২১ শতকে মার্কিন-ভারত অংশীদারির নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

দুনিয়ার জাতিসমূহ গণতন্ত্র, স্বাধীনতা, বৈচিত্র্য ও উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে ভারত ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও অভিন্ন মূল্যবোধের মাধ্যমে সম্পর্কিত হয়েছে। দেশ দুটি মানব ইতিহাসের সদর্থক পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতে আমরা যৌথ প্রচেষ্টা, স্বাভাবিক ও অন্যান্য অংশীদারির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি।
আমাদের দুই দেশের নাগরিকদের ন্যায়বিচার ও সমতার আকাঙ্ক্ষা রয়েছে। এ ব্যাপারটিই ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি। স্বামী বিবেকানন্দ শিকাগোতে হিন্দু ধর্মকে বিশ্বধর্ম হিসেবে উপস্থাপন করেন, বিশ্বের ধর্মবিষয়ক পার্লামেন্টে তিনি ১৮৯৩ সালে শিকাগোতে সেই বক্তৃতা দিয়েছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়র আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে বৈষম্য অবসানের দাবি তুলেছিলেন, তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়েই এ কাজ করেছিলেন। গান্ধীজি নিজেও হেনরি ডেভিড থরোর কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন।
জাতি হিসেবে আমরা বিগত দশকগুলোতে জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। আমাদের সহযোগিতার একটি শক্ত ভিত রয়েছে, ভারতের জনগণের তা স্মরণে আছে। সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আমাদের সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত।
আজ আমাদের সহযোগিতার ভিত আরও জোরালো হয়েছে। একই সঙ্গে তা আরও টেকসই হয়েছে, নির্ভরযোগ্যতাও অর্জন করেছে। আমাদের সম্পর্কে এখন আরও দ্বিপক্ষীয় ব্যাপার যুক্ত হয়েছে, আগে যেটা কখনো হয়নি। শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, প্রাদেশিক, স্থানীয়, সামরিক, বেসরকারি খাত ও সুশীল সমাজের পর্যায়েও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃত হয়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে এত কিছু হয়েছে যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ঘোষণা করেছিলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরের স্বাভাবিক মিত্র। এত বছরের ক্রমবর্ধমান সহযোগিতার ফলে আমাদের ছাত্ররা এখন গবেষণা প্রকল্পে একত্রে কাজ করছে, বিজ্ঞানীরা একত্রে নতুন প্রযুক্তি বিকাশে কাজ করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করছেন। আমাদের সামরিক বাহিনী ভূমি, আকাশ ও সমুদ্রে যৌথ মহড়া পরিচালনা করছে, মহাশূন্য গবেষণায় আমরা নতুন নতুন ক্ষেত্রে প্রবেশ করছি, পৃথিবী থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত যার বিস্তৃতি। আর এই অংশীদারত্বে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীরা সেতুবন্ধের কাজ করছে। এই অংশীদারির সফলতা দেখে বোঝা যায় যে আমাদের জনগণের জীবনীশক্তি অনেক। এর মাধ্যমে আমরা মার্কিন সমাজের উন্মুক্ত চরিত্র সম্পর্কেও জানতে পারি, আর আমরা একত্র হলে কী করতে পারি, তা-ও এর মধ্য দিয়ে বোঝা যায়।
তার পরও আমাদের সম্পর্ক যে আরও কত ক্ষেত্রে বিস্তৃত হতে পারে, তা আমরা এখনো পুরোপুরি ঠাহর করে উঠতে পারিনি। ভারতে নতুন সরকার ক্ষমতায় আসার কারণে এ সম্পর্ক আরও জোরদার ও গভীরতর হবে। আমাদের আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস আরও বেড়েছে, ফলে আমরা এখন প্রথাগত লক্ষ্যের বাইরে গিয়ে আরও উচ্চাভিলাষী লক্ষ্যের দিকে যেতে পারি। আমাদের এখন নতুন এজেন্ডা নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে দুই দেশের জনগণের জীবনে মূর্ত উন্নয়ন ঘটবে।
