৫৭ ধারা বাতিলের দাবি এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিল করার দাবি জানিয়েছে দেশের সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। অতি বিপজ্জনক কালাকানুন হিসেবে ব্যাপকভাবে সমালোচিত এই ধারার ব্যাপারে সম্পাদকদের এই সম্মিলিত দাবি এ পর্যন্ত সবচেয়ে বড় দাবি। কারণ, এর আগ পর্যন্ত আইসিটি আইনের ৫৭ ধারা সংশোধনের দাবি উচ্চারিত হয়েছে, বাতিল করার দাবি নয়। বিশেষত আইন বিশেষজ্ঞরা এ ধারাটির ১ উপধারায় বর্ণিত অপরাধগুলো আরও সুস্পষ্ট, আরও সুনির্দিষ্ট করা এবং ২ উপধারায় উল্লেখিত দণ্ডের মাত্রা পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করে সংশোধনী আনার দাবি তুলেছেন।
তাহলে প্রশ্ন উঠতে পারে, সম্পাদক পরিষদের দাবিটা বাড়াবাড়ি রকমের দাবি?
সে প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নেওয়া যাক, আইসিটি আইনের ৫৭ ধারায় কী আছে।
‘৫৭। ইলেকট্রনিক ফর্মে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ–সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড।-(১) কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটিবার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তির বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ।
(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বৎসর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’
এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ১ উপধারায় বর্ণিত অপরাধগুলো সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত নয়। বরং পুরো উপধারাটি এমন বিস্তৃতভাবে ব্যক্ত যে একেকটি অপরাধের সংজ্ঞা বহুভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। সে কারণেই আইন বিশেষজ্ঞরা বলে আসছেন, ৫৭ ধারার ব্যাপক অপব্যবহারের সুযোগ আছে। অপব্যবহার যে হচ্ছে, তাও ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলে কোনো কোনো আইন বিশেষজ্ঞ সংবাদমাধ্যমকে বলেছেন।
সর্বশেষ আমরা দেখলাম, সাংবাদিক প্রবীর সিকদার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, যেখানে একজন মন্ত্রীসহ তিন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমার জীবনের শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’। এই বক্তব্যের মধ্য দিয়ে প্রবীর সিকদারের নিজের জীবনের নিরাপত্তাহীনতার বোধ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। সেই বোধের সঙ্গে এমন গভীর হতাশাও মিশে আছে যে তিনি মরিয়া হয়ে, আর কোনো উপায় না পেয়ে সরকারসহ দেশবাসীকে তাঁর শঙ্কা ও উদ্বেগের কথা জানাতে ফেসবুকের আশ্রয় নিয়েছেন। কিন্তু তাঁর স্ট্যাটাসে উল্লেখিত তিন ব্যক্তির মধ্যে একজন, যিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তাঁর পক্ষে সংক্ষুব্ধ হয়ে ফরিদপুর জেলা আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি ৫৭ ধারার অধীনে প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন।
মন্ত্রীর পক্ষে কেউ হয়তো বিষয়টি এভাবে ব্যাখ্যা করতে পারেন যে প্রবীর সিকদার নিজের সম্ভাব্য মৃত্যুর জন্য মন্ত্রীকে দায়ী করে তাঁর নাম প্রচার করায় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বা তাঁর মানহানি ঘটেছে। কিন্তু সমুদয় পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সাধারণের ধারণা হয়েছে যে ৫৭ ধারায় প্রবীর সিকদারের মামলাটি দায়ের করা হয়েছে তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে।
স্মরণ করা যাক, প্রবীর সিকদারের ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষাপট এবং তাতে তাঁর নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও চরম হতাশার বিষয়টি বিবেচনায় না নিয়ে ৫৭ ধারায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে, যদিও ভুক্তভোগী ব্যক্তি নিজে তা দায়ের করেননি। তারপর এই পেশাদার সাংবাদিককে কর্মরত অবস্থায় তাঁর কার্যালয় থেকে আটক করা হয়, এবং এক পা-হীন একজন মানুষকে হাতকড়া পরিয়ে সেদিনই মধ্যরাতে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে, যেখানে তাঁর বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পরদিন আদালতে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ করা দরকার, ৫৭ ধারার অধীন অপরাধ আমলযোগ্য বা কগনিজেবল ও অজামিনযোগ্য। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রবীর সিকদারের জামিন পাওয়া সম্ভব ছিল না। কিন্তু চাঞ্চল্যকর নাটকীয়তার মধ্য দিয়ে তাঁর জামিন মঞ্জুর হয়েছে; এমনকি, যে পুলিশ কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদন করেছিল, তারাই পরদিন আদালতে বলল, তাঁকে আর জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই।
আসলে, প্রবীর সিকদারের পুলিশি রিমান্ডের আবেদন করা এবং সে আবেদন মঞ্জুর হওয়ারই কোনো যুক্তি ছিল না। তিনি ফেসবুকে যে স্ট্যাটাস প্রকাশ করেছেন, তাতেই তাঁর বক্তব্য স্পষ্ট ছিল। অভিযোগকারীর দাবি অনুযায়ী তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তবে তা ফেসবুকে প্রকাশিত বক্তব্য। সেটা তো প্রকাশ্যই, গোপনে সংঘটিত কোনো অপরাধ নয়। তাহলে তাঁকে ১০ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে পুলিশ কী করতে চেয়েছিল আর কী যুক্তিতেই বা তাঁর তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়েছিল (নির্যাতনের শিকার হয়ে এক পা হারানো একজন ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ নাগরিক হওয়া সত্ত্বেও)?
