৭০ বছরে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী মাসে বিশ্বনেতাদের উপস্থিতিতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সেখানে অনেক আনন্দ-উচ্ছ্বাস থাকলেও তাতে জাতিসংঘের মূল্যবোধ অপর্যাপ্তভাবে প্রতিফলিত হবে। শুধু ২০ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে নয়, এই গ্রহে দর-কষাকষির সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান হিসেবেও তার মূল্যবোধ সেখানে যথাযথভাবে প্রতিফলিত হবে না। কিন্তু জাতিসংঘকে যদি ২১ শতকে তার অনন্য ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ভূমিকা পালন করতে হয়, তাহলে তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার মানোন্নয়ন ঘটাতে হবে। জাতিসংঘ সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ বিজয় লাভ করেছে, এ বছরের মধ্যে আরও দুটি বিজয় সে লাভ করবে।
প্রথম বিজয়টি হচ্ছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা। কখনো কখনো এ চুক্তিটিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়, কিন্তু আসলে এটি হয়েছে ইরান ও জাতিসংঘের মধ্যে। আর জাতিসংঘকে প্রতিনিধিত্ব করেছে তার নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য: চীন, ফ্রান্স. রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, সঙ্গে আরও ছিল জার্মানি। দ্বিতীয় বড় বিজয়টি হচ্ছে ১৫ বছর পর সফলভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের (এমডিজি) পরিসমাপ্তি। দারিদ্র্য বিমোচনে যত প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে, এটি ছিল তার মধ্যে সবচেয়ে কার্যকর, দীর্ঘ ও বড়। এমডিজির কারণে দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য, স্কুলে ভর্তি হওয়া, শিক্ষায় লৈঙ্গিক সমতা ও অন্যান্য ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা চিত্তাকর্ষক। ১৯৯০ সালের (লক্ষ্যের রেফারেন্স তারিখ) পর পৃথিবীর চরম দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকেরও অনেক বেশি কমেছে।
এমডিজির এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বনেতারা আগামী মাসে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) হাতে নেবেন। এর লক্ষ্য হবে, চরম দারিদ্র্য যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তার অবসান ঘটানো, অসমতার মাত্রা কমিয়ে আনা এবং ২০৩০ সালের মধ্যে টেকসই পরিবেশ নিশ্চিত করা। এটা হবে এ বছর তার তৃতীয় সফলতা। এটা জাতিসংঘকে চতুর্থ সফলতা অর্জনে সহায়তা করতে পারে: আগামী ডিসেম্বরে প্যারিসে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের আওতায় জলবায়ু পরিবর্তনের রাশ টেনে ধরতে বৈশ্বিক চুক্তি স্বাক্ষর।
জাতিসংঘের কারণে পৃথিবীতে যে শান্তি স্থাপন, দারিদ্র্য হ্রাস ও পরিবেশগত সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে, তার আর্থিক হিসাব করলে হয়তো দেখা যাবে, তার মূল্য দাঁড়াবে বছরে কয়েক ট্রিলিয়ন ডলার, সেটা অন্তত পৃথিবীর বার্ষিক ১০০ ট্রিলিয়ন ডলারের জিডিপির কয়েক শতাংশ হবে।
এই পরিপ্রেক্ষিতে প্রথম যে সংস্কারের প্রস্তাব আমি পেশ করব, তা হলো তহবিল বাড়ানো, যেখানে উচ্চ আয়ের দেশগুলো বছরে জনপ্রতি ৪০ ডলার দেবে, উচ্চ-মধ্যম আয়ের দেশগুলো দেবে আট ডলার, নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো দেবে দুই ডলার, আর নিম্ন আয়ের দেশগুলো দেবে এক ডলার। এই চাঁদার পরিমাণ দাঁড়াবে বছরে ৭৫ বিলিয়ন ডলার, যেটা উপর্যুক্ত বিভিন্ন গ্রুপের দেশগুলোর গড় মাথাপিছু আয়ের শূন্য দশমিক ১ শতাংশের মতো। এই টাকা দিয়ে জাতিসংঘ তার গুরুত্বপূর্ণ কর্মসূচির গুণগত মান ও তার পরিসর বাড়াতে পারবে, আর এসডিজি অর্জনে যা যা করা দরকার, সেগুলো দিয়েই সে শুরু করতে পারে। সেটা হলে জাতিগত দ্বন্দ্ব-বিবাদের সংখ্যা ও মাত্রা কমে আসবে, আর প্রাকৃতিক বিপর্যয়ও কার্যকরভাবে প্রতিরোধ করা যাবে, অনুমান করা যাবে। আবার জাতিসংঘের কিছু কর্মসূচি একীভূত করতে হবে, কিছু বন্ধও করে দিতে হবে। পক্ষান্তরে নতুন কিছু কর্মসূচি হাতে নিতে হবে।

