২০১৭ সাল হোক বাঙালির বিশ্বমানব হওয়ার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটি বছর পুরোনো হতে হতে অতীতের রাস্তায় হারিয়ে যাওয়ার মুহূর্তটাতে পেছন ফিরে তাকালে অনেকগুলো অনুভূতি সক্রিয় হয়। পিছুটানের একটা আবেগ তো থাকেই, পাওয়া না-পাওয়ার একটা হিসাবও নিতে ইচ্ছা করে। কারও মনে বছরটা নিরাপদে পার করার স্বস্তি হয়, নতুন বছর নিয়ে আশা অথবা উদ্বেগ জাগে। বছর-পঞ্জিকা যেহেতু মানুষ সৃষ্টি করেছে—প্রকৃতিতে বছর নেই, ঋতু আছে, ঋতুর পুনরাবর্তন আছে—তাই বছর শেষ হলে মানুষী হিসাবটাই মুখ্য হয়। আমাদের জীবনের অনেকটাই চলে বছরের শাসনে—বাজেট হয় বছরের হিসাবে, পড়াশোনাও চলে সেই ছকে। চাকরিবাকরি, ঘরকন্না এমনকি সামাজিকতার ব্যাপারগুলোও চলে সৌরঘড়ির কাঁটায়। একটা বছর শেষ হতে চললে সালতামামির একটা তোড়জোড় পড়ে যায়।
২০১৬ এখন মহাকালের অংশ, ২০১৭ শুরু হয়েছে। প্রকৃতিতে শীতের মৃদু আমেজ, কিন্তু মানুষের মনে নানা চিন্তা। কেমন হবে এ বছরটা? আমরা যেহেতু অতীতটাকে ভালোবাসি, সে জন্য একটা প্রশ্ন বড় হয়ে ওঠে: কেমন ছিল ২০১৬ সাল? আমাদের আরেকটা পরিচয়: আমরা মৌলিকভাবে আশাবাদী। সে জন্য হতাশার ছবিগুলোকে পাশাপাশি রেখেও আমরা আশাবাদের একটা জায়গা খুঁজি এবং কেমন করে পেয়েও যেন যাই। আশাবাদী না হলে আমাদের কৃষক খরা-বন্যার ভেতরেও স্বপ্ন বুনে যেতেন না, আমাদের শ্রমিক উদয়াস্ত খেটেও মুখের হাসিটা ধরে রাখতেন না, প্রবল দুঃসময়েও তাঁরা আশায় বুক বাঁধতেন না। আমাদের তরুণ মানসম্পন্ন শিক্ষা পায় না, চোখের সামনে দুর্নীতি দেখে, বুড়োদের সিংহাসন নিয়ে টানাটানি দেখে, স্বার্থপরতার প্রতিযোগিতা দেখে, কিন্তু নিজেদের ওপর বিশ্বাসটা হারায় না। আশাবাদী না হলে আজ আমরা এই জায়গাতে থাকতাম না। এই জায়গা মানে অর্থনীতি, কৃষি, যোগাযোগ, ডিজিটাল প্রযুক্তির উত্থান এবং অসংখ্য ছোট-বড় অর্জনের জায়গায়। আমাদের তরুণদের সামনে অনুকরণ—এমনকি অনুসরণ—করার মতো মানুষ খুব কম, তারপরও তারা নিজেদের মতো জীবন গড়ে নিচ্ছে, সে জীবনের প্রতিদিনের বাধাগুলো তারা জয় করে নিচ্ছে। আমাদের ফুটবলের কর্তাব্যক্তিরা উচ্চপদের দ্বন্দ্বে ফুটবলটাকেই বিসর্জন দিচ্ছেন, কিন্তু কলসিন্দুরের মেয়েরা নিজেদের মতো খেলাটা খেলে এশিয়ার মাঠে নিজেদের চিনিয়েছে। গাজীপুর-আশুলিয়ার শ্রমিকেরা ন্যায্য পাওনাও পান না, কিন্তু তারপরও তাঁরা কাজ করে যান। ভবিষ্যৎটাকে নিজেদের করতলে নিয়ে আসতে চান।

ভবিষ্যতে যাওয়ার আগে ২০১৬-এর সালতামামিটা সেরে নেওয়া যায়। মোটামুটি ভালোই ছিল সালটা, শুধু রাজনীতি আর কিছু সংকট ছাড়া। অর্থনীতির চাকা ঘুরেছে বেগেই, কৃষিতে ফলনের ছবিটা ছিল ভালো। পদ্মা সেতু এখন দাঁড়াচ্ছে বাস্তবের নদীর ওপর। পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাসী করেছে। বাংলাদেশ এখন দু-এক বৈশ্বিক মুরব্বির মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে।
এই আত্মবিশ্বাস জাগিয়েছে পরিশ্রমী মানুষ। যদি খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ না হতাম, যদি আমাদের শিল্পের উৎপাদন কম হতো, রপ্তানিতে ভাটা পড়ত, তাহলে আমরা অনেক দুঃখ নিয়ে বছরটা শেষ করতাম। রাজনীতিবিদেরা যদি কোনো ভালো সিদ্ধান্ত নেন, মানুষ জাগে। পদ্মা সেতু তার প্রমাণ।
