২০১৩ সালেই দুটি ইস্যুর নিষ্পত্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিতে দুটি ইস্যু এখন প্রধান হয়ে উঠেছে। মনে হচ্ছে, এ দুটি ইস্যুর নিষ্পত্তি না হলে এ দেশে রাজনীতির স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে না। ইস্যু দুটি হলো ১. যুদ্ধাপরাধীদের বিচার ও ২. জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা। আমাদের এই বক্তব্যের সঙ্গে পাঠক একমত হবেন কি না জানি না। তবে আমাদের ধারণা, এ দুটি ইস্যুর নিষ্পত্তি না হলে দেশের রাজনীতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে না। অনেকে বলতে পারেন, যুদ্ধাপরাধীদের বিচারের পর সব রায় বাস্তবায়ন হলে ও জামায়াত নিষিদ্ধ করা হলে দেশে জামায়াত ও শিবির এমন সহিংস আক্রমণ, চোরাগোপ্তা খুনখারাবি শুরু করবে যে তাতে দেশের অবস্থা খুব বিপর্যস্ত হয়ে পড়বে। হয়তো এ আশঙ্কা অমূলক নয়। কিন্তু কোনো সহিংসতা বা গুপ্তহত্যা তো রাজনৈতিক ইস্যু হতে পারে না। সরকার নিশ্চয় তাদের নানা বাহিনীর ওপর আস্থাশীল, নইলে যুদ্ধাপরাধীদের বিচারের মতো এত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কাজ হাতে নিত না। আশা করি, সরকার জামায়াত-শিবিরের সহিংস আক্রমণ সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে পারবে। তবে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তা হলো, জামায়াত-শিবির সারা দেশে সহিংস আক্রমণ, সহিংস হরতাল, চোরাগোপ্তা খুন শুরু করলে সাধারণ শান্তিপ্রিয় মানুষেরও শান্তি বজায় থাকবে না। যুদ্ধাপরাধীদের বিচারের সূত্র ধরে সম্প্রতি তরুণদের একটি অংশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। শুধু তরুণেরা নন, দেশের বহু মানুষ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। আশা করি, বর্তমান সরকার সব দিক বিবেচনা করে জামায়াতে ইসলামীর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। রাজনীতির এ দুটি ইস্যুর সমাধান হয়ে গেলে আমরা দেশের জন্য প্রয়োজনীয় অন্যান্য ইস্যু সম্পর্কে আলোচনা, বিতর্ক ও মতামত বিনিময় করতে পারব। প্রয়োজনে নানা দাবি-দাওয়া নিয়ে বিরোধী দল আন্দোলনও গড়ে তুলতে পারবে। উল্লিখিত দুটি ইস্যুর সমাধান না হলে বাংলাদেশের রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এগোতে পারবে না। নির্বাচন হলেও পরের পাঁচ বছর আবার এ দুটি ইস্যু নিয়ে আন্দোলন চলতে থাকবে। দেশের প্রধান ইস্যুগুলো নিয়ে মোটেও আলোচনা বা আন্দোলন হবে না। এটা হবে দেশের জন্য খুব দুর্ভাগ্যের। অবশ্য নির্বাচন কীভাবে হবে, তা এখনো নিশ্চিত নয়। নির্বাচন নিয়েও একটা বড় সংকট রয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দুটি দাবি দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়। এটা প্রধানত মানুষের আবেগের দাবি। ইতিহাসের দায়মুক্তির দাবি। এ দাবির মূল্য কম নয়। কিন্তু একটা দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো অনগ্রসর দেশ যদি এ রকম দুটি আবেগময় দাবি বাস্তবায়নের জন্য বছরের পর বছর ব্যয় করে, সেটা খুব প্রশংসার বিষয় হবে না। সে জন্য আমরা মনে করি, ২০১৩ সালের মধ্যে বর্তমান মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচারগুলো সম্পন্ন করে রায়গুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করে ফেলা উচিত। প্রয়োজন হলে আরও কয়েকটি ট্রাইব্যুনাল গঠন করে যত দ্রুত সম্ভব বিচারকাজ সমাধান করতে পারলে দেশের মঙ্গল হবে। আশা করি, সরকার এ প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে।অনেকে বলতে পারেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আগ্রহী নয়। কিন্তু বিএনপি বারবার বলেছে, ‘তারা যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। তবে তা স্বচ্ছতার মাধ্যমে হতে হবে ও আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে।’ বর্তমান ট্রাইব্যুনাল যেভাবে বিচারকাজ এগিয়ে নিচ্ছেন, তাতে কোথায় স্বচ্ছতার অভাব হচ্ছে বা কোথায় আন্তর্জাতিক মান ব্যাহত হয়েছে, তা বিএনপি দৃষ্টান্তসহ বলতে পারেনি। তাতে মনে করা যেতে পারে, বিএনপিও এ বিচারে মোটামুটি সন্তুষ্ট। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে দেশের কোনো বড় শক্তি প্রত্যক্ষভাবে বিরোধিতা করেনি। কাজেই এ বছরের মধ্যে এ বিচার সম্পন্ন করতে কোনো বাধা থাকতে পারে না। বিরোধিতা করছে একমাত্র জামায়াতে ইসলামী। তারা ট্রাইব্যুনালে লড়াই করছে। যুদ্ধাপরাধীদের বিচার পুরোপুরিই আইনি লড়াই। এখানে বিরোধিতা করে জনসমাবেশ বা হরতাল করে কোনো লাভ হবে না।সরকার যদি আইনানুগভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে তখন কী হবে? তারা কি অন্য দলের সঙ্গে মিশে যাবে? তারা কি ‘গোপন দল’ হিসেবে কাজ করতে থাকবে? অনেক কিছু হতে পারে। সেটা ভবিষ্যতের ব্যাপার। আপাতত এ দুটি প্রধান ইস্যুর নিষ্পত্তি হয়ে যাক। এ দুটি ইস্যু রাজনীতির অঙ্গনে এত প্রাধান্য বজায় রাখছে যে আমরা দেশের উন্নয়নের জন্য প্রাসঙ্গিক অন্য ইস্যুগুলো নিয়ে কোনো আলোচনাই করতে পারছি না। কোনো বিতর্কই করতে পারছি না। আজ যে শাহবাগে এত বড় তারুণ্য জেগে উঠেছে, তারাও অন্য কোনো ইস্যু সামনে আনতে পারছে না। এ দুটি ইস্যুর মধ্যে ঘুরপাক খাচ্ছে। এ তারুণ্যকে দেশের উন্নয়নের সংগ্রামে কাজে লাগানোর জন্য এ দুটি ইস্যুর নিষ্পত্তি হওয়া খুব প্রয়োজন। এ দেশে ’৫২ থেকে ’৯০ সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে, সবই তরুণদের নেতৃত্বেই হয়েছে। একমাত্র ব্যতিক্রম ১৯৭১। ’৭১ সালে প্রধান রাজনৈতিক দল ও নেতারা নেতৃত্ব দিয়েছিলেন। তবে মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিলেন তরুণেরা। এখনো আমরা তরুণদের ওপরই ভরসা করছি। দেশের অর্থনৈতিক অগ্রগতিই আজ সবার কাম্য। সেই অর্থনৈতিক অগ্রগতি কীভাবে হবে, কীভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়া যাবে, দেশের রাজনীতিকে কীভাবে গণতান্ত্রিক ও সুস্থ করা হবে—এ রকম আরও নানা আন্দোলনে তরুণেরা নেতৃত্ব দেবেন বলে আমরা আশা করছি। অনুমান করি, বহু তরুণ দেশের এসব ইস্যু নিয়ে ভাবনাচিন্তা করেন। যুদ্ধাপরাধীদের বিচারকাজ সমাপ্ত না হলে ও জামায়াত নিষিদ্ধ না হলে আমরা তরুণদের এ ভূমিকা দেখার সুযোগ পাচ্ছি না।আমাদের রাজনৈতিক দলগুলোও এখন থমকে আছে। কিছুদিন আগেও পদ্মা সেতুর দুর্নীতির চক্রান্ত, ডেসটিনির দুর্নীতি, হল-মার্কের দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে দলগুলো সোচ্চার ছিল। এখন কারও মুখে এসব কথা নেই। ঢাকা সিটি করপোরেশনকে যে অন্যায়ভাবে দুই ভাগ করা হলো, দুই ভাগ করেও যে সরকার নির্বাচন করল না, এর জন্য সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে ওঠেনি। উপজেলা পরিষদে নির্বাচন হয়েও যে পরিষদ কার্যকর হতে পারল না, স্থানীয় সরকারের ওপর যে এমপিতন্ত্র কায়েম হয়েছে, দেশের প্রশাসন যে বিকেন্দ্রীকরণ হলো না, এগুলো নিয়ে আন্দোলন হবে কবে? আমাদের শেয়ারবাজার দেশের অর্থনীতির