'আমরা তাঁকেই ভোট দেব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরম চানু শর্মিলা
ইরম চানু শর্মিলা

প্রায় ১৬ বছর পর ভারতের লৌহমানবী ইরম চানু শর্মিলা অনশন ভেঙেছেন। ৪৪ বছরের এই নারীকে এমন একটি আইনে বন্দী করে রাখা হয়েছিল, যাতে আত্মহত্যার চেষ্টা করা অপরাধ। তিনি ভারতের ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। অনশন ভাঙবেন—আদালতকে এমন প্রতিশ্রুতি দেওয়ার পরই তিনি জামিন পেয়েছেন। সেই ২০০০ সালের নভেম্বর মাস থেকেই শর্মিলাকে নাকে টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ সময়টাই তিনি মণিপুরের রাজধানী ইম্ফলের হাসপাতালে পুলিশি হেফাজতে কাটিয়েছেন।
বিচারিক প্রক্রিয়া অনুসারে তাঁকে প্রতি ১৫ দিনে একবার করে আদালতে হাজিরা দিতে হয়েছে। শেষ শুনানির দিন তিনি আদালতে বলেন, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের বিরুদ্ধে তিনি যে তরিকায় লড়াইয়ে নেমেছিলেন, সেটা ঠিক কার্যকর হচ্ছে না। ফলে সময় এসেছে, এখন তাঁকে নতুন তরিকায় যেতে হবে। তিনি যখন অনশন শুরু করেন তখন বলেছিলেন, সরকার এই আইনের প্রয়োগ বন্ধ না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। এই আইন সামরিক বাহিনীকে ‘গোলযোগপূর্ণ এলাকায়’ অবাধে বলপ্রয়োগের অনুমতি দিয়েছে। শর্মিলা মঙ্গলবার আদালতকে বলেন, তিনি অনশন শেষ করতে চান, যাতে তিনি বন্দীদশা থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি বলেন, ‘আমাকে কৌশল বদলাতে হবে। অনেকেই মনে করছেন, আমি এক অদ্ভুত নারী, কারণ আমি রাজনীতি করতে চাই। তাঁরা বলেন, রাজনীতি নোংরা ব্যাপার, তেমনি সমাজও।’
কথা হচ্ছে, শর্মিলা যে কারাগার থেকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করতে চান, তাতে লোকে অং সান সু চি ও নেলসন ম্যান্ডেলার সঙ্গে তাঁর তুলনা করছেন। শর্মিলা যেদিন অনশন ভঙ্গ করলেন, সেদিনটি ছিল আবার ভারত ছাড় আন্দোলনের ৭০তম বার্ষিকী। এই দিনটি ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় দিন। ফলে তিনি অনশন ভাঙার জন্য যে এই দিনটি বেছে নিলেন, তাতে অনেকেই বলছেন, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে তাঁর মোহভঙ্গ হয়েছে।
২০০০ সালের নভেম্বর মাসে আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস ইম্ফলের উপকণ্ঠের এক ছোট গ্রামে ১০ জনকে হত্যা করলে শর্মিলা অনশন শুরু করেন। ধারণা করা হচ্ছে, শর্মিলার ব্রিটিশ-ভারতীয় ছেলেবন্ধু ডেসমন্ড কোটিনহো তাঁকে অনশন ভাঙতে প্রভাবিত করেছেন। গত দেড় দশকে শর্মিলা বিভিন্ন সময় পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে খুব কম লোকই তাঁর সঙ্গে দেখা করতে পেরেছেন। এমনকি ঘোষণা দেওয়ার আগে পর্যন্ত তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ লোকেরাও জানতেন না যে তিনি অনশন ভাঙতে চলেছেন। ফলে তাঁরা বেশ অবাকই হয়েছেন। টেলিভিশনের কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী—সবাই তাঁর অনশন ভাঙার দৃশ্য দেখতে ইম্ফলে জড়ো হয়েছেন।
