‘আফালের দিনে মরণ দিয়ো না ঠাকুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়ন থেকে পাঁচ কিলোমিটার দূরে নাগঢড়া গ্রাম। এই গ্রামে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই। রিকশা নিয়ে রাজাপুর গুচ্ছগ্রাম পর্যন্ত যাওয়া যায়। কার্তিক থেকে চৈত্র পর্যন্ত বছরের ছয় মাস গুচ্ছগ্রামের পরে পতিত জমির পাশ দিয়ে হেঁটে অথবা সাইকেলে চড়ে নাগঢড়া গ্রামে যাওয়া যায়। বাকি ছয়-সাত মাস নৌকা বা ট্রলারে যাতায়াত করতে হয়। সেই যাতায়াত বড় ভয়ংকর। গ্রামটির উত্তরে গল্লির বিল। দক্ষিণে হাওর। পূর্ব পাশে রংসিনপুর গ্রাম। আরও পূর্বে বিশরপাশা। দক্ষিণ পাশে হরিণধরা গ্রাম। ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে বেশি বৃষ্টি হয়। আষাঢ়-শ্রাবণ মাসে, অর্থাৎ বর্ষাকালে যখন ধূসর-কালো আকাশ থেকে অঝোর ধারায় ঘন হয়ে বৃষ্টি নামে, তখন গ্রামগুলো ঝাপসা হয়ে দ্বীপের মতো জেগে থাকে। বিল ও হাওর একাকার হয়ে যায়। প্রবল বাতাসে পুরো এলাকা উন্মত্ত সাগরের রূপ ধারণ করে। তেড়ে আসা বৃষ্টি ও বাতাসের তোড়ে, ঢেউয়ের ঝাপটায়, আফালের আঘাতে ঝুঁকির মুখে অসহায় গ্রামের মানুষগুলো। তখন ঘর থেকে বের হওয়া দায়। আফালের আঘাত থেকে নাগঢড়া গ্রামটিকে রক্ষা করতে কেয়ার বাংলাদেশ ‘প্রতিরক্ষা দেয়াল’ নির্মাণ করে দিয়েছে। এই গ্রামে ১৪৬টি পরিবার বাস করে। বাসিন্দাদের ৭৫ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। ২৫ শতাংশ মুসলিম সম্প্রদায়ের। ১৩ ঘর জেলে পরিবারও এই গ্রামে বাস করে।একটি রাস্তা না থাকার কারণে সরকার-প্রদত্ত সামাজিক অগ্রগতির প্রধান দুটি ক্ষেত্র, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সেবা, নাগঢড়া গ্রামের মানুষ নিতে পারে না। একটিই প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয় শেষ করে অনেকেই কলমাকান্দা সদরে অবস্থিত স্কুলগুলোতে ভর্তি হয়। কিন্তু ছয়-সাত মাস স্কুলে যেতে পারে না, তাই অনেক কিশোর-কিশোরী শেষ পর্যন্ত স্কুলে যাওয়া ছেড়ে দেয়। এ কারণে এই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কম। মাত্র দুজন বিএ পাস।নাগঢড়া গ্রামে বিদ্যুৎ নেই। মুঠোফোনে চার্জ দিতে হলে কিংবা একটি প্যারাসিটামল কিনতে হলে পাঁচ কিলোমিটার দূরে কলমাকান্দা বাজারে যেতে হয়। বর্ষা মৌসুমে আসন্ন সন্তানপ্রসবারা সম্ভব হলে আগেই এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। সিজার হওয়ার সম্ভাবনা থাকলে ময়মনসিংহ অথবা নেত্রকোনা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়ংকর আফালের দিনে প্রমাদ গোনেন, কখন কী হয়।