আশা করি, এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের সহযোগিতার দিগন্ত আরও প্রসারিত হবে। এটা একই সঙ্গে ভারতের উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ আর বৈশ্বিক পরিসরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়ক হবে। ওয়াশিংটনের এই বৈঠকে আমরা উৎপাদন বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছি। একই সঙ্গে পরিবেশের ভবিষ্যৎ রক্ষায় টেকসই পদক্ষেপের বিষয়েও আমাদের মধ্যে কথা হয়েছে।
ভারত তার দরিদ্রতম জনগণের মৌলিক সেবার মান, এর নির্ভরযোগ্যতা ও প্রাপ্তি নিশ্চিত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে আমাদের সরকার, বিজ্ঞানী ও ব্যবসায়ীরা কীভাবে একত্রে কাজ করতে পারেন, তার উপায় খুঁজে বের করার চেষ্টা আমরা করব। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। এ লক্ষ্যে তাৎক্ষণিক সহায়তার ক্ষেত্র হতে পারে ‘ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন’, সেখানে আমরা বেসরকারি ও সুশীল সমাজের পক্ষ থেকে নতুন প্রস্তাব আসুক, সেটা চাইব। একই সঙ্গে বিশেষজ্ঞ মতামত ও সহায়ক প্রযুক্তির মাধ্যমে ভারতের স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা উন্নয়নের চেষ্টা করব আমরা।
আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জনগণ উপকৃত হবে, কিন্তু আমরা চাই এসব প্রচেষ্টার সম্মিলিত ফলাফলের চেয়েও আমাদের অংশীদারির পরিসর বড় হোক। জাতি ও জনগণ হিসেবে আমরা সবার জন্য উৎকৃষ্ট ভবিষ্যৎ প্রত্যাশা করি, যেখানে আমাদের এই কৌশলগত অংশীদারি সামগ্রিকভাবে দুনিয়ার জন্য শুভ কিছু বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও তার সঙ্গে প্রাযুক্তিক অংশীদারির মাধ্যমে ভারতের প্রবৃদ্ধি বাড়বে, ফলে স্বাভাবিকভাবেই ভারত লাভবান হবে। অন্যদিকে, ভারত শক্তিশালী হলে যুক্তরাষ্ট্রও লাভবান হবে। পরিণামে আমাদের বন্ধুত্বের কারণে যে বৃহত্তর স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জিত হবে, তার জন্য দুনিয়ার অন্যান্য দেশও উপকৃত হবে। দক্ষিণ এশিয়াকে আমরা কেন্দ্রীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করতে চাই, এই বৃহত্তর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বৈশ্বিক অংশীদার হিসেবে আমরা গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, আইন প্রয়োগকারী অভিযান প্রভৃতির মাধ্যমে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর যৌথভাবে কাজ করে আমরা নৌ চালনা ও সমুদ্রপথে আইনসিদ্ধ বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যক্ষেত্রে অংশীদারির মাধ্যমে আমরা সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জও মোকাবিলা করতে চাই: ইবোলা মোকাবিলা, ক্যানসারের প্রতিষেধক আবিষ্কার বা যক্ষ্মা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ জয় করা প্রভৃতি। নারীর ক্ষমতায়নে আমরা সাম্প্রতিক সময়ে যে কাজ শুরু করেছি, সেটাও এগিয়ে নিতে চাই। পাশাপাশি, এই যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারি আফগানিস্তান ও আফ্রিকার সক্ষমতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
মহাশূন্য আবিষ্কারের মাধ্যমে আমাদের কল্পনাশক্তি আরও শক্তিশালী হবে, একই সঙ্গে তা আমাদের উচ্চাভিলাষের পরিধি আরও বড় করতে সহায়ক হবে। উভয় দেশের স্যাটেলাইটই মঙ্গল গ্রহ চক্কর দিচ্ছে, এতেই বোঝা যায় যে আমাদের সক্ষমতা কোন পর্যায়ে আছে। সুখী ভবিষ্যতের প্রতিশ্রুতি শুধু ভারতীয় ও মার্কিনদের জন্য নয়। এটা আমাদের আরও ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। ২১ শতকে আমাদের অংশীদারির এই হচ্ছে পরিপ্রেক্ষিত। আমরা একসঙ্গে পথ চলতে চাই।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
ওয়াশিংটন পোস্ট থেকে নেওয়া
নরেন্দ্র মোদি: ভারতের প্রধানমন্ত্রী।
বারাক ওবামা: মার্কিন প্রেসিডেন্ট