'আগেই কইছিলাম এই পোলা জিনিয়াস'

‘আগেই কইছিলাম এই পোলা জিনিয়াস’—সংলাপটা বাদ ফজর থেকেই মাথার মধ্যে দাপাচ্ছে। বগুড়ার কৃতী সন্তান তুফান সরকারের ‘লাইফ হিস্টোরি’ পড়ার পর থেকে এই দাপানির শুরু। বড় এলেমদার ছেলে। বড় কামেল মানুষ। আ ম্যান অব অ্যাকশন। ভদ্রলোকের কদমবুছি করতে মনটা আছাড়িপিছাড়ি করছে। তাঁর ব্যাপারে যতই জানছি, ততই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। ভাতের হাঁড়িতে বলক এলে ফ্যান যেভাবে দমকে দমকে ঢাকনা ঠেলে ওঠে, অবিকল সেইভাবে আমার নাভিমূল থেকে কণ্ঠনালি বেয়ে তুফানের জন্য ‘সংগ্রামী শুভেচ্ছা’ ঠেলে ঠেলে বেরোচ্ছে। অ্যাভোমিন বড়ি খেয়েও ঠেকানো যাচ্ছে না।
কে না জানে এ পি জে কালাম ছিলেন রামেশ্বরমের এক খেয়া নৌকার মাঝির ছেলে। নিজে ভোরে উঠে সাইকেলে করে পত্রিকার হকারগিরি করতেন। এর মধ্য দিয়ে পড়াশোনা করে বড় হয়েছেন। বিজ্ঞানী হয়েছেন। ভারতের রাষ্ট্রপতিও হয়েছেন। কিন্তু আমাদের তুফানের সামনে উনি তো নস্যি। বড় হতে কালামের লেগেছে ‘দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী’। আর হতদরিদ্র বাবার ছেলে তুফান ছয় বছরেই কালামের চাইতে বড়লোক। ছয় বছরে হত্যা, হত্যাচেষ্টা, মাদক ব্যবসা ও চোরাচালানের ছয়টি মামলার আসামি হয়েছেন। মাত্র কয়েক শ বোতল ফেনসিডিলসহ ধরা পড়ার পর পুলিশ তাঁকে কী হেনস্তাই না করেছে। এত বাধার পাহাড় ঠেলে তিনি টাকার পাহাড় গড়েছেন। গাড়ি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। কিন্তু অর্থ-সম্পদের আভিজাত্য তাঁকে গণমানুষের সেবার মানসিকতা থেকে দূরে সরাতে পারেনি। শ্রমিকের ঘামের দাম তিনি বোঝেন। তাই তো সবকিছু কোরবানি করে তিনি বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক পদের মতো কণ্টক-মুকুট হাসিমুখে পরেছেন। চিত্তবিনোদনের জন্য তিনি নিজের ক্যাডারদের দিয়ে অতি আদব-লেহাজের সঙ্গে এক কিশোরীকে অন্দরমহলে তুলে এনেছেন। মেয়েটি যেহেতু নাবালিকা, সেহেতু তার মত নেওয়ার জরুরত ছিল না। অতি রোমান্টিক পরিবেশে তাঁকে ধর্ষণ করেছেন। এরপর মেয়েটা যাতে বেলতলায় দ্বিতীয়বার না আসে, সে জন্য তুফানের পরিবার-পরিজন ঠাট্টা করে মেয়েটা ও তার মাকে ন্যাড়া করে দিয়েছে। আর ন্যাড়া করার আগে রসিকতা করে তাঁদের রড দিয়ে সামান্য শাসনও করেছে। মা-মেয়ে দুজনই এখন হাসপাতালে রেস্ট নিচ্ছেন। তাঁদের তারকাখ্যাতি ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি/ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি/ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া’ সপ্ত আকাশে গিয়ে ঠেকেছে। তুফান সরকারের বদৌলতে দেশ-বিদেশের সাংবাদিকেরা এখন সমানে তাঁদের সাক্ষাৎকার নিচ্ছেন। অতি আমদে আছেন মা-মেয়ে।
এমন জবরদস্ত হেকমতওয়ালা লোকের কদমবুছি করার জন্য যার মন আকুলি-বিকুলি করে না, তার তো হৃদয় বলেই কিছু থাকার কথা না।
