
আমাদের রাজনীতির কথামালায় একটা সরল গল্প চালু আছে। গল্পটা এ রকম: পঁচাত্তরের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলে বাকশাল সরকারের পতন হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবারে নিহত হন। একদল সেনা কর্মকর্তা এই কাণ্ড ঘটান। তাঁরা বঙ্গভবনে বসে খোন্দকার মোশতাককে দিয়ে সরকার চালাতে থাকেন। সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার জন্য খালেদ মোশাররফের নেতৃত্বে ৩ নভেম্বর আরেকটি সেনা অভ্যুত্থান হয়। খোন্দকার মোশতাকের সরকার মুখ থুবড়ে পড়ে। খালেদ ভারত-সোভিয়েত বলয়ের লোক। ৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান হয় এবং সিপাহি বিদ্রোহের ফলে খালেদের ক্ষণস্থায়ী সরকার বিদায় নেয়। অন্তরীণ অবস্থা থেকে মুক্ত হয়ে সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতা হাতে নেন। ১৯৭৫ সালের পর থেকে সরকার বদলের সঙ্গে সঙ্গে এই গল্পটিও বারবার পরিমার্জিত হয়েছে।
১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ৭ নভেম্বরের পক্ষ-বিপক্ষ আছে। এবং তাঁরাই নিজেদের সুবিধা অনুযায়ী গল্পের নতুন সংস্করণ তৈরি করেন। ফলে ইতিহাসের নামে তৈরি হয়েছে নানান মিথ বা কেচ্ছা। এ রকম একটা কেচ্ছা হলো কতিপয় বিভ্রান্ত সেনা কর্মকর্তার হাতে শেখ মুজিব সপরিবারে নিহত হন—এই মর্মে একটা প্রচার। বাস্তবতা হলো, ১৫ আগস্টের অভ্যুত্থান কতিপয় সেনাসদস্য ঘটালেও প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী তার বিরুদ্ধে দাঁড়ায়নি। অবশ্য কয়েকজন সেনাসদস্য বা কর্মকর্তার এতে সায় নাও থাকতে পারে। ব্যতিক্রমকে সাধারণ নিয়মের মধ্যে ধরা হয় না। ঢাকায় সেনাবাহিনীর প্রধান শক্তি ছিল ৪৬ ব্রিগেড। অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন শ দেড়েক সৈন্য। ৪৬ ব্রিগেডে প্রায় চার হাজার সৈন্য ছিল। ১৫ তারিখে ওই ব্রিগেডের সদস্যরা শুধু নিষ্ক্রিয় ছিলেন না, তাঁদের রীতিমতো উল্লাস করতে দেখা গেছে বলে তৎকালীন সেনাপ্রধান কাজী মোহাম্মদ সফিউল্লাহর কাছ থেকে জানা যায়। যে ট্যাংকগুলো নিয়ে ফারুক-রশিদেরা অভ্যুত্থান ঘটাল, তাতে কোনো গোলা ছিল না। ‘নাইট এক্সারসাইজ’-এর জন্য ব্যবহার করা ট্যাংকে গোলা থাকে না। এটা জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের না জানার কথা নয়। সুতরাং ট্যাংক দেখে ভয়ে তাঁরা টুঁ–শব্দটিও করেননি, এটা একটা ছেলেভোলানো গল্প। ১৫ আগস্ট দুপুরে চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের লিখিত নির্দেশ পাওয়ার পর ট্যাংকে গোলা সরবরাহ করা হয়েছিল।
অভ্যুত্থানের পর সেনাবাহিনীতে পরিবর্তন আসবে, এটা মোটামুটি জানা ছিল। সফিউল্লাহর নেতৃত্ব অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিল না। তাঁকে সরিয়ে কে সেনাপ্রধান হবেন, এ নিয়ে আগ্রহ ও কৌতূহল ছিল। নয় দিন পর সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে মেজর জেনারেল সফিউল্লাহর স্থলাভিষিক্ত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল ওসমানীর একটা পিতৃসুলভ ভাবমূর্তি ছিল। কিন্তু তাঁর পরামর্শে যথেষ্ট জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও জিয়াকে ডিঙিয়ে সফিউল্লাহকে সেনাপ্রধান করেছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। বিষবৃক্ষটি তখনই রোপণ হয়ে যায়।
