২৭ ফেব্রুয়ারি ১৯৩৩। এদিন রহস্যজনকভাবে রাইখস্টাগ নামে পরিচিত জার্মান সংসদ ভবন পুড়ে ছাই হয়ে যায়। তখন দেশের চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। এই কাজের জন্য দেশি-বিদেশি বামপন্থীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন। জানমালের নিরাপত্তার অজুহাতে তিনি এক এক করে সব নাগরিক অধিকার কেড়ে নেওয়া শুরু করলেন। সংবাদপত্রের গলা টিপে ধরলেন, রাজনৈতিক দলের কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করলেন।
হিটলারের লক্ষ্য ছিল জার্মানিতে একনায়কত্ব প্রতিষ্ঠা করা। রাইখস্টাগ অগ্নিকাণ্ডকে ব্যবহার করে তিনি সে পথেই এগোলেন। শুরু হলো নাৎসি জার্মানি।
৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনে যে অভাবিত হামলা হলো, তার সঙ্গে নাৎসি জার্মানির উত্থানের লক্ষণীয় মিল রয়েছে। এটি একটি ক্যু বা অশাসনতান্ত্রিক পথে ক্ষমতা দখলের চেষ্টা, সে কথা অনেকেই বলছেন।
গত বছরের ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে পরাজিত হলেও ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে। কিন্তু আদালতে গিয়ে তিনি নিজ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। নিজ দলীয় নির্বাচনী কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেও কোনো কাজ হলো না।
বাকি রইল সরাসরি সামরিক শক্তির প্রয়োগ। তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, এমন কাজ করার আইনগত অধিকার তাঁর রয়েছে। কিন্তু সে জন্য চাই একটি বাহানা। ৬ জানুয়ারির ঘটনা কি সেই বাহানা ছিল?
এটি এখনো প্রমাণিত নয়, কিন্তু এ কথা ভাবা অবান্তর নয় যে ট্রাম্প হয়তো আশা করে থাকবেন, কংগ্রেস ভবনে হামলার ফলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সে ক্ষেত্রে আইন পুনঃপ্রতিষ্ঠা ও জানমালের নিরাপত্তার অজুহাতে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি সামরিক আইন ঘোষণা করে নির্বাচনী ফলাফল বাতিল করবেন। ফলে প্রেসিডেন্ট ও সামরিক শাসক হিসেবে ক্ষমতায় নিজেকে ধরে রাখা তাঁর জন্য অসম্ভব হবে না।
শুনতে মনে হয় একটি ষড়যন্ত্রতত্ত্ব, কিন্তু ঘটনাক্রম মিলিয়ে দেখলে ধরা পড়বে মোটেই এটি অবাস্তব নয়। হোয়াইট হাউসে নিজের আইনজীবী ও উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগ নিয়ে আলোচনা করেছেন। গণমাধ্যমে সে খবর এসেছে। ট্রাম্পের অন্যতম উপদেষ্টা জেনারেল মাইকেল ফ্লিন খোলামেলাভাবেই সামরিক আইন ঘোষণার পক্ষে ওকালতি করেছেন।
গত বছর ওয়াশিংটনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীদের বিক্ষোভের সময় ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করেছেন, অরাজকতা ঠেকাতে লাগাতার গুলি চালানোর কথাও বলেছেন। তিনি কি এবারও সেই সুযোগই খুঁজছিলেন?
সাবেক প্রতিরক্ষামন্ত্রীদের সাবধানী বার্তা
ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ব্যাপারে একটি ইঙ্গিত আমরা পাই জানুয়ারির ৩ তারিখে, অর্থাৎ সহিংস হামলার মাত্র তিন দিন আগে। এদিন যুক্তরাষ্ট্রের ১০ জন সাবেক প্রতিরক্ষামন্ত্রী (ডিফেন্স সেক্রেটারি) ওয়াশিংটন পোস্ট–এ এক যৌথ নিবন্ধে নির্বাচনী বিবাদ মেটাতে সামরিক বাহিনী ব্যবহারের বিরুদ্ধে কঠোর সাবধানবাণী উচ্চারণ করেন। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডিক চেনি, লিওন প্যানেটা ও রবার্ট গেটসের মতো সাবেক রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রতিরক্ষামন্ত্রী। লক্ষ করুন, এই নিবন্ধে তাঁরা কী বলছেন:
‘আমরা প্রত্যেকে দেশি-বিদেশি সব শত্রুর বিরুদ্ধে শাসনতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো এক ব্যক্তি বা দলের প্রতি আনুগত্যের শপথ আমরা নিইনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে যদি নির্বাচনী ফলাফল নিয়ে বিবাদ নিরসনে ব্যবহার করা হয়, তাহলে সেটি হবে বিপজ্জনক, বেআইনি ও অশাসনতান্ত্রিক। সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যদি তেমন কোনো চেষ্টা করেন, সে জন্য তঁারা শাস্তির সম্মুখীন হবেন।’
ঠিক কী কারণে ১০ জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সামরিক শক্তি ব্যবহারের বিরুদ্ধে এমন একটি সাবধানবাণী উচ্চারণ করতে হলো? কোনো ব্যক্তি বা দলের প্রতি আনুগত্যের বিরুদ্ধে তাঁদের যে কঠোর সাবধানবাণী উচ্চারণ, তা কি ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির কথা মনে করে বলা?
