একটা ব্যাপারে ছাত্রশিবিরকে কৃতিত্ব দিতেই হবে, নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় না তারা। অন্তর্দলীয় বিরোধ-বিবাদ তাদের মধ্যে নেই, এমন নয়। কিন্তু ছাত্রলীগ বা ছাত্রদলের মতো প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে সচিত্র সংবাদের শিরোনাম হয়েছে—এমন কোনো ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি বললেই চলে। কিন্তু যে শিক্ষাপ্রতিষ্ঠানে একবার তারা ঘাঁটি গেড়ে বসেছে, সেখানে তারাই সর্বেসর্বা। অন্য কোনো ছাত্রসংগঠনের কোনো কার্যক্রম সহ্য করবে না তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের স্বার্থ এতটুকু বিঘ্নিত হলে তারা ধর্মঘট ডাকবে, ট্রেন-অবরোধ করবে, প্রয়োজনে শিক্ষকবাসে বোমা হামলা করবে; সেখানে জামায়াত-সমর্থিত শিক্ষকেরা মানববন্ধন করবেন শিবিরের কর্মীদের ছাত্রাবাসে উঠতে না দেওয়ার অনিয়মের বিরুদ্ধে, কিন্তু চট্টগ্রাম সরকারি কলেজ বা মুহসীন কলেজে বছরের পর বছর একক নিয়ন্ত্রণ থাকবে শিবিরের, সেখানে অন্য কোনো সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তোলার যেন রেওয়াজ নেই।
সাম্প্রতিক কালে চট্টগ্রাম সরকারি কলেজের বাহ্যিক আদল পাল্টে গেছে অনেকটাই। কলেজের সামনের রাস্তাটি চওড়া করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই প্রতিষ্ঠানের কিছু জমি অধিগ্রহণ করেছে। বিনিময়ে যে অর্থ তাদের দেওয়া হয়েছে, তা দিয়ে কলেজের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। যেমন, সেই আইয়ুব খানের আমলের প্রবেশ তোরণটি পাল্টে দৃষ্টিনন্দন নতুন একটি তোরণ এবং আঙিনায় তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিসংবলিত ম্যুরাল। কিন্তু বাহ্যিক এসব পরিবর্তন পাল্টাতে পারেনি কলেজটির ভেতরের রূপ। চট্টগ্রাম কলেজ বা মুহসীন কলেজে শিবিরের কথাই আইন। তবে আগে যেমন, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দেওয়ার (যেমন—সহপাঠী ছাত্র ও ছাত্রীদের মধ্যে কতটুকু সম্পর্ক থাকবে, মেয়েরা কী কী পদ্ধতিতে শালীনতা বজায় রাখবে ইত্যাদি) যাবতীয় দায়িত্ব পালন করত শিবির, গত কয়েক বছর সেই কড়াকড়ি থেকে কিছুটা সরে এসেছে তারা। আগে যেমন অন্য কোনো ছাত্রসংগঠনের কর্মসূচি তো দূরে থাকুক, সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও ‘পাঞ্জেরি’ স্টাইলের বিশেষ অনুষ্ঠান ছাড়া আর কোনো সৃজনশীলতার চর্চা করা যেত না, এখন সেখান থেকেও সরে এসে একধরনের ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ চালু করা হয়েছে।
যেমন, কলেজ প্রশাসন এখন একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার আনুষ্ঠানিকতা করতে পারে শিবিরের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে। এমনকি দু-এক বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানও হয়। বিস্ময়ের ব্যাপার, সেখানে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্রশিবিরের কর্মীরাই। অনেকের ধারণা, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে শিবির তাদের কৌশল পাল্টেছে। কলেজ প্রশাসনের সঙ্গে বড় বিরোধে না জড়িয়ে বরং তাদের মনস্তাত্ত্বিক চাপে রেখে নিজেদের অবস্থান অটুট রাখতে চায় তারা। সরকারি কর্মসূচিতে বাধাও দেবে না, আবার সেই কর্মসূচিতে অংশ নিতে অন্য কোনো ছাত্রসংগঠনকে সুযোগও দেবে না। শিবির যে আদর্শের জায়গায় কিছুটা ছাড় দিয়েও এ রকম একটি সমঝোতায় সম্মত হয়েছে, তাতে অবশ্য তাদের অর্থনৈতিক লাভালাভের বিষয়টাও সম্পর্কিত।
গত ২৬ নভেম্বর চট্টগ্রাম কলেজে এসেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাঁকে স্বাগত জানিয়ে কলেজে বিরাট ব্যানার ঝুলিয়েছে শিবির। ব্যাপারটা এমন, ছাত্রলীগের কাজটা যদি শিবিরই করে দেয়, তাহলে এখানে আর ছাত্রলীগের প্রয়োজনটা কী? তবু শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে এসেছিল ছাত্রলীগ। হয়তো ধারণা ছিল, মন্ত্রীর উপস্থিতিতে নমনীয় থাকবে শিবির। কিন্তু তাদের কলেজ গেট অতিক্রম করতে না দিয়ে শিবির জানান দিয়েছে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। তাই শত শত পুলিশের উপস্থিতি সত্ত্বেও কলেজ গেটের বাইরেই শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ফিরে যেতে হয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের।
