
আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত খোয়াবনামা উপন্যাসের ফুলজান কোথা থেকে এল যমুনাপাড়ের বাঁধের ওপর? খোয়াবনামার তমিজের মতো তাঁর স্বামীও দিনমজুরি খাটতে গেছেন দূরে। তিনি একা সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। গত রোববার সকালে জামালপুরের দুর্গম মাদারগঞ্জ বাঁধের ওপর তাঁর সঙ্গে দেখা। দুর্গত নর-নারীদের সবারই বলবার অনেক দুঃখ আছে। এর মধ্যে তাঁর গলাই চড়ে গেল, ‘এগুলা শুনপেন না, দ্যাখপেন না আমাদের অবস্থা? খাওয়া নাই, ছেলের জামা নাই, বই নাই। মানুষের বাড়িতে লাজে (লজ্জায়) আছি!’ বলতে বলতে কেঁদে ফেললেন সেই নারী, লাভলী বেগম। জামালপুরের আরেক প্রান্তে মেলান্দহ উপজেলার ঝাউগড়া বাজার। এখানেও যমুনার পানি ঝিনাই নদ দিয়ে এসে ডুবিয়েছে পুরো এলাকা। আরও ভেতরের বন্যা দেখতে যাব। সন্ধ্যার মুখে আমাদের নৌকায় উঠে বসলেন এক বৃদ্ধ। হাতে কেরোসিনের বোতল। বন্যা শুরুর পর থেকে এলাকায় বিদ্যুৎ নেই। হায়দার আলী নামের এই মানুষটিই উনসত্তরের গণ-অভ্যুত্থানের পর লগি-বইঠা নিয়ে মেলান্দহ থেকে ঢাকায় এসেছিলেন। মুক্তিযুদ্ধ করা এই বৃদ্ধ মানুষটি আগে নিঃস্ব ছিলেন—এখন দুস্থ। তাঁর একটা কথা মনে থাকবে, ‘এ বড় দুঃখের দ্যাশ, ভাই।’ লাভলী বেগমের কান্নাভেজা প্রতিবাদ, হায়দার আলীর দুঃখের দেশের কথাই আজ আপনাদের শোনাই।
নদী, নারী, শিশু ও ভয়
নদীর সঙ্গে নারীর কী যেন সম্পর্ক, তা নিয়ে কবিরা আদিখ্যেতা করেন, গায়কেরা গান গান, শহুরে লোকেরা রঙ্গিলা রোমান্টিক গল্প বানান। কিন্তু যমুনার বুকে কলার ভেলার ওপর দুই কিশোরী মেয়েকে নিয়ে ভাসতে থাকা সালেহা খাতুনের দুঃখ নিয়ে কথা হয় না, কাব্য হয় না। বন্যা তাঁকে বোবা করে দিয়েছে। ওদিকে ১৪ আগস্ট মধ্যরাতে, যমুনার আরেক পার মাদারগঞ্জের বাঁধ ধসে পড়ল হঠাৎ। ঘরের একটা কুটাও বাঁচাতে পারেননি খোদেজা বেগম। সাত বছরের পুত্র আনোয়ারও ভেসে যাচ্ছিল। ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচান। সেই থেকে ছেলে রাতে ঘুমায় না। কেঁপে কেঁপে ওঠে, ‘যামুগা, যামুগা’ বলে কোথায় যেন পালাতে চায়। খায় না, দুঃস্বপ্ন দেখে। শামীমকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে ঝাঁপ দেন আরেক মা। ছেলেকে যখন পান, তখন তাঁর পরনের শাড়ি খুলে চলে গেছে। নগ্ন মা শিশুকোলে পানিতে, কাপড় নাই বলে উঠে আসতে পারছেন না। এই দৃশ্য টিভিতে আনা সম্ভব না, ছবিও উঠবে না; তা ছাড়া তখন ঘনঘোর রাত। বন্যা শুধু দুর্যোগ নয়, মানসিক ধাক্কা—ট্রমা। তিনবার বাড়ি হারানো সালেহা কিংবা সপ্তমবারের বাঁধা বাড়ি হারানো সাহারা অষ্টমবারের মতো কীভাবে বাড়ি বানাবেন তা জানেন না।ওদিকে আনোয়ারকে পাঠানো হয়েছে খালার বাড়ি। শনিবার দুপুরে দেখি, বাঁধের ওপর মাটিতে দাগ কেটে ক্ষুধাবন্দী-পানিবন্দী শিশুরা খেলছে বাঘবন্দী খেলা।
পানির দাঁত আছে, কর্তৃপক্ষের দায় নেই
