'আপনি কী করে প্রেসিডেন্ট হলেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। আজকের বই ড. কামাল হোসেনের বাংলাদেশ কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। আইনজীবী ও বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কামাল হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ঐতিহাসিক ছয় দফা থেকে স্বাধীনতা লাভ এবং মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লব্ধ অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন তিনি তাঁর বইয়ে।

বাংলাদেশ কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস
বাংলাদেশ কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর সবে সন্ধ্যা নেমেছে। এর একটু বাদেই আমার সেলের দরজা খুলে গেল। একজন সামরিক কর্মকর্তা প্রবেশ করলেন। তিনি সামরিক সদর দপ্তর থেকে আমার জন্য একটা বার্তা বয়ে এনেছেন। একটি সাদামাটা কাগজে টাইপ করা। যেখানে লেখা সদর দপ্তর, সামরিক আইন প্রশাসক অঞ্চল এফ। তারিখ ২ সেপ্টেম্বর ১৯৭১। বিষয়: বিশেষ সামরিক আদালতে বিচার।
১. এতদ্দ্বারা আপনাকে অবহিত করা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কারণে আপনার বিচার করা হবে। জননিরাপত্তা এবং জনশৃঙ্খলার অনিষ্ট সাধন (এমএলআর ১৬ক) ইত্যাদির দায়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
২. যথাসময়ে আপনাকে অভিযোগপত্র এবং সাক্ষ্য-প্রমাণের সারাংশ সরবরাহ করা হবে। সেই কাগজটি সামরিক আইন প্রশাসকের পক্ষে সই করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল ওয়াজির খান মালিক। এই পত্রটি বইয়ের শেষে সংযোজন করা হলো।
আমি অনতিবিলম্বে এর প্রতিবাদ করলাম। বললাম বাদীপক্ষের নোটিশ এভাবে কখনো অস্পষ্ট এবং ‘ইত্যাদির’ মতো কোনো উন্মুক্ত বিষয় হতে পারে না। কর্মকর্তাটিকে মেজর পদবির বলেই প্রতীয়মান হয়েছিল। তিনি উত্তর দিলেন যে নোটিশ কীভাবে দিতে হয়, সেটা তাঁর জানা নেই। ...তবে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আমি একটি পিটিশন দাখিল করতে পারি। আমি যখন জেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলাম, আমি এ পিটিশনে কাকে সম্বোধন করতে পারি। আমাকে তখন বলা হয়েছিল, ‘যথাযথ কর্তৃপক্ষের’ কাছে আমি পিটিশন দাখিল করতে পারি।
আমি আমার পিটিশনের কোনো উত্তর পাইনি। কিন্তু আমাকে অবহিত করা হয়েছিল যে আমার পরিবারের সদস্যরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। আমার অন্তরীণ থাকার সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল যেদিন আমার মা, বোন, আমার স্ত্রী হামিদা, আমার দুই কন্যা টিনা, যার বয়স দুই বছর এবং চার বছর বয়সের সারাকে বেষ্টনীর মধ্যে দেখতে পেলাম।
...আমি বিচার শুরুর অপেক্ষায় থাকলাম। জেল সুপার আমাকে অবহিত করেছিলেন যে জেল হাসপাতালের একটি কক্ষকে আদালতকক্ষে পরিণত করার জন্য একটি সামরিক টিম এসে পৌঁছেছে। অক্টোবরের শেষ দিকে আমাকে বলা হয়েছিল জেল হাসপাতালের সেই কক্ষে যাতায়াতের অনুমোদিত পথ মহড়া দিতে আমাকে নিয়ে যাওয়া হবে, যেখানে শিগগিরই আমার বিচার শুরু করা হবে। কিন্তু প্রায় ১০ দিন পর আমাকে বলা হলো যে সামরিক টিম, যারা আদালতকক্ষ প্রতিষ্ঠা করেছিল এবং আমার বিচারের ব্যবস্থা করেছিল, তারা আকস্মিকভাবে চলে গেছে। ...নভেম্বরের শেষ দিকে এটা প্রতীয়মান হয়েছিল যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাকে বলা হলো এটা হলো ‘বেসামরিক প্রতিরক্ষা’ গ্রহণের প্রস্তুতি। ১ ডিসেম্বর থেকে সমগ্র জেল চত্বরে ব্ল্যাকআউট শুরু হয়েছিল।...