শিক্ষামন্ত্রীর সফরটা মোটামুটি নির্বিঘ্নে কেটে যাওয়ার পরদিনই ঘটেছে আরেকটি অঘটন। ইতিহাস বিভাগের একজন নবাগত অধ্যাপক ও বিভাগীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন ছাত্রলীগের কয়েকজন অত্যুৎসাহী কর্মী। এই কলেজে শিবিরের অনুমতি ছাড়া শুভেচ্ছাও জানানোর নিয়ম নেই, এ কথা তো ওই কর্মীদের অজানা থাকার কথা নয়; তবু তাঁরা কেন গিয়েছিলেন? সম্ভবত আগের দিন শিক্ষামন্ত্রীর আগমন তাঁদের কোনো না কোনোভাবে উৎসাহিত করে থাকবে। ফলে তাঁদের খেসারত দিতে হয়েছে। শিবিরের কর্মীরা আবাসিক হলে ধরে নিয়ে গিয়ে ‘নিয়ম ভঙ্গের’ সাজা দিয়েছেন তাঁদের। এটা হয়তো শিবিরের নিয়মিত অনুশীলন।
কিন্তু এবার তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ পেয়ে আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে তারা। ততক্ষণে অবশ্য খবর পৌঁছে গেছে শিবিরের নেতা-কর্মীদের কাছে। প্রতিটি কক্ষে তালা দিয়ে নিরাপদে হল ত্যাগ করেছেন তাঁরা। অভিযানে পেট্রলবোমা, ককটেল, বোমা তৈরির পাউডার, কিরিচ, হাঁসুয়াসহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করলেও হলের একজন স্টোরকিপার ছাড়া আটক করতে পারেনি কাউকে। নেতা-কর্মীরা নিরাপদে চলে যেতে পারলে তাঁদের সঙ্গে ভারী অস্ত্রও সরিয়ে ফেলা অসম্ভব কিছু নয়। পুলিশের অভিযানের সময় ক্যাম্পাসে একটি মিছিল করতে পেরেছে ছাত্রলীগ। প্রায় ২৮ বছর পর ১৫ মিনিটের মিছিল। সেখানে শিবিরের দখলদারির বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছে তারা, কিন্তু এই দখলদারির অবসান যে এত সহজ ব্যাপার নয়, সেই বাস্তবতা বোঝার মতো বিচারবোধ নিশ্চয়ই তাদের আছে।
২৮ বছর ধরে শিবির চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। ক্যাম্পাসে কেউ তাদের চ্যালেঞ্জ করার সাহস পায়নি। কারণ, শিবিরের হাতে ছাত্রলীগের নেতা তোবারকের খুনের সেই নির্মম দৃশ্য মুছে যায়নি অনেকের স্মৃতি থেকে। আবাসিক হলে শিবিরের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলেনি কেউ, কারণ হলের কক্ষে ছাত্র ইউনিয়নের কর্মী ঘুমন্ত শাহাদাতকে হত্যার ঘটনাটিও সহজে ভুলে যাওয়ার মতো নয়। এভাবে শিবির দুটি কলেজে শুধু নয়, এর আশপাশের চকবাজার, চন্দনপুরা, কাতালগঞ্জ প্রভৃতি এলাকায় বিস্তৃত করেছে তাদের প্রভাব। সেখানে কয়েক শ মেসে অবস্থান করছেন তাদের কর্মী। এসব এলাকায় রেটিনা, প্রবাহ, ইনডেক্স প্রভৃতি কোচিং সেন্টার গড়ে তুলেছেন তাঁরা। ফলে কোচিং-বাণিজ্য জমজমাট। এই দুটি কলেজের আশপাশের অনেক মার্কেট, দোকানপাটের মালিকানাও জামায়াত-সংশ্লিষ্ট লোকজনের। ফলে ‘বায়তুল মাল’ সংগ্রহও সহজ হয়ে উঠেছে ছাত্রশিবিরের পক্ষে।
বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শিবিরের বহিরাগত কর্মীরাও নিরাপদ আশ্রয় নেন চট্টগ্রাম কলেজের হলগুলোতে। দুর্ধর্ষ সন্ত্রাসী ও শিবিরের ক্যাডার নাসিরকে গ্রেপ্তার করা হয়েছিল এই কলেজেরই সোহরাওয়ার্দী হল থেকে। এইচএসসি, অনার্স ও মাস্টার্সপড়ুয়া ২০ হাজার শিক্ষার্থী এককথায় শিবিরের কাছে জিম্মি।
আমরা জানি, চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজ তো বটেই, চট্টগ্রামের প্রায় সব কটি সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো ছাত্রসংগঠন (ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির) দখলদারি প্রতিষ্ঠা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজি ও বাণিজ্যিক কর্মকাণ্ডের কায়েমি স্বার্থচক্র। সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দল ও প্রশাসনের যৌথ উদ্যোগই পারে কেবল ‘চর দখল’ সংস্কৃতি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে। না হলে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পরিবর্তে এখানে কোচিং ও ভর্তি-বাণিজ্যসহ নানা লাভজনক প্রকল্প চলতেই থাকবে এবং সেই ক্ষেত্রটি নিরঙ্কুশ করতে আবাসিক হলগুলোতে গড়ে উঠবে অস্ত্রের মজুত। চট্টগ্রাম কলেজের সাম্প্রতিক ঘটনাবলি সেই বাস্তবতার কথাই মনে করিয়ে দিল আমাদের।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]