একটি বড় সেক্টর। সেই শেয়ারবাজার সরকারপন্থী লুটেরাদের কবলে। এ শেয়ারবাজারকে কীভাবে পুনরুদ্ধার করা যায়, তা নিয়ে কোথাও আলোচনা নেই। বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সুপেয় পানি, ন্যূনতম স্বাস্থ্যসুবিধা ও বিদ্যুৎ আমরা দিতে পারিনি সমগ্র দেশে। কী ধরনের নীতি গ্রহণ করলে আমাদের সরকার দেশে দৃষ্টিগ্রাহ্যভাবে দারিদ্র্য হ্রাস করতে পারবে, তা নিয়ে আলোচনা ও বিতর্ক দরকার। কিন্তু এসব দিকে কি আমাদের রাজনীতিক, নাগরিক সমাজ বা তরুণদের দৃষ্টি আছে?দলীয়করণ ও ঢালাওভাবে ওএসডি সরকারি প্রশাসনে একটি বিরাট সমস্যা। সচিবালয়ে নানা কারণে অসন্তোষ লেগেই আছে। আমরা দলীয়করণ রোগটা প্রায় স্থায়ী করে ফেলেছি। এ রোগ তাড়াবে কে? কীভাবে সরকারি প্রশাসন ক্ষমতাসীন দলের প্রভাব থেকে মুক্ত হতে পারবে?দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নব্বইয়ের পর থেকে আর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। জাহাঙ্গীরনগর ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচিত নন। সব ভিসি বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেন, কিন্তু নিজেরা নির্বাচন না করে নিয়োগ পেয়েছেন সরকারি মদদে। নিয়োগ পাওয়ার পরও নির্বাচনের কথা বলেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাস ও টেন্ডার দৌরাত্ম্যের খবর প্রায় পত্রিকায় খবর হচ্ছে। কিন্তু সাধারণ ছাত্র বা তরুণসমাজ ছাত্রলীগের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলছে না।দেশে রাষ্ট্রপতির শূন্য পদে নির্বাচন আসন্ন। এ বিষয়ে নানা প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ‘একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ জানেন না রাষ্ট্রপতি কে হবেন।’ এই হলো আমাদের দেশের দলীয় গণতন্ত্রের নমুনা। একমাত্র প্রধানমন্ত্রীই জানেন। দলে আর কারও মতামতের গুরুত্ব নেই। বড় দলগুলো যেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। দলের মধ্যে গণতন্ত্র চর্চার আন্দোলন কারা করবে? যে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না, তাদের হাতে দেশের গণতন্ত্র কি নিরাপদ? তারা কি দেশের গণতন্ত্র নিশ্চিত করবে? দেশের শিক্ষাবিদ, পেশাজীবী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের এক বড় অংশ আজ সামান্য কৃপার আশায় বড় দুই দলের ‘দলদাসে’ পরিণত হয়েছে। দেশে সত্যিকার দেশপ্রেমিক বুদ্ধিজীবী কীভাবে সৃষ্টি হবে? ‘দলদাস বুদ্ধিজীবীদের’ সমালোচনায় এগিয়ে আসবে কারা? দেশের সামনে বহু কাজ। দেশের অগ্রগতির পথে নানা বাধা। দেশের গণতন্ত্রের পথে নানা বাধা। এসব বাধা পার হওয়া সহজ কাজ নয়। এর জন্য দরকার দীর্ঘমেয়াদি সংগ্রাম। এ সংগ্রাম চলছে বহুদিন থেকে। আরও চলবে। দেশে চলমান দুটি ইস্যু দ্রুত নিষ্পত্তি হলে এ দীর্ঘমেয়াদি সংগ্রাম আরও জোরদার হতে পারবে। তরুণেরা জেগে উঠেছেন। এটা বড় একটা আশাবাদ। তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ। এ দেশকে সফল করার জন্যে নানামুখী সংগ্রামে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। প্রবীণেরা অনেক দিয়েছেন দেশের জন্য। কিন্তু অপ্রিয় হলেও সত্য, এই প্রবীণদের হাতেই দেশের রাজনীতি দূষিত হয়ে গেছে। রাজনীতিকে বাঁচাতে হবে। দেশে যদি সুস্থ রাজনীতি ও প্রকৃত গণতন্ত্রের প্রচলন হয়, তাহলে আমরা অন্যান্য সমস্যা যথাযথভাবে মোকাবিলা করতে পারব। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।