এরপর নাটকীয়ভাবে সাইরেন ধ্বনি নীরব হয়ে গেল। ব্ল্যাকআউটের কারণে পুরো কারাগার এলাকায় যে গাঢ় অন্ধকার নেমে এসেছিল, তা রাতারাতি উধাও হয়ে গেল। সেখানে বরং আগের মতোই উদ্ভাসিত হলো উজ্জ্বল শক্তিশালী আলো। এটা ছিল তেমনই এক আলোকসংকেত যে যুদ্ধ শেষ হয়ে গেছে। ...১৬ ডিসেম্বর ১৯৭১ জেল সুপার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসে উষ্ণ এবং আন্তরিক মনোভাব প্রদর্শন করলেন। আমার ভালো-মন্দের ব্যাপারে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি আমার সেলে ঢুকে বিস্ময় প্রকাশ করলেন যে সেখানে হাতলযুক্ত কোনো চেয়ার নেই। মেঝেতে কার্পেট নেই। তিনি আদেশ দিলেন অনতিবিলম্বে এসব সরবরাহ করতে। ...কিন্তু যখন আমি বাইরের বিশ্বের খবর জানতে চেয়েছি তখন আমাকে বলা হয়েছে এসব বিষয়ে আমার সঙ্গে কথা বলতে তাঁর বারণ রয়েছে। তিনি শুধু এটুকু বললেন, এখানে থাকার মেয়াদ আর হয়তো দীর্ঘ নয়। এর প্রমাণ মিলল ২৮ ডিসেম্বরে। তিনি বললেন, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিতে পারি। কারণ, তিনি একটি নতুন আদেশ লাভ করেছেন। আমাকে ‘একটি নতুন অবস্থানে’ স্থানান্তর করা হবে। আমি উল্লসিত হলাম।...
আমাকে গাড়িতে তোলা হলো। দুজন প্রহরীর একজন আমার পাশে বসলেন। অপরজন বসলেন চালকের পাশের আসনে। অল্প দূর যাওয়ার পরেই আমি বুঝতে পারলাম, একটি সামরিক ট্রাক, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিলেন, তাঁরা আমাদের গাড়িটি অনুসরণ করছেন। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এক অজানা গন্তব্যে।
গাড়িটি যখন মহাসড়কে প্রবেশ করল, তখন আমি এটি চিনলাম—রাওয়ালপিন্ডির হাইওয়ে। গাড়ি রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছে। কিন্তু আমি উদ্বিগ্ন হলাম, আমার উদ্বেগ তীব্র হলো যখন দেখলাম এটাকে বাইপাস করা হলো। অন্ধকার ঘনিয়ে এসেছে। আমার গন্তব্য তখনো অজ্ঞাত। হাইওয়ে ছাড়িয়ে কিছুদূর চলে এসে গড়িটি হঠাৎ মোড় নিল। এবং আমরা পড়লাম একটি কাঁচা সড়কে। আমি আমার এসকর্টের দিকে তাকালাম। সভয়ে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? আমার প্রশ্নের মধ্যে শঙ্কা প্রকাশ পাওয়ায় তিনি বললেন, আপনি সেটা পছন্দ করবেন। আর তখনই আমি লক্ষ করলাম যে সশস্ত্র জওয়ানরা মেশিনগান তাক করে গাড়িটি ঘিরে ফেলল।
বিপদ অত্যাসন্ন ভেবে আমি নির্দিষ্টভাবে জানতে চাইলাম, আমরা কোথায় যাচ্ছি? একটি ছোট বাংলোর দিকে অঙ্গুলি নির্দেশ করা হলো। এসকর্ট বললেন, আমরা ওখানে যাচ্ছি। এবং আবার পুনরাবৃত্তি করলেন, আপনি সেটা পছন্দ করবেন। সশস্ত্র প্রহরীরা গাড়িটির জন্য পথ করে দিলেন এবং সেটি বাংলোর দিকে এগিয়ে চলল। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এগিয়ে এলেন এবং আমাকে বাংলোর দিকে যেতে বললেন। আমি বাংলোয় প্রবেশ করামাত্রই তিনি এক সারি কক্ষের প্রতি দিকনির্দেশ করলেন। আমাকে ১ নম্বর কক্ষে প্রবেশ করতে বললেন। আমি তা-ই করলাম। এবং আমি দ্রুত আবেগের অাতিশয্যে আপ্লুত হলাম। কারণ, সেখানে দাঁড়িয়ে ছিলেন বঙ্গবন্ধু। তিনি আমাকে আলিঙ্গন করলেন এবং বললেন তিনি আমার জন্য সারাটা দিন অপেক্ষা করছেন। তিনি জানতে চাইলেন, আসতে কেন এত দীর্ঘ সময় লাগল? আমি তাঁকে বললাম, আমি নিজেকে দুপুরের আগেই প্রস্তুত করেছিলাম। আমি সন্ধ্যার আগে চূড়ান্তভাবে ছাড়া পাইনি। আর এখানে পৌঁছাতে কয়েক ঘণ্টা লেগে গেছে।