ঢাকা থেকে এসেছি শুনে বৃষ্টি উপেক্ষা করে লাঠি ঠকঠক করতে করতে রণিত সরকারের বাড়ির উঠানে এসে দাঁড়ালেন কানন রানী সরকার। বয়স তাঁর ৭০। তাঁকে দেখে সুবোধ নামের বালকটি বলে উঠল, ‘তুমি আবার আসতি গেলে ক্যান?’ কাননদি বললেন, ‘ক্যান যে আসছি, তুই কি বুঝবি? বয়স হইছে। এই আফালে মৃত্যু হইলে কী যে হবে! চিন্তায় ঘুম আসে না।’মাখন রানী (৬৫) বললেন, ‘এট্টু যদিন ব্যবস্থা করা যেত।’চোখে পড়ে প্রায় ২০ জনের মতো ৬০-৭০ বছর বয়সী বিধবা নারী এসে উপস্থিত হয়েছেন। বিষয়টি আমাদের কাজের মধ্যে পড়ে না। সামাজিক দায়িত্ব বিবেচনায় নিয়ে বলি, কেন, এই গ্রামে শ্মশান নাই?এই গ্রামে কৈশোরে বউ হয়ে এসেছিলেন কুমুদিনী সরকার (৭০)। বললেন, ‘বর্ষাকালে কেউ মারা গেলে আমরা বড় বিপদের মধ্যে থাকি। মৃত্যু তো হবেই। ঠাকুরকে ডাকি, আফালের দিনে মরণ দিয়ো না ঠাকুর। এই গ্রামে শ্মশান নাই। রংসিনপুর গ্রামে শ্মশান আছে। ঝড়-বাদলার দিনে যাওয়া বড় কষ্ট।’অমূল্যবালা সরকার (৬৫) বলেন, ‘এমুন দিনও গ্যাছে, শব লইয়া দুই দিন ঘরে। বাইর হওন যায় না। নারায়ণ ভিটায় জল। শ্যাষ এ...’কুমুদিনী সরকার বলেন, ‘এই গ্রামে একটা স্থায়ী শ্মশানের বড় দরকার, মা। পোড়ানো না হইলে আত্মার নির্বাণ হয় না।’এ বিষয়ে কলমাকান্দার সংশ্লিষ্ট অফিসে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। এখানকার ওয়ার্ড মেম্বার খুব ভালো মানুষ। তাঁকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এই গ্রামের বয়স্ক বিধবারা খুব দুশ্চিন্তায় আছেন। লাগাতার আফালের মধ্যে তাঁদের মরণ হলে স্বজনেরা নিজ গ্রামে শ্মশান ঠিকভাবে না থাকার কারণে জলে ভাসিয়ে দিতে বাধ্য হন অথবা তাঁকে দাহ করতে গিয়ে স্বজনের মৃত্যু না হয়!ব্রিটিশ আমল থেকে বংশপরম্পরায় নাগঢড়ার বাসিন্দারা এখানে বাস করছে। আগে নদীর তীরে শব দাহ করা হতো বলে তাঁরা শুনেছেন। এখন নদীর তীর নেই। বহু বছর ধরে নাগঢড়া গ্রামের বাসিন্দারা নারায়ণ ভিটায় শব দাহ করে। বর্তমান সময়ে বর্ষায় এটি ডুবে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে অতীতের চেয়ে ‘আফাল’ অধিক সংখ্যায় হয়। কখনো কখনো আগাম সতর্ক হওয়ার সময় থাকে না। এই ‘নারায়ণ ভিটা’র সংস্কার প্রয়োজন। মাটি দিয়ে উঁচু করে শবদাহের জন্য একটি ঘর তুলতে হবে। শ্মশান হিসেবে ব্যবহূত হলেও ‘নারায়ণ ভিটা’টি সরকারের খাসজমি। সরকার যদি এই ‘নারায়ণ ভিটা’ নাগঢড়া গ্রামের হিন্দু সম্প্রদায়কে শ্মশান করার জন্য রেজিস্ট্রি করে দান করে, তা হলে বাসিন্দারা দুশ্চিন্তামুক্ত হয়।কাজী সুফিয়া আখ্তার