'আনপ্রেডিক্টেবল' ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনের পরদিন ৯ নভেম্বর নিউইয়র্কের বারুশ কলেজে এসেছিলেন নিউইয়র্ক টাইমস–এর সাবেক উপসম্পাদক কার্লা রবিনস। চ্যালেঞ্জিং সব কাজ করেছেন। পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তবে খেই হারালেন ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে। আর সবার মতো বললেন ট্রাম্প কাদের নিয়ে সরকার গঠন করেন, সেটা না দেখা পর্যন্ত মন্তব্য করা কঠিন।
কার্লা রবিনস বললেন, ডোনাল্ড ট্রাম্প প্রচারের সময় ‘লম্বা-চওড়া’ অনেক কথা বলেছেন। যেমন, তিনি বলেছেন ওবামা প্রশাসনের উচিত ছিল শক্ত হাতে সিরিয়া সমস্যার সমাধান করা। তিনি খুবই কঠোরভাবে সমস্যার সমাধান করবেন। আবার এও বলেছেন, তিনি সৈন্য সরিয়ে আনবেন। সৈন্য সরিয়ে আনলে শক্তভাবে সিরিয়া সমস্যার সমাধান হবে কী করে, তার আর ব্যাখ্যা দেননি।
ডোনাল্ড ট্রাম্প শুধু ঝানু এই সাংবাদিককে ধন্দে ফেলেননি। যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশগুলোর সম্পর্ক নিয়ে খোঁজখবর রাখেন, তাঁদের অনেকেই একই কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্প ‘আনপ্রেডিক্টেবল’। কখন কী করে বসেন কেউ জানে না।
৮ নভেম্বর ফরেন প্রেস সেন্টার ওয়েস্ট ইনে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপককে আমন্ত্রণ জানিয়েছিল। নতুন প্রশাসন রাশিয়া, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও চীন নিয়ে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, সে সম্পর্কে কথা বলছিলেন তাঁরা। রাশিয়া নিয়ে অস্বস্তি, সিরিয়া জবাইখানা, ইরান পরমাণু চুক্তি মানবে কি না, সে চিন্তা, সৌদি আরব ইয়েমেনে হামলা করেছে, ইরাক সংকটের সমাধান হয়নি, ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কের টানাপোড়েন, ন্যাটোর মিত্র তুরস্কের হঠাৎ চোখ উল্টে ফেলা, চীন, উত্তর কোরিয়া ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে নির্বাচনী প্রচারের সময় দক্ষিণ আমেরিকার দেশগুলোকে বিশেষ করে মেক্সিকোকে ট্রাম্প খেপিয়ে তুলেছেন। সেটা আরেক সমস্যা।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লাতিন আমেরিকা নিয়ে পড়ান ক্রিস্তোফার সাবাতিনি। তিনি বললেন, প্রচারের সময়ই ট্রাম্প দক্ষিণ আমেরিকার অভিবাসীদের অসন্তুষ্টির কারণ হয়েছেন। ওবামা প্রশাসনে কর্মরত এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দক্ষিণ আমেরিকার যেকোনো দেশের প্রেসিডেন্ট যখনই মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, তখনই তাঁরা অভিবাসী নিয়ে আলোচনা করেছেন, আলোচনার নির্ধারিত বিষয় যা-ই হোক না কেন। এমন দেশগুলোতে ট্রাম্প অজনপ্রিয় হবেন, সেটাই স্বাভাবিক। সাবাতিনি বলছিলেন  তাঁর এক বন্ধু সম্প্রতি মেক্সিকো গিয়েছিলেন। সেখানে শিশুরা এখন ট্রাম্পের পুতুলকে ব্যাট দিয়ে নিয়মিত পেটাচ্ছে। এই খেলা এখন সেখানে খুবই জনপ্রিয়।

লাতিন আমেরিকা নিয়ে ট্রাম্পের পরামর্শদাতা মাইকেল সকাসার নামের এক ব্যক্তি। তিনি উত্তর ভার্জিনিয়ায় আইন ব্যবসা করেন। তেমন দুঁদে উকিলও নন। সাবাতিনি বলছিলেন, মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে মাদকদ্রব্য আসছে, এ কথা সত্য। দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশের বেশ কিছু অঞ্চলে মাদক ব্যবসায়ীদের রাজত্ব। তাঁরা নিয়মিত সেখানে দাঙ্গা-হাঙ্গামা করেন। ফলে বহু নারী-শিশুকে দেশ ছাড়তে হচ্ছে। তবে দক্ষিণ আমেরিকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সম্পর্কটা অর্থনৈতিক। মেক্সিকোর মোট রপ্তানি পণ্যের ৮০ শতাংশই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাণিজ্য সম্পর্ক ছিন্ন করলে অর্থনৈতিক কারণে বহু মানুষ শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে আসতে চাইবেন। ট্রাম্প যেসব কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, সাবাতিনির মতে সেগুলোর বাস্তবায়নে অনেক গভীর, অনেক দীর্ঘ ও অনেক বড় দেয়াল তোলা ছাড়া উপায় নেই।