এর উত্তর আমরা এখনো জানি না।
জটিলতার এখানেই শেষ নয়। শুক্রবার স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিলে তা যেন পালিত না হয়, সে ব্যাপারে তিনি যৌথ সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলির সঙ্গে কথা বলেছেন। পেলোসিকে ঠিক এই সময় এ কথা ভাবতে হলো কেন? ট্রাম্প কি ক্ষমতা ধরে রাখার জন্য কোনো পারমাণবিক যুদ্ধ লাগানোর পাঁয়তারা করছিলেন?
এই প্রশ্নের উত্তরও আমরা জানি না। কোনো কারণ ছাড়া পেলোসি কেন জেনারেল মিলিকে এমন কথা বলবেন, আর কেনই–বা সে কথা সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেবেন? কানেটিকাট থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইম মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, সেনাবাহিনীর চেইন অব কমান্ড বা নেতৃত্ববৃত্তে কোনো ভাঙন ধরেছিল কি না, সেটি খতিয়ে দেখা দরকার।
পুলিশের নিষ্ক্রিয়তা
আরও একটি অমীমাংসিত ব্যাপার হলো পুলিশের আশ্চর্য রকম নিষ্ক্রিয়তা। ৬ জানুয়ারি যে একটি দক্ষযজ্ঞ কাণ্ড হতে যাচ্ছে, সেটি কোনো গোপন ব্যাপার ছিল না। ট্রাম্প নিজে বারবার তাঁর অনুগত সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে এসে ইলেকটোরাল কলেজ ভোট গণনা ঠেকাতে আমন্ত্রণ জানিয়েছেন। টুইট করেছেন, ‘ইট উইল বি ওয়াইল্ড।’ অথচ কংগ্রেস ভবন রক্ষায় অথবা বিশৃঙ্খল দাঙ্গাকারীদের ঠেকাতে কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
যে দ্রুততায় ও বিনা বাধায় দাঙ্গাকারীরা কংগ্রেস ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে, তাতে প্রশ্ন উঠেছে, এর পেছনে পুলিশ বা নিরাপত্তাকর্মীদের কোনো যোগসাজশ রয়েছে কি না।
মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, বিষয়টি নিয়ে কংগ্রেসের বিভিন্ন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। ক্যাপিটল হিলের কংগ্রেস ভবন দেশের সবচেয়ে সুরক্ষিত ভবন। গোপন কোনো সূত্র থেকে সাহায্য না পেলে সেখানে অনায়াসে এমন দাঙ্গা সম্ভব ছিল না। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টিভেন হরসফোরড বলেছেন, বিষয়টি নিয়ে তাঁরা দলীয় বৈঠকে আলোচনা করেছেন। অনেকের ধারণা, এর পেছনে ভেতরের লোকের হাত রয়েছে।
উদাহরণ হিসেবে পলিটিকো ডেমোক্রেটিক হুইপ জিম ক্লাইবার্নের অফিস হামলার ঘটনাটি উল্লেখ করেছে। প্রথম তলায় তাঁর সরকারি অফিস, যা স্পষ্টভাবে চিহ্নিত, দাঙ্গাকারীরা সেটি আক্রমণের বদলে তিনতলায় তাঁর অচিহ্নিত অফিসকক্ষে হামলা করে, তছনছ করে। ভেতরের লোকের সাহায্য না পেলে এটি কী করে সম্ভব হলো, ক্লাইবার্ন প্রশ্ন করেছেন।
কংগ্রেস সদস্য ম্যাডেলাইন ডিন বলেছেন, এই ভবন এমন জটিল যে আমরা নিজেরাই অনেক অফিসকক্ষ খুঁজে পাই না। সেখানে দাঙ্গাকারীরা কীভাবে এমন অনায়াসে স্পিকার ন্যান্সি পেলোসি ও হুইপ ক্লাইবার্নের ব্যক্তিগত অফিসকক্ষ খুঁজে পেল? আরেক কংগ্রেস সদস্য লিন্ডা সাঞ্চেজ কোনো রাখঢাক ছাড়াই বলেছেন, দাঙ্গাকারী ও পুলিশের মধ্যে গোপন আঁতাত ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না।
সে কথার সমর্থন মেলে একজন দাঙ্গাকারীর স্বীকারোক্তিতে। নিউইয়র্ক টাইমসকে এই অজ্ঞাতনামা দাঙ্গাকারী বলেছেন, ক্যাপিটল ভবনের পুলিশই তাঁদের পথ দেখিয়ে নিয়ে গেছে।