>জাতিসংঘে এশিয়ার প্রতিনিধিত্ব কম থাকায় তা এর বৈধতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পৃথিবীর এই গতিশীল ও জনবহুল অঞ্চলটি ভূরাজনীতিতে যত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, ততই এই হুমকি আরও বাড়তে থাকবে

সংস্কারের তৃতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হচ্ছে জাতিসংঘের পরিচালনাপদ্ধতি। শুরু করতে হবে নিরাপত্তা পরিষদ দিয়ে। এই সংস্থাটিতে এখন আর ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটছে না। বস্তুত ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আদার গ্রুপের (ডব্লিউইওজি) তিনটি দেশ এখন স্থায়ী পরিষদের সদস্য (ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)। ফলে, ইস্টার্ন ইউরোপিয়ান গ্রুপের জন্য বরাদ্দ আছে একটি আসন (রাশিয়া) আর এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য বরাদ্দ আছে একটি আসন (চীন), কিন্তু আফ্রিকা ও লাতিন আমেরিকার জন্য একটিও আসন নেই।
নিরাপত্তা পরিষদে পালাক্রমে আসন বরাদ্দের বিষয়টিও আঞ্চলিক ভারসাম্য আনতে যথেষ্ট নয়। অস্থায়ী ১০টি আসনের মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চল দুটি আসন পেলেও এই অঞ্চলটি এখনো ব্যাপকভাবে অবহেলিত রয়েছে, তাদের প্রতিনিধিত্ব খুবই কম। এই অঞ্চলে পৃথিবীর জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশ মানুষ বসবাস করে, পৃথিবীর বার্ষিক আয়ের ৪৪ শতাংশ আসে এখান থেকে, কিন্তু নিরাপত্তা পরিষদে তাদের প্রতিনিধিত্ব মাত্র ২০ শতাংশ (১৫টি দেশের মধ্যে তিনটি)।
জাতিসংঘে এশিয়ার প্রতিনিধিত্ব কম থাকায় তা এর বৈধতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পৃথিবীর এই গতিশীল ও জনবহুল অঞ্চলটি ভূরাজনীতিতে যত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, ততই এই হুমকি আরও বাড়তে থাকবে। এই সমস্যা সমাধানের একটি সম্ভাব্য উপায় হিসেবে এশিয়ার জন্য চারটি আসন বরাদ্দ করা যেতে পারে: ভারতের জন্য একটি স্থায়ী আসন, আরেকটি আসন জাপান ও দক্ষিণ কোরিয়া ভাগাভাগি করে নিতে পারে (দুই বা এক বছরের পালায়), আরেকটি থাকবে আসিয়ান দেশগুলোর জন্য (এই গ্রুপকে একটি আসন হিসেবে গণ্য করতে হবে) আর চতুর্থ আসনটি পালাক্রমে অন্যান্য এশীয় দেশগুলোর জন্য।
জাতিসংঘ অষ্টম দশকে পদার্পণ করতে যাচ্ছে, সে মানবতাকে অনুপ্রাণিত করেই যাচ্ছে। মানবাধিকারের যে সর্বজনীন ঘোষণা জাতিসংঘ দিয়েছে, সেটি পৃথিবীর নৈতিক সনদ। আর এসডিজি তো বৈশ্বিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা প্রণয়ন করেছে। নতুন ও চ্যালেঞ্জিং পৃথিবীতে জাতিসংঘকে যদি তার বিশাল সম্ভাবনা বাস্তবায়ন করতে হয়, তাহলে সদস্যরাষ্ট্রগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের এগিয়ে আসতে হবে সম্পদ নিয়ে, রাজনৈতিক সমর্থন দিয়ে, নতুন প্রজন্মের চাহিদা মেটাতে জাতিসংঘের সংস্কারে সমর্থন দিতে হবে তাদের।
ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জেফরি ডি স্যাকস: অধ্যাপক, সাসটেইনেবল ডেভেলপমেন্ট, কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।