বন্যার পানির দাঁত থাকে। সেই দাঁত মাটি কামড়ে নিয়ে যায়। ডুবে থাকা পাট-কলমি-কলাগাছের পাতা কেটে ফেলে—ধানের খেত পচায়। পিচের রাস্তা, মাটির বাঁধ সব খেয়ে ফেলতে পারে বানের পানির ধারালো দাঁত। পাড়ের মাটি বিশাল কোদাল দিয়ে কাটার মতো ধারালো রেখায় ধসে পড়ে। পানি নামতে থাকছে আর ভেসে উঠতে থাকছে বন্যার সেসব কামড়ের দগদগে ঘা। নদীর ভাঙা পাড়ে, ভাঙা রাস্তায়, ভাঙা বাঁধে আর মরা ধানখেতে সেই দাঁতের চিহ্ন। পানি নেমে যাচ্ছে আর ভেসে উঠছে বিধ্বস্ত উত্তরাঞ্চল। পানি নেমে যাচ্ছে আর জেগে উঠছে ওপরওয়ালাদের স্বার্থপরতা, ক্ষুদ্রতা।
সিরাজগঞ্জের চরে ত্রাণের নৌকারও আগে এসেছে গরুর ব্যাপারীদের নৌকা। বন্যাদুর্গত মানুষ, বাঁধে-সড়কে আশ্রয় নেওয়া মানুষ আর কী দর-কষাকষি করবে? ব্যাপারীদের এটাই মওকা। ত্রাণের ব্যবস্থা না হলেও পাকা সরকারি দালান নিলামে তুলে ভাঙতে কসুর করছে না প্রশাসন। সিরাজগঞ্জ থেকে মধুপুর, জামালপুর হয়ে রৌমারী পর্যন্ত সরেজমিনে দেখা গেল, ত্রাণ নেই বললেই চলে। মঙ্গলবার পর্যন্ত সবখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ভেঙে যাওয়া সড়কগুলোতে বাঁশের পুল ও সেতু বানিয়ে জনপ্রতি ৫-১০ টাকা এবং মোটরসাইকেল থেকে ২০ টাকা করে টোল তুলছেন স্থানীয় সরকার-সমর্থক তরুণেরা। প্রশাসন না এলেও তাঁরা এসেছেন, কিন্তু প্রতিটি পুল-সেতু থেকে প্রতিদিন তোলা হচ্ছে ৫০ হাজার কি ১ লাখ টাকা! এনজিওর নতুন ঋণদান এবং পুরোনো কিস্তি আদায় বন্ধ হয়নি। দিনাজপুর সফররত দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নঈম গওহার ওয়ারা গতকাল বুধবার টেলিফোনে জানালেন, নতুন ঘর বানানোর টিন ও সিমেন্টের খুঁটির দাম বন্যার আগের চেয়ে বেশি হাঁকা হচ্ছে। অনেক বছরের মধ্য প্রথম বন্যার ছোবল খাওয়া দিনাজপুর-নওগাঁর মাটির ঘরগুলো ভিজে পড়ো পড়ো। ধসে পড়লে মানুষের জীবন্ত কবর হবে। মানুষজন ঋণ নিয়ে টিন ও খুঁটি কিনতে গেলে দেখে পানি নামছে আর দাম চড়ছে। নঈম গওহার সরকারকে জানাতে বললেন, ‘ভর্তুকি না দিক, অন্তত যাতে বন্যার আগের স্বাভাবিক দাম নিশ্চিত করা হয়।’
দাবিটা অবাস্তব। আমরা কি দেখিনি যে সবখানে লেখা আছে ‘কর্তৃপক্ষ দায়ী নয়’! সাপে কাটার ফলে, পানিতে ডুবে প্রায় দেড় শ মানুষ মারা গেছে। দুর্যোগের আগাম তথ্য, মোকাবিলার পরামর্শ; প্রশাসন যদি তা জানাত, তাহলে ক্ষতি কমত। তথ্যও একধরনের ত্রাণ; তা বিতরণের দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষেরই। কিন্তু ত্রাণের মতো তা-ও বিরল।
গরু বাঁচলে মানুষ বাঁচবে
দুর্গত এলাকায় গরুই কৃষকের জীবনবিমা। শুধু গরুর জন্য আলাদা আশ্রয়কেন্দ্র হয়েছে। জামালপুরের মেলান্দহের ঝাউগড়া, ডাবকি বাজারসহ বহু এলাকায় রাস্তার পাশে এসব ক্যাম্প বসেছে। পরিবারের লোকেরা যেনতেনভাবে হয়তো কোথাও আশ্রয় নিয়েছে, কিন্তু শুধু গরু নিয়ে যুবকেরা দূরদূরান্তের শুকনা ভূমিতে চিড়া-মুড়ির পোঁটলাসহ চলে এসেছেন। তাঁরা গরুর দেখাশোনা করেন, একসঙ্গে রান্না করে খান, রাতে পাহারা দেন, দিনে পশুখাদ্য সংগ্রহে নামেন। জামালপুরের মাদারগঞ্জের বাঁধে পলিথিনের তাঁবু খাটিয়ে মানুষ-গরু-ভেড়া-ছাগল একসঙ্গে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে।
