>

স্বাগত ২০১৭, বিদায় ২০১৬।এই পরিপ্রেক্ষিতে গত বছরটা কেমন গেল এবং নতুন বছরে আমাদের কী করণীয়, সে নিয়ে বিশ্বের পুরোধা ভাবুক ও নেতারা নিজেদের মত দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের লেখা ও একজনের সাক্ষাৎকার প্রথম আলোর পাঠকদের জন্য অনুবাদ করে ছাপা হচ্ছে, প্রতিদিন দুটি করে। প্রজেক্ট সিন্ডিকেটের লেখা বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশের একমাত্র অনুমোদনপ্রাপ্ত সংবাদপত্র প্রথম আলো। আজ ছাপা হলো জোসেফ ই স্টিগলিৎস ও ক্লাউস শোয়াবের লেখা।
গেল বছরের আলোকে জনগণের দাবিদাওয়া চাহিদার প্রতি নেতাদের অবশ্যই ইতিবাচকভাবে সাড়া দিতে হবে। কারণ, জনগণই নেতৃত্ব দেওয়ার জন্য তাঁদের ওপর আস্থা রেখেছিল। লক্ষ্যমাত্রা স্থির করে সামনে এগোনোর পথ নেতাদেরই দেখাতে হবে, যাতে জনগণের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়।
জটিল, অনিশ্চিত ও উদ্বেগময় এই বিশ্বে সত্যিকার নেতৃত্বের নিশানা ঠিক রাখতে নেতাদের দরকার রাডার সিস্টেম কম্পাস ব্যবহার করা। তাঁদের অবশ্যই নানা সংকেত গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। সংকেতগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল ভূমণ্ডল থেকে আসছে। প্রয়োজনের সঙ্গে মানিয়ে চলার বাসনা তাঁদের থাকতে হবে। তবে তাঁদের অবশ্যই উত্তর দিকে—যাকে বলা যায় নিরপেক্ষ তুল্যমূল্যের ভিত্তি—প্রখর দৃষ্টি রাখতে হবে, দিগ্ভ্রান্ত হওয়া চলবে না।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ কারণেই জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠেয় বার্ষিক সম্মেলনের থিম হিসেবে বেছে নিয়েছে রেসপনসিভ অ্যান্ড রেসপনসিবল লিডারশিপ শিরোনামকে। আগামী বছর সরকার, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতাদের পাঁচটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রথমত, তাঁদের চতুর্থ শিল্প বিল্পব—যা গোটা শিল্পকে পুনঃসংজ্ঞায়িত করে—এর অধীনতা স্বীকার করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট, স্বয়ংক্রিয় গাড়ি, ত্রিমাত্রিক প্রিন্টিং, ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিংসহ নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নতুন কিছু করতে হবে।
এ ধরনের প্রযুক্তি সবেমাত্র পূর্ণাঙ্গ সম্ভাবনার দিক উন্মোচন শুরু করেছে। আমরা দেখতে পাব, সায়েন্স ফিকশন বাস্তব রূপ নিয়েছে। আমাদের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করে এমন কিছু সমস্যা সমাধানে চতুর্থ শিল্প বিল্পব সহায়ক হতে পারে। আবার এ-ও ঠিক যে এটি সমাজকে বিভক্ত করেছে, এক পক্ষ পরিবর্তনকে আলিঙ্গন করেছে, অপর পক্ষ পারেনি। আর যা আমাদের কল্যাণকে হুমকির মুখে ফেলেছে, তা শনাক্ত করতে হবে।
