
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। সব রাজনৈতিক দল ও জোট নির্বাচনটিতে অংশ নিচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনটি ছিল একতরফা। প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশ কিছু দল এতে অংশ নেয়নি। ফলে অধিকাংশ আসনে একাধিক প্রার্থীও ছিল না। যেগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হয়, তার নামমাত্র কয়েকটি বাদে বাকিগুলোতে ভোটারের উপস্থিতি ছিল নগণ্য। অবশ্য ঘোষিত ফলাফলে
চিত্রটি ছিল ভিন্নধর্মী। অন্যদিকে ভোট বর্জনকারী বিরোধী দল ছিল অসংগঠিত। সে একতরফা ভোটের বিরুদ্ধে তারা কোনো সুষ্ঠু নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পারেনি; বরং তাদের আন্দোলনটি ছিল হিংসাশ্রয়ী ও সহিংস। এর সুফল ঘরে তুলে নেয় সরকারি দল।
সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংসদই পাঁচ বছর মেয়াদ পার করছে। সত্যিকার অর্থে সংসদে ছিল না কোনো কার্যকরী বিরোধী দল। জাতীয় পার্টি নামে বিরোধী দলে থাকলেও তাদের দল থেকে সরকারে মন্ত্রী হন তিনজন। আর নির্বাচন প্রতিরোধের সেই সহিংস আন্দোলনের পর মাঠের বিরোধী দলটিকে সরকার নিয়মতান্ত্রিক কোনো কর্মসূচিও পালন করতে দেয়নি। তুচ্ছ কারণেও দেওয়া হয় মামলা। গ্রেপ্তার হতে থাকেন নেতা–কর্মী, এমনকি সমর্থকেরা। এমনি একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়। উভয় পক্ষের কয়েক দফা শীর্ষ পর্যায়ের সংলাপের পর বরফও গলতে শুরু করে। নির্বাচনে অংশ নেয় সবাই। আশা করা হয়েছিল, ভারতের একসময়ের খ্যাতনামা প্রধান নির্বাচন কমিশনার টি এন সেশনের ভাষায় আমরা ভোটাররা এক দিনের সুলতান হব। আমাদের ভোটে নির্বাচিত হবেন সংসদ সদস্যরা। তাঁরা দায়বদ্ধ থাকবেন জনগণের কাছে এবং এই দায়বদ্ধতা সুশাসনের পথকে করবে প্রশস্ত। উন্নয়ন কার্যক্রমে অগ্রাধিকার পাবে জনকল্যাণ। অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুপাতিক অংশীদারও হবে সব স্তরের মানুষ। সমাজে ক্রমবর্ধমান হারে আয়বৈষম্যের ধারাটি বিপরীতমুখী হবে। জনগণ ক্ষমতার মালিক থাকলে ধীরে ধীরে হলেও তা হবেই।
কিন্তু বিপত্তি বাধল সূচনাতেই। বিরোধী দলগুলোর সভা–সমাবেশে বাধা দেওয়ার কাজ চলতেই থাকল। তফসিল ঘোষণার পরও এর বেশি রকম হেরফের হয়নি। অভিযোগ আসছে বিরোধী দলের প্রার্থীদের অনেককেই কোনো প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। বাধা দেওয়ার কাজটি করছেন সরকারি দলের কর্মী–সমর্থকেরা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিছক নীরব সমর্থক কিংবা সহযোগী—এ অভিযোগও আসছে। একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে মঞ্চে দাঁড়িয়ে সরকারি দলের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানানোর সচিত্র খবরও এসেছে। ভোটকর্মী নিয়োগ পর্ব থেকেই নির্বাচনব্যবস্থাটির ওপর নির্বাচন কমিশন ছাড়াও অন্যান্য কর্তৃপক্ষের কর্তৃত্ব অবস্থান অনুভূত হতে থাকে। আর তা নির্বাচন কমিশনের অজ্ঞাতে এটা মনে করার আলামতও দৃশ্যমান নয়।
দেশে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিয়ে সিইসির বক্তব্য হতাশা বাড়ায়। মনে হয় কমিশনের কোথাও একটি দায়বদ্ধতা আছে। তবে সে দায়বদ্ধতার মাশুল দিতে হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে। বিরোধী দল না থাকলে গণতন্ত্র পঙ্গু হয়ে যায়। আর এটা জেনেশুনেই নিছক স্বীয় স্বার্থে এ তত্ত্বকে বিসর্জন দেওয়া হয়। অথচ গণতন্ত্রই কিন্তু আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে গঠিত সংসদীয় সরকারব্যবস্থাই আমাদের মুক্তির সনদ ৬ দফা কর্মসূচির প্রথম দফা ছিল। এই মুক্তির সনদ বলবৎ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম জাতির জনকের নেতৃত্বে। অথচ দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৪৭ বছর পরও আমরা গণতন্ত্রের প্রাথমিক স্তর নির্বাচনব্যবস্থাটিকে বিশ্বাসযোগ্য কাঠামোর ওপর দাঁড় করাতে পারিনি। অনেক হরতাল, আন্দোলন ও প্রাণহানির মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনটি সফল হয়। কায়েম হয় সেই ব্যবস্থা। এতে কিছু একটা ভারসাম্যের সুযোগ ছিল। দুর্ভাগ্য, ব্যবস্থাটি সে দলের ক্ষমতায় থাকাকালেই পরিত্যক্ত হলো।
দলীয় সরকারের অধীনে নির্বাচন আন্তরিকতা ও শক্তিশালী প্রতিষ্ঠান থাকলে সফল হয়। এর জ্বলন্ত নজির ভারত। কিন্তু আমাদের এখানে নির্বাচনকালে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার ও হয়রানি করতে ব্যবহার করা হয় পুলিশকে। শুধু ঢাকা মহানগরে গত ১ বছরে বিস্ফোরক দ্রব্য আইন এবং পুলিশের ওপরে হামলা–সংক্রান্ত মামলা নিয়ে প্রথম আলো অতিসম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। প্রতিবেদনটি বিস্ময়করভাবে এসব সাজানো মামলার বেশ কিছু তথ্য দিয়েছে। শুধু গত সেপ্টেম্বর মাসেই ঢাকা মহানগরে হয়েছে বহুসংখ্যক নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলা। এই মামলাগুলো যে বানোয়াট, তা প্রতিবেদনটি পর্যালোচনা করলেই পরিষ্কার হয়ে যাবে। অথচ ওই মাসটিতে নগর ছিল শান্ত। নির্বাচন সামনে রেখে বিরোধী দলের নেতা–কর্মীদের নামে এসব মামলা রুজু করে রাখা হয়। আর এগুলোর বরাতেই নির্বাচনের সময় চলতে থাকে গ্রেপ্তার।
ঐক্যফ্রন্টের প্রধান নেতার বক্তব্য অনুসারে ৭০–এর অধিক প্রার্থী নির্বাচনী এলাকাতেই যেতে পারছেন না। কারাগারে আছেন ১৫ জনের মতো। ২ হাজারের অধিক নেতা–কর্মী গ্রেপ্তার হয়েছেন। সব গণমাধ্যম সূত্রমতে, বিরোধী দলের প্রার্থীদের প্রচার–প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। তাঁদের পোস্টার বলতে গেলে কোথাও নেই। অভিযোগ আছে বিরোধী নেতা–কর্মীদের এলাকাছাড়ার মতো আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। মাঠের বাস্তবতা কিন্তু প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে না। আর এ বৈপরীত্যের মধ্যেই ভোট গ্রহণের দিন এগিয়ে আসছে।
অনেকের কৌতূহল কী হবে সে দিনটিতে? স্পষ্টত দেখা যাচ্ছে সরকারি দলের প্রার্থীদের প্রায় সব ক্ষেত্রেই একতরফা আধিপত্য থাকবে। আর অনেক ক্ষেত্রেই সকাল থেকে কেন্দ্র অঘোষিত দখলে চলে যাবে। বিরোধীদলীয় প্রার্থীদের এজেন্ট থাকবে না বহু স্থানে। কোথাও বের করে দেওয়াও হতে পারে। বিরোধী দলের কোনো কোনো প্রার্থী বেপরোয়াভাবে তাঁর সমর্থক ভোটারদের কেন্দ্রে নিতে সচেষ্ট থাকবেন। সে ক্ষেত্রে সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আইন প্রয়োগকারী সংস্থার আচরণ পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কাই বেশি। রিটার্নিং কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ আসছে। সামরিক বাহিনীকে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় স্থানে প্রেরণ করবেন। সে প্রয়োজন নির্ধারণ কতটা সুবিবেচনাপ্রসূত হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
এ ধরনের ক্ষেত্রে ভোটাররা ভোটকেন্দ্রে খুব কম যান। এমন পরিস্থিতি ভোট জালিয়াতি ও কারচুপির সুযোগ তৈরি করে। সে ক্ষেত্রে ভোটের ফলাফল একদিকে হেলে যেতে বাধ্য। এত সব কথা কিন্তু একটি ন্যায্য প্রত্যাশার তিলে তিলে অধরা থাকার বেদনা থেকেই। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। একটি দল ১০ বছর দেশ শাসন করছে। জনগণ চাইলে তারা আরও ২০ বছর থাকুক। আমাদের উপমহাদেশে সে নজিরও আছে। তারা তো ১০ বছর শাসনকালে দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছে। ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। দারিদ্র্যের হার কমছে। বিরোধী দল অসংগঠিত। তাহলে সরকারের ভয়টা কোথায়?
অথচ মনে হয় এমনটা কেন হবে? আমাদের সংবিধান ও আইন তো নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। এর বাইরেও তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যেকোনো ন্যায়ানুগ ব্যবস্থা নিতে পারে মর্মে উচ্চ আদালতে রুলিং রয়েছে। তারা কিছু করেনি এমনটা বলা যাবে না। অভিযোগের ভিত্তিতে কয়েকজন কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পর আপিল শুনানিকালে যথেষ্ট ধীশক্তি ও ধৈর্যের পরিচয় দিয়ে অনেক সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছে।
এই চলমান নির্বাচনী মাঠে যেখানেই সমস্যার সৃষ্টি হয়, সেখানেই তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে পারে কমিশন। তারা নির্দেশ দিলে সেটা প্রতিপালন নির্বাহী কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। এ সুযোগটা ব্যাপকভাবে কমিশন নিচ্ছে না কেন, তা বোধগম্য নয়। আজকের বাস্তবতা, তারা ঘুরে দাঁড়ালে অল্প সময়েই কিছু পরিবর্তন হবে। তবে সে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাও কিছুটা রয়েছে। এর মধ্য দিয়েই কমিশন আমাদের এক দিনের সুলতান হওয়ার প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব
[email protected]