২ এপ্রিল ১৯৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চের রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ শুরু হয়। সেই গুলির শব্দ, আহত মানুষদের মিটফোর্ড হাসপাতালে আর্তচিৎকারের শব্দ, পাকিস্তানি সেনাদের অতর্কিত গুলির শব্দের আতঙ্কে গৃহহীন হাজার হাজার মানুষের তীব্র আর্তনাদ আমাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করেছিল। আমাদের বাড়িটি বুড়িগঙ্গার তীরে ও মিটফোর্ড হাসপাতালের কাছে হওয়ায় পুরান ঢাকায় পাকিস্তানি সেনাদের সব তাণ্ডবের আওয়াজ আমরা পেতাম। সেই আতঙ্কে আমরা ঘরছাড়া হই।
পাঁচ দিন পর আমরা আবার ফিরে আসি। দাদি আমার বাবাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, ‘নদীতে পাকিস্তানি বাহিনীর জাহাজ ঘোরাঘুরি করছে, মনে হয় রাতের মধ্যে ওরা কিছু একটা করবে, আমার কাছে খুব একটা ভালো লাগছে না। তুই তোর বউ, ছেলেমেয়ে নিয়ে তোর শ্বশুরবাড়ি চলে যা।’
প্রতিদিনের মতো আরও একটি ভোর শুরু হলো ২ এপ্রিল ১৯৭১। আমার নানা আওয়ামী নেতা করিম সরদারকে নিয়ে সবাই মহা
চিন্তিত। তিনি সবাইকে ডেকে বললেন, ‘তোমরা আমাকে নিয়ে ভেবো না। তোমরা বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাও। পাকিস্তানি বাহিনী আমার বাড়িতে হামলা করবে। আমি আশপাশে কোথাও লুকিয়ে থাকব। তোমরা নিজেদের জীবন বাঁচাও, তাড়াতাড়ি ভাগো।’ নানার কথামতো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। নানার বাড়ির পাশে কদমতলী খাল। আমার মা তিন সন্তানসহ খালে ঝাঁপ দিলেন। অথই খালের পানি সাঁতরে তিন সন্তানকে নিয়ে তিনি কীভাবে তীরে উঠলেন, তার রহস্য আজও আমার অজানা। আমরা ভাইবোনেরা কেউ-ই সাঁতার জানতাম না। পাকিস্তানি সেনাদের গুলির আওয়াজে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। কিশোর বয়সে মৃত্যুভয় কী জিনিস, তা বোঝার সুযোগ হয়েছিল।
২ এপ্রিল সকালে যখন আমরা প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছি, ঠিক তখন জিঞ্জিরা মনু বেপারির ঢালে, নজরগঞ্জ ও মান্দাইল এলাকায় যেখানে কবি নির্মলেন্দু গ্ুণ প্রাণ বাঁচানোর জন্য লুকিয়েছিলেন, সেখানে নির্মম হত্যাযজ্ঞ শুরু হয়। হিন্দু-মুসলমান সবার বাড়িতেই আগুন লাগায় সেনারা। তারা সেদিন দুপুরবেলা আমাদের বাড়িতে হামলা করে। বাড়িতে ঢুকেই তারা দেখতে পায় আমাদের বসার ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল ছবি। আরও জানতে পারে, এটা তরুণ আওয়ামী লীগার মো. এহসান উল্লার বাড়ি। সেনারা আমাদের বাড়ির চারপাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আমাদের বাড়ির আশপাশের যত হিন্দু বাড়ি ছিল, সব পুড়ে ছাই। পোড়ানো শেষ, তার পরপরই রাজাকাররা হিন্দু বাড়িঘর দখল শুরু করে। তাদের মধ্যে আছে রহমত রাজাকার, হাসান, সিরাজসহ আরও অনেকে।
প্রতিদিনের সেই লাল সূর্যের মাঝে জিঞ্জিরাবাসী, প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধারা তাঁদের আত্মীয়-সহযোদ্ধাদের তাজা রক্তের রং দেখতে পায়। সেই লাল সূর্যের মাঝে তাদের স্বজনদের খুঁজে ফেরেন।
লেখক: নাগরিক, ঢাকা।