দ্বিতীয়ত, নেতাদের গতিশীল, নৈর্ব্যক্তিক, বহুমাত্রিক-অংশীজন বৈশ্বিক-শাসনপদ্ধতি চালু করতে হবে। আজকের অর্থনৈতিক, প্রযুক্তিগত, পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জগুলো একমাত্র বৈশ্বিক পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমেই মোকাবিলা করা যেতে পারে।
কিন্তু আমাদের বর্তমান আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো গড়ে তোলা হয়েছিল যুদ্ধোত্তরকালে, তখন জাতিরাষ্ট্রগুলো মুখ্য ভূমিকা পালন করেছিল। ভূরাজনৈতিক পরিবর্তনের ফলে বর্তমান বিশ্বে সত্যিকার অর্থে বহুমেরুকরণ হয়েছে। প্রচলিত শৃঙ্খলা ক্রমে আরও ভঙ্গুর হয়েছে। নতুন বিশ্বনেতারা জাতীয় পদ্ধতি ও আন্তর্জাতিক শৃঙ্খলাকে কীভাবে আকার দেওয়া যায়, সে বিষয়ে নতুন নতুন ভাবনা (আইডিয়া) এনেছেন।

দেশগুলোর মিথষ্ক্রিয়া সমন্বিত মূল্যবোধের (ভ্যালু) চেয়ে যত বেশি সমন্বিত স্বার্থের ওপর ভিত্তি করে হবে, ততই পারস্পরিক সাহায্য-সহযোগিতার পরিসর আরও সীমিত হবে। উপরন্তু, অ-রাষ্ট্রীয় (নন-স্টেইট) শক্তি এখন সাইবার হামলা চালিয়ে জাতীয় ও বৈশ্বিক পদ্ধতিকে (সিস্টেম) ব্যাহত করতে সমর্থ। এই হুমকি মোকাবিলায় রাষ্ট্রগুলোকে শুধু এই শক্তির টুঁটি টিপে ধরলেই চলবে না, বরং এ থেকে পরিত্রাণের উপায় বের করতে হবে, আর সেটা হলো বিশ্বায়নকে সবার জন্য কল্যাণকর করে তোলা।
নেতাদের জন্য তৃতীয় চ্যালেঞ্জ হলো বিশ্ব অর্থনীতিকে আবারও প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনা। স্থায়ী প্রবৃদ্ধি হ্রাস মানে জীবনমান স্থায়ীভাবে অনুন্নত হয়ে পড়া: ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধিতে একটি দেশের জিডিপিকে দ্বিগুণ করতে লাগে ১৪ বছর, যেখানে ৩ শতাংশ প্রবৃদ্ধিতে লাগে ২৪ বছর। যদি অর্থনৈতিক স্থবিরতা অব্যাহত থাকে, তাহলে আমাদের সন্তান ও নাতি-নাতনিরা তাঁদের পূর্বপুরুষদের তুলনায় অনেক খারাপ অবস্থায় পতিত হবে।
এমনকি আজকের প্রযুক্তিগত কারণ ছাড়াও যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, তাতে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক অর্থনীতিকে শত শত কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ধারণা করা হয়, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হবে ৯৭০ কোটি, বর্তমানে যা ৭৪০ কোটি। এভাবে ২০১৭ সালে সামাজিক অন্তর্ভুক্তি ও বেকার যুবসমাজ হবে বৈশ্বিক ও জাতীয় পরিসরের গুরুত্বপূর্ণ বিষয়।
চতুর্থ চ্যালেঞ্জ হবে বাজার সংস্কার এবং ব্যবসা-বাণিজ্য ও সমাজের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপন করা। মুক্তবাজার ও বিশ্বায়ন জীবন মানের উন্নয়ন ঘটিয়েছে। দশকের পর দশক ধরে যেসব মানুষ দারিদ্র্যের সঙ্গে বসবাস করছিল, তাদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তাদের অবকাঠামোগত বন্দোবস্ত— স্বল্পমেয়াদি, সম্পদের ক্রমবর্ধমান বৈষম্য ও তাদের সহচরেরা—সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সংকটে জ্বালানির ভূমিকা পালন করেছে। এ থেকে স্পষ্ট হয়, সামাজিক কল্যাণের সঙ্গে সাযুজ্যপূর্ণ অর্থনৈতিক উদ্দীপকের স্থায়ী সম্পর্ক দরকার।
