১০ বছরে কতটা পৃথক হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ২২ অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণ রাষ্ট্র নিশ্চিত করবে বলে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক সরকার তা বাস্তবায়ন করেনি। কেননা, বিচার বিভাগকে অনৈতিকভাবে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন এমনকি মিথ্যা মামলা দিয়ে দমন করার অশুভ প্রচেষ্টায় বিচার বিভাগকেও ক্ষমতাসীন দল কোনো কোনো ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

২০০৭ সালের ১ নভেম্বর দেশের বিচারপ্রার্থী জনগণের বহুদিনের আকাঙ্ক্ষিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক্‌করণ করা হয়। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ও এর আইন উপদেষ্টার সদিচ্ছার প্রতিফলস্বরূপ ‘মাসদার হোসেন মামলার আলোকে’ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণ করা হয়।

একটি সভ্য সমাজের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হলো ন্যায়বিচার। কেননা, ন্যায়বিচারবঞ্চিত সমাজে শান্তি, সভ্যতা ও প্রগতি—এককথায় মানবজীবনে কোনো উৎকর্ষ থাকে না। তাই যেকোনো সভ্য সমাজের জন্য ন্যায়বিচার অপরিহার্য। আর এ জন্য প্রয়োজন আইনের শাসন। লর্ড চ্যাথাম বলেছেন, ‘আইন যেখানে শেষ, সেখানেই অত্যাচার শুরু।’

ন্যায়বিচার পাওয়ার পূর্বশর্ত ন্যায়পরায়ণ, সৎ এবং দক্ষ বিচারক নিয়োগ। কিন্তু আমাদের দেশে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে দলীয় মনোভাব আমরা দেখতে পারছি, তার ফলে বিচার বিভাগ আজ বিতর্কিত। বিচারপ্রার্থী জনগণের মনে ন্যায়বিচার পাওয়ার আশা অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। বিচার বিভাগ তার সুমহান ঐতিহ্য, মানমর্যাদা হারিয়ে আজ প্রশাসনের অন্যান্য বিভাগের মতো দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এখন আর কোনো রাখঢাক নেই। ২০১০ সালে টিআইবি রিপোর্টে বিচার বিভাগকে সর্বাপেক্ষা দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করা হয়েছিল। ২০১১ সালে দুর্নীতির কলেবরে পুলিশ বিভাগের একধাপ নিচে স্থান পেয়েছে। এর চেয়ে দুর্ভাগ্য একটি স্বাধীন দেশে আর কী হতে পারে। বিচার বিভাগকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রাখার অশুভ প্রবণতা অতীতের সব প্রচেষ্টা ম্লান করে দিয়ে, বর্তমান সরকার উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে দলীয় মনোবৃত্তির পরিচয় দিয়েছে, যা কোনো অবস্থায়ই সুষ্ঠু ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না। যার ফলে বর্তমান সরকার কর্তৃক বহুসংখ্যক বিচারক নিয়োগ সত্ত্বেও মেধা-যোগ্যতার অভাবে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।

উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ বিধিবদ্ধ নীতিমালা না থাকার ফলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য লাগামহীনভাবে বিচারক নিয়োগ করা হচ্ছে। যার ফলে বর্তমান আওয়ামী লীগ সরকারের সাবেক একজন আইনমন্ত্রীও বলেছেন, আজ যাঁরা বিচারক হয়েছেন তাঁদের কেউ কেউ নিম্নমানের করণিক হওয়ার যোগ্যতা রাখেন না।

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক্‌করণ করার ফলে দেশের সর্বোচ্চ আদালতকে নিম্ন আদালতের শত শত বিচারককে দক্ষতা, যোগ্যতা, সততার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিল থেকেও সুপ্রিম কোর্টের আওতায় একটি পৃথক সচিবালয় বারবার দাবি করা সত্ত্বেও এর বাস্তবায়ন হয়নি।

