
পরবর্তী দিন আমি জানতে পারলাম, আমার পরিবারকে সেনানিবাসে ব্রিগেডিয়ার আনসারির বাড়িতে রাখা হয়েছিল। ২৬ মার্চ আমি সেনানিবাসে গেলে সেখানে কোনো পুরুষ মানুষকে পাইনি। তাঁরা অভিযানে ব্যস্ত ছিলেন। কোনো রকম বাধা ছাড়াই আমি আমার পরিবারকে শ্বশুরবাড়িতে রেখে আসি।
২৫ মার্চ রাতে আমার স্ত্রী চট্টগ্রাম সেনানিবাসে যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, সে সম্পর্কে আমাকে বলল। পাকিস্তানি সেনারা কীভাবে ট্যাংক নিয়ে রাতের আঁধারে চট্টগ্রাম কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ে বিপুলসংখ্যক বাঙালি সেনাকে হত্যা করেছিল, সেটা শুনে আমি
প্রচণ্ড ধাক্কা পেয়েছিলাম। যাঁদের মধ্যে আমার অনুগত কর্মকর্তা কর্নেল এম আর সিদ্দিকীও ছিলেন, এসব দেখে আমার স্ত্রী ও সন্তানেরা হতবাক হয়ে গিয়েছিল।
আমার স্ত্রী সাদাত সুলতানা বলে, রাতে ঘুমানোর পর সে বাসার মধ্যে বুলেটের শব্দ শুনেছিল। ঘরের বাতি জ্বেলে দেখে, একটি বুলেট জানালা ভেদ করে দেয়ালে গিয়ে বিঁধেছে। খুব দ্রুতই আক্রমণ আরও তীব্র হয়, কেন্দ্রের মধ্যে ও আশপাশে সে ভারী বর্ষণের মতো বুলেটের শব্দ শুনতে পায়। সন্তানদের নিয়ে সে খাটের নিচে শুয়ে আত্মরক্ষা করে।
এক ঘণ্টা পর পাকিস্তানি সেনাদের আক্রমণ থামলে আমার স্ত্রী কর্নেল ওসমানীকে ফোন করে, কিন্তু ওসমানীকে ফোনে না পেয়ে সে আবার আওয়ামী লীগ নেতা এম আর সিদ্দিকীকে ফোন করে। সে সিদ্দিকীকে অনুরোধ করে, তিনি যেন বেঙ্গল রেজিমেন্টের জিয়াউর রহমানকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন, যাতে তিনি বেলুচ রেজিমেন্টের ওপর পাল্টা হামলা করতে পারেন। পরবর্তী সময়ে সে যখন ঢাকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তখন দেখে, ফোন ডেড।
পরের দিন বেশ সকালেই আমার কেন্দ্রের কর্নেল শিগির বাসভবনে গিয়ে আমার স্ত্রীকে বলেন, ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত হোন। আমার স্ত্রী যখন বলল, তাদের কীভাবে নিয়ে যাওয়া হবে। তখন তিনি বলেন, ঢাকা থেকে আসা একটি হেলিকপ্টার বেলুচ রেজিমেন্টে অপেক্ষা করছে। সে নগদ টাকা, গয়না ও বাচ্চাদের কাপড় নেওয়ার চেষ্টা করলেও কর্নেল শিগির তাতে বাদ সাধেন।
বেলুচ রেজিমেন্টে যাওয়ার পথে সে যা দেখল, তাতে তার গা শিউরে উঠল। সে দেখল, কেন্দ্র পর্যন্ত রাস্তার দুই ধারে সারি সারি বাঙালি সৈনিকদের মৃতদেহ পড়ে আছে। তাদের মধ্যে সে কর্নেল এম আর চৌধুরীর মৃতদেহও আবিষ্কার করল।
পরের দিন ২৭ মার্চ সকালে ফজরের নামাজ পড়ে আমি চট্টগ্রাম যাওয়ার লক্ষ্যে আমিনের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই দেখি, একটি সামরিক গাড়ি বাড়ির দিকে আসছে। আমি বাড়ির বাইরে গেলে দেখলাম, বহু সৈন্য বাড়িটিকে ঘিরে রেখেছে। তারা আমাকে বলল, ‘স্যার, আপনি কি ব্রিগেডিয়ার মজুমদার?’