পত্রিকায় পড়ে জেনেছি, তুফানের বাবা মজিবর রহমান একসময় বগুড়া শহরে রিকশা চালাতেন। তারপর খুবই ছোট পরিসরে চামড়ার ব্যবসা শুরু করেন। তাঁর সাত ছেলে। সবচেয়ে ছোট ছেলের নাম তুফান। বড় চ্যাতা নাম। নামের মধ্যেই জেল্লা ফক ফক করছে। প্রথম আলোর খবর অনুযায়ী, শ্রমিক লীগের শহরপ্রধান হওয়ার আগে থেকেই তুফান সরকার ইয়াবা-ফেনসিডিলের ব্যবসা, খুন-ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা সামাজিক সেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পর মাদক ব্যবসা ছাড়াও শহরে ব্যাটারিচালিত প্রায় ২০ হাজার অটোরিকশা ও ভ্যান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তোলার দায়িত্ব তাঁকে নিজের কাঁধে তুলে নিতে হয়।
সেই তুফানকে এখন রিমান্ডে নেওয়া হয়েছে। হাজতের অন্ধকার প্রকোষ্ঠে এই বিপ্লবীর অন্তরাত্মা গুমরে গুমরে উঠছে। সংগঠন থেকে তাঁকে বহিষ্কারও করা হয়েছে। পুলিশ মেয়েটাকে মাথা ন্যাড়া করে দেওয়ার জন্য তুফানের স্ত্রী আশা, আশার বড় বোন কাউন্সিলর মার্জিয়া ও তাঁর মা এবং তাঁদের দুই সহযোগী জিতু ও মুন্নাকেও গ্রেপ্তার করেছে।
এটা কোনো কথা হলো? এই অনাচার দেখার কি কেউ নেই? সম্প্রতি বগুড়া শহরের চকযাদু সড়কে তুফানের নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। প্রথম আলো তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনিও তুফান সরকারকে নিয়ে কোনো মন্তব্য পর্যন্ত করতে রাজি হননি!
বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলামের কথাটা মোটেও ভালো ঠেকেনি। তিনি বলেছেন, ‘তুফান সরকারের কারণে কাউকে মুখ দেখানো যাচ্ছে না।’ এত দিন সহযোদ্ধার সঙ্গে কাঁধে কাঁধ রেখে মুখসহ পুরো বডি দেখিয়ে এসেছেন, আর এখন পারবেন না! আর একান্তই যদি মুখ দেখাতে না পারেন তো অন্য কিছু দেখান না!
সবচেয়ে হৃদয়বিদারক কথা বলেছেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘অটোরিকশা থেকে তুফান সরকারের চাঁদাবাজি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।’ খেয়াল করতে হবে, কথাটা কিন্তু ‘ইতিমধ্যে’।
আমাদের এই জনসমুদ্রে রাজনীতির হাওয়ায় কত তুফান প্রতিদিন শেক্সপিয়ারের ‘দ্য টেম্পেস্ট’ হয়ে মাঠ দাপিয়ে বেড়ায়। যেহেতু জনগণ হিসেবে আমরাও রাজনীতির স্টেকহোল্ডার, সেহেতু এসব তুফানের দাপাদাপির দায় আমাদেরও নিতে হবে। এসব তুফানের প্রবৃদ্ধি রাজধানীর যানজটের মতো।
এরপরও কিছু মানুষকে স্বপ্ন সুড়সুড়ি দেয়। সদরঘাটের ভিখিরির শূন্য বাটিতেও সোনারগাঁও হোটেলের স্বপ্ন ক্ষীরের মতো জমে থাকে। অথচ তার কপালে উপুড় করা বাটির অন্ধকার। সভ্যতা, ভব্যতা, রুচির গোডাউন আগেই লুট হয়ে গেছে। তবু তারা পুরোনো কবরের বুকভাঙা হতাশা নিয়ে নির্মলেন্দু গুণের কবিতার মতো দাপাতে চায়। সব ব্যর্থতার পোস্টমর্টেম চায়। পরাজয় যেন বত্রিশ দাঁতে না হাসে—অন্তত এইটুকু তারা চায়।