'অংশগ্রহণমূলক' নির্বাচন কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগে দেশি ও বিদেশি মহল থেকে আমরা সাধারণত একটি ‘অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ’ নির্বাচনের প্রত্যাশার কথা শুনি। সামনে স্থানীয় সরকার পর্যায়ে কিছু মেয়র নির্বাচন হবে, গাজীপুর আর খুলনা সিটি করপোরেশন দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়েছিল, গাজীপুরের নির্বাচন স্থাগিত হওয়ায় সবাই অবশ্য বড় ধাক্কা খেয়েছে। তবে আর সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর বা এর কাছাকাছি সময়ে জাতীয় নির্বাচন। দেশের রাজনৈতিক ও পর্যবেক্ষক মহল এবং আন্তর্জাতিক পরিসরে খুব স্বাভাবিকভাবে সামনের দশম জাতীয় নির্বাচন নিয়েই কৌতূহল ও আগ্রহ বেশি। এই নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কথাবার্তা চলছে এবং তা সামনের দিনগুলোতেও চলতে থাকবে।

আগামী জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হোক—এই সাধারণ চাওয়ার পাশাপাশি এবার আরও একটি চাওয়া যোগ হয়েছে। তা হচ্ছে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন। অনেকের মুখেই আমরা তা শুনছি এবং বলা যায়, নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে—এটা একধরনের দাবিতে পরিণত হয়েছে। গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন মানেই সব দলের অংশগ্রহণে নির্বাচন। কিন্তু আমাদের দেশের আগামী নির্বাচনের ক্ষেত্রে ‘অংশগ্রহণমূলক’ বিশেষণটির বাড়তি গুরুত্ব আসলে কী ও কেন? আমরা আসলে কাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলব? এটা কি কোনো বিশেষ দলের অংশগ্রহণের ওপর নির্ভর করবে, নাকি সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে বোঝাবে? নাকি আরও সূক্ষ্ম বিষয় রয়েছে এখানে? শুধু কোনো বিশেষ দলই নয়, বরং দলের শীর্ষ নেতার অংশগ্রহণের বিষয়টিও কি এখানে বিবেচ্য?

আগামী নির্বাচনের সঙ্গে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের দাবিটি যুক্ত হওয়ার সাধারণ কারণ আমরা সবাই জানি। গত জাতীয় নির্বাচন, যা ২০১৪ সালের ‘৫ জানুয়ারির নির্বাচন’ হিসেবে আমাদের নির্বাচনী ইতিহাসে জায়গা করে নিয়েছে, তাতে দেশের প্রধান একটি রাজনৈতিক দলসহ বেশ কটি দল অংশ নেয়নি। অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এমন একটি নির্বাচন স্বাভাবিকভাবেই ‘প্রশ্নবিদ্ধ’ ও ‘বিতর্কিত’ হিসেবে বিবেচিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শেষ পর্যন্ত সবাই তাকে মেনে নিয়েছে বা মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আগামী নির্বাচনটিও একই কায়দায় হোক-এটা সম্ভবত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কারও চাওয়া নয়। এমনকি আওয়ামী লীগ ঠিক ৫ জানুয়ারির ধরনের নির্বাচন চায় বলে মনে হয় না। সামনের নির্বাচনকে অন্তত ‘গ্রহণযোগ্য’ করার উদ্যোগ ও কৌশল তাদের থাকবে বলেই মনে হয়। ‘অংশগ্রহণমূলক নির্বাচন’ শব্দটি উল্লেখ না করলেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের মুখে ‘সব দলের অংশগ্রহণে’ আগামী নির্বাচন অনুষ্ঠানের কথা শোনা গেছে। ৫ জানুয়ারির মতো নির্বাচন তাঁরা চান না, সেটাও অনেক নেতা বলেছেন। আন্তর্জাতিকভাবে ভারত গত নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগকে প্রশ্নহীন সমর্থন জানিয়েছিল। এবার কী হবে কে জানে!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি ভারত সফর করে এসেছে। সেই সফর থেকে আমরা তেমন কোনো তথ্য পাইনি। ওবায়দুল কাদেরের তরফে আমরা দুটি বক্তব্য শুনেছি। এক, ভারত নির্বাচনে হস্তক্ষেপ করবে না। দুই, নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী মোদি একটি কথাও বলেননি। তবে ভারতের তরফেও ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের কথাটি শোনা গেছে। গত অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে এলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মাধ্যমে আমরা শুনেছি যে বাংলাদেশে একটি ‘অংশগ্রহণমূলক’ সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় ভারত। সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের চাওয়া, এ দেশে যেন গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে। আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের সব দেশ তো বেশ আগে থেকেই ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের আওয়াজ তুলেছে।

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড ও জেলে যাওয়ার ঘটনা সাম্প্রতিক বিষয়। এর আগে বিএনপির তরফে ইঙ্গিতটা অনেকটা এমনই ছিল যে পরিস্থিতি যা-ই হোক, দলটি নির্বাচনে যাবেই। ফলে আমাদের দেশের রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদেরও বেশির ভাগের জোরালো ধারণা যে বিএনপি নির্বাচনে যাচ্ছেই। তাঁদের সহজ হিসাব হচ্ছে, এ ছাড়া বিএনপির সামনে কোনো পথ নেই। তাঁদের অনেকেই মনে করেন, এবার নির্বাচনে না গেলে দল হিসেবে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। এখন এই পর্যবেক্ষকদের ধারণা অনুযায়ী বিএনপি যদি নির্বাচনে যায়, তাহলে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের সব ল্যাঠাই তো চুকে যাচ্ছে। কিন্তু বিষয়টি যে এত সরল না-ও হতে পারে, তা আগের এক লেখায় উল্লেখ করেছিলাম (বিএনপির জটিল হিসাব-নিকাশ, ১৩ জানুয়ারি ২০১৮, প্রথম আলো)। লিখেছিলাম, বিএনপি সামনের নির্বাচনে অংশ নিলে নির্বাচনটি দেশি-বিদেশি নানা মহলের চাওয়া অনুযায়ী ‘অংশগ্রহণমূলক’ হবে এবং আরেকটি ৫ জানুয়ারির মতো নির্বাচন থেকে মুক্তি মিলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে তাদের জিততে দেওয়া হবে না, তাহলে তারা সেই নির্বাচনে যাবে কেন? আগামী নির্বাচনকে ‘গ্রহণযোগ্যতা’ দিতে? বিনিময়ে কী পাবে দলটি? সংসদে প্রধান বিরোধী দলের সম্মান এবং খালেদা জিয়ার প্রধান বিরোধীদলীয় নেতার মর্যাদা?

শুরুতেই যে প্রশ্ন তুলেছি, ‘অংশগ্রহণমূলক নির্বাচন’ বলতে আমরা আসলে কী বুঝব-এখন তা খোলাসা করার চেষ্টা করছি। সাধারণভাবে বাস্তবতা হচ্ছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই আগামী নির্বাচনটি সবার কাছে ‘অংশগ্রহণমূলক’ হিসেবে স্বীকৃতি পাবে। আগামী নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক’ করার বিষয়টি আসলে এতই সরল। কিন্তু এই সরল সিদ্ধান্তটি নেওয়ার জন্য বিএনপি যখন জটিল হিসাব-নিকাশে ব্যস্ত, তখন খালেদা জিয়ার কারাদণ্ড, জেলে যাওয়া ও জামিন না পাওয়ার ঘটনা পরিস্থিতিকে অনেকটাই পাল্টে দিয়েছে। খালেদা জিয়ার ব্যাপারে আওয়ামী লীগের কঠোর অবস্থান ও কৌশলকেই দৃশ্যত শক্তিশালী মনে হচ্ছে। কারণ, ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের সংজ্ঞাটিকে তারা বিএনপির জন্য জটিল করে তুলেছে। বিএনপির কাছে এখন স্বাভাবিকভাবেই অংশগ্রহণমূলক নির্বাচনের মানে দাঁড়াবে শুধু বিএনপির অংশগ্রহণ নয়, খালেদা জিয়াসহ দলের অংশগ্রহণ।

বিএনপি যে চরম বেকায়দায় পড়েছে, তাতে সন্দেহ নেই। আগে বিএনপির অন্তত এই ভরসা ছিল যে নির্বাচনে আওয়ামী লীগ তাদের জোরজবরদস্তি করে হারিয়ে দিলেও খালেদা জিয়া অন্তত বিরোধী দলের নেতার মর্যাদা পাবেন। কিন্তু তা এখন বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। খালেদা জিয়া আদৌ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা এক ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদি শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্ন আসে, তখন বিএনপি আসলে কী করবে? দলটি প্রায় ১১ বছর শুধু ক্ষমতার বাইরে নয়, চার বছর ধরে সংসদেরও বাইরে। দলটির নেতারা যদি অন্তত নির্বাচন করার সুযোগ না পান, তবে তাঁদের রাজনীতি করার কী অর্থ দাঁড়াবে! বোঝা যায়, দলের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য চাপ থাকবে, খালেদা জিয়াকে বাদ দিয়ে হলেও। আমরা জানি যে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলে দলের প্রধানের বক্তব্যই শেষ পর্যন্ত চূড়ান্ত। নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারালে খালেদা জিয়া কী সিদ্ধান্ত দেবেন? নিজেকে বাদ দিয়ে তিনি দলকে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেবেন? নাকি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে গিয়ে বিএনপি ভোট বিপ্লব করে ফেলবে-এমন একটি ধারণা থেকে দলটি নির্বাচনে যাবে? কঠিন প্রশ্ন, কঠিন সিদ্ধান্ত। সম্প্রতি বিএনপির যৌথ সভায় খালেদাকে কারামুক্ত করা ছাড়া নির্বাচনে না যাওয়ার পক্ষে মত এসেছে।

পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে, তাতে আওয়ামী লীগ যে নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হিসেবে তুলে ধরতে চাইবে, বিএনপির কাছে তা অংশগ্রহণমূলক হিসেবে বিবেচিত না-ও হতে পারে। কারণ, বিএনপির কাছে এখন অংশগ্রহণমূলক নির্বাচনের মানে দাঁড়াবে বিএনপি ও খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ। আর আওয়ামী লীগের জন্য নির্বাচনে ‘বিএনপি’ নামের একটি দলই যথেষ্ট। সেই বিএনপিতে খালেদা জিয়া থাক বা না থাক, তাতে আওয়ামী লীগের কিছুই আসবে-যাবে না। 
এখন কৌতূহলের বিষয় হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শেষ পর্যন্ত ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের সংজ্ঞাটা কী দাঁড়াবে? শুধু বিএনপির অংশগ্রহণ, নাকি খালেদা জিয়াসহ বিএনপির অংশগ্রহণ? আর জনগণই-বা কোনটিকে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হিসেবে স্বীকৃতি দেবে? আওয়ামী লীগ নির্বাচনের সাত-আট মাস আগেও এসব নিয়ে সবাইকে বিভ্রান্তি ও অন্ধকারে রাখতে পেরেছে। এখন পর্যন্ত সরকারি দলের কৌশল ও অবস্থানকেই শক্তিশালী এবং তাদের অনুকূলে বলে মনে হচ্ছে। তবে বিষয় যেহেতু রাজনীতি, এখানে শেষ কথা বলে কিছু নেই।

এ কে এম জাকারিয়া: প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক
[email protected]