'আকাশের দিকে তাক করে গুলি ছুড়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের নারী মুক্তিযোদ্ধা শরিফুন্নেসা
কেরানীগঞ্জের নারী মুক্তিযোদ্ধা শরিফুন্নেসা

‘রেডিও মারফত ও মানুষের মুখে জানতে পারি যে এ দেশের মা-বোনদের ওপর পাকিস্তানি হানাদারেরা নির্যাতন চালাচ্ছে, তাদের ধর্ষণ করছে। তখন আমার মনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জেগে ওঠে। ভাবলাম, যুদ্ধই একমাত্র রাস্তা তাদের উচিত শিক্ষা দেওয়ার। এ চিন্তা থেকেই মুক্তিযুদ্ধে যোগ দিই।’
কথাগুলো বলছিলেন কেরানীগঞ্জের একমাত্র নারী মুক্তিযোদ্ধা শরিফুন্নেসা। গত ২৮ ডিসেম্বর উপজেলার কলাতিয়া ইউনিয়নের আলিনগর গ্রামে শরিফুন্নেসার বাড়িতে তাঁর সঙ্গে কথা হয়। কোন বিষয়টি তাঁকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে, আমার এ প্রশ্নের জবাবে তিনি উল্লিখিত কথাগুলো বলেন।
এরপর শরিফুন্নেসা (৬৬) ধীরে ধীরে বলতে থাকেন তাঁর যুদ্ধে যাওয়ার কাহিনি। কলাতিয়া ইউনিয়নের আহাদীপুর গ্রামে ছিল শরিফুন্নেসাদের বাড়ি। বাবা মোবারক হোসেন ছিলেন মুক্তিযোদ্ধা। সে সুবাদে তাঁদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তাঁর বাবা আগেই ভারত থেকে যুদ্ধের ওপর প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। জুলাই মাস থেকে তাঁদের বাড়িতে যুদ্ধের ওপর প্রশিক্ষণ শুরু হয়। চলে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত। শরিফুন্নেসা ছিলেন বাড়ির বড় ও একমাত্র মেয়ে। ছোট চার ভাই তখন নাবালক। মনে মনে তো যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিলই। নিজেদের বাড়িতেই যুদ্ধের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আর তিনি বসে থাকবেন, তা কি হয়? নেওয়া শুরু করলেন প্রশিক্ষণ।
শরিফুন্নেসা বলেন, ‘১৯৭১ সালে আমার বয়স ছিল ২১ বছর। তখনো বিয়ে হয়নি আমার। আমাদের চারটি সেমিপাকা টিনশেড ঘর ছিল। একটিতে মা-বাবা ও ভাইবোনেরা গাদাগাদি করে থাকতাম। অন্য তিনটি ঘরে মুক্তিযোদ্ধারা থাকতেন। আর বাড়ির পেছনে চলত প্রশিক্ষণ। আমার মা তাঁদের রান্না করে খাইয়েছেন। আমাদের বাড়িতে প্রশিক্ষণে মূল নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মহসিন মন্টু। আমি তাঁর কাছ থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলাম। আমাদের তখন একটাই লক্ষ্য, পাকিস্তানিদের হারাতে হবে। এ দেশকে শত্রুমুক্ত করতে হবে। এর আগে এপ্রিল মাসের ২ তারিখ ভোরে পাকিস্তানি সেনাবাহিনী কেরানীগঞ্জ আক্রমণ করে। তখন পাঁচ হাজারের মতো লোক মারা যায়।’
যুদ্ধে যাওয়ার ব্যাপারে মা-বাবা আপনাকে বাধা দেননি?
না, তাঁরা কোনো বাধা দেননি। বরং উৎসাহ দিয়েছেন। আমার মা-ও যুদ্ধের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে তিনি যুদ্ধে অংশ নেননি।
মুক্তিযোদ্ধাদের যে প্রশিক্ষণ দেওয়া হতো, এতে আপনারা কোনো অসুবিধায় পড়েননি?
আমাদের বাড়ির চতুর্দিক ছিল গাছপালায় ঘেরা। ভেতরে কী হচ্ছে, তা বাইরে থেকে বোঝা যেত না।
কোন কোন অস্ত্র চালনার ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন?
এসএলআর, এসএমজি, রাইফেল, স্টেনগান—এসব অস্ত্র চালানোর ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম।
এসব অস্ত্র কোথায় পাওয়া গিয়েছিল?
২৬ মার্চ ভোররাতে কেরানীগঞ্জ থানা ও আগানগর কেচি সাহা এলাকার আনসার ক্যাম্প দখল করেন মোস্তফা মহসিনসহ অন্যরা। এই দুটি জায়গা থেকে অস্ত্র লুট করা হয়। সেসব অস্ত্র দিয়েই চলে প্রশিক্ষণ।
কোনো সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন?
হ্যাঁ, বহুবার। তুলসীখালী ঘাট এলাকায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমি অপারেশনে অংশ নিয়েছি। আমাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনারা বহুবার পিছু হটে যায়। রাতে যুদ্ধ করে রাতেই আবার বাড়ি ফিরে আসতাম। সালোয়ার-কামিজ পরে যুদ্ধ করেছি। মনে তখন কোনো ভয় বা দ্বিধা-দ্বন্দ্ব কাজ করেনি। অক্টোবর মাসের ২৯ তারিখে খবর পাই, ধলেশ্বরী নদীতে পাকিস্তানি সেনারা লঞ্চ নিয়ে এগিয়ে আসছে। আমরা সবাই তখন দ্রুত অপারেশনে চলে যাই। সেদিন পাকিস্তানি সেনাদের সঙ্গে আমাদের বহু সময় ধরে গোলাগুলি চলে। পাকিস্তানি সেনাদের গুলিতে আমাদের একজন মুক্তিযোদ্ধা মারা যান। তাঁর নাম ছিল ওমর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
দেশ যেদিন স্বাধীন হয়, আপনার অনুভূতি কেমন ছিল?
কী বলব। এত আনন্দ হয়েছিল যে তা ভাষায় প্রকাশ করতে পারব না। আনন্দে আকাশের দিকে তাক করে গুলি ছুড়েছিলাম।
কবে বিয়ে হয়েছে আপনার?
১৯৭২ সালের জানুয়ারি মাসে আমার বিয়ে হয়।
পাত্রী একজন বীর মুক্তিযোদ্ধা, এ বিষয়ে আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের প্রতিক্রিয়া কী ছিল?
আসলে তখন এ নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামাত না। পাত্রী পছন্দ হয়েছে। ব্যস, আর কোনো কথা নেই। বিয়ে হয়ে গেল।
এখন আপনি কেমন আছেন?
ভালোই আছি। সুখে ঘর-সংসার করছি। মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাই ১০ হাজার টাকা।
কয় ছেলেমেয়ে আপনার? তাঁরা এখন কী করছেন?
তিন ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে ব্যবসা করে, মেজ ছেলে আমেরিকায় থাকে ও ছোট ছেলে খেলাধুলার সঙ্গে জড়িত।
বর্তমানে দেশের কোন বিষয়টা আপনার খারাপ লাগে?
এখনো আমাদের দেশের নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের ধর্ষণ করা হচ্ছে, এই বিষয়টা আমার খুব খারাপ লাগে। এ ছাড়া জঙ্গিরা হামলা চালাচ্ছে। এটা আমি মেনে নিতে পারি না। আমি চাই দেশে সব ধরনের হানাহানি বন্ধ হোক। সবাই শান্তিতে থাকুক।
রোকেয়া রহমান: সাংবাদিক।