আমি বললাম, ‘হ্যাঁ’।
তারা বলল, ‘আমরা টিক্কা খানের নির্দেশে আপনাকে সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি।’
আমি তাদের সঙ্গে গেলাম। ২৭ মার্চ থেকে আমি কারাবন্দী হলাম। তারা সেনানিবাস এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে পরিবারসহ আমাকে বন্দী করে রাখল। আমরা সেখানে দুই দিন ছিলাম। তারা আমাদের বাড়ির বাইরে যেতে দেয়নি। আর এভাবেই আমার ও আমার পরিবারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।
১৯৭১ সালে পাকিস্তানিরা আমাকে দুভাবে নির্যাতন করেছে। প্রথমত, তারা আমার বাড়ির জিনিসপত্র লুট করেছে ও শারীরিকভাবে নির্যাতন করেছে। দ্বিতীয়ত, তারা আমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অন্যদের নির্যাতন করেছে।
২৬ মার্চ সকালে পাকিস্তানি সেনাবাহিনী আমার খোঁজে আমাদের শ্যামলীর বাড়িতে হানা দেয়। আমাকে না পেয়ে তারা বাড়ির ভৃত্য তাসিরকে ঘর থেকে বের করে জনসমক্ষে জবাই করে খুন করে। তারা ওর ছেলেকেও খুন করার চেষ্টা করে, কিন্তু সে বাড়ির ছাদে পানির ট্যাংকে লুকিয়ে পড়েছিল। সেনারা সিলেটের জকিগঞ্জে আমার ছোট বোনের স্বামী ও দুই ছেলেকে গ্রেপ্তার করে। সেনারা ওদের নিয়ে যাওয়ার সময় আমার বোন জ্ঞান হারিয়ে ফেলে। সিলেটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে এই অভিঘাতে তার মৃত্যু হয়। সেনারা আমার বোনের বাড়িটিও জ্বালিয়ে দেয়।
ইয়াহিয়া খান ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে ২ ও ৩ মার্চ চট্টগ্রামের রেল কলোনি, ওয়্যারলেস কলোনি ও শের শাহ কলোনিতে বাঙালি ও বিহারিদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় কর্নেল ফাতেমির নেতৃত্বে পাঠান সেনারা বাঙালিদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। তারা হাজার হাজার নিরপরাধ বাঙালি নারী, পুরুষ ও শিশু হত্যা করে। তখন ফাতেমি ছিলেন চট্টগ্রামের সামরিক আইন প্রশাসক।
৪ মার্চ জেনারেল ইয়াকুব ফাতেমিকে সরিয়ে আমাকে ওই পদে বসান। দায়িত্ব নেওয়ার পর আমি রেলওয়েসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করি। আমি দেখলাম, বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে, আর পাঠান সেনারা পোড়া বাড়িঘর পাহারা দিচ্ছে। ওই এলাকার প্রায় সব বাসিন্দাই ঘর ছেড়ে পালিয়েছে। আমি জানতে পারলাম, সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, আর আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখলাম, আগুনে পোড়া বহু রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের নিবন্ধন বই পরীক্ষা করে দেখলাম, তাঁরা প্রায় সবাই বাঙালি।
যা হোক, ৩০ মার্চ মধ্যরাতে কারাগারে আমার কক্ষে কারা যেন কড়া নাড়ল। দরজা খুললে কেউ একজন বলল, ১৫ মিনিটের
মধ্যে প্রস্তুত হয়ে নিন, আপনাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই ওরা আমাকে ঢাকা বিমানবন্দরে নিয়ে গেল।
করাচি বিমানবন্দরে নামার পর আমাদের মালির সেনানিবাসে নিয়ে যাওয়া হলো। সেখানে এক রাত থাকার পর আমাদের খারিয়ান সেনানিবাসে নেওয়া হলো। ওখানে আমাদের এক পুরোনো রেস্টহাউসে রাখা হয়, জায়গাটা ছিল খারিয়া থেকে ১৪-১৫ মাইল দূরে। সেনা কর্তৃপক্ষ রেস্টহাউসটিকে কার্যত কারাগার বানিয়ে ফেলে। চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে তারা মেশিনগানধারী সেনাপাহারা বসায়। আমাকে পরিবারের কাছ থেকে আলাদা রাখা হয়। ওই ঘরে আসবাবও ছিল না। আমাকে বলা হলো, শুধু আপনার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আপনার পরিবারের সদস্যরা এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারবে, কিন্তু আপনি এই ঘরের বাইরে যেতে পারবেন না। আপনার পরিবারের ওপর এই বিধিনিষেধ নেই, তবে তারা এই বাড়ির সীমানাপ্রাচীরের বাইরে যেতে পারবে না। (চলবে)
ইংরেজি থেকে অনূদিত
সূত্র: টরমেন্টিং সেভেন্টি ওয়ান: অ্যান অ্যাকাউন্ট অব পাকিস্তান আর্মি’স অ্যাট্রোসিটিজ ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১, সম্পাদক: শাহরিয়ার কবির, ‘আই ওয়াজ পুট ইন আ গানি ব্যাগ অ্যান্ড কেপ্ট ইন দ্য স্কর্চিং সান’, ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.), নির্মূল কমিটি (কমিটি ফর রেজিস্টিং কিলারস অ্যান্ড কোলাবরেটরস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১), ঢাকা, নভেম্বর ১৯৯৯।
ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.): সাবেক সেনা কর্মকর্তা (১৯২২–২০১১)।