'আকাশ ভেঙে না পড়া' ভোট

আজ শনিবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ঢাকা শহরে যে ভোট, সেটাই কে এম নূরুল হুদা কমিশনের শেষ বড় ভোট। ৫৪ লাখ ভোটারকে তারা আর কোনো নির্বাচনে একত্র করতে পারবে না। ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটারদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) জন্যও।
বর্তমান ইসির অধীনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনসহ অনেকগুলা নির্বাচন হয়েছে, এর মধ্যে দু-একটা ব্যতিক্রম ছাড়া কোনোটি সুষ্ঠু ও অবাধ হয়নি। প্রতিটি নির্বাচনে ইসি নিজেদের অদক্ষতা-অক্ষমতার প্রমাণ রেখেছে এবং অসহায়ত্ব প্রকাশ করেছে। অতীতেও একাধিক নির্বাচন কমিশন এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। পার্থক্য হলো তারা নিজেদের ব্যর্থতা স্বীকারও করেছে, বর্তমান ইসি ভোটে যত কারচুপি ও জালিয়াতিই হোক না কেন, ‘শতভাগ সুষ্ঠু’ বলে সার্টিফিকেট দিয়ে চলেছে।
সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো ক্ষমতাসীনেরা গায়ের জোরে সেই স্বাধীনতাকে খর্ব করতে নানা কলাকৌশল ব্যবহার করে থাকেন। আবার নির্বাচন কমিশনেও এমন ব্যক্তিরা পদায়িত হন যে তাঁরা পরাধীন হতেই বেশি পছন্দ করেন। তারপরও আমরা আশা রাখতে চাই, এবার নির্বাচন কমিশন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে। মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, প্রচারের সময় যত নিষ্ক্রিয়তা দেখাক না কেন, অন্তত ভোটের দিন ইসি যেন ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ দেখায়। এটি তাঁর একার কথা নয়, ঢাকা শহরের ৫৪ লাখ ভোটারের মনের কথা।
বলা প্রয়োজন যে নির্বাচনের নিয়ামক শক্তি কিন্তু ইসি বা প্রতিদ্বন্দ্বী দল নয়, নিয়ামক শক্তি হলেন ভোটার বা জনগণ। ইসির প্রথম ও প্রধান দায়িত্ব হলো সেই জনগণের ভোটাধিকার সুরক্ষা করা। কিন্তু ইসি ইভিএম, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়ে যতটা সক্রিয়, ভোটারদের সম্পর্কে ততই নিষ্ক্রিয় ও উদাসীন। ঢাকা শহরে নির্বাচন হচ্ছে। সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনারও ঢাকায় থাকেন, কিন্তু তাঁরা একটি বারের জন্যও ভোটারদের মুখোমুখি হননি। তাঁদের কাছে জানতে চাননি, ভোট দিতে বাধা কোথায়। ইসি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু সেই প্রশিক্ষণ তাঁরা কোন কাজে লাগাচ্ছেন, একবারও খোঁজ নেয়নি। দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি।
ভোটারদের ভোটকেন্দ্রে অনুপস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের সচিব এক আজগুবি ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছে বলে নাকি মানুষ ভোট দিতে উৎসাহ হারিয়ে ফেলেছে। তাঁর কথা সত্য হলে উন্নত অর্থনীতির দেশগুলোতে ভোটব্যবস্থাই তুলে দিতে হয়। মানুষ খারাপ অবস্থায় থাকলে ভোট দেয় আর ভালো থাকলে ভোট দিতে যায় না, এ রকম দায়িত্বহীন কথাবার্তা যাঁরা বলেন, তাঁরা কী করে ভোটের সুরক্ষা দেবেন?