কিম্বারলি মার্টিন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রুশ–মার্কিন সম্পর্ক পড়ান। তিনি বলছিলেন, অনেকেই মনে করেন স্নায়ুযুদ্ধের মধ্যবর্তী সময়ে রুশ-মার্কিন সম্পর্কে যে উদ্বেগ দেখা দিয়েছিল, সাম্প্রতিক সময়ে আবার সেই উদ্বেগ দেখা গেছে। খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে দেশটির প্রতি।  রাশিয়া সত্য-মিথ্যার মিশেলে প্রচারযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাইবার হামলাও করেছে। নতুন প্রশাসনের উচিত হবে সাইবার হামলাকে সাইবার হামলা দিয়ে পরাজিত করার চেষ্টা না করে অন্য পথে এগোনো। রাশিয়া আন্তর্জাতিক আইনকানুন মানে না। সিরিয়ায় তারা যা করেছে সেটা তাদের ইচ্ছেমাফিক। দেশটিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটি ডিলেমা’ আছে। তারা আসলে সুবিধাজনক অবস্থানে থাকতে চায়, নাকি ক্ষতি করতে চায়, না কেবল নিজের নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করছে, তা বোঝা যাচ্ছে না। কিম্বারলি মার্টিন আরও বলেন, ট্রাম্পের পরামর্শদাতাদের কারও কারও বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে অতিরিক্ত মাখামাখির জন্য তদন্ত চলছে। ট্রাম্প তাঁর ভাষায় খুবই ‘আনপ্রেডিক্টেবল’। কিম্বারলি রাশিয়াকে ঘায়েল করার পথ বাৎলানোর সাত দিনের মাথায় ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেরই অস্বস্তি আছে।

মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করেন ডেভিড এল ফিলিপস। তিনি মধ্যপ্রাচ্য নিয়ে পড়ান, আইএস নিয়ে বিশদ গবেষণা করেছেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের এক নম্বর চিন্তার কারণ হবে, তাঁর মতে সিরিয়া। কিন্তু সিরিয়ায় নো ফ্লাই জোন করা কতটা বাস্তবায়নযোগ্য সে নিয়ে প্রশ্ন আছে। সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে কীভাবে কোন শর্তে চুক্তি করবেন ট্রাম্প, সে সম্পর্কেও কেউ জানে না। ডেভিড এল ফিলিপস ইরানের কথা বলছিলেন। তাঁর মতে, ওবামা প্রশাসন পরমাণু চুক্তি নিয়ে যা করেছেন সেটাকে একরকম জুয়া খেলাই বলা চলে। ইরান টাকা নিয়েছে, কিন্তু তা দিয়ে ১৫ বছর পর কী করবে বলা যাচ্ছে না। সুশীল সমাজের সঙ্গে মার্কিনদের যোগাযোগ বাড়ানোর কথা বলছিলেন তিনি, যেন তাঁরা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হন। এ জন্য ট্রাম্পের দলে ঝানু লোকজন থাকা খুব জরুরি বলে মনে করেন তিনি। 

এশিয়ায় ট্রাম্পের জন্য চীন বড় ইস্যু বলে মনে করছেন অধ্যাপক ডেভিড ডেনুন। দক্ষিণ চীন সাগরে মার্কিনদের অবস্থান করতে দেওয়া প্রসঙ্গে আলোচনা করতে হবে ট্রাম্পকে। উত্তর কোরিয়ার সঙ্গে চীনের গলায়-গলায় বন্ধুত্ব এখন আর নেই। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকেও তাঁর নজরে রাখতে হবে বলে মনে করেন অধ্যাপক ডেভিড ডেনুন।

তবে ঘুরেফিরে সব আলোচনাই এখনো অভিবাসী নিয়ে। ১০ নভেম্বর বাংলাদেশে ফেরার দিন ম্যানহাটন থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে যাওয়ার পথে কথা হচ্ছিল ট্যাক্সিচালক নীল রূপমের সঙ্গে। ট্রাম্পকে ভোট দিয়েছেন তিনি। কথায় কথায় জানালেন, তিনি গায়ানা থেকে এসেছেন, পূর্বপুরুষেরা ভারত থেকে গায়ানায় এসেছিলেন। অবৈধভাবে তাঁর কিছু আত্মীয়স্বজন এখন তাঁর সঙ্গে ব্রুকলিনেই থাকেন। ট্রাম্প অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন, তবু কোনো চিন্তা নেই তাঁর। তিনি বলেন, ‘আরে, ওর বউই তো অভিবাসী। সে বলার জন্য বলেছে। বিভিন্ন দেশ, সম্প্রদায় নিয়ে তার যে কথা সেগুলোও বলার জন্য বলা। কিছু করবে না। আসলে সরকার তো আমাকে একটা ক্যান্ডিও দেয় না। দুদফা ডেমোক্র্যাটরা দেশ চালিয়েছে। দেখা যাক ট্রাম্প কী করে। বাড়াবাড়ি করলে থাকতে পারবে না। সে সুযোগ তো থাকলই।’   

শেখ সাবিহা আলম: সাংবাদিক।