পঞ্চমত, দুই দশক ধরে প্রথাগত মানদণ্ডের অবক্ষয় অব্যাহত থাকার কারণে পরিচয় গঠনে (আইডেনটিটি ফরমেশন) যে বড় ধরনের বিরাট সংকটের সৃষ্টি হয়েছে, তার ওপর নেতাদের আলোকপাত করতে হবে।
বিশ্বায়ন গোটা বিশ্বকে আরও ছোট করেছে। পাশাপাশি তাকে আরও বেশি জটিল করে তুলেছে। প্রতিষ্ঠানের প্রতি বহু মানুষের আস্থা হারিয়ে গেছে। অগণিত মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাঁরা অংশীদারি কিন্তু স্বতন্ত্র বিশ্বাসের তালাশ করছেন, যা তাঁদের একধরনের উদ্দেশ্য ও ধারাবাহিকতার বোধকে শাণিত করবে। পরিচয় বিন্যাস (আইডেনটিটি ফরমেশন) যুক্তিসিদ্ধ প্রক্রিয়া নয়। এটি গভীর আবেগময়, যা প্রায়ই বড় বেশি উদ্বেগ, অতৃপ্তি ও ক্ষোভের জন্ম দেয়। রাজনীতিও আবেগতাড়িত: নেতারা জনগণের দাবিদাওয়া ও চাহিদা তুলে ধরে কিংবা দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা পেশ করে ভোট চান না, বরং একধরনের ঘনিষ্ঠতা বোধ, সাদামাটা সময়ের স্মৃতিকাতরতা, অথবা জাতীয় শিকড়ে ফেরার কথা বলে তাঁরা ভোটারদের আকৃষ্ট করেন।
আমরা ২০১৬ সালে প্রত্যক্ষ করেছি, প্রতিক্রিয়াশীল ও চরম বিশ্বাসকে প্ররোচিত করে জনপ্রিয় ব্যক্তিরা জয় ছিনিয়ে নিয়েছেন। দায়িত্ববান নেতাদের অবশ্যই জনগণের শঙ্কা ও ক্ষোভকে বৈধ হিসেবে স্বীকৃতি দিতে হবে। অনুপ্রেরণা জুগিয়ে ও গঠনমূলক পরিকল্পনা করে উজ্জ্বলতর ভবিষ্যৎ গড়তে হবে।
কিন্তু কীভাবে? মনে হয়, আজকের বিশ্ব হতাশাবাদ, নেতিবাচকতা ও নৈরাশ্যবাদের সাগরে ডুবে আছে। তবে এখনো কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করার সুযোগ আমাদের হাতে আছে। যাতে এই মানুষগুলো উন্নত ও আরও অর্থপূর্ণ জীবন যাপন করতে পারে। আরও সবুজ, সামুদয়িক ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দায়িত্ব আমাদেরই কাঁধে তুলে নিতে হবে।
নতুন বছর বৈশ্বিক সমাজের সব অংশীদারের জন্য এক অগ্নিপরীক্ষা হবে। বিশ্বকে আরও উন্নত করতে আমাদের করণীয়ের ঘাটতি নেই। কিন্তু তা করতে গিয়ে আমাদের নিজস্ব সংকীর্ণ স্বার্থের কথা ভুলে যেতে হবে এবং বৈশ্বিক সমাজের বৃহত্তর স্বার্থের সঙ্গে একাত্ম হতে হবে।
দায়িত্ব-কর্তব্য পালনের উদ্যোগটা আসতে হেব নেতাদের তরফ থেকে। তাঁদের অবশ্যই খোলামেলা আলোচনা শুরু করতে হবে। পাঁচটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সমন্বিত সমাধান খুঁজতে হবে। যদি তাঁরা স্বীকার করেন, বৈশ্বিক সম্প্রদায়ের নিয়তি অংশীদারত্বের মধ্যে নিহিত, তাহলে তাঁদের সঠিক পথে প্রথম—যদিও ভদ্র—পদক্ষেপ নিতে হবে।
অনুবাদ: মিজান মল্লিক, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
ক্লাউস শোয়াব: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান।
আগামীকাল পড়ুন: হুয়ান মানুয়েল সান্তোসের সাক্ষাৎকার ও ডোনাল্ড টাস্কের লেখা