১২টা ১ মিনিটে জ্বলবে ৬৮টি মোমবাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিটমহলের ভারতীয় অংশে উল্লাস
ছিটমহলের ভারতীয় অংশে উল্লাস

‘কতগুলা কমো, কতগুলা লেখপেন? হামার কষ্টের কথার কোনো শ্যাষ নাই। ভারত-পাকিস্তান স্বাধীনতা দেখচি, বাংলাদেশের স্বাধীনতা দেখচি। ৩১ তারিখ রাইতে হামার স্বাধীনতা হইবে’—২৬ জুলাই ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অভ্যন্তরে বাংলাদেশি ছিটমহল মধ্য মশালডাঙ্গায় ১০৬ বছর বয়সী আজগর আলী কথাগুলো বলছিলেন। ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির মশালডাঙ্গা ইউনিটের সভাপতি আকবর শেখ বলছিলেন, ‘৬৮ বছর আগে ভেঙে যাওয়া পরিবার এক হইল। অসুস্থ মাও হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়া আসলে যেমন লাগে, সে রকম লাগতেছে। ২০০০ সালে আমাদের ২৩টি বাড়ি পুড়িয়ে দিছে এলাকাবাসী, সমস্ত সম্পদ লুট করছে। বাংলাদেশ-ভারত কারও কাছে কোনো প্রতিকার পাইনি। রেফারিহীন দুই দল হামাক ফুটবলের মতো মারছে। ৩১ তারিখ রাইত থাকি আর হামরা ফুটবল নই। মানুষ হব।’
পার্শ্ববর্তী আরেকটি ছিটমহল কচুয়ার আবদুল বারীর চোখেমুখে আনন্দ জ্বলজ্বল করছে। কথার সঙ্গে তাঁর আবেগও যেন নিংড়ে পড়ছে, ‘৩১ তারিখের পর আমরা আইনের আশ্রয় পাব। একটা সরকার পাব। আমরা দিনহাটায় যাইতাম ভয়ে ভয়ে। বিএসএফ ধরলে ভারতের কাগজ দেখাইতে পারি না, বাংলাদেশের কাগজ দেখাইতে পারি না। অনুপ্রবেশকারী হিসেবে ধরত। এলাকার লোকজন অত্যাচার করত। ৩১ জুলাইয়ের পর আমাদের আর কোনো অসুবিধা হবে না।’ দক্ষিণ মশালডাঙ্গার গজেন চন্দ্র রায় বলছিলেন, ‘আমাদের বাড়ি দুইবার পুড়ি দিছে। কত যে কষ্ট গেছে! সবকিছুতে শুধু মিথ্যা কথা বলতে হইচে। সেই দিন শেষ হইল।’
ভারতের অভ্যন্তরে অনেকগুলো ছোট্ট ছোট্ট বাংলাদেশ। ৩১ জুলাই রাত ১২টার পর সেগুলো ভারত হবে। আজও সেগুলো বাংলাদেশ এবং এর অধিবাসীরা বাংলাদেশি। আমাকে পেয়ে তাঁরা ছাড়তে চাইছিলেন না। বিপদের দিন বাংলাদেশ-ভারত কেউই তাঁদের পাশে দাঁড়ায়নি। তবু তাঁরা মনেপ্রাণে বাংলাদেশকেই ধারণ করে আছেন। ভারতের সঙ্গে এক হওয়ার আনন্দের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে স্থায়ী বিচ্ছেদের খানিকটা যন্ত্রণাও তাঁদের আছে। আমাকে পেয়ে বাংলাদেশের সঙ্গে তাঁদের কত স্মৃতির রোমন্থনই না করলেন। মশালডাঙ্গার আশপাশের ১৯টি ছিটমহল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবির অন্তর্ভুক্ত। তাঁরা ইউনিয়ন পরিষদের সদস্য পদে দুবার ছিটমহলের দুজন প্রার্থীকে বিজয়ী করেছিলেন। গল্প যেন শেষই হতে চায় না। হাঁটতে হাঁটতে সবাই এগিয়ে দিয়েছেন পথ।
ভারতের অভ্যন্তরে বাংলাদেশ ছিটমহলগুলোতে ঘুরে সর্বত্রই দেখা গেল, সবাই প্রস্তুতি নিচ্ছেন ৩১ জুলাই রাত্রি উদ্যাপনের জন্য। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। কিন্তু বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলের যে অর্ধলক্ষাধিক মানুষ আছে, তাদের স্বাধীনতা দিবস ৩১ জুলাই মধ্য রাত থেকে। অর্থাৎ ১ আগস্ট। ১৯৪৭ সালের ১৪ আগস্ট এবং ১৫ আগস্ট হাজার বছরের পরাধীনতা থেকে পাকিস্তান-ভারত মুক্ত হলেও ছিটমহলবাসী তার স্বাদ পায়নি। সূর্য-চন্দ্র-মেঘ-বৃষ্টি ছাড়া সবকিছুই তাদের বঞ্চিত করেছে। ৩১ জুলাই রাত ১২টার পর সেই বঞ্চনার দিন শেষ হচ্ছে। বলা যায়, বাংলাদেশের মূল ভূখণ্ড ছাড়াও আরও ৫১টি খণ্ড খণ্ড বাংলাদেশ এবং ভারতের মূল ভূখণ্ড ছাড়া ১১১টি খণ্ড খণ্ড ভারত ছিল। এই ১৬২টি খণ্ড দুই দেশের সঙ্গে মিলে গিয়ে দুটি দেশ হচ্ছে। কাগুজে অধিকারের সঙ্গে এখন বাস্তবসম্মতভাবে অধিকার জন্মাচ্ছে।