ফারুক-রশিদের পছন্দেই জিয়াকে ২৪ আগস্ট (১৯৭৫) সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওসমানী এটা চাননি। ওসমানীকে দখলদার রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদ তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ করেছিলেন। এ ছাড়া তিন বাহিনীর ওপরে চিফ অব ডিফেন্স স্টাফ নামে একটা পদ তৈরি করে মেজর জেনারেল খলিলুর রহমানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং সেনাপ্রধান হয়েও জিয়া একচ্ছত্র ক্ষমতা পাননি। তিন ধাপ ডিঙিয়ে তাঁকে রাষ্ট্রপতির কাছে যেতে হতো। মোদ্দা কথা, তিনি মোশতাক ও ওসমানীর ওপর নাখোশ ছিলেন।
খালেদ সেনাপ্রধান হতে চেয়েছিলেন। না হতে পেরে তিনিও বঙ্গভবনের শাসকদের ওপর নাখোশ হন। বঙ্গভবনে বসে বসে অভ্যুত্থানকারী কতিপয় মেজর ছড়ি ঘোরাবে, ঢাকা সেনানিবাসে সেনা নেতৃত্বের এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। খালেদ চেয়েছিলেন ‘বিদ্রোহীদের’ সেনানিবাসে ফিরিয়ে এনে সেনাবাহিনীর চেইন অব কমান্ড প্রতিষ্ঠা। চেইন অব কমান্ড নিয়ে জিয়া খুব একটা মাথা ঘামাননি। তাঁর পথের কাঁটা ছিলেন মোশতাক, ফারুক-রশিদেরা নন।
মোশতাকের নেতৃত্বে নতুন সরকার হলেও তা পুরোপুরি সেনা সরকার ছিল না। ১৫ আগস্ট সকালে জাসদ নেতা লে. কর্নেল (অব.) আবু তাহের উপযাচক হয়ে ঢাকার বেতার ভবনে গিয়ে মোশতাককে সামরিক আইন জারি করার অনুরোধ জানালেও মোশতাক তা করেননি। পাঁচ দিন পর ২০ আগস্ট সামরিক আইন জারি করা হলেও কাউকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। পার্লামেন্টও বাতিল হয়নি। চুয়াত্তরের ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহর আদেশে জারি হওয়া জরুরি আইন বহাল ছিল। মোশতাক অধ্যাদেশ জারি করে সংবিধানের পঞ্চম সংশোধনীর বাকশাল-সংক্রান্ত ধারাটি বাতিল করে দিয়েছিলেন। ফলে একদলীয় সরকারব্যবস্থার ভিতটি নষ্ট হয়ে যায় এবং রাজনৈতিক দলগুলোর পুনরুজ্জীবনের পথে কোনো সাংবিধানিক বাধা আর রইল না। জিয়া বহুদলীয় ব্যবস্থা চালু করেন বলে পরে বিএনপি যে প্রচার চালায়, তা সর্বাংশে ঠিক না। এটা মোশতাকের ‘কীর্তি’। জিয়া ১৯৭৬ সালের শেষ দিকে রাজনৈতিক দল নিবন্ধনের নিয়মটি চালু করেছিলেন।
মোশতাকের নেতৃত্বাধীন আধা-অসামরিক সরকার বা ছদ্ম সামরিক সরকার সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য ছিল না। তারা চেয়েছিল নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। কয়েকজন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর শৃঙ্খলা ভেঙে বঙ্গভবনে থেকে যাওয়ায় নিরঙ্কুশ সেনানিয়ন্ত্রণ সম্ভব হচ্ছিল না। এই প্রেক্ষাপটেই তৈরি হয় চেইন অব কমান্ড পুনর্বহালের তত্ত্ব। এ তত্ত্বের প্রধান উদ্যোক্তা ছিলেন ৪৬ ব্রিগেডের কমান্ডার কর্নেল শাফায়াত জামিল। এই উদ্যোগে তিনি প্রথমে জিয়াকেই শামিল করতে চেয়েছিলেন। জিয়া ছিলেন দোটানায়। যাঁরা তাঁকে সেনাপ্রধান বানিয়েছেন, তিনি তাঁদের বিরাগভাজন হতে কিংবা তাঁদের দূরে ঠেলে দিতে চাননি। ফলে শাফায়াত খালেদের শরণাপন্ন হন। খালেদ বিষয়টাকে দেখেন তাঁর ইচ্ছাপূরণের একটা সুযোগ হিসেবে। এভাবেই তৈরি হয়ে যায় ৩ নভেম্বরের অভ্যুত্থানের চিত্রনাট্য।
৪৬ ব্রিগেডের সেনা কর্মকর্তারা বেশির ভাগ সক্রিয় অংশ নেওয়ায় ৩ নভেম্বরের অভ্যুত্থানটি সফল হয়। আপাতদৃষ্টিতে যেহেতু এটা ছিল মোশতাকবিরোধী অভ্যুত্থান, এর ফলে জনমনে ধারণা তৈরি করা সহজ হয় যে ‘আওয়ামী বাকশালী’দের পক্ষে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। অবশ্য এটা মনে করার কোনো যৌক্তিক কারণ ছিল না। মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগেরই একটা সরকার তখন দৃশ্যপটে ছিল। ওই সরকারে শেখ মুজিবের গোঁড়া সমর্থকদের রাখা হয়নি। তাঁরা সবাই গ্রেপ্তার হয়েছিলেন।
