'অম্বলে দেয় লঙ্কা বাটা, পায়েসে দেয় নুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরে প্রকাশ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় দেশের বিশেষজ্ঞদের পরামর্শ না চাইলেও পাহাড়ধসের বিষয়ে পরামর্শের জন্য দুটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিতে আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রণালয় পাহাড়ে উন্নয়নবিষয়ক আঞ্চলিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ইসিমুড) ও চীনের সেংডুর চায়নিজ ইনস্টিটিউট অব মাউন্টেন হাজ্যার্ড নামের দুটি সংস্থার যৌথ বিশেষজ্ঞ দলকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সমীক্ষা চালাতে চায়। মন্ত্রণালয় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি চেয়েছে।

আত্মবুদ্ধি শুভকারী; নিজের বুদ্ধিতে ফতুর হওয়া ভালো—পণ্ডিতেরা এমন পরামর্শ দিয়েছেন। তবে আটকে গেলে আবার তাঁদের (পণ্ডিতদের) সঙ্গে পরামর্শ করার দরজাটা খোলা রাখতে বলেছেন। উপদেশ দিয়েছেন ‘গুরুবুদ্ধি বিশেষত’। নাটাই হাতে রাখার এই কৌশল আদিকাল থেকেই বুদ্ধিমানের হাতে বন্দী। গুরুরা নিজের বুদ্ধিতে চলা ভালো বলে পরামর্শ দিয়ে আবার ঝামেলায় পড়লে ফেরত আসতে বলেছেন; তবে শুধু তাঁদের কাছেই। কারণ, তাঁরা মনে করেন, পরের বুদ্ধিতে বিনাশ হয়। তাঁদের লেখা শাস্ত্রের ভাষায় ‘পরবুদ্ধি বিনাশায়’। পণ্ডিত বা গুরুজনেরা পর নন। তাঁরা পর হলে কনসালট্যান্সি ব্যবসা কীভাবে চলবে? কিন্তু শ্লোকগুচ্ছের শেষে এসে পণ্ডিতেরা বিরাট জেন্ডার-কেলেঙ্কারি করেছেন। হঠাৎ করে স্ত্রীদের কথার দাম না দিতে পরামর্শ দিয়েছেন। বলেছেন তাদের কথা শুনেছ তো কেয়ামত এসে হাজির হবে: ‘স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্করী’। প্রলয়-মহাপ্রলয়ের সংকেত দিয়েছেন পণ্ডিতেরা। অনেকটা যোগাযোগ বিচ্ছিন্নকারী মহাবিপদসংকেত বারোর মতো। তবে এখানে একটা সূক্ষ্ম কারচুপি আছে। স্ত্রী বলতে বউ বোঝায়; সমগ্র নারীজাতিকে তা নির্দেশ করে কি?

পুরাকালে যখন সংস্কৃত শ্লোকের ফতোয়ায় সমাজ-রাষ্ট্র চলত, তখন কি স্ত্রী বলতে নারীকুলকে বোঝাত? এখন তো স্ত্রী বলতে কেবল বউকেই বোঝায়। ঘর বা মুরগি ডাল বরাবর সেই বিবেচনায় কি তাকে বুদ্ধি-পরামর্শের বাইরে রাখার এই বিধান?

আরেকটা কারণও থাকতে পারে। আর্যদের স্ত্রীদের মধ্যে সেকালে জোর করে উঠিয়ে নিয়ে আসা নারীরাই ছিলেন প্রধান। বিজিতদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে লুটপাট করে আনা সামগ্রীর একটা অংশ ছিল নারী, যাদের পরে স্ত্রী অথবা যৌনদাসীতে পরিণত করা হতো। পদানত দাসদাসীদের বুদ্ধি বা পরামর্শ নেওয়ার বিধান শ্লোক পণ্ডিতেরা কীভাবে দেবেন?

এটা শুধু আশরাফ-আতরাফের বিষয় নয়, বরং নিরাপত্তারও একটা বিষয় জড়িত এর সঙ্গে। ঘরবাড়ি, খেত-খামার জ্বালিয়ে রক্তের বন্যায় ভাসিয়ে যে নারীকে নিয়ে এসে স্ত্রী বানানো হয়েছে, সে তো ভুল বুদ্ধি দিতেই পারে, নাশকতার পথ বেছেই নিতে পারে। প্রতিশোধ নিতে কে না চায়। কাজেই দশ-বারো স্তরের নিরাপত্তা চাদরে সমাজকে ঢেকে রাখতে হলে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। অতএব স্ত্রীদের মাফ করা হলো। তাদের পরামর্শ দেওয়ার ভারী কাজ থেকে ভারমুক্ত করলেন পণ্ডিতেরা। সেই চর্চা এখনো বহাল। দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ নেই; কোনো স্তরেই নেই।

আত্মবুদ্ধি শুভকারী/গুরুবুদ্ধি বিশেষতঃ/পরবুদ্ধি বিনাশায়/স্ত্রীবুদ্ধিঃ প্রলয়ঙ্করী॥

যুদ্ধের নামে প্রধানত লুটপাট করতে এসে থেকে যাওয়া আর্য দস্যুদের জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে কথিত শ্লোক-পণ্ডিতগণ তাঁদের উপদেশ (কনসালট্যান্সি) ব্যবসা চালু রাখার জন্য বাস্তববুদ্ধি প্রয়োগ করেছেন। বাস্তবানুগ হয়েছেন, দাঙ্গাবাজরা গায়ে-গতরে অস্ত্রেশস্ত্রে ভয়ানক হতে পারে কিন্তু নতুন দেশ, নতুন আবহাওয়ায় তাদের বুদ্ধি-পরামর্শ দরকার, টিকে থাকতে হলে চলন-বলনের হাল-হকিকতের তত্ত্ব-তালাশ দরকার, কলমের আর কালামের খোঁজখবর রাখতে হয়; তাই পণ্ডিতেরা বিধান দিলেন:

শ্রদ্ধধান শুভং বিদ্যাম/আদদী প্রাবরাদপি/অন্ত্যাদপি পরংধর্মং/স্ত্রীরত্ন দুষ্কুলাদপি

যাদের জবরদস্তিতে হারাল, গায়ের জোরে যাদের সবকিছু কেড়ে নিল, সেই হেরে যাওয়া ‘নিকৃষ্ট’দের কাছ থেকে শুভবিদ্যা গ্রহণ করা জায়েজ। আতরাফ জাতির কাছ থেকে তুমি আশরাফ হয়েও ধর্মশিক্ষা নিতে পার। আর ছোট বংশ থেকে স্ত্রীরত্ন গ্রহণ বা ভোগে কোনো অধর্ম হয় না। ধর্ম সেটা সহ্য করবে। একেই বলে টিকে থাকার বাস্তববুদ্ধি। রাজা কী চান, তা আঁচ-অনুমান করতে পারাটাই তো পাণ্ডিত্য। সেকালের পণ্ডিতদের কেদারায় এখন একালের বুদ্ধিজীবীরা, টিকে থাকার আর টিকিয়ে রাখার প্রচুর বাস্তববুদ্ধির কলকে হাতে দিব্যি ঘুরে বেড়ান। এসব দোষের কিছু নয়, পূর্বপুরুষের ধারাবাহিকতা। ধারাবাহিকতা রক্ষা না করলে চলে কি?

তাই রাজার ছেলে রাজা হন। বংশের বাইরে গদিতে বসতে পারে না কোনো পীর। যদি না সে নিজে পীর হয় আর আলাদা মুরিদ বাহিনী তৈরি করে।

কথা হচ্ছিল কার পরামর্শ নেওয়া দুরস্ত আর কারটা হারাম। ঘরের মানুষ বিভীষণ হতে পারে, কাজেই তাকে বাদে সব পণ্ডিতের মতামত নেওয়া যাবে। তবে এটা ঠিক, নিজের মগজ-মেধা আর বিবেক না থাকলে অন্যের পরামর্শে বেশি দূর এগোনো যায় না। গাছে চড়িয়ে পরামর্শদাতা যেকোনো সময় মইটা সরিয়ে নিতেই পারেন। তাতে আম, ছালা ও বৃক্ষ—সবই হারাতে হতে পারে। হারাচ্ছিও। আমাদের অর্জনের চেয়ে হারানোর খবর বেশি বেশি আসছে। চাবি আমার বালিশের নিচে কিন্তু গুদাম ফাঁকা। চোর দিব্যি হাওয়ায় লুকিয়ে যাচ্ছে, লালনের হাওয়ার মাঝে ফাঁদ পেতেও তাকে ধরা যাচ্ছে না। কনসালট্যান্টের নামে পোষ্য (দুগ্ধপোষ্য পড়বেন না) পণ্ডিতদের পরামর্শ ক্রমেই কুপরামর্শ হিসেবে প্রতিভাত হচ্ছে।

আখেরে পাহাড়ের মানুষেরাই ভালো জানেন পাহাড়কে বশ করে নয়, বরং পাহাড়ের বশীভূত থেকেই পাহাড়ে বাস করতে হয়। রক্ষা করতে হয় একূল-ওকূল দুই কূল। যেখানে গোপনে পা টিপে টিপে এগোতে হবে, সেখানে এগোচ্ছে ঘোষণা দিয়ে। হইহই কাণ্ড, রইরই ব্যাপারের মতো। যাত্রা-সার্কাসের ঘোষণাকে সেসব ঘোষণা হার মানাচ্ছে। আর যেখানে আমাদের সবকিছু ঘোষণা দিয়ে কাজ করার কথা, সেখানে করছি চুপি চুপি, যেন কেউ জানতে না পায়। কিন্তু মানুষ টের পেয়ে যাচ্ছে; মালুম হয়ে যাচ্ছে সবকিছু। তবে আশার কথা, মালুম হলেও কেউ হালুম করছে না।

গওহার নঈম ওয়ারা: পরিচালক, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিভাগ, ব্র্যাক।