এখনো আইন মন্ত্রণালয় কর্তৃক নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদায়ন, শৃঙ্খলাবিধিসহ সব কার্যক্রম সম্পন্ন করার পর সুপ্রিম কোর্টের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের পক্ষে অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের সুপারিশগুলোর স্বচ্ছতা এমনকি ন্যায্যতার যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সম্ভব হয় না। ফলে শেষ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের সুপারিশ কার্যকর থাকে বলে প্রতীয়মান হয়। এমনও শোনা যায়, সুপ্রিম কোর্ট কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ করলে সেটি আর আলোর মুখ দেখে না। কাজেই বিচার বিভাগ নামমাত্র কাগজে-কলমে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। কার্যত আইন মন্ত্রণালয় নির্বিঘ্নে তাদের ক্ষমতা ও কর্তৃত্ব বহাল রেখেছে। অনেক ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকেরা সরকারদলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপের মুখে থাকেন বলে মনে হয়। আর তখন সুবিচারে বিঘ্ন ঘটে। গণতন্ত্রবিহীন সমাজে বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যাশা করা বাতুলতামাত্র। বিরোধী মতবাদের লোকদের হয়রানি করার উদ্দেশ্যে অগণতান্ত্রিক সরকার একদিকে যেমন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণ করছে, অপরদিকে বিচার বিভাগকেও পঙ্গু করে ক্ষমতা চিরস্থায়ী করার প্রচেষ্টায় লিপ্ত আছে। সম্প্রতি প্রধান বিচারপতি এস কে সিনহাকে ছুটির আবরণে অপদস্থ করে যেভাবে বিদায় দেওয়া হয়েছে, এটাই এর জ্বলন্ত প্রমাণ।

আজ দেশে বিরোধী মতবাদের লোকদের বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে এবং সরকার ইচ্ছেমাফিক রাজনৈতিক নেতাদের মামলার বিচারকার্য অতি দ্রুততার সঙ্গে শেষ করার উদ্দেশ্যে বিচার বিভাগকে ব্যবহার করছে। অপরদিকে, সাধারণ বিচারপ্রার্থীদের প্রায় ৩০ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং এই নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকদের স্বল্পতা নিম্ন আদালতগুলোতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোর অভাব তীব্রভাবে বিদ্যমান। কোনো কোনো ক্ষেত্রে একজন বিচারককে একই আদালতে কক্ষ ভাগ করে বসে বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে হয়। ফলে স্বাভাবিকভাবে বিচার–প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। তদুপরি নিম্ন আদালতে যখন অভিজ্ঞ বিচারকের অভাব রয়েছে, সে ক্ষেত্রে বহুসংখ্যক জেলা জজ, যুগ্ম জজসহ বিভিন্ন নির্বাহী বিভাগে প্রেষণে কর্মরত রয়েছেন। অথচ তাঁরা যদি বিচারিক আদালতে নিযুক্ত থাকেন তবে বিচার কার্যক্রম কিছুটা হলেও গতিশীল হয়।

বিচার বিভাগকে সত্যিকার অর্থে দলীয় প্রভাবের ঊর্ধ্বে রাখার জন্য আর একটি জরুরি বিষয় হলো, সরকারের পক্ষের মামলা পরিচালনার জন্য যেসব আইনজীবী নিয়োগ করা হয়, তাঁদেরও দলীয় প্রভাবের ঊর্ধ্বে রাখা। যে সরকারই ক্ষমতায় আসে সেই সরকারই মেধা, যোগ্যতা, সততা বিবেচনা না করে ঢালাওভাবে দলীয় স্বার্থে সরকারি আইনজীবী নিয়োগ করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকার এই কারণে ভিন্ন একটি অ্যাটর্নি সার্ভিসের বিধান করেছিল, যাতে জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক মেধার ভিত্তিতে দলীয় আনুগত্যের ঊর্ধ্বে সরকারি আইনজীবী নিয়োগ করা যায়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ বিধানটি বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এখনো দলীয় দৃষ্টিকোণ থেকে সরকারি আইনজীবী নিয়োগ করা হয়। এসব কারণে যে উদ্দেশ্য নিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক্‌করণ করা হয়েছিল, বাস্তব ক্ষেত্রে আজও তার প্রতিফলন ঘটেনি।

খন্দকার মাহবুব হোসেন: জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।