৩ নভেম্বরের অভ্যুত্থানটি প্রথম প্রহরেই দুর্বল হয়ে পড়ে সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করে খালেদের সেনাপ্রধান হওয়ার তাড়না থেকে। তাঁর পরিকল্পনায় শুরু থেকেই ছিল গোঁজামিল। তিনি ১৫ আগস্ট অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত ১৭ জন সেনা কর্মকর্তাকে সপরিবারে দেশত্যাগের সুযোগ করে দেন এবং মোশতাককে রাষ্ট্রপতি হিসেবে বহাল রেখেই নিজে সেনাপ্রধান হওয়ার জন্য তৎপরতা করতে থাকেন। মোশতাক ছিলেন পাকা খেলোয়াড়। তিনি খালেদকে সেনাপ্রধান নিয়োগ করতে কালক্ষেপণ করেন। ততক্ষণে খালেদের পায়ের নিচ থেকে মাটি অনেকটাই সরে গেছে।
খালেদ প্রথম সুযোগেই পার্লামেন্ট বাতিল করেন এবং বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ দেন। তত্ত্বে ও প্রয়োগে তখন থেকেই অর্থাৎ ৬ নভেম্বর থেকে দেশে পুরোদস্তুর সেনাশাসন চালু হলো। ৩ নভেম্বরের অভ্যুত্থানের প্রক্রিয়া শুরুর সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। কিন্তু তাঁদের নিয়ে খালেদের কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল বলে জানা যায় না। যাঁরাই এটা করে থাকুন না কেন, তাঁরা অসামরিক নেতৃত্বে সরকার গঠনের যেকোনো সম্ভাবনা নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন।
এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার। ৩ অক্টোবর বেতার ও টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মোশতাক ঘোষণা করেছিলেন, ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বাধানিষেধ তুলে নেওয়া হবে এবং ১৯৭৭ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেছিলেন, নির্বাচন হবে একটা ‘সার্বভৌম পার্লামেন্ট গঠন ও পার্লামেন্টারি পদ্ধতির সরকার’ কায়েমের জন্য। মোশতাকের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এবং সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধারের প্রকল্পটি অনেকেই ভালো চোখে দেখেননি। যাঁরা সেনাশাসন প্রলম্বিত করতে চেয়েছিলেন, তাঁরা নিজস্ব ছক আঁকতে থাকেন। ফলে মোশতাককে সরে যেতে হলো। একই সঙ্গে চার জাতীয় নেতাকেও প্রাণ দিতে হলো।
১৫ আগস্টের অভ্যুত্থানের পেছনে রাজনৈতিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্ব বড় ভূমিকা রেখেছিল, না সেনাবাহিনীর সর্বস্তরের অধিকাংশ কর্মকর্তা এবং সৈন্য পরিবর্তন চেয়েছিলেন সে প্রশ্নে বিতর্কের মীমাংসা হয়নি। দৃশ্যপট থেকে শেখ মুজিব সরে গেলেও সেনাবাহিনীর এই প্রকল্পটি থেকে গিয়েছিল। এর মধ্যে সেনা নেতৃত্বে দেখা দেয় গোষ্ঠীগত দ্বন্দ্ব। ফলে ৩ নভেম্বর অভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। কিন্তু ৩ নভেম্বরের অভ্যুত্থানে সব দ্বন্দ্বের মীমাংসা হয়নি। ফলে ৭ নভেম্বরের প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। ৩ নভেম্বর না হলে ৭ নভেম্বর হতো না অথবা এই প্রক্রিয়া হতো দীর্ঘতর। ৭ নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী দেশের একচেটিয়া দখল পেয়ে যায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনীর রাজনৈতিকীকরণ শুরু হয়। পঁচাত্তরের ১৫ আগস্ট সেনাবাহিনী ক্ষমতার বারান্দায় হাঁটাহাঁটি শুরু করে। ৭ নভেম্বর তারা ক্ষমতার অন্দরমহলে চলে আসে। নভেম্বর ছিল বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]