বছরটা খারাপ যায়নি শিক্ষার্থীদের। বছরের প্রথম দিন স্কুলের শিশুরা বই উৎসব করে। কিন্তু বইয়ের ভারে তারা নুয়ে পড়ছে। আমাদের মাননীয় আদালত এই নুয়ে পড়া দেখে এক দরদি নির্দেশনা দিয়েছেন—বইয়ের ওজন কমাতে হবে। একই সঙ্গে আমরা মনে করি, শিশুদের পরীক্ষার ওজনও কমাতে হবে। পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী ‘পাবলিক’ পরীক্ষার ওজন কোনোক্রমেই শিক্ষার্থীদের শরীরের ২০-৩০ শতাংশের কম নয়। এই ওজন শূন্যে নামিয়ে আনাটা প্রয়োজন হয়ে পড়েছে। এই প্রত্যাশাটা কে মেটাবেন, তা দেখাটা ২০১৭ সালের জন্য তোলা থাক।
আমাদের উন্নতি হয়েছে বিদ্যুতে, যদিও গ্যাস-তেলে থেমে আছি আগের জায়গাতে। আগে প্রায়ই শুনতাম, গ্যাসের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। আমরা বঙ্গোপসাগরে কূপ বসিয়েছিলাম, সুনেত্রা নামের একটা হইচইও বাধিয়েছিলাম কিছুদিন। এখন গ্যাসক্ষেত্রে নীরবতা চলছে।
তবে বিদ্যুৎ নিয়ে দৌড়ঝাঁপ দিতে গিয়ে আমরা আত্মঘাতী কিছু কাজও করছি। সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে অনেক লেখা হয়েছে, সেগুলো আমি পড়েছি। বলা যায়, ২০১৬ সালে আমার পড়া সবচেয়ে মোটা বইগুলোর শীর্ষে ছিল রামপাল। আমার মনে হয়েছে, তাড়াহুড়ো হচ্ছে, বাস্তবকে অস্বীকার করা হচ্ছে। যদি রামপাল সরকারের ইচ্ছামতো হয়, তাহলে ২০১৬ সালের একটি উক্তি ২০ বছর পর আমাদের তাড়িয়ে বেড়াবে। উক্তিটি হলো, আমরা আরেকটা সুন্দরবন কোনো দিনই বানাতে পারব না, কিন্তু আরেকটা ভালো রামপাল আমরা যেকোনো বছরই করতে পারব।
সেই আফসোস যেন আমরা কোনো দিন না করি।
২০১৬ সালে নাসিরনগরে আর গোবিন্দগঞ্জে সংখ্যালঘু মানুষদের ওপর হামলা হয়েছে। মানুষ কেঁদেছে। নাসিরনগরে কেঁদেছে হিন্দুরা। যেমন রামুতে কেঁদেছিল বৌদ্ধরা। গোবিন্দগঞ্জে কাঁদল সাঁওতালেরা, যাদের মতো নিরীহ, অল্পতে সন্তুষ্ট, সাদা মনের মানুষ দেখা যায় না। সাম্প্রদায়িকতার বিষে নীল হয়ে যাওয়া কিছু মানুষ, ক্ষমতার দম্ভে বেপরোয়া কিছু মানুষ এসব মানুষকে কাঁদাল। এই কান্না আমাদের জাতি হিসেবে নিচু করে দেয়, কুশ্রী করে দেয়। ২০১৭ সালে যেন এই কান্না একজন বিপন্ন মানুষও না কাঁদেন, সেটি আমাদের দেখতে হবে।
তবে আরেক বিপন্ন জনগোষ্ঠীর জন্য এই কান্নাটা মনে হচ্ছে অবধারিত। কারণ, তারা শিকার এক বিবেকহীন রাষ্ট্রশক্তির, যার মাথা হয়ে বসে আছেন এক শান্তিতে নোবেল জয়ী। ওই বিপন্ন মানুষেরা হচ্ছে আমাদের প্রতিবেশী রোহিঙ্গা। তাদের সামনে-পেছনে মৃত্যু। তারা নিজ বাসভূমে রয়ে গেলে তাদের প্রতিবেশী হয়ে থাকবে মৃত্যু, তারা বাংলাদেশে ঢুকতে বিফল হয়ে ফিরে গেলেও তাদের সঙ্গী
হয়ে থাকবে মৃত্যু। তাদের রক্ষা করাটা আমাদের বড় একটি দায়িত্ব। ২০১৭ সালে যদি রোহিঙ্গাদের কান্না থামাতে পারে বাংলাদেশ, সারা দেশের আক্রান্ত হিন্দু-বৌদ্ধ-আদিবাসীদের উপহার দিতে পারে হাসি, দেশটি সারা বিশ্বে পরিচিতি পাবে ভালো মানুষের, বিশ্বমানবের দেশ হিসেবে।
২০১৭ সাল হোক বাঙালির বিশ্বমানব হওয়ার বছর। ২০১৬ সাল শেষ হলো রাজনীতির মাঠে একটা সুন্দর প্রতিযোগিতা দিয়ে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বড় দুই দল দুই প্রার্থী দিল। প্রার্থীরা ভদ্রতা ও সৌজন্যের একটা নজির সৃষ্টি করলেন, পেশিশক্তিকে তুচ্ছ করে পেশাজীবিতার প্রমাণ রাখলেন। বাংলাদেশের গণতন্ত্রচর্চায় এই নির্বাচন একটা মাইলফলক হয়ে থাকবে, যার কাছে মুখ দেখাতে পারবে না জেলা পরিষদ নির্বাচন।

২.