সিরাজগঞ্জের বারপাখিয়ার দ্বীপের মতো জেগে থাকা একচিলতে স্কুলে মানুষ ও গবাদিপশু সংখ্যায় সমান। মানুষগুলো ভাঙাচোরা, কিন্তু গবাদিপশুগুলো তখনো তাজা। যে করেই হোক, গরুর খাবার জোগানো লাগবে। গরু বাঁচলে দাম পাওয়া যাবে, দুধ পাওয়া যাবে। গরু ও কৃষক উদার প্রাণী, যতটুকু খায় বা ঋণ নেয়, তার চেয়ে বেশি ফেরত দেয়। যার ফসল-বাড়ি-গোলা ডুবে যায়, তার গরুই ভরসা। ভারতীয় গরু আমদানি কমে যাওয়ার সুবাদে দেশি গরুর এ বিপ্লব ভেতরে-ভেতরে ঘটে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখায় জরুরিভাবে চাই গবাদিখাদ্যের ত্রাণ, চিকিৎসা এবং ন্যায্য মূল্যের বন্দোবস্ত। কর্তৃপক্ষ কি শুনবে?
রৌমারী থেকে চিলমারীর বন্দর
বন্যার খবরে দিনমজুরেরা বাড়ি ফিরছেন। তাঁদের বউয়েরা আর একা সামাল দিতে পারছেন না। আবার চাইলেই তো ফেরা যায় না; হাতে কিছু টাকা নিয়ে না ফিরতে হবে! বেলকুচির সিএনজিচালক ঢাকা থেকে ফিরে যমুনার গ্রাস থেকে ঘরের টিন বাঁচাতে যুদ্ধ করছেন। মাদারগঞ্জের কটকটিবিক্রেতা ঢাকা থেকে বাড়ি ফিরছেন। খেতমজুর মতিয়ার রৌমারী থেকে বিশাল ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ফিরেছেন কুড়িগ্রামে।
অন্যদিকে পুরুষ শ্রমিকের জোগান বেড়ে যাওয়ায় মজুরি নেমে এসেছে আগের অর্ধেকে। মতিয়ারের ভাষায়, ‘এ বলে মুই করমু কাজ, ও বলে মুই করমু, সব বানভাসি জড়ো হসে। ৪০০ টাকার মজুরি এখন দুইশ-আড়াইশ।’ মানুষের দাম কমলেও চাল-ডাল-তেল-পেঁয়াজ-মরিচের দাম ধাঁই ধাঁই করে বাড়ছে।
রৌমারীর দাঁতাভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে গত রোববার দুপুরে এই প্রথম ত্রাণ এসেছে তিন টন চাল। ৩০০ জনকে ১০ কেজি করে দেওয়া হবে। ইতিমধ্যে শ দুয়েক নর–নারী জড়ো হয়েছেন, রৌমারী সীমান্ত থেকে ফেরার পথে দেখলাম বিভিন্ন দিক থেকে নৌকাভর্তি মানুষ আসছে ত্রাণের খবরে। হাজার ছাপিয়ে যাবে, ত্রাণ নিয়ে কাড়াকাড়ি হবে। পরিষদের ভেতরে বসে আছেন সাবেক এমপি মো. জাকির হোসেন। গত নির্বাচনে সারা দেশে কোথাও যখন আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হতে পারেননি, তখন তিনিই কুড়িগ্রাম–৪ আসনে সফলতার সঙ্গে ব্যর্থ হয়েছিলেন। মানুষজন তাঁর বিপরীতে জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থীকে জিতিয়েছে। ত্রাণের ট্রাক আসছে শুনে তিনিও এসেছেন। হাত বাড়িয়ে আমাকে যে ভিজিটিং কার্ড দিলেন, সেখানেও অসত্য তথ্য, লেখা: মো. জাকির হোসেন, এমপি। নির্বাচনে না জিতেও তিনি এমপি, আশ্চর্য নেতার আশ্চর্য ত্রাণ প্রচেষ্টা বটে! তিনি কুড়িগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতিও বটে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।