শর্মিলার ভাই সিংহজিত সিং বলেন, প্রায় ৬০-৭০ জন সাংবাদিক তাঁকে ফোন করেছেন, প্রায় সব টেলিভিশন চ্যানেলই ইম্ফলে চলে এসেছে। তিনি তাঁদের সবাইকে একই কথা বলেছেন, শর্মিলার সঙ্গে কথা বলার আগে পর্যন্ত তিনি কিছু বলতে চান না। তিনি তাঁদের এ কথাও বলেন, তিনি পেশায় একজন কৃষক, মানবাধিকারকর্মী নন। শর্মিলার ৮৪ বছরের মা ২০০০ সাল থেকে তাঁকে দেখেননি, যদিও শর্মিলার জন্য তাঁর আশীর্বাদ রয়েছে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল না করা পর্যন্ত শর্মিলা নিজের ঘরে পা দিতে চান না। তাঁর মাও বলে দিয়েছেন—লক্ষ্য অর্জন না করা পর্যন্ত তিনিও মেয়ের মুখ দেখতে চান না। এমনকি মঙ্গলবার তিনি আদালতেও যাননি।
শর্মিলা যে রাজনীতি করতে চান, এই ঘোষণায় ইম্ফলের বিরোধী দলগুলোর মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনশনের কারণে তিনি মণিপুরে প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছেন। সম্ভাবনা আছে, তিনি মণিপুরে বিপুল ভোট পেতে পারেন।
হিউম্যান রাইটস অ্যালার্টের পরিচালক বাবলু লয়টংবাম ইতিমধ্যে জানিয়েছেন, আম আদমি পার্টি ও ভারতীয় জনতা পার্টি শর্মিলাকে দলে ভেড়াতে আগ্রহী। অন্যদিকে কট্টরপন্থী দল অ্যালায়েন্স ফর সোশ্যাল ইউনিটি স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে শর্মিলার কাছে আবেদন জানিয়েছে, তিনি যেন অনশন চালিয়ে যান এবং কোটিনহোকে বিয়ে না করে স্থানীয় কাউকে বিয়ে করেন। তাঁরা মনে করিয়ে দিয়েছেন যে রাজনীতি ছেড়ে দেওয়ার পর কয়েকজন সাবেক বিপ্লবী নেতাকে খুন করা হয়েছে। যে ১০ জনের খুনের ঘটনায় শর্মিলা অনশন শুরু করেন, তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন তুলিহাল গ্রামের, সেই গ্রামের লোকজনও শর্মিলার সিদ্ধান্তের ব্যাপারে একমত হতে পারছেন না।
ওই ১০ জনের মধ্যে একজন ছিলেন শান্তিকুমার, তাঁর বাবা টকপাম সমরেন্দ্র বলেন, ‘বলব না, তাঁর সিদ্ধান্ত ভুল। আমি ঈশ্বরের পর তাঁকেই বেশি শ্রদ্ধা করি। গত ১৬ বছরে তিনি অনেক ত্যাগ করেছেন। ফলে আমি তাঁকে এই সিদ্ধান্তের জন্য দোষারোপ করতে পারি না। তিনি নিজের বা পরিচিতজনদের জন্য আন্দোলন করেননি, তিনি আমাদের সবার জন্যই আন্দোলন করেছেন। আমাদের সংগ্রাম তিনিই লড়েছেন। কিন্তু হঠাৎ করে আমাদের কিছু না জানিয়ে তিনি কেন সিদ্ধান্ত বদলালেন? আমাদের গ্রামে তাঁর অনেক সমর্থন আছে। কিন্তু তিনি অনশন ভাঙছেন, এই দৃশ্য দেখার সুযোগ তিনি আমাদের দিলেন না।’
ওই ঘটনায় প্রথম যে ব্যক্তি নিহত হয়েছিলেন, সেই চন্দ্রমণি সিনহার পরিবার অবশ্য শর্মিলার রাজনৈতিক আকাঙ্ক্ষার ব্যাপারে একমত, তারা তাঁকে সমর্থন দিচ্ছে। চন্দ্রমণির মা বলেন, ‘১৬ বছর অনশন করেও তিনি স্বপ্ন পূরণ করতে পারলেন না। নির্বাচন করলে আমরা তাঁকেই ভোট দেব।’

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
ভিদি দোশি: ভারতীয় ফ্রিল্যান্স সাংবাদিক।