গণশৌচাগার: নারীদের কথাও ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীতে পাঁচটি নতুন গণশৌচাগার নির্মাণ করতে যাচ্ছে। শুধু তা-ই নয়, বেসরকারি সংস্থার মাধ্যমে সেগুলো পরিচালনার উদ্যোগও নিয়েছে। নিঃসন্দেহে রাজধানীবাসীর জন্য এটি সুখবর। কেননা ঢাকায় বর্তমানে যেসব গণশৌচাগার রয়েছে, সেগুলোর বেশির ভাগের অবস্থাই শোচনীয়। পথচারীদের বিশেষ করে নারীদের এসব শৌচাগারে যাওয়ার অবস্থা নেই। নারীরা ব্যবহার করতে পারেন, এমন সুবিধা নগরের বেশির ভাগ গণশৌচাগারে নেই।

চাকরি, বাচ্চাদের স্কুলে আনা-নেওয়াসহ বিভিন্ন কাজে নারীদের ঘরের বাইরে যেতে হয়। কিন্তু প্রয়োজন পড়লেও তাঁরা গণশৌচাগার ব্যবহার করতে পারেন না। বেশির ভাগ গণশৌচাগারে নারীদের জন্য আলাদা কক্ষ নেই। থাকলেও সেগুলো পুরুষেরা অবাধে ব্যবহার করেন। এসব গণশৌচাগারের দরজা-জানালা ভাঙা, ঠিকমতো ছিটকিনি নেই। হাত ধোয়ার জায়গাও থাকে না। নোংরা আর দুর্গন্ধে গা রি রি করে। ফলে পথে চলতে-ফিরতে নারীদের দুর্ভোগ পোহাতে হয়। শৌচাগারে যাতে যেতে না হয় সে জন্য অনেক নারী সকাল থেকে পানি পান করেন না বা খুবই কম পানি পান করেন। এর ফলে তাঁরা মূত্রনালির সংক্রমণ, কিডনি বিকল হওয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।

২০১১ সালে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়াটারএইড পরিচালিত এক জরিপে দেখা যায়, ঢাকার ৪৭টি গণশৌচাগারের অর্ধেকেরও বেশি ব্যবহারের অযোগ্য। এর মধ্যে ৩৫টিতে নারী ও শিশুদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই।

শুধু নারীরাই নয়, শোচনীয় অবস্থার কারণে পুরুষেরাও গণশৌচাগার ব্যবহার করতে চান না। সে কারণে অনেকে বাধ্য হয়ে রাস্তার পাশে বা অন্য কোনো স্থানে বসেই প্রাকৃতিক কর্মটি সেরে নেন। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে। এসব স্থান দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে।

এমন অবস্থায় নতুন পাঁচটি গণশৌচাগার নির্মাণের খবর একটু হলেও আশা জাগিয়েছে রাজধানীবাসীর মনে। যাদের দিনের বেশির ভাগ সময় বাইরে কাটাতে হয়, তাঁরা বোঝেন এর প্রয়োজনীয়তা কতখানি। তা ছাড়া, গণশৌচাগার স্থাপন লাভজনকও বটে। ঠিকাদারদের কাছে ইজারা দিয়ে একটি গণশৌচাগার থেকে বছরে লাখ টাকা আয় হয় সিটি করপোরেশনের। অথচ ইজারাদারেরা এর পরিচ্ছন্নতার দিকে কোনো নজরই দেন না। উল্টো শৌচাগার ব্যবহারকারীদের কাছ থেকে সিটি করপোরেশনের নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

পত্রিকার মাধ্যমে জানতে পারলাম (প্রথম আলো, ১১ মার্চ, ২০১৬), উন্নতমানের ও আধুনিক সব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এসব গণশৌচাগার। এর মেঝে হবে সাদা টাইলসের। দেওয়ালে থাকবে এলইডি বাতি। থাকবে ব্যবহারকারীদের ব্যাগ রাখার লকার এবং বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা। এ জন্য উত্তর সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। এসব শৌচাগার ব্যবহারের জন্য যদি একটু বেশি টাকাও দিতে হয়, তাহলে সম্ভবত কেউ আপত্তি করবেন না।

তবে নারীদের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের উচিত নারীদের জন্য আলাদা করে আধুনিক শৌচাগার নির্মাণ করা। এটি অসম্ভব কোনো চিন্তা নয়। চাইলেই সম্ভব। নগরের প্রতিটি মানুষকে নাগরিক সুবিধা দেওয়া সিটি করপোরেশনের দায়িত্ব। যদি সিটি করপোরেশন এ ধরনের উদ্যোগ নেয়, তাহলে এই নগরে নারীর চলার পথ আরও সুগম হবে। নারী নিশ্চিন্ত মনে ঘর থেকে তাঁর কাজের উদ্দেশে বের হতে পারবেন।