সোহরাব হাসান | নভেম্বর ৭, ২০১৫
মতামত: নিহত প্রকাশক ফয়সলের শোকাহত পিতা বলেছেন, ‘আমি আমার নিরাপত্তায় পুলিশ চাই না। আমি চাইলে হয়তো সরকার পাঁচজন পুলিশ পাঠাবে। কিংবা তার চেয়েও বেশি পাঠাবে। কিন্তু দেশের কোটি কোটি সাধারণ মানুষের কী হবে? তারা কার কাছে নিরাপত্তা চাইবে?’ আসলে নিরাপত্তা তো চাওয়ার বিষয় নয়। যেকোনো রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা দেওয়া।
রব্বানী চৌধুরী
নিরস্ত্র মানুষ তো গুলি খেয়েই চলেছে। নিরাপত্তা তো তাঁদের জন্য, যাঁরা নিরাপত্তার আবরণে ঢাকা থাকেন! আর সাধারণ জনগণের নিরাপত্তার প্রয়োজনই বা কী!
সানাউল আবসার
এখন তো পুলিশ যাকে-তাকে গুলি করে বলবে আক্রান্ত হয়েছি, তাই গুলি করেছি। বাহ্!
প্রদীপ
আমরা কেউ কি রাজনীতির বাইরে? দেশের কথা কে ভাবে? এমনকি দক্ষ পেশাদারদের কাছে কোনো মন্তব্য চাইলে একেকজন একেক রকম বলেন। তার মানে রাজনীতি। আবার পুলিশকে তাৎক্ষণিক গুলি করতে বললে কেউ কেউ নাখোশ। কিন্তু আইনের ফাঁক–ফোকর দিয়ে যখন অপরাধী জেল থেকে ছাড়া পায়, তখন আবার সমালোচনা! আমরা কি চাই না, অপরাধী নির্মূল হোক? যারা অপরাধ করছে, তাদের শুভবুদ্ধির উদয় হবে, এটায় যদি আস্থা রাখি বা ভেবে প্রসন্ন হই, তাহলে আমাদের কাণ্ডজ্ঞান নিয়ে সংশয় রয়ে যাবে।
জামাল চৌধুরী
পুলিশের ঘুষ নেওয়া বন্ধ করা উচিত। নইলে তারা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। নিজেদের নিরাপত্তার জন্যই তাদের জনগণের সমর্থন ও শ্রদ্ধা অর্জন করা দরকার।