২০১৭ সাল নিয়ে আমি আশাবাদী। নারায়ণগঞ্জের নির্বাচনে তরুণেরা একটা ইতিবাচক ভূমিকা রেখেছেন। তাঁরা প্রার্থীদের ভোট দিয়েছেন দলীয় রাজনীতির সংকীর্ণতার ওপরে উঠে। এ রকম আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জের কজন শিক্ষক ও পেশাজীবী। রাজনীতিতে দল থাকবে, দলাদলিও থাকবে, কিন্তু দলের হিসাব দেশের হিসাবকে ছাড়িয়ে গেলেই বিপত্তি। আমাদের দেশে আবার দলের হিসাবও মার খায় ব্যক্তির হিসাবের কাছে। তরুণেরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে আনন্দের অভিজ্ঞতার একটি হচ্ছে আদর্শবাদী কিছু তরুণের দেশকেন্দ্রিক রাজনীতি। তাঁরা সংখ্যায় অল্প, প্রায়ই তাঁদের অপদস্থ হতে হয় নানা শক্তিমান মহলের কাছে। কিন্তু মানুষ ও মাটির পক্ষে তাঁদের আদর্শটাকে তাঁরা ছাড়েন না। আমি এই আদর্শের জায়গাটাকে আরও বড় হতে দেখি ২০১৭ সালজুড়ে।
আমার আশাবাদের আরও কারণ কৃষিকাজে তরুণদের যোগ দেওয়া, নারীদের জেগে ওঠা, মানুষের আত্মবিশ্বাসী হওয়া, ভালো চর্চার প্রতি আগ্রহ বাড়া। কৃষিতে আমরা যে নীরব একটা বিপ্লব ঘটাচ্ছি, তার একটা কারণ কৃষিকে তরুণেরা হাত নেড়ে বিদায় জানাচ্ছেন না। যেমন করছেন পশ্চিমের অনেক দেশের তরুণেরা। আমাদের অনেক তরুণ বরং কৃষিকে এবং কৃষির পাশাপাশি মৃত্তিকা ও জলনির্ভর অনেক পেশাকে—যেমন পশু পালন বা মাছ চাষ, মৌমাছি পালন বা ফলের চাষ—কাজের এবং বিনিয়োগের লক্ষ্য হিসেবে ধরে নিচ্ছেন। এসব কাজে নারীরাও সম্পৃক্ত হচ্ছেন। নারীরা চার দেয়ালকে এখন আর অন্তরীণতার ঠিকানা বলে মানেন না, এখন তাঁরা ছড়িয়ে পড়েছেন সারা দেশের কর্মক্ষেত্রে।
২০১৭ সালে প্রযুক্তি বাংলাদেশকে অনেক সমৃদ্ধ এবং স্বচ্ছ করবে। আমি নিজেই দেখছি, ডিজিটাল প্রযুক্তি আমার অনেক কাজ সহজ করে দিচ্ছে। আগে যেখানে মানুষকে সরকারি-বেসরকারি দপ্তরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে (এবং অনেক সময় কর্তাব্যক্তিদের করতলসেবা করে) কাজ আদায় করতে হতো, এখন সেখানে সেসব অনেক কাজ করা যায় অনলাইনে। অনলাইনের লাইনটা আগামী দিনে আমাদের সুনীতির লাইনে আনতে পারবে। প্রযুক্তির সঙ্গে যেহেতু তারুণ্যের অংশগ্রহণ একটা মণিকাঞ্চন যোগের মতো, পরিবর্তন একদিন হবেই।
২০১৬ সালের ঠিক মাঝামাঝি, ১ জুলাই, জঙ্গিবাদ একটা প্রলয় ঘটিয়েছিল ঢাকায়। সালটা শেষ হলো এর শক্তিক্ষয়ের মধ্য দিয়ে। মানুষ সহিংসতা চায় না, মানুষ শুভের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। ২০১৭ সালে এই সমর্থন অটুট থাকবে। ২০১৭ তার ৩৬৫ দিন ধরে দেখবে আমরা কতটা মানবিক হতে পারি, আত্মশক্তিতে জেগে উঠতে পারি, কতটা পরার্থপর হতে পারি।
২০১৭ সালকে আমরা হতাশ করব না।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।