ আর ‘রোবোকপ’ নামে দুটি জনপ্রিয় সিরিজ দেখানো হতো। একটিতে ছিল হারকিউলিস নামের এক মানবের জয়, অন্যটিতে মারফি নামের এক মানুষের দেহে রোবটের জয়। সে সময় প্রথম আলোর বিজ্ঞান পাতার জন্য একটা লেখা তৈরি করতে হয় আমাকে। তাদের দুজনের মধ্যে লড়াই হলে কে জিতবে? হিসাব-নিকাশ করে আমি দেখিয়েছিলাম, ব্যাপক অস্ত্রভান্ডারে সজ্জিত রোবোকপের সঙ্গে হারকিউলিসের পেরে ওঠা কঠিনই বটে, যতই সে বুদ্ধিমান হোক!
আমরা যখন এসব হিসাব-নিকাশ করছিলাম, তখন আইবিএম ডিপ ব্লু নামে একটি কম্পিউটার বানায়। সেটি একদিন সকালবেলা সে সময়কার দাবার চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দেয়! তার আগ পর্যন্ত আমরা নিশ্চিত ছিলাম যে দাবার মতো ‘বুদ্ধির’ খেলায় যন্ত্র কখনো মানুষকে হারিয়ে দিতে পারবে না। অথচ দেখা গেল, আমরা যাকে দাবা খেলার বুদ্ধি বলি, তাকে অগুনতি উপাত্তে ভাগ করে ফেলা যায় এবং ভালো একটা অ্যালগরিদম দিয়ে মানুষকে বোকা বানিয়ে দেওয়া যায়।
তাড়াতাড়ি করে মানুষ আবার খুঁজে বের করল আধুনিক কম্পিউটারের জনক এলান তুরিংয়ের নানান উপপাদ্য। তুরিং বলেছিলেন, একটা যন্ত্রকে তখনই বুদ্ধিমান বলা যাবে, যদি সেটি ‘কথা না বলে’ শুধু টাইপ করে মানুষকে তার যান্ত্রিকতা সম্পর্ক বোকা বানাতে পারে। সে জন্য তিনি একটি পরীক্ষা পদ্ধতির প্রস্তাব করেন, যা তুরিং টেস্ট নামে পরিচিত। বাঁচোয়া যে এখন পর্যন্ত কোনো যন্ত্র সেটিতে পাস করতে পারেনি।
মানুষে যন্ত্রের পরীক্ষা নেওয়ার পাশাপাশি যন্ত্রও মানুষের পরীক্ষা নেওয়ার কাজটা শুরু করে দিয়েছে অনেক দিন ধরে। ইন্টারনেটে কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে ঢুকতে গেলে, কোনো ফরম পূরণ করতে হলে এখন মানুষকে ‘বলতে হয়’, ‘আই অ্যাম নট আ রোবট’। ক্যাপচা (সিএপিটিসিএইচএ বা কমিপ্লিটলি অটোমেটেড পাবলিক তুরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যান অ্যাপার্ট) নামের এই পরীক্ষা এখন ইন্টারনেটজীবীদের হরহামেশাই দিতে হয়। ঝামেলা হলো, আপনি যে রোবট নন, তার পরীক্ষা কিন্তু কোনো মানুষ নেয় না। সেটি যাচাই করে একটি কম্পিউটার প্রোগ্রাম, বলা ভালো, একটা যন্ত্র! কৃত্রিম বুদ্ধিমত্তার একটি যন্ত্র!
আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সারা পৃথিবীতে এখন এক ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে। ব্রিটিশদের ডিপমাইন্ড নামে একটি প্রতিষ্ঠান কিনে নিয়ে সেখানে প্রচুর বিনিয়োগ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ফল হয়েছে, তাদের যন্ত্র হারিয়ে দিয়েছে গো নামে খেলাটির পৃথিবীর নায়ককে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটা এতই আলোচিত হচ্ছে যে বিল গেটস তো বলেই বসেছেন, তিনি যদি আবার তরুণ বয়সে ফিরে যান, তাহলে যে তিনটি বিষয় নিয়ে পড়বেন, তার একটি হবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স!
কৃত্রিম বুদ্ধিমত্তার এই জোয়ারে ফাঁকে ফাঁকে কিন্তু রোবটিক্সেও একটি দুর্দান্ত অগ্রগতি এসে পড়েছে। এই ঈদের ছুটিতে জানা গেল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন তাদের ২৩ হাজার কর্মীকে ছাঁটাই করবে, কারণ তাদের বিকল্প রোবট তারা পেয়ে গেছে। আর এই রোবটগুলোকে দেখভাল করার জন্য তারা নতুন নয় হাজার পদ তৈরি করছে। শুধু ভক্সওয়াগন নয়, জিএম এবং ফোর্ড কোম্পানিও একই কাজ করছে। এর মানে হচ্ছে, কেবল যে মানব-ড্রাইভার ছাড়া গাড়ি চলবে তা নয়, এগুলোও বানানো হবে মানব-স্পর্শ ব্যতিরেকে। গাড়ির কথা বললেও আমার মনের মধ্যে ভয় পোশাকশিল্পকে ঘিরে। কাপড় সেলাই করার মেশিনও এসে পড়েছে নানান জায়গায়। আগামী কয়েক বছরে এগুলো হয়ে উঠতে পারে পোশাকশিল্পের প্রধান কর্মীবাহিনী। বেতন নিয়ে হাউকাউ নেই, ধর্মঘট নেই, দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন আর বছরে ৩৬৫ দিন কাজ করেও এগুলো হয়রান হবে না। আর সবচেয়ে বড় কথা, রোবটের পোশাকশিল্পকে তখন আর কাজ করতে হবে না কম মজুরির দেশে! চীন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনামের লাখ লাখ পোশাকশ্রমিকের তখন কোনো কাজ থাকবে না। তাদের সুপারভাইজাররা তখন রোবোটদের দেখাশোনা করবেন। তার মানে হলো সুপারভাইজারদের বড় অংশ হয়ে যাবে তখন কম্পিউটার জানা লোক, কম্পিউটার চালানোতে দক্ষ। তার মানে দক্ষতার বেঞ্চমার্ক উঠে যাবে উঁচুতে। ফলাফল হবে এসব পদের লোকেরাও হয়তো তখন এই দেশে পাওয়া যাবে না, আসবে বাইরে থেকে। এখনই যেখানে প্রায় কয়েক লাখ বিদেশি কর্মী আছেন আমাদের এসব সেক্টরে।
রোবট যে কেবল শ্রমঘন শিল্পেরই রূপান্তর ঘটাবে, তা নয়। তা পাল্টে ফেলতে পারে বুদ্ধিবৃত্তিক কাজকর্মের গতি-প্রকৃতিও। মাত্র কদিন আগে অ্যানিমেশন নির্মাতা অস্কার ফিশচিঞ্জারের জন্মদিনে গুগল সবাইকে নিজের মতো করে সুর সৃষ্টির সুযোগ করে দিয়েছে। মনে হচ্ছে, অচিরেই সব মানুষই সুর সৃষ্টি করতে পারবে। কেবল তার প্রয়োজন হবে একটি ভালো ‘রোবট’ সহকারী।
কৃত্রিম বুদ্ধির যন্ত্রগুলো এখনই নিজেরা নিজেদের বানাতে পারে। যেদিন ‘তারা’ ‘সিদ্ধান্ত’ নিয়ে এই কাজটা করতে শুরু করবে, মানবসভ্যতা সেদিন থেকে প্রবেশ করবে নতুন এক যুগে।
হয়তো মানুষ নয়, রোবটের বেশে!