
২০১৪ সাল শুরুই হয়েছিল সাধারণ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আর সহিংসতা দিয়ে। সেই নির্বাচনের মধ্য দিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। যেভাবে নির্বাচন হয়েছে, তাতে বর্তমান সরকারকে স্বনির্বাচিত বলাই শ্রেয়। সরকারি দলের এই যুক্তির সঙ্গে আমি একমত যে নির্বাচন না হলে অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করত, তাতে বিপদ আরও বাড়ত। কিন্তু যেভাবে নির্বাচন হয়েছে তার বিকল্প ‘নির্বাচন না হওয়া’ ছিল না, ছিল ‘যথাযথ নির্বাচন হওয়া’। আমরা সবাই জানি যে বাংলাদেশে নির্বাচন-প্রক্রিয়ার যে দশা, সমাজে চোরাই টাকা আর সন্ত্রাস যেভাবে রাজনীতির পরিচালিকা শক্তি, তাতে সব দলের অংশগ্রহণ হলেই যথাযথ নির্বাচন আশা করা যায় না। অর্থ, সহিংসতা, সাম্প্রদায়িকতা, কু-রাজনীতিই নির্বাচন-প্রক্রিয়াকে দখল করে রাখে। কিন্তু এসব আছে বলেই আমরা বলতে পারি না নির্বাচন অর্থহীন, তখন বরং অর্থপূর্ণ নির্বাচনের রাজনীতি বিকাশের প্রয়োজনীয়তা আমাদের সামনে হাজির হয়।
যাহোক, স্বনির্বাচিত হওয়ার পর সরকার একচেটিয়া ক্ষমতার অধিকারী হয়েছে। কিন্তু একচেটিয়া ক্ষমতা ভোগ করার জন্য তাকে ছাড় দিতে হচ্ছে অনেক। নিজের দুর্বলতা ঢাকতে পুলিশ, র্যাবসহ নানা বাহিনী ও প্রশাসনকে তুষ্ট রাখতে হচ্ছে। একই কারণে ভারত, চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিদেশি নানা শক্তির দাবি ও আবদার পূরণ করতে হচ্ছে। বিএনপি-জামায়াতও এই বিদেশিদের দিকেই তাকিয়ে, তদবির ও প্রতিশ্রুতি চলছে। বিএনপি করছে তার জন্য সুবিধাজনক নির্বাচনের জন্য; আর জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষাসহ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিদেশনির্ভর হয়ে আছে। ২০১৪ সালে যুদ্ধাপরাধী বিচারে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। এই বিচারের মাধ্যমে আওয়ামী লীগের জামায়াত পৃষ্ঠপোষকতা, সমঝোতা ও যুগপৎ আন্দোলনের কলঙ্কমোচন কিছুটা হলেও হয়েছে।
রাজনৈতিক দিক থেকে ২০১৪ সাল আপাতভাবে শান্ত থাকলেও বিনা বিচারে হত্যা, গুম, অপহরণ বেড়েছে। বেড়েছে টেন্ডার-রামদা সহিংসতা, চাঁদাবাজি, বন-জমি-নদী দখল। এ ছাড়া নিয়োগ-বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁসসহ ভর্তি নিয়ে নানামুখী বাণিজ্যও বেড়েছে। বছর শেষ হচ্ছে হরতাল-সহিংসতা দিয়ে, নতুন বছর নতুন অশান্তির পর্বে প্রবেশ করতে যাচ্ছে। এই লেখাটি লেখার মুহূর্তে আমার সামনে পিকেটারদের আঘাতে নিহত শিক্ষক শামসুন্নাহার আর তাঁর সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলের ছবি। আর অগ্নিদগ্ধ মা ও ছেলের হাহাকার। আরও এ রকম ছবি দেখার আশঙ্কা এখন বাড়ছে।
রক্তাক্ত বৈশ্বিক প্রেক্ষাপট
‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ব্যানার তুলে বিশ্বময় সন্ত্রাসী তৎপরতার বিস্তারে যুক্তরাষ্ট্র এখনো সক্রিয়। তার বিশাল যুদ্ধ মেশিন শত্রু খোঁজে, না পেলে বানায়। আর সেই জালে বাংলাদেশসহ সব দেশই আটকা পড়েছে। এই বছরেই ইসরায়েল দুই হাজারের বেশি মানুষ হত্যা করল, যার মধ্যে শিশুর সংখ্যাই পাঁচ শতাধিক। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদি আরব এই ত্রয়ীর নানা কূটজালে বন্দী মধ্যপ্রাচ্য। যাদের ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরাক দখল করেছে, লিবিয়ায় আগ্রাসন চালিয়েছে, সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে; তারাই এখন ‘ইসলামি খিলাফত’ ঘোষণার আওয়াজ দিয়ে ইরাকের দুর্বল জাতিগোষ্ঠীর নারী-পুরুষদের ওপর বর্বরতা চালাচ্ছে। এই উন্মাদনায় যোগ দিয়েছে মার্কিন ইউরোপীয় নাগরিকেরাও। নাইজেরিয়ায় বোকো হারামের মতো বর্বরগোষ্ঠী বিনা বাধায় নারী অপহরণসহ ভয়াবহ অপরাধ করে যাচ্ছে। পাকিস্তানে মার্কিনিদের ড্রোন আঘাতে মরছে নিরীহ শিশুসহ নাগরিকেরা। আর এর প্রতিশোধের নামে তালেবান শতাধিক শিশুকে হত্যা করেছে। শিয়া-সুন্নিসহ নানা ধর্মীয় সংঘাত পাকিস্তানে রক্তপাত ঘটাচ্ছে নিয়মিত। একই বছর ভারতে ধর্মবাদী রাজনীতি উন্নয়নের ঝান্ডা নিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। হিন্দুত্ববাদীÿ ক্ষমতার দাপট বেড়েছে নির্বাচনী বিজয়ের পর।
বিশ্ব ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের সূচনাও স্পষ্ট হয়েছে এই বছর। এক হিসাবে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করেছে। চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত ও দিক্ষণ আফ্রিকা একজোট হয়ে আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যা বিশ্বব্যাংক ও আইএমএফএর একচ্ছত্র ক্ষমতার ভাঙন আনতে যাচ্ছে। সন্ত্রাস, বৈষম্য, আগ্রাসন বৃদ্ধির পাশাপাশি অন্য চিত্রও আছে। এই বছরই যুক্তরাষ্ট্র পাঁচ দশক ধরে ছোট্ট কিউবার বিরুদ্ধে অবরোধ চালিয়ে সে দেশকে কাবু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছে এবং নীতি পরিবর্তনের সূচনা করতে চাইছে। অবরোধের মধ্যে থেকেও কিউবা তার আয়তনের চাইতে অনেক বড় প্রভাব বিস্তার করেছে লাতিন আমেরিকায়। ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, নিকারাগুয়া মার্কিন নিপীড়ন লুণ্ঠনের জাল থেকে বের হওয়ার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনতে চেষ্টা করছে, অনেকখানি সফলও হয়েছে। সর্বশেষ খবরে জানা যায়, নতুন সরকার ÿক্ষমতায় আসার আগে ‘বলিভিয়া তার গ্যাসসম্পদের মুনাফার শতকরা মাত্র ১৮ ভাগ পেত। আর চুক্তি ও নীতি পরিবর্তন করে এখন সেই দেশ মুনাফার শতকরা ৮২ ভাগ নিজেদের ভাগে আনতে পারছে। শিক্ষা নিয়ে ব্যাপক কর্মসূচির পর ইউনেসকো বলিভিয়াকে নিরক্ষরতামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে।’ (ফ্রন্টলাইন, ১৪ নভেম্বর ২০১৪)
ছোট ছোট প্রত্যাশার কথা
বিশ্বে অনেক রকম ঘটনাপ্রবাহ আছে, সমীকরণে পরিবর্তনও হচ্ছে অনেক রকম। তা যাই হোক না কেন বাংলাদেশ কোথা থেকে শক্তি নেবে, কোন পথ গ্রহণ করবে তা নির্ভর করে মুখ্যত দেশের শাসকশ্রেণির ওপর। জাতীয় ও আন্তর্জাতিক যে ক্ষমতার দাপটের মধ্যে আমরা বাস করছি তাতে নতুন বছরের জন্য কোনো প্রত্যাশা দাঁড় করানো কঠিন। বিদ্যমান অবস্থায় এক বছরে বড় কোনো পরিবর্তন সম্ভবও নয়। তার পরও নতুন বছরে কী কী ঘটনা বা সিদ্ধান্ত আমরা দেখতে চাই, কী কী পরিবর্তন কম সময়েও সম্ভব, তার সংক্ষিপ্ত তালিকা তো করা সম্ভব। আমরা চাই, ২০১৫ সালে বাংলাদেশে—১. বিনা বিচারে হত্যাকাণ্ড আর তা নিয়ে রাষ্ট্রীয় অবিরাম মিথ্যাচার বন্ধ হবে। চাঁদাবাজি, গুম ও অপহরণে পুলিশ-র্যাব যুক্ত থাকবে না। সাগর-রুনি ও ত্বকী হত্যাকারীদের ধরা হবে এবং বিচারপর্ব শুরু হবে। যুদ্ধাপরাধী বিচার শেষ হবে।
২. নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী ভূমিকা গ্রহণের জন্য পুনর্গঠিত হবে। সন্ত্রাসী, দখলদার, চোরাই টাকার মালিকেরা নির্বাচনে অযোগ্য বিবেচিত হবে। শান্তিপূর্ণভাবে সবার অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩. ব্যাংক ও শেয়ারবাজার লুণ্ঠনকারীরা সমাজের সর্বস্তরে ধিক্কৃত হবে। সরকার তাদের রক্ষক থাকবে না। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা বন্ধ হবে।
৪. সুন্দরবনধ্বংসী রামপাল ও ওরিয়ন বিদ্যুৎকেন্দ্রসহ সব বাণিজ্যিক প্রকল্প বন্ধ হবে। সুন্দরবনের দায়িত্ব বনজীবী ও পশুপাখির ওপর ছেড়ে দেওয়া হবে। নৌপথ বিপজ্জনক যান চলাচলের জন্য নিষিদ্ধ থাকবে। তেলদূষণে সৃষ্ট ক্ষত দূরীকরণে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
৫. বঙ্গোপসাগরের মৎস্য ও খনিজ সম্পদ শতভাগ দেশের কাজে লাগানোর প্রস্তুতি শুরু করতে আত্মঘাতী পিএসসি প্রক্রিয়া বাতিল হবে। বঙ্গোপসাগরসহ দেশের বিশাল সম্পদের ওপর জাতীয় কর্তৃত্ব নিশ্চিত হওয়ায় বর্তমান ও ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। বিদেশি কোম্পানির আজ্ঞাবহ ভূমিকা থেকে মুক্ত হয়ে পেট্রোবাংলা স্বাধীন ও সাবালক হয়ে উঠবে। ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন হবে। নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে ব্যাপক উদ্যোগ শুরু হবে।
৬. জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়মের ‘দায়মুক্তি আইন’ এবং মত প্রকাশের ক্ষেত্রে ‘আইসিটি আইন’সহ বিভিন্ন জনস্বার্থবিরোধী আইন বাতিল হবে। স্বচ্ছতা ও জবাবদিহির ওপর ভর করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হবে।
৭. সর্বজনের শিক্ষা ও চিকিৎসা শক্তিশালী হতে থাকবে। নম্বরের ঢল, প্রশ্নপত্র ফাঁস, কোচিং, গাইড, বিরাট সিলেবাস ইত্যাদির জাল থেকে শিক্ষর্থীরা মুক্ত হবে।
৮. ছলছুতা, বলপ্রয়োগ, হুমকি দিয়ে কৃষি ও বসতি জমি অধিগ্রহণ বন্ধ হবে। পাহাড়, নদী, জলাশয় লিজ দেওয়া বন্ধ হবে। পাহাড়ে সহিংসতা বন্ধ হবে। বুড়িগঙ্গা, তুরাগসহ সব নদী বাঁচার পথ পাবে।
৯. সব জাতি, ধর্ম ও ভাষার মানুষ বাংলাদেশকে নিজেদের দেশ ভাবতে পারবে। নারীর জীবন নিরাপদ হবে।
১০. সমাজে মানুষের গুরুত্ব বাড়বে। ভিআইপিদের অনিয়ন্ত্রিত ক্ষমতা কমবে, প্রাইভেট কার নিয়ন্ত্রিত হবে।
১১. বৃহৎ ব্যয়ের প্রকল্প উন্মাদনা বন্ধ হবে। অসমাপ্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হবে আগে। রেল দেশের প্রধান যান হিসেবে ঘোষিত হবে। আনফিট বাস, নৌযানের বদলে নতুন বহর আসবে। ফায়ার ব্রিগেডসহ দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় সক্ষমতার সব ক্ষেত্র শক্তিশালী করার কাজ শুরু হবে।
১২. বাঁচার মতো ন্যূনতম জাতীয় মজুরি চালু হবে।
বর্তমান প্রেক্ষাপটে এই ছোট ছোট প্রত্যাশার অসম্পূর্ণ তালিকাকেও অবাস্তব বা ইচ্ছাপূরণের গল্প মনে হতে পারে। কিন্তু তাই যদি হয়, এগুলো যদি অসম্ভবই হয় তাহলে এই দেশ নিয়ে ‘গণতন্ত্র’, ‘শান্তি’, ‘মানবাধিকার’ বা ‘উন্নয়নের’ কথাও অর্থহীন বাগাড়ম্বর। কিন্তু সম্পদ ও সম্ভাবনার বিচারে বাংলাদেশে উপরিউক্ত তালিকা বাস্তবায়ন তো খুবই সম্ভব। সে জন্য এগুলো বাস্তবায়নে যদি নতুন বছরে সর্বজনের স্বার্থচিন্তা ও রাজনীতির বিকাশ ঘটে তাহলেই তৈরি হবে বিষচক্র থেকে বের হওয়ার পথ।
আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
[email protected]