অনুপস্থিত ন্যাশনাল গার্ড
আগের দিন ওয়াশিংটন পুলিশ পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ করেছিল। বিস্ময়ের কথা, শহরের বিভিন্ন স্থানে অল্পসংখ্যক ন্যাশনাল গার্ড সদস্যকে দেখা গেলেও হামলার সময় কংগ্রেস ভবনের আশপাশে তাঁদের একজনেরও সন্ধান মেলেনি।
একাধিক সূত্র থেকে বলা হয়েছে, ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন প্রয়োজন। দাঙ্গাকালে ট্রাম্প তেমন অনুমোদন দেননি। নিউইয়র্ক ম্যাগাজিন জানিয়েছে, কংগ্রেস ভবনে হামলার পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীবিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলে ন্যাশনাল গার্ড মোতায়েনের ব্যবস্থা করেন। হামলা শুরু হওয়ার প্রায় চার ঘণ্টা পরে ন্যাশনাল গার্ড সদস্যদের দলে দলে বেরিয়ে আসতে দেখা যায়।
উল্লেখযোগ্য, দাঙ্গাকারীদের হামলার লক্ষ্যবস্তু ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যেসব দাঙ্গাকারী কংগ্রেস ভবনে ঢুকে পড়ে তাঁদের অনেককে ‘কোথায় বিশ্বাসঘাতক পেন্স’ বলে চিৎকার করতে দেখা যায়। উল্লেখযোগ্য, ট্রাম্প পেন্সকে অনুরোধ করেছিলেন ইলেকটোরাল কলেজ ভোট গণনার সময় তিনি যেন সম্মতি না দেন। পেন্স সে কথায় রাজি হননি।
দাঙ্গা শুরু হওয়ার পরও ট্রাম্প মোটেই বিচলিত ছিলেন না, বরং তিনি বেশ পুলকিত বোধ করছিলেন। রিপাবলিকান সিনেটর বেন স্যাস সাংবাদিকদের জানিয়েছেন, দাঙ্গা শুরুর কথা শুনে ট্রাম্প ‘খুশি’ ও রীতিমতো উত্তেজিত ছিলেন, এ কথা হোয়াইট হাউসের কর্মকর্তারা তাঁকে বলেছেন। একটি রেডিও টক শো অনুষ্ঠানে স্যাস জানান, টিভির পর্দায় দাঙ্গার দৃশ্য দেখে ট্রাম্প পায়চারি করছিলেন। তিনি এই ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না, তাঁর টিমের অন্যরা এ ব্যাপারে কেন তাঁর মতো ‘এক্সাইটেড’ বা উদ্দীপ্ত নয়।
আরও বিস্ময়ের ব্যাপার, দাঙ্গাকালে ট্রাম্প একবারের জন্যও পেন্স অথবা অন্য আইনপ্রণেতাদের নিরাপত্তা নিয়ে কোনো খোঁজখবর নেননি। বরং হামলা শুরু হওয়ার পরপর রিপাবলিকান সিনেটরদের ইলেকটোরাল কলেজ সত্যায়ন না করতে উসকে দেন।
এঁদের একজন তাঁর নিকট মিত্র, নবনির্বাচিত সিনেটর টমি টাবারভিল, তাঁকে ফোন করে ইলেকটোরাল কলেজ সত্যায়ন যাতে বিঘ্নিত হয়, ট্রাম্প তার নির্দেশ দেন। কিন্তু ভুলক্রমে সিনেটর মাইক লি-কে ফোন করে ফেলেন ট্রাম্প। পরে লি-র ফোন থেকেই কথা বলেন টাবারভিলের সঙ্গে। সে সময় হামলা শুরু হয়ে গেছে, আইনপ্রণেতাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আয়োজন চলছে। সে ব্যাপারে জানার কোনো আগ্রহ না দেখিয়ে ট্রাম্প টাবারভিলকে সত্যায়ন ঠেকিয়ে রাখার নির্দেশ দেন। মাইক লি-কে উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে সিএনএন।
এসবই অনুমান। ৬ জানুয়ারির ঘটনার পেছনে কোনো আগাম পরিকল্পনা ছিল কি না, এই প্রশ্নের উত্তর পেতে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ক্ষমতার কেন্দ্রে এখন ডেমোক্রেটিক পার্টি। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই তাঁরা কেঁচোর নিচে কী আছে, তা খুঁজে বের করবেন, এ কথা ভাবার যথেষ্ট কারণ রয়েছে।
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক