৪২ হাজার মৃত্যু, জবাবদিহি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু স্বাস্থ্য সূচকে সম্প্রতি বাংলাদেশের উন্নতি লক্ষণীয়। শিশু মৃত্যুহারের ক্ষেত্রে এমডিজি অর্জিত হয়েছে। হাসপাতালে প্রসবের হার, গর্ভ ও প্রসবকালীন জটিলতায় সেবা গ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য মাত্রায়। কিন্তু তারপরও মাতৃমৃত্যু না কমা একটি অভাবনীয় বৈপরীত্য সৃষ্টি করেছে। অন্যান্য দেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করে, এমনটি যে বাংলাদেশে ঘটতে পারে, সে বিষয়ে বিশেষজ্ঞরা আগাম সতর্কতা উচ্চারণ করে বলেছিলেন, শেষ মাইলটি অতিক্রমের জন্য শুধু সামাজিক, পারিপার্শ্বিক উপাদানগুলোর উন্নতির ওপর নির্ভর করলে হবে না (নারী শিক্ষা ও ক্ষমতায়ন, যোগাযোগব্যবস্থা, রেমিট্যান্স ইত্যাদি), প্রয়োজন হবে বিশেষায়িত ব্যবস্থা গ্রহণের। মোটা দাগে চারটি জায়গায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি—

বেশির ভাগ মাকে গুরুত্বপূর্ণ/জীবন রক্ষাকারী কর্মসূচির আওতায় আনা যায়নি। এখনো ৫৩ শতাংশ ডেলিভারি হচ্ছে বাড়িতে অদক্ষ হাতে। যতক্ষণ না তাঁদের মানসম্পন্ন সেবাকেন্দ্রে ডেলিভারির জন্য আনা যাচ্ছে, ততক্ষণ নিরাপদ প্রসব ও জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব। রক্তক্ষরণ ও খিঁচুনি রোগেই অর্ধেকের বেশি মাতৃমৃত্যু হয়ে থাকে, যার প্রতিরোধ ও ব্যবস্থাপনাও আমাদের স্বাস্থ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত—প্রয়োজনীয় অর্থসহ। শুধু স্বাস্থ্যকর্মীদের সততা, আন্তরিকতার অভাব এবং বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপকদের অদক্ষতার কারণে গর্ভবতী মায়েদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো যাচ্ছে না। মাত্র ২৪ টাকায় দুটি মিসোপ্রোস্টল ট্যাবলেট কিনতে পাওয়া যায়, যা ডেলিভারির পর খাইয়ে দিলে প্রসব-পরবর্তী রক্তক্ষরণ উল্লেখযোগ্য হারে বন্ধ হতে পারে। সরকারি-বেসরকারি মিলিয়ে দেড় লক্ষাধিক স্বাস্থ্য-মাঠকর্মী দিয়ে এই সামান্য কাজটুকু করার মতো পরিকল্পনা, উদ্যোগ, সমন্বয় কিংবা বাস্তবায়ন কোনোটাই করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মাত্র ১৭ শতাংশ মায়ের কাছে পৌঁছেছে এই ট্যাবলেট। বহুর মধ্যে এটি একটি উদাহরণ মাত্র।

সরকারি-বেসরকারি সব হাসপাতালে মাতৃ স্বাস্থ্যসেবার মান করুণ। সারা দেশে শুধু ৩ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাভাবিক প্রসবের জন্য প্রয়োজনীয় ন্যূনতম মানদণ্ড পূরণ করে। সঠিকভাবে প্রশিক্ষিত চিকিৎসক, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব এই মানদণ্ডের অন্তর্ভুক্ত। মাতৃমৃত্যু কমানোর জন্য গুরুত্বপূর্ণ ‘জরুরি প্রসূতিসেবা’ নির্ভর করে সার্বক্ষণিক প্রশিক্ষিত চিকিৎসকের উপস্থিতির ওপর, যা পাওয়া গেছে মাত্র ৩৯ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে, তাও আবার ‘অন কল’ বিবেচনায় নিয়ে। অতিরিক্ত রক্তক্ষরণে যেখানে দুই ঘণ্টার মধ্যে মাতৃমৃত্যু হতে পারে, সেখানে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতির কোনো বিকল্প নেই। দেশে পর্যাপ্ত স্বাস্থ্য-জনবল আছে—শুধু তারা জায়গামতো, সময়মতো নেই। মাতৃমৃত্যু কমবে কীভাবে?

বিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মাতৃস্বাস্থ্য কর্মসূচি অগ্রসর হয়েছে। দুঃখের বিষয়, আজ পর্যন্ত মাতৃ স্বাস্থ্যসেবার মৌলিক উপাদান বা সংগঠন নিশ্চিত করা যায়নি। বাড়িতে ডেলিভারি হওয়া মায়েদের মাত্র ৩ শতাংশ প্রশিক্ষিত ধাত্রীর সেবা পাচ্ছেন। জটিলতা দেখা দিলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এটি বড় অন্তরায়। ২০১০ সালে যেখানে হাসপাতালে যাওয়ার পথে ১৩ শতাংশ মাতৃমৃত্যু হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। একটা কার্যকর রেফারেল ব্যবস্থাও দাঁড় করানো যায়নি। অথচ পাশের দেশ ভারতেই বেসরকারি খাতের সহযোগিতায় বিস্তৃত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে উঠেছে।

ডেলিভারির সময় কোনো আগাম সংকেত ছাড়াই যে ১৫ শতাংশ মায়ের জীবন রক্ষাকারী সেবা দরকার হয়, তাঁদের জন্য সারা দেশে সর্বোচ্চ ১২০টি জরুরি প্রসূতিসেবা কেন্দ্র দরকার, যেখানে থাকতে হবে সার্বক্ষণিক বিশেষজ্ঞ, রক্ত সঞ্চালন ও সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা। এখানেও ব্যর্থতা। পৃথিবীর শতাধিক দেশে নার্স-অ্যানেস্থেসিওলজিস্ট থাকলেও বাংলাদেশে অ্যানেস্থেসিওলজি সোসাইটির অযৌক্তিক বাধার কাছে নতজানু হয়ে সরকার কিছুতেই অ্যানেস্থেসিওলজিস্টদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে পারেনি।

সন্তান জন্ম দিতে গিয়ে অকারণে, স্বাস্থ্যব্যবস্থার অদক্ষতার কারণে এতজন প্রসূতি মারা গেলেন এবং প্রতিবছর মারা যাচ্ছেন, অথচ আমরা কাউকে দায়ী করছি না, কেউ দায়িত্বও নিচ্ছেন না—এমন অদ্ভুত জবাবদিহিবিহীন স্বাস্থ্যব্যবস্থা বিশ্বে বিরল।

লাগামহীন বাড়ছে সিজারিয়ান অপারেশন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই হার হবে সর্বোচ্চ ১৫ শতাংশ, বাংলাদেশে তা ৩১ শতাংশ, যার প্রায় তিন-চতুর্থাংশই অপ্রয়োজনীয়। ব্যক্তিমালিকানাধীন হাসপাতালের ৮৩ শতাংশই সিজারিয়ান। একদিকে দরিদ্র মায়েরা পাচ্ছেন না জীবন রক্ষাকারী সেবা, অন্যদিকে অর্থলোভী চিকিৎসা ব্যবসায়ীদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা—অপ্রয়োজনীয় সিজারিয়ানজনিত বাজারের আকার বছরে প্রায় ২ হাজার কোটি টাকা। সরকারি-বেসরকারি কোনো পর্যায়েই নেই কোনো কার্যকর মাননিয়ন্ত্রণ বা আইনের পদ্ধতিগত, ধারাবাহিক প্রয়োগ। স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক, কিন্তু এই ঘোড়াকে লাগামহীন ছেড়ে রাখলে আর যাই হোক সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করা যাবে না।

‘দিনবদলের সনদ’ মাতৃমৃত্যু রোধে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছে এবং ২০২১ সালের মধ্যে মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবতায় রূপ দেওয়ার কাজ মন্ত্রণালয়ের। এসডিজি অর্জনের জন্য বাংলাদেশকে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে নামিয়ে আনতে হবে ২০৩০ সালের মধ্যে। মাত্র ১৩টি বছরে এই লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছাতে হলে যে বিশেষায়িত কর্মকৌশল গ্রহণ ও বিনিয়োগ দরকার, তার নমুনা দেখা যাচ্ছে না। এক হতাশাব্যঞ্জক ‘বাস্তবায়ন-স্থবিরতা’র কারণে এই লক্ষ্যমাত্রা অর্জনের আশা আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সুদূরপরাহত এক আপাত অধরা স্বপ্নে রূপ নিয়েছে। বিশেষায়িত কর্মকৌশলের শুরুটাই হতে হবে প্রজ্ঞাবান সাহসী নেতৃত্ব থেকে; নামধারী নেতা নয়, শেষ মাইলটি অতিক্রম করতে হলে সব পর্যায়ে স্বাস্থ্য খাতের উপযোগী নেতৃত্বের বড় প্রয়োজন এখন বাংলাদেশে।

ইশতিয়াক মান্নান: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।