একটি দেশের স্বাধীনতায় যে আনন্দ আছে, ছিটমহলের স্বাধীনতায় সেই আনন্দের কোনো কমতি আছে বলে মনে হলো না। ১৬২টি ছিটমহলের ১০৪টিতে মানুষ থাকে। এই ছিটমহলগুলোতে নিজ দেশ অনুযায়ী ১ আগস্ট বাড়ি বাড়ি পতাকা উত্তোলন করা হবে। ৬৮ বছরের ভয়াবহ ছিটমহল জীবনের অবসান উপলক্ষে ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বালন করা হবে। বাংলাদেশ ও ভারতের উভয় অংশে দুটি প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানালেন, ভারতের অভ্যন্তরে মশালডাঙ্গায় হবে ভারতের বড় আনুষ্ঠানিকতা। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় সব রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতাদের, যাঁরা বিভিন্নভাবে আন্দোলনে সহায়তা করেছেন, তাঁরা উপস্থিত থাকবেন, উপস্থিত থাকবেন গণমাধ্যমকর্মী ও ছিটমহলবাসী। অনুষ্ঠানে দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা আলোচনায় প্রাধান্য পাবে। ছিটমহলবাসীর জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি সেখানে প্রদর্শিত হবে। মশালডাঙ্গার যে স্থানে স্বাধীনতা উৎসব উদ্যাপিত হবে, সেখানে গিয়ে দেখলাম, বিভিন্ন ছিটমহলের মানুষ বাঁশ পাঠিয়ে দিয়েছে। নিজেরা সবাই মিলে আর্থিক সংস্থানের ব্যবস্থা করেছে। চিকন রাস্তা নিজেরা মাটি কেটে ভরাট করেছে। মঞ্চসজ্জা-আলোকসজ্জা কেমন হবে তার পরিকল্পনা চলছে। দীপ্তিমান সেনগুপ্ত উপস্থিত সবাইকে বলছেন, ‘এই মঞ্চ বিশ্ববাসী দেখবে। সুতরাং এটা খুবই সুন্দর হতে হবে।’ চোখেমুখে সবার ক্লান্তিহীন উৎসবের রং যেন লেগে আছে। এই অনুষ্ঠানের সঙ্গে তাদের প্রাণের যোগ সম্পর্কটি তাদের কর্মতৎপরতায় প্রজ্বলিত।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ছাত্র শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলছিলেন, ‘ছিটের ওপর দিয়ে ভারতের বিদ্যুতের লাইন গেছে, আমরা পাইনি। বাংলাদেশি ছিটমহলের ভেতরে ভারতের ছিট। এ রকম ছিটমহলেও ভারতীয়রা বিদ্যুৎসহ সব রকম সুবিধা পাচ্ছে। অথচ আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। এখন আমরা সব ভুলে গেছি। নাগরিকত্ব লাভ করছি, এটাই আমাদের সব দুঃখকে ভুলিয়ে দিয়েছে।’
ছিটমহলবাসীর মুক্তির চেষ্টায় প্রথম আন্দোলন শুরু করেন দীপক সেনগুপ্ত। তিনি গত হয়েছেন ২০০৯ সালে। এরপর তাঁর ছেলে দীপ্তিমান সেনগুপ্ত আন্দোলন ত্বরান্বিত করেন। ছিটমহলবাসীর মুখে মুখে দীপ্তিমান সেনগুপ্তের নাম। ছিটমহলবাসী মনে করেন, দীপক সেনগুপ্ত চেষ্টা শুরু না করলে এবং দীপ্তিমান সেনগুপ্ত হাল না ধরলে তাঁদের মুক্তি অসম্ভব ছিল। দীপক সেনগুপ্তের স্ত্রী সুনন্দা রায়ের সঙ্গে কথা হলো তাঁর দিনহাটার বাসায়।
১০৬ বছর বয়সী আজগর আলী জানান, তাঁদের দুঃখের শেষ নেই। সত্যি তাঁরা অনিঃশেষ এক যন্ত্রণাবিদ্ধ কূলকিনারাহীন দুঃখের সাগরে নিমজ্জিত ছিলেন। ৩১ জুলাই রাত ১২টায় এই অন্ধকার জনপদে জ্বলে উঠবে ৬৮টি মোমবাতি। এই প্রতীকী আলো ছিটমহলবাসীর জীবনে নিত্যসময়ের আলো হয়ে দেখা দিক।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]