উপরন্তু, অভিযুক্তের অপরাধ আদালতে সত্য বলে প্রমাণিত হলে ৫৭ ধারার ২ উপধারা অনুযায়ী প্রবীর সিকদারের সর্বনিম্ন সাজা হতো সাত বছরের কারাদণ্ড, তার কম নয়! কারণ, এর কম সাজা দেওয়ার সুযোগ এই আইনে নেই। (মামলাটি এখনো প্রত্যাহার করা হয়নি, সুতরাং সে আশঙ্কা এখনো বহাল)। অর্থাৎ, নিজের জীবনের নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করার ‘অপরাধে’ একজন নাগরিককে জীবনের সাতটি বছর কাটাতে হবে কারান্তরালে!
তাহলে এটা কেমন আইন? যথার্থই বলা হচ্ছে যে এটা একটা কালাকানুন। এই সমস্ত কিছু বিবেচনায় নিলে সম্পাদক পরিষদের দাবি সম্পূর্ণভাবে যুক্তিসংগত: আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে। এ ধারায় আর কোনো মামলা দায়ের হওয়ার আগেই এটা বাতিল করা দরকার।
কিন্তু বাতিল করলেই বিপদ দূর হবে না, সমস্যার সমাধানও হবে না। কারণ, ৫৭ ধারায় উল্লেখিত অপরাধগুলো এ সমাজে সংঘটিত হবে, সেগুলোর সুষ্ঠু বিচার করার জন্য আইন-বিধান থাকা অবশ্যপ্রয়োজন। খবর বেরিয়েছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়, সাইবার নিরাপত্তা ও এ-সংক্রান্ত অপরাধ বিচারের জন্য সাইবার/ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটা নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছে, সেটিতে আইসিটি আইনের ৫৭ ধারায় বর্ণিত অপরাধগুলো অন্তর্ভুক্ত হবে। প্রথমত বলা দরকার, একই ধরনের অপরাধ বিচারের জন্য একাধিক আইন থাকার কোনো প্রয়োজন নেই। আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল করার পক্ষে যুক্তিটা এভাবে দৃঢ়তর হচ্ছে। কিন্তু এমন যদি হয় যে আইসিটি আইন থেকে ৫৭ ধারা বাতিল করে, সেটি হুবহু একই রূপে নতুন আইনে অন্তর্ভুক্ত করা হলো, তাহলে আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের কোনো অর্থ থাকবে না। কারণ, নতুন আইনেও সেই একই বিপদ থেকে যাবে।
তাই সরকারকে উপলব্ধি করতে হবে যে আইসিটি আইনের ৫৭ ধারা একটা বিপজ্জনক কালাকানুন; কোনো আইনের কোনো ধারাতেই এই কালাকানুন রাখা চলবে না। এ ধারার অধীন অপরাধগুলো যে আইনের অধীনেই বিচার করা হোক না কেন, এ-সংক্রান্ত ধারা ও উপধারাগুলো সম্পূর্ণ নতুনভাবে প্রণয়ন করতে হবে। প্রথমত, এ ধারায় বর্ণিত অপরাধগুলোর প্রতিটি সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে, ৫৭ ধারায় বিদ্যমান সব রকমের দ্ব্যর্থকতা দূর করতে হবে; আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বা কর্মকর্তার মনগড়া ব্যাখ্যার সুযোগ সম্ভবপর সর্বোচ্চ মাত্রায় সীমিত করতে হবে, যাতে করে এই বিধানের অপব্যবহারের সুযোগ না থাকে।
দ্বিতীয়ত, দণ্ডের মাত্রা পুনর্নির্ধারণ করতে হবে। ৫৭ ধারার অধীন যেকোনো ধরনের, যেকোনো মাত্রার অপরাধের জন্য কমপক্ষে সাত বছরের কারাদণ্ড হবে, এর চেয়ে কম মেয়াদের সাজা দেওয়া যাবে না—এটা সুনির্দিষ্টভাবে বলে দেওয়াকে আইসিটি আইনের সবচেয়ে ‘অসাংবিধানিক অংশ’ বলে মন্তব্য করেছেন আইনজীবী তানজীব উল আলম।
সুতরাং, নতুন আইনে সাইবার বা ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ পৃথক পৃথকভাবে সুস্পষ্ট ও দ্ব্যর্থকতাহীন ভাষায় সংজ্ঞায়িত করে অপরাধের স্বরূপ ও মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথক পৃথকভাবে দণ্ডের মাত্রা নির্ধারণ করা দরকার। এই বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত যে মুদ্রিত সংবাদমাধ্যমে মানহানি ও এ ধরনের অন্যান্য অপরাধের জন্য ফৌজদারি দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজার মেয়াদ যেখানে দুই বছরের কারাদণ্ড, সেখানে সাইবার বা ডিজিটাল মাধ্যমে সেই একই ধরনের অপরাধের সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন সাত বছর কারাদণ্ডের বিধান যৌক্তিক হতে পারে না।
সর্বোপরি, সব আইন প্রণয়নের সময় সংবিধানের মূল চেতনার কথা মনে রাখা দরকার। তথ্য ও যোগাযোগ-বিষয়ক সব আইনকে হতে হবে সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রত্যেক নাগরিকের ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতা’ দেওয়া হয়েছে নিরঙ্কুশভাবে, কোনো পরিস্থিতি বা শর্তের সাপেক্ষে নয়।
মশিউল আলম: সাংবাদিক।
[email protected]