জানতে পারলাম, আমরা যেখানে পৌঁছালাম, এটা হলো শিহালা পুলিশ একাডেমি চত্বর। রাওয়ালপিন্ডি থেকে দূরে নয়। বঙ্গবন্ধুকে এখানে আনা হয়েছিল দুই দিন আগে। তিনি উল্লেখ করলেন যে ১৬ ডিসেম্বরের অব্যবহিত পরেই মিয়ানওয়ালি জেল থেকে তাঁর যাত্রা শুরু হয়। সেদিন কারাগারে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। কারণ, মিয়ানওয়ালি ছিল জেনারেল নিয়াজির নিজের শহর, যিনি ঢাকায় আত্মসমর্পণ করেছেন। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি বঙ্গবন্ধুর দেখাশোনার দায়িত্বে ছিলেন, তিনি তাঁকে বলেছেন এই জেলে থাকা বঙ্গবন্ধুর জন্য নিরাপদ নয়। এবং তিনি (পুলিশ কর্মকর্তা) এখান থেকে তাঁর নিজের দায়িত্বে পুলিশ প্রহরায় তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন। তিনি তখন বঙ্গবন্ধুকে এমন একটি স্থানে নিয়ে যান, যেখানে একটি বড় প্রকল্প সবে শেষ হয়েছে এবং সেখানে একাধিক বাংলো খালি ছিল।
বঙ্গবন্ধুকে সেখানে কয়েক দিন কাটাতে হয়েছিল। এরপর একটি হেলিকপ্টার এসে পৌঁছায়। এবং তারপর ২৬ ডিসেম্বরের দিকে তাঁকে শিহালায় নিয়ে আসা হয়। তিনি আমাকে জানালেন এখানে তাঁর পৌঁছানোর পরপরই ভুট্টো তাঁর সঙ্গে বাংলোতে সাক্ষাৎ করেন। বঙ্গবন্ধু তাঁর কাছে জানতে চেয়েছিলেন তাঁকে ডিটেনশনে রাখা হয়েছিল কি না। ভুট্টো তখন তাঁকে বললেন, তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন। বঙ্গবন্ধু তাঁর কাছে জানতে চাইলেন আপনি কী করে প্রেসিডেন্ট হলেন, জাতীয় পরিষদে আপনার চেয়ে আমি যেখানে দ্বিগুণ আসন লাভ করেছি। ভুট্টো বিব্রত হলেন এবং উত্তর দিলেন যে যদি তিনি (বঙ্গবন্ধু) চান এ পদ তাঁর জন্য ছেড়ে দিতে পারেন। বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, না। আমি তেমনটা হতে আশা করি না। যত তাড়াতাড়ি সম্ভব আমি বাংলাদেশে ফিরতে চাই। ভুট্টো তখন তাঁকে বললেন, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করবেন। তবে এ জন্য কয়েক দিন সময় দরকার। বঙ্গবন্ধু তাঁকে বললেন কয়েক মাস আগে তাঁর বিচারের সময় আইনজীবীদের (মি. ব্রোহী এবং অন্যরা) মধ্যকার আলাপ-আলোচনা থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে কামাল হোসেনকেও নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এবং তিনিও বিচারের সম্মুখীন। বঙ্গবন্ধু তখন ভুট্টোকে অনুরোধ করেন যে আমাকেও শিহালায় নিয়ে আসতে।
আর এভাবেই হরিপুর থেকে আমার মুক্তি ঘটে এবং শিহালায় আমাকে নিয়ে আসার বিষয়টি আমার কাছে স্পষ্ট হলো। এর পরবর্তী কয়েক দিন কেটে গেল বাংলাদেশে ফিরে যাওয়ার অনুরোধ এবং বন্দোবস্ত করতে। এটা স্পষ্ট ছিল যে ৯০ হাজারের বেশি পাকিস্তানি সামরিক জওয়ান যেহেতু বাংলাদেশে যুদ্ধবন্দী হিসেবে অবস্থান করছে আর সেটাই বঙ্গবন্ধুর নিরাপত্তা এবং আশু প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেবে। সুতরাং প্রশ্ন দাঁড়াল এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক্যাল ব্যবস্থাদি ত্বরান্বিত করা। আজিজ আহমেদ, যিনি তখনো পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি বললেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে ভুট্টো বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রত্যাবর্তন সম্পর্কে একটি ঘোষণা দেবেন। আর এটা তিনি দেবেন করাচিতে একটি জনসমাবেশে।
বাংলাদেশ কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস: কামাল হোসেন, প্রকাশকাল ২০১৩, প্রকাশনা সংস্থা ইউপিএল, ঢাকা।