শুধু নির্বাচন কমিশন নয়, প্রার্থীরাও ভোটারদের উপেক্ষা করে চলেছেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে তিন সপ্তাহ ধরে নির্বাচনী প্রচার চালিয়েছেন। পোস্টারে পোস্টারে ঢাকা ছেয়ে ফেলেছেন। রাস্তার মোড়ে মোড়ে মাইকিং করেছেন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আবার এক পক্ষের অভিযোগ অন্য পক্ষ খণ্ডনও করেছে, কিন্তু ভোটারদের কথা কেউ শোনার প্রয়োজন বোধ করেননি। নির্বাচনী প্রচারের শুরুতে প্রার্থী বা দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সেই ইশতেহার নিয়ে বিশ্লেষণ করেন। ভোটাররা প্রতিক্রিয়া জানান। এই রীতিই আমরা এত দিন দেখে এসেছি। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের প্রার্থীরাই শেষ মুহূর্তে ইশতেহার প্রকাশ করেছেন। অর্থাৎ, তাঁরা শুধু কথা বলে গেছেন, ভোটারদের কথা শোনেননি।
একসময় বিভিন্ন দলের প্রার্থী একসঙ্গে ‘জনতার মুখোমুখি’ হতেন। ভোটারদের প্রশ্নের উত্তর দিতেন। এখন তাঁরা মুখোমুখি হতে ভয় পান। বেলা শেষে নির্বাচনী ইশতেহার প্রকাশের এটিও একটি কারণ হতে পারে। ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম লিখেছেন, ‘নির্বাচনী ইশতেহারের তামাশা।’ নির্বাচন নিয়ে আরও অনেক তামাশা প্রত্যক্ষ করেছে দেশবাসী।
বাংলাদেশে স্থানীয় সরকার ও জাতীয় উভয় নির্বাচন নিয়েই বিতর্ক আছে। তবে জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার সংস্থার রেকর্ড তুলনামূলক ভালো। জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের হেরে যাওয়ার কোনো নজির নেই। যারা যখন ক্ষমতায় ছিল বা আছে, তারাই সব সময় জয়ী হয়। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনে সরকার মনোনীত বা সমর্থিত প্রার্থীর হেরে যাওয়া কিংবা বিরোধীদলীয় প্রার্থীর জয়ী হওয়ার অনেক নজির আছে।
বিএনপির আমলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হয় ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি। সেটাই ছিল ঢাকা সিটির প্রথম সরাসরি ভোট। এই নির্বাচনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ হানিফ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস। একই দিন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি দ্বিতীয়বার নির্বাচিত হন বিএনপির আমলে, ২০০৫ সালের ৯ মে। আওয়ামী লীগ আমলে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনে জয়ী হন বিএনপি-সমর্থিত প্রার্থী এম মনজুর আলম। বিএনপির আমলে ২০০৩ সালের ২০ মার্চ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী; যদিও আওয়ামী সমর্থন দিয়েছিল শামীম ওসমানকে। আওয়ামী লীগ আমলে ২০১২ ও ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন বিএনপির মো. মনিরুল হক। আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে বিএনপির আহসান হাবীব, গাজীপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান, খুলনায় মো. মনিরুজ্জামান এবং রাজশাহীতে মোসাদ্দেক হোসেন জয়ী হন। সিলেটে ২০১৩ ও ২০১৮ সালে দুবার জয়ী হন বিএনপির আরিফুল হক চৌধুরী। আবার আওয়ামী লীগ আমলে রংপুর ও নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের সমর্থক প্রার্থী জিতলেও তা নিয়ে কেউ প্রশ্ন করেননি। কিন্তু ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা যেভাবে জয়ী হলেন, তা বিতর্কের সৃষ্টি করে। বিতর্কের সৃষ্টি করে ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে বরিশাল, রাজশাহী, খুলনা, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনও। বিতর্কটা এ কারণে নয় যে সরকারদলীয় বা সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। বিতর্কটা এ কারণে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি। ভোটে ব্যাপক কারচুপি হয়েছে।
এই প্রেক্ষাপটে আমরা আজকের নির্বাচনকে কীভাবে দেখব? নির্বাচনে কি ২০১৫-এর পুনরাবৃত্তি হবে, না ১৯৯৪ সালের মতো ‘ভোটবিপ্লব’ ঘটবে?
বাংলাদেশের নির্বাচনব্যবস্থা নিয়ে গবেষণা করেন, এ রকম একজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেছিলাম কেমন হবে ভোট। তিনি বললেন, একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা প্রয়োজন, সেটি করার ক্ষমতা ইসির আছে। কিন্তু নিকট অতীতের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, সরকার চাইলে নির্বাচন সুষ্ঠু হয়। সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হয় না। আজকের নির্বাচনটি সুষ্ঠু হবে কি না, তা নির্ভর করছে সরকারের মর্জির ওপর।
তাঁর এই বক্তব্য শুনে গত ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি কথাও মনে এল। তিনি বলেছিলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচন ফ্রি, ফেয়ার, সুষ্ঠু, অ্যাকসেপ্টেবল এবং ক্রেডিবল করতে চান। নির্বাচনে যে-ই বিজয়ী হোক না কেন, তাতে কিছু আসে-যায় না। সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন করতে চাই। একটি নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা থাকবে কি না, তার প্রমাণও আজ পাওয়া যাবে।
লেখাটি যখন শেষ করছি, তখনই খবর পেলাম ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর সুস্থতা কামনা করি।
সেই সঙ্গে প্রার্থনা করি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটিও সুস্থ হয়ে উঠুক।
